০২:১৩ পি.এম
বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার সবচেয়ে বড় শক্তি যে লিওনেল মেসি, এ বিষয়ে কোন দ্বিমত নেই। তাই শিরোপা নির্ধারণকারী ম্যাচের আগে আর্জেন্টাইন অধিনায়ককে কীভাবে নিয়ন্ত্রণ করা হবে, সেই পরিকল্পনাটি তুলে ধরেছেন স্পেনের অধিনায়ক রদ্রি।
রবিবার (১৯ জুলাই) নিউইয়র্ক-নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। মহারণের পূর্বে স্প্যানিশ সংবাদমাধ্যম দিওরিও আস-কে অনুষ্ঠিত সাক্ষাৎকারে, ম্যানচেস্টার সিটির এই মিডফিল্ডার মন্তব্য করেন যে, মেসিকে যতটা সম্ভব বিপজ্জনক অঞ্চল থেকে দূরে রাখা হবে তাদের প্রথম লক্ষ্য।
রদ্রি বলেন, “প্রথমত, মেসিকে বক্সের কাছ থেকে দূরে রাখতে হবে। দ্বিতীয়ত, যখন আমাদের রক্ষণের অবস্থান নিতে হবে, তখন তার আরও কাছাকাছি থাকতে হবে এবং আরো আক্রমণাত্মকভাবে রক্ষা করতে হবে। তবে খুব বেশি পেছনে যেতে হবে না।”
আরও পড়ুন: পদ্মা সেতু হয়ে রূপপুরে ইউরেনিয়াম পরিবহন, শ্রমিক আন্দোলনের শঙ্কা
তার মতে, স্পেনের স্বাভাবিক আক্রমণাত্মক ফুটবলই হতে পারে মেসিকে নিয়ন্ত্রণে রাখার সবচেয়ে কার্যকর উপায়। তিনি বলেন, “আমরা এমন একটি দল যারা সামনে থেকে প্রেস করে প্রতিপক্ষকে পেছন দিকে খেলতে বাধ্য করে। আমার মতে, রোববারের ম্যাচে এটি মূল চাবিকাঠি হবে। তবে, লিওর মতো একজন ফুটবলার, যে কোন সময় অপ্রত্যাশিত কিছু করে বসতে পারে, তাই তাকে নিয়ে আমাদের সবসময় সতর্ক থাকতে হবে।”
মেসির প্রতি তার মুগ্ধতার কথা গোপন করেননি স্পেন অধিনায়ক। তিনি মন্তব্য করেন, “মেসি নিজেই তার পরিচয়। ব্যক্তিগত অর্জনের বাইরেও তার পুরো ক্যারিয়ারই কথা বলে। এত বছর ধরে সর্বোচ্চ পর্যায়ে খেলে যাওয়া, ৩৯ বছর বয়সে এমন ফর্মে থাকা এবং বিশ্বের সেরা খেলোয়াড় হওয়া সত্যিই অবিশ্বাস্য।”
রদ্রির মতে, মেসি শুধু একজন তারকা ফুটবলার নন, বরং আর্জেন্টিনা দলের সবচেয়ে বড় অনুপ্রেরণাও। তিনি বলেন, “আর্জেন্টিনার জন্য সে কেবল একজন খেলোয়াড় নয়। সে তাদের সবচেয়ে বড় ভরসা, তাদের নেতা। তবে আমাদের শুধু মেসি নয়, পুরো আর্জেন্টিনা দলকেও ম্যাচের প্রতিটি পর্যায়ে নিয়ন্ত্রণে রাখতে হবে।”
এটি হতে যাচ্ছে মেসির ক্যারিয়ারের তৃতীয় এবং সম্ভবত শেষ বিশ্বকাপ ফাইনাল। ২০২২ সালে শিরোপা জয়ের পর টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবেন আর্জেন্টাইন অধিনায়ক। অন্যদিকে, ২০১০ সালের পর প্রথমবার বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণে মরিয়া স্পেন।
আরও পড়ুন: ত্রিশাল ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে ২০ বছরেও নিয়োগ হয়নি জনবল
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন