০২:২৭ পি.এম
ফেরি কাকলীর প্রথম শ্রেণির মাস্টার মোশাররফ হোসেনের গ্রেপ্তারের প্রতিবাদে কর্মবিরতির কারণে বন্ধ থাকা চাঁদপুর-শরীয়তপুর নৌরুটে পাঁচ ঘণ্টা পর ফেরি চলাচল আবার শুরু হয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যান আব্দুল বারী ড্যানির শর্তসাপেক্ষ আশ্বাস পাওয়ার পর শনিবার (১৪ নভেম্বর) বেলা ১১টার দিকে ফেরির কর্মকর্তা-কর্মচারীরা কর্মবিরতি প্রত্যাহার করেন।
শুক্রবার নরসিংহপুর ফেরিঘাটের কাছে ফেরি কাকলীর সঙ্গে একটি বালুবাহী বাল্কহেডের সংঘর্ষ ঘটে। সংঘর্ষের ফলে ফেরিতে থাকা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে কয়েকজন শিক্ষার্থীকে চাপা দেয়। এই ঘটনায় তরিকুল ইসলাম (১০) নামের এক মাদ্রাসাছাত্র নিহত হন।
আরও পড়ুন: ভাণ্ডারিয়ায় পৌর প্রশাসনের খাল পরিষ্কার অভিযান
এ ঘটনার পর চাঁদপুরের আলুবাজার নৌপুলিশ ফাঁড়ি ফেরির প্রথম শ্রেণির মাস্টার মোশাররফ হোসেনসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। পরে ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। মাস্টার মোশাররফ হোসেনের গ্রেপ্তারের প্রতিবাদে শনিবার ভোর ৬টা থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দেন বিআইডব্লিউটিসির ফেরির কর্মকর্তা-কর্মচারীরা।
তাদের দাবি ছিল, মাস্টারকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে। তারা ঘোষণা করেন, তাকে মুক্তি না দেওয়া পর্যন্ত ফেরি পরিচালনা করবেন না।
এদিকে, ভোর থেকে ফেরি চলাচল বন্ধ থাকায় নৌরুটের দুই প্রান্তে পারাপারের অপেক্ষায় দেড় শতাধিক যানবাহন আটকা পড়ে। এতে যাত্রী, চালক ও ব্যবসায়ীদের চরম ভোগান্তির সম্মুখীন হতে হয়। পরে বেলা ১১টার দিকে ফেরি চলাচল শুরু হলে ধীরে ধীরে যানবাহন পারাপার স্বাভাবিক হতে থাকে।
বিআইডব্লিউটিসি মাস্টার অ্যাসোসিয়েশনের (বীমা) কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আব্দুর রব জানান, তাদের চেয়ারম্যান আশ্বাস দিয়েছেন যে, আজকের মধ্যে মাস্টারকে ফিরিয়ে দেবেন। তার আশ্বাসে আজকের মতো কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে। অন্যথায় আগামীকাল থেকে সারা দেশে কর্মবিরতি পালন করা হবে।
আরও পড়ুন: পার্বত্য চুক্তি বাতিল ও সেনা ক্যাম্প পুনঃস্থাপনের দাবি
বিআইডব্লিউটিসির নরসিংহপুর ফেরিঘাটের উপব্যবস্থাপক ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, বিআইডব্লিউটিসির চেয়ারম্যানের সঙ্গে আলোচনা ও শর্তসাপেক্ষ আশ্বাসের পর মাস্টার অ্যাসোসিয়েশন কর্মবিরতি প্রত্যাহার করেছে। এরই মধ্যে ফেরি চলাচল শুরু হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন