ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

চিলমারীতে গ্রামীণ সড়ক সংস্কার: ৩০ বছরের দুর্ভোগের অবসান


চিলমারীতে গ্রামীণ সড়ক সংস্কার: ৩০ বছরের দুর্ভোগের অবসান

বৃষ্টি হলেই সড়কে জমত পানি। কাদায় পা পিছলে চলাচল করতে হতো। শিক্ষার্থী, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের দুর্ভোগ ছিল বেশি। জরুরি প্রয়োজনে বাড়ি থেকে বের হওয়াও কঠিন হয়ে পড়ত। এভাবে প্রায় ৩০ বছর ধরে দুর্ভোগ পোহাতে হয়েছে কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানাহাট ইউনিয়নের ছরারপাড় এলাকার বাসিন্দাদের।

সম্প্রতি সরকারি বরাদ্দে সড়কটিতে মাটি ফেলে উঁচু করায় পরিস্থিতির কিছুটা পরিবর্তন হয়েছে। এতে আশপাশের ১৫টি পরিবারসহ প্রায় ২০০ পরিবারের মানুষের চলাচলে স্বস্তি ফিরেছে। তবে স্থানীয়দের দাবি, সড়কটি দ্রুত পাকা করা হোক।

স্থানীয় গৃহবধূ আশা বেগম বলেন, ‘সামান্য বৃষ্টিতেই সড়কে পানি জমে কাদায় পরিণত হতো। এখন মাটি ফেলে উঁচু করায় চলাচলে সুবিধা হয়েছে। তবে সড়কটি পাকা হলে আমাদের দুর্ভোগ স্থায়ীভাবে কমবে।’

আরও পড়ুন: কালাইয়া বন্দরের উন্নয়ন বাধাগ্রস্তের অভিযোগে বাউফলে মানববন্ধন

স্থানীয় বাসিন্দা সুমি বেগম, আমেনা খাতুন ও মোখলেছুর রহমান বলেন, বর্ষাকালে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ত। সরকারি উদ্যোগে সড়কটি উঁচু করায় আপাতত দুর্ভোগ কমেছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় সূত্রে জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরে কাবিখা, কাবিটা ও টিআর প্রকল্পের আওতায় চিলমারীর ছয় ইউনিয়নে মোট ১৪০টি প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। এর মধ্যে থানাহাট ইউনিয়নে ৪৪টি, রমনায় ২৬টি, নয়ারহাটে ২১টি, রাণীগঞ্জে ১৮টি, অষ্টমীরচরে ১৯টি এবং চিলমারী ইউনিয়নে ১২টি প্রকল্প রয়েছে।

প্রকল্পগুলোর আওতায় মাটি ভরাট, সড়ক সংস্কার, সিসি ঢালাই, কালভার্ট ও গাইডওয়াল নির্মাণ করা হয়েছে। রমনা ইউনিয়নের সরকারবাড়ি এলাকায় জব্বারের বাড়ি থেকে গোলামের বাড়ি হয়ে পিসিং রাস্তা পর্যন্ত সড়কে সিসি ঢালাই করা হয়েছে। স্থানীয়দের হিসাবে, এর সুফল পাচ্ছেন প্রায় দুই হাজার মানুষ।

এ ছাড়া রমনা ইউনিয়নের সোনারীপাড়া, রাণীগঞ্জের বাবুয়ারপাড়, চিলমারী ইউনিয়নের কড়াই বরিশাল মৌজা, নয়ারহাটের খাউরিয়ারচর এবং অষ্টমীরচরের বিভিন্ন এলাকায় সড়ক সংস্কার ও উন্নয়নকাজ হয়েছে।

আরও পড়ুন: কুড়িগ্রামের উলিপুরে দাদাকে কুপিয়ে হত্যার অভিযোগ, নাতির বিরুদ্ধে

স্থানীয় বাসিন্দারা জানান, এসব উন্নয়নকাজের ফলে কৃষিপণ্য পরিবহন, শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত ও দৈনন্দিন চলাচলে সুবিধা হয়েছে। তবে মাটির সড়কগুলো টেকসই করতে পর্যায়ক্রমে পাকা করার দাবি তাঁদের।

থানাহাট ইউনিয়নের ইউপি সদস্য মো. হাফিজুর রহমান ও সংরক্ষিত মহিলা সদস্য মোছা. আদুরী বেগম বলেন, ‘সড়কটি দীর্ঘদিন নিচু থাকায় সামান্য বৃষ্টিতেই মানুষের দুর্ভোগ হতো। সরকারি বরাদ্দে মাটি ফেলে উঁচু করায় চলাচলে সুবিধা হয়েছে। এখন সড়কটি পাকা করা প্রয়োজন।’

চিলমারী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ সোহেল বলেন, ‘উন্নয়নকাজ জনগণের সম্পদ। কাজের মান ও সঠিক বাস্তবায়নের বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে প্রকল্পগুলো যথাযথভাবে বাস্তবায়নের চেষ্টা করা হচ্ছে।’

 
 
 

আরও পড়ুন: বাগেরহাট হাসপাতালে নিয়োগ বঞ্চিতদের অবস্থান, ওয়ার্ড মাস্টারের কক্ষে তালা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চুনারুঘাটে লাইসেন্স না থাকায় ৭ করাতকল সিলগালা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:২২ এম


চুনারুঘাটে লাইসেন্স না থাকায় ৭ করাতকল সিলগালা

চুনারুঘাটের হবিগঞ্জে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন সাতটি লাইসেন্সবিহীন অবৈধ করাতকল (স মিল) বন্ধের নির্দেশ দিয়েছে। একই সময়ে, করাতকলগুলোর বিভিন্ন যন্ত্রাংশ, কাঠ এবং বনজদ্রব্য জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল পর্যন্ত উপজেলার ৫ নম্বর শানখলা ইউনিয়নের শানখলা বাজারসংলগ্ন এলাকায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

 

এই যৌথ অভিযানে উপজেলা প্রশাসন, বন বিভাগ, চুনারুঘাট থানা-পুলিশ এবং আনসার সদস্যরা অংশগ্রহণ করেন। তবে অভিযানের সময় টের পেয়ে কোনো করাতকলের সংশ্লিষ্ট কাউকেই পাওয়া যায়নি। বৈধ লাইসেন্স ও কাগজপত্রের অভাবে করাতকলের গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ এবং মজুদকৃত কাঠ জব্দ করে সেগুলো সিলগালা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত আইন অমান্য করে অবৈধভাবে করাতকল পরিচালনাকারীদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের নির্দেশ দিয়েছে।

অভিযান পরিচালনাকারী সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আনোয়ার জানান, সিলগালা ও বন্ধের নির্দেশ অমান্য করে যদি কেউ পুনরায় কার্যক্রম চালায়, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে। জনস্বার্থে এবং বনজ সম্পদ রক্ষায় চুনারুঘাট উপজেলাজুড়ে অবৈধ করাতকলের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বক্তব্য না দিতে দেওয়ায় চেয়ার ছোঁড়াছুঁড়ি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:২৩ এম


রাজশাহীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বক্তব্য না দিতে দেওয়ায় চেয়ার ছোঁড়াছুঁড়ি

রাজশাহীর দুর্গাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে বক্তব্য প্রদান না করার কারণে হট্টগোলের ঘটনা ঘটেছে। এই সময় বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে ধাক্কাধাক্কি ও চেয়ার ছোঁড়াছুঁড়ির ঘটনা ঘটে। ফলে সমাবেশস্থলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরবর্তীতে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে আয়োজিত এই সমাবেশে এই ঘটনা ঘটে।

দলীয় নেতাকর্মীরা জানান, বিএনপি নেতাদের বক্তব্য শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল বক্তব্য দিচ্ছিলেন। এমপি’র বক্তব্য চলাকালে জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর বুলেট প্রশ্ন তোলেন, অঙ্গসংগঠনের নেতারা বক্তব্য দেওয়ার সুযোগ কেন পাবেন না। এর ফলে বিএনপি ও ছাত্রদলের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।

একপর্যায়ে উভয় পক্ষের নেতাকর্মীরা ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়েন। এ সময় সমাবেশে ব্যবহৃত চেয়ার ছোড়াছুড়ির ঘটনাও ঘটে। পরে দুর্গাপুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে জেলা ছাত্রদল নেতা আব্দুস সবুর বুলেট ধাক্কাধাক্কি এবং চেয়ার ছোঁড়াছুঁড়ির অভিযোগ অস্বীকার করে বলেন, এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। যদি এমন কিছু ঘটে থাকে, তাহলে তিনি সংশ্লিষ্ট প্রতিবেদককে এ-সংক্রান্ত ছবি তার হোয়াটসঅ্যাপে পাঠানোর জন্য বলেন।

তবে উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুজ্জামান আয়নাল বলেন, বক্তব্য দেওয়ার সুযোগ না পাওয়ার কারণে অপ্রীতিকর ঘটনা ঘটেছে। উত্তেজনা সৃষ্টি হলে সংসদ সদস্য নিজে হট্টগোলকারী নেতাদের বক্তব্য দেওয়ার আহ্বান জানান। কিন্তু তারা সেটি না মেনে সমাবেশস্থলে ধাক্কাধাক্কি এবং চেয়ার ছোঁড়াছুঁড়ির মতো অরাজনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হন।

এ বিষয়ে দুর্গাপুর থানার ওসি পঞ্চানন্দ সরকার বলেন, আমি ছুটিতে ছিলাম। রাতে থানায় এসেছি। তবে সমাবেশে অপ্রীতিকর ঘটনা ঘটেছে বলে শুনেছি। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। কেউ আহত হননি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিক্ষিকার মেসেজে ‘হা হা রিঅ্যাক্ট’ দেওয়ায় আটকে গেল শিক্ষার্থীর সনদ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:২৫ এম


শিক্ষিকার মেসেজে ‘হা হা রিঅ্যাক্ট’ দেওয়ায় আটকে গেল শিক্ষার্থীর সনদ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) মার্কেটিং বিভাগের এক শিক্ষার্থীর সার্টিফিকেট আটকে দেওয়ার অভিযোগ উঠেছে, কারণ শিক্ষকের মেসেজে ‘হা হা রিঅ্যাক্ট’ দেওয়াকে অশোভন আচরণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

ভুক্তভোগী শিক্ষার্থী মুজিবুর রহমান, যিনি বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের এমবিএ ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

সূত্রে জানা গেছে, গত ২৫ আগস্ট বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মেহের নিগারের স্বাক্ষরিত একটি অভিযোগপত্র বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরে জমা দেওয়া হয়। সহযোগী অধ্যাপক মাশিয়াত যাহিনের অভিযোগের ভিত্তিতে একাডেমিক সভায় আলোচনা শেষে এই পদক্ষেপ নেওয়া হয়।

অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, ইন্টার্নশিপ প্রতিবেদন জমা দেওয়ার পর শিক্ষার্থী মুজিবুর রহমান শিক্ষিকা মাশিয়াত যাহিনকে ধন্যবাদ জানান এবং তাকে ‘মনে রাখবেন’ বলে উল্লেখ করেন। পরবর্তীতে শিক্ষকের দেওয়া প্রতিউত্তরে ওই শিক্ষার্থী ‘হা হা রিঅ্যাক্ট’ দেন। বিভাগটি এই আচরণকে শিক্ষকের প্রতি চরম অসম্মানজনক ও শিষ্টাচারবহির্ভূত হিসেবে চিহ্নিত করেছে।

তবে অভিযোগের বিষয়ে ভিন্ন মত প্রকাশ করেছেন ভুক্তভোগী শিক্ষার্থী মুজিবুর রহমান। তিনি বলেন, "আমি সার্টিফিকেট নিতে বিভাগে গেলে জানানো হয়, অভিযোগ ক্লিয়ার না হওয়া পর্যন্ত সার্টিফিকেট দেওয়া যাবে না। তবে শিক্ষক ইন্টার্নশিপে আমাকে কী নম্বর দিয়েছেন, তা নিয়ে আমার কোনো ক্ষোভ নেই। এটি শিক্ষকের বিচার্য বিষয়। কিন্তু একটি ‘হা হা রিঅ্যাক্ট’-এর জন্য কি সত্যিই সার্টিফিকেট আটকে দেওয়া যায়?"

অভিযোগকারী শিক্ষক সহযোগী অধ্যাপক মাশিয়াত যাহিন বলেন, "আমার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটি সঠিক প্রক্রিয়ায় বিভাগীয় প্রধানের মাধ্যমে রেজিস্ট্রার বরাবর জানিয়েছি। পরবর্তী সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন নেবে।"

সার্টিফিকেট আটকে রাখার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ নূরুল করিম চৌধুরী জানান, "নিয়ম অনুযায়ী এভাবে সরাসরি সার্টিফিকেট আটকানো যায় না। তদন্ত কমিটি গঠন করা হলে তারা যদি সাময়িকভাবে আটকে রাখার সুপারিশ করেন, কেবল তখনই তা হতে পারে।"

রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদার অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে জানান, "বিষয়টি প্রয়োজনীয় পর্যালোচনার জন্য উপ-উপাচার্যের কাছে পাঠানো হবে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জি২০ অর্থমন্ত্রীদের বৈঠককে ফলপ্রসূ বললেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:২৫ এম


জি২০ অর্থমন্ত্রীদের বৈঠককে ফলপ্রসূ বললেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের অ্যাশভিলে অনুষ্ঠিত জি২০ অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরদের বৈঠককে ‘খুবই ফলপ্রসূ ও ইতিবাচক’ হিসেবে উল্লেখ করেছেন।

ট্রাম্প মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্টে জানান, অ্যাশভিলে অনুষ্ঠিত জি২০ অর্থমন্ত্রীদের বৈঠকে ‘খুবই ফলপ্রসূ ও ইতিবাচক আলোচনা’ হয়েছে। তিনি বৈঠক আয়োজনের জন্য এবং যুক্তরাষ্ট্রের পক্ষে ভূমিকা রাখার জন্য দেশটির অর্থমন্ত্রী স্কট বেসেন্টকে প্রশংসা করেন।

 

তিনি আরও বলেন, অন্যান্য দেশের উচিত যুক্তরাষ্ট্রের নীতি অনুসরণ করে কর ও সরকারি নিয়ন্ত্রণ কমানো এবং সম্ভব হলে তেল উৎপাদন বাড়ানো। অর্থনৈতিক প্রবৃদ্ধিকে তিনি তাঁর সরকারের অন্যতম প্রধান লক্ষ্য হিসেবে উল্লেখ করেন।

জি২০ অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরদের বৈঠকটি ৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর অ্যাশভিলে অনুষ্ঠিত হয়। বৈঠকে বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি, বাণিজ্য ভারসাম্য, ঋণ, আর্থিক খাত এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অর্থনৈতিক বিষয় নিয়ে আলোচনা করা হয়।

তবে সদস্য দেশগুলো সব বিষয়ে একমত হতে পারেনি। যুক্তরাষ্ট্রের বাণিজ্য ভারসাম্য এবং ‘অ-বাজারভিত্তিক’ নীতির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আহ্বানে ১৯টি দেশ সমর্থন জানালেও চীন এতে ভিন্নমত পোষণ করেছে বলে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছেন। তথ্যসূত্র: তাস, রয়টার্স

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫১
মাগরিব ০৫:২৮
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%