বুধবার, ২ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
১১:২২ এম
চুনারুঘাটের হবিগঞ্জে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন সাতটি লাইসেন্সবিহীন অবৈধ করাতকল (স মিল) বন্ধের নির্দেশ দিয়েছে। একই সময়ে, করাতকলগুলোর বিভিন্ন যন্ত্রাংশ, কাঠ এবং বনজদ্রব্য জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল পর্যন্ত উপজেলার ৫ নম্বর শানখলা ইউনিয়নের শানখলা বাজারসংলগ্ন এলাকায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এই যৌথ অভিযানে উপজেলা প্রশাসন, বন বিভাগ, চুনারুঘাট থানা-পুলিশ এবং আনসার সদস্যরা অংশগ্রহণ করেন। তবে অভিযানের সময় টের পেয়ে কোনো করাতকলের সংশ্লিষ্ট কাউকেই পাওয়া যায়নি। বৈধ লাইসেন্স ও কাগজপত্রের অভাবে করাতকলের গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ এবং মজুদকৃত কাঠ জব্দ করে সেগুলো সিলগালা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত আইন অমান্য করে অবৈধভাবে করাতকল পরিচালনাকারীদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের নির্দেশ দিয়েছে।
অভিযান পরিচালনাকারী সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আনোয়ার জানান, সিলগালা ও বন্ধের নির্দেশ অমান্য করে যদি কেউ পুনরায় কার্যক্রম চালায়, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে। জনস্বার্থে এবং বনজ সম্পদ রক্ষায় চুনারুঘাট উপজেলাজুড়ে অবৈধ করাতকলের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজশাহীর দুর্গাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে বক্তব্য প্রদান না করার কারণে হট্টগোলের ঘটনা ঘটেছে। এই সময় বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে ধাক্কাধাক্কি ও চেয়ার ছোঁড়াছুঁড়ির ঘটনা ঘটে। ফলে সমাবেশস্থলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরবর্তীতে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে আয়োজিত এই সমাবেশে এই ঘটনা ঘটে।
দলীয় নেতাকর্মীরা জানান, বিএনপি নেতাদের বক্তব্য শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল বক্তব্য দিচ্ছিলেন। এমপি’র বক্তব্য চলাকালে জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর বুলেট প্রশ্ন তোলেন, অঙ্গসংগঠনের নেতারা বক্তব্য দেওয়ার সুযোগ কেন পাবেন না। এর ফলে বিএনপি ও ছাত্রদলের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।
একপর্যায়ে উভয় পক্ষের নেতাকর্মীরা ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়েন। এ সময় সমাবেশে ব্যবহৃত চেয়ার ছোড়াছুড়ির ঘটনাও ঘটে। পরে দুর্গাপুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে জেলা ছাত্রদল নেতা আব্দুস সবুর বুলেট ধাক্কাধাক্কি এবং চেয়ার ছোঁড়াছুঁড়ির অভিযোগ অস্বীকার করে বলেন, এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। যদি এমন কিছু ঘটে থাকে, তাহলে তিনি সংশ্লিষ্ট প্রতিবেদককে এ-সংক্রান্ত ছবি তার হোয়াটসঅ্যাপে পাঠানোর জন্য বলেন।
তবে উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুজ্জামান আয়নাল বলেন, বক্তব্য দেওয়ার সুযোগ না পাওয়ার কারণে অপ্রীতিকর ঘটনা ঘটেছে। উত্তেজনা সৃষ্টি হলে সংসদ সদস্য নিজে হট্টগোলকারী নেতাদের বক্তব্য দেওয়ার আহ্বান জানান। কিন্তু তারা সেটি না মেনে সমাবেশস্থলে ধাক্কাধাক্কি এবং চেয়ার ছোঁড়াছুঁড়ির মতো অরাজনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হন।
এ বিষয়ে দুর্গাপুর থানার ওসি পঞ্চানন্দ সরকার বলেন, আমি ছুটিতে ছিলাম। রাতে থানায় এসেছি। তবে সমাবেশে অপ্রীতিকর ঘটনা ঘটেছে বলে শুনেছি। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। কেউ আহত হননি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) মার্কেটিং বিভাগের এক শিক্ষার্থীর সার্টিফিকেট আটকে দেওয়ার অভিযোগ উঠেছে, কারণ শিক্ষকের মেসেজে ‘হা হা রিঅ্যাক্ট’ দেওয়াকে অশোভন আচরণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
ভুক্তভোগী শিক্ষার্থী মুজিবুর রহমান, যিনি বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের এমবিএ ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
সূত্রে জানা গেছে, গত ২৫ আগস্ট বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মেহের নিগারের স্বাক্ষরিত একটি অভিযোগপত্র বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরে জমা দেওয়া হয়। সহযোগী অধ্যাপক মাশিয়াত যাহিনের অভিযোগের ভিত্তিতে একাডেমিক সভায় আলোচনা শেষে এই পদক্ষেপ নেওয়া হয়।
অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, ইন্টার্নশিপ প্রতিবেদন জমা দেওয়ার পর শিক্ষার্থী মুজিবুর রহমান শিক্ষিকা মাশিয়াত যাহিনকে ধন্যবাদ জানান এবং তাকে ‘মনে রাখবেন’ বলে উল্লেখ করেন। পরবর্তীতে শিক্ষকের দেওয়া প্রতিউত্তরে ওই শিক্ষার্থী ‘হা হা রিঅ্যাক্ট’ দেন। বিভাগটি এই আচরণকে শিক্ষকের প্রতি চরম অসম্মানজনক ও শিষ্টাচারবহির্ভূত হিসেবে চিহ্নিত করেছে।
তবে অভিযোগের বিষয়ে ভিন্ন মত প্রকাশ করেছেন ভুক্তভোগী শিক্ষার্থী মুজিবুর রহমান। তিনি বলেন, "আমি সার্টিফিকেট নিতে বিভাগে গেলে জানানো হয়, অভিযোগ ক্লিয়ার না হওয়া পর্যন্ত সার্টিফিকেট দেওয়া যাবে না। তবে শিক্ষক ইন্টার্নশিপে আমাকে কী নম্বর দিয়েছেন, তা নিয়ে আমার কোনো ক্ষোভ নেই। এটি শিক্ষকের বিচার্য বিষয়। কিন্তু একটি ‘হা হা রিঅ্যাক্ট’-এর জন্য কি সত্যিই সার্টিফিকেট আটকে দেওয়া যায়?"
অভিযোগকারী শিক্ষক সহযোগী অধ্যাপক মাশিয়াত যাহিন বলেন, "আমার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটি সঠিক প্রক্রিয়ায় বিভাগীয় প্রধানের মাধ্যমে রেজিস্ট্রার বরাবর জানিয়েছি। পরবর্তী সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন নেবে।"
সার্টিফিকেট আটকে রাখার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ নূরুল করিম চৌধুরী জানান, "নিয়ম অনুযায়ী এভাবে সরাসরি সার্টিফিকেট আটকানো যায় না। তদন্ত কমিটি গঠন করা হলে তারা যদি সাময়িকভাবে আটকে রাখার সুপারিশ করেন, কেবল তখনই তা হতে পারে।"
রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদার অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে জানান, "বিষয়টি প্রয়োজনীয় পর্যালোচনার জন্য উপ-উপাচার্যের কাছে পাঠানো হবে।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের অ্যাশভিলে অনুষ্ঠিত জি২০ অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরদের বৈঠককে ‘খুবই ফলপ্রসূ ও ইতিবাচক’ হিসেবে উল্লেখ করেছেন।
ট্রাম্প মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্টে জানান, অ্যাশভিলে অনুষ্ঠিত জি২০ অর্থমন্ত্রীদের বৈঠকে ‘খুবই ফলপ্রসূ ও ইতিবাচক আলোচনা’ হয়েছে। তিনি বৈঠক আয়োজনের জন্য এবং যুক্তরাষ্ট্রের পক্ষে ভূমিকা রাখার জন্য দেশটির অর্থমন্ত্রী স্কট বেসেন্টকে প্রশংসা করেন।
তিনি আরও বলেন, অন্যান্য দেশের উচিত যুক্তরাষ্ট্রের নীতি অনুসরণ করে কর ও সরকারি নিয়ন্ত্রণ কমানো এবং সম্ভব হলে তেল উৎপাদন বাড়ানো। অর্থনৈতিক প্রবৃদ্ধিকে তিনি তাঁর সরকারের অন্যতম প্রধান লক্ষ্য হিসেবে উল্লেখ করেন।
জি২০ অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরদের বৈঠকটি ৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর অ্যাশভিলে অনুষ্ঠিত হয়। বৈঠকে বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি, বাণিজ্য ভারসাম্য, ঋণ, আর্থিক খাত এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অর্থনৈতিক বিষয় নিয়ে আলোচনা করা হয়।
তবে সদস্য দেশগুলো সব বিষয়ে একমত হতে পারেনি। যুক্তরাষ্ট্রের বাণিজ্য ভারসাম্য এবং ‘অ-বাজারভিত্তিক’ নীতির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আহ্বানে ১৯টি দেশ সমর্থন জানালেও চীন এতে ভিন্নমত পোষণ করেছে বলে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছেন। তথ্যসূত্র: তাস, রয়টার্স
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার বটতলা বাজার হয়ে জমাদ্দার হাট বাজারে যাওয়ার সড়কে ৪টি ছোট গার্ডার ব্রিজ নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন ধরে ব্রিজের অভাবে ওই সড়কে চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে প্রায় ২০টি গ্রামের মানুষকে।
স্থানীয়দের অভিযোগ, উপকূলীয় ও নদী-জলাশয়বেষ্টিত হওয়ায় কাঁঠালিয়া উপজেলায় প্রতিবছর বর্ষা মৌসুমে অতিবৃষ্টি, বন্যা, জলোচ্ছ্বাস ও নদীভাঙনের কারণে বিভিন্ন সড়ক ক্ষতিগ্রস্ত হয়। এর ফলে অনেক স্থানে সড়কের অংশবিশেষ বিচ্ছিন্ন হয়ে পড়ে। কোথাও কোথাও স্থানীয়দের বাঁশের সাঁকোসহ অস্থায়ী ও ঝুঁকিপূর্ণ ব্যবস্থা ব্যবহার করে চলাচল করতে হয়।
বিশেষ করে বটতলা বাজার হয়ে জমাদ্দার হাট বাজারে যাওয়ার সড়কের কয়েকটি স্থানে ছোট গার্ডার ব্রিজ না থাকায় বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। এ সড়ক দিয়ে স্কুল-কলেজের শিক্ষার্থী, শিক্ষক, কৃষক, ব্যবসায়ী, রোগী ও সাধারণ পথচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নিয়মিত চলাচল করেন। পানি বৃদ্ধি পেলে তাঁদের চলাচলে বিঘ্ন ঘটে এবং অনেক সময় যোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন হওয়ার মতো পরিস্থিতির সৃষ্টি হয়।
এ বিষয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান প্রকৌশলীর কাছে লিখিত আবেদন জানিয়েছেন বাংলাদেশ হিউম্যান রাইটস অ্যান্ড প্রেস সোসাইটির তদন্ত কর্মকর্তা মোঃ রাজিব তালুকদার। আবেদনে তিনি জনদুর্ভোগের বিষয়টি বিবেচনা করে সড়কটির প্রয়োজনীয় স্থানসমূহ সরেজমিনে পরিদর্শন ও কারিগরি যাচাই করে জরুরি ভিত্তিতে ৪টি ছোট গার্ডার ব্রিজ নির্মাণের উদ্যোগ নেওয়ার দাবি জানান।
আবেদনে উল্লেখ করা হয়েছে, সড়কটির Road ID: 542434093 এবং Location: Koikhali Manik Mia House–Zomadderhat Bazar–Battala Bazar।
আবেদনকারী মোঃ রাজিব তালুকদার বলেন, “এই সড়কটি প্রায় ২০টি গ্রামের মানুষের চলাচলের গুরুত্বপূর্ণ মাধ্যম। ব্রিজগুলোর অভাবে শিক্ষার্থীসহ সাধারণ মানুষকে দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাতে হচ্ছে। দ্রুত ব্রিজ নির্মাণ করা হলে এলাকার মানুষের যাতায়াত নিরাপদ ও সহজ হবে এবং শিক্ষা, চিকিৎসা, কৃষি ও ব্যবসা-বাণিজ্যে এর ইতিবাচক প্রভাব পড়বে।”
স্থানীয় বাসিন্দারা জানান, সড়কটির গুরুত্বপূর্ণ স্থানে দ্রুত গার্ডার ব্রিজ নির্মাণ করা হলে বর্ষা মৌসুমে যোগাযোগব্যবস্থা সচল রাখা সম্ভব হবে। তাঁরা জনদুর্ভোগের বিষয়টি বিবেচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ