সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৪:০১ পি.এম
সড়ক পাকা করণের কাজ শুরু হওয়ার অনেক পরে দরপত্রে নির্ধারিত সময়ের চেয়ে বিলম্বিত হলেও ঠিকাদারের বিরুদ্ধে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, যথাযথ মান বজায় না রেখে দায়সারা কাজ করা হলে কোটি টাকা ব্যয়ে নির্মিত এ সড়কটি অল্প সময়ের মধ্যে নষ্ট হয়ে যেতে পারে।
স্থানীয় সরকার বিভাগ (এলজিইডি) সূত্রে জানা গেছে, ২০২৫-২০২৬ অর্থবছরে জিআরআইডিপি প্রকল্পের আওতায় শোলমারি মুচিগাড়ি ও সিংহাটি নাড়াপোতা মাঠ এলাকায় প্রায় এক কোটি ৯৯ লাখ টাকা প্রাক্কলিত ব্যয়ে সড়ক নির্মাণকাজ শুরু হয়েছে। প্রকল্পের আওতায় শোলমারি মুচিগাড়ি এলাকায় এক হাজার ৩০০ মিটার এবং সিংহাটি নাড়াপোতা মাঠ এলাকায় ৭৫০ মিটার সড়ক নির্মাণ করা হচ্ছে। কাজটির কার্যাদেশ পেয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান ইএমএস সলিউশনের স্বত্বাধীকারী জান্নাতুল ফেরদৌস।
সরেজমিনে দেখা যায়, বর্তমানে সিংহাটি নাড়াপোতা মাঠ এলাকার অংশে ডব্লিউবিএম এর কাজ চলছে। ডব্লিউবিএম কাজে উন্নতমানের ইটের খোয়া ব্যবহারের পরিবর্তে আধলা, কাদা-মাটি মাখানো এবং পুরনো ঘরের দেয়াল ভাঙ্গা সিমেন্টযুক্ত জোড়া লাগা নিম্নমানের ইটের খোয়াও ব্যবহার করা হচ্ছে। এছাড়া সাব-বেস স্তরে কাঁদাযুক্ত বালু ব্যবহারেরও অভিযোগ রয়েছে।
স্থানীয়দের দাবি, রাস্তার প্রাথমিক কাজের সময়ও নিম্নমানের বালু ও নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছিল। অভিযোগের পর কিছু বালু সরিয়ে নেওয়া হলেও পরবর্তীতে নিম্নমানের বালু ও ইট দিয়ে কাজ সম্পন্ন করা হয়। দীর্ঘ বিরতির পর দ্বিতীয় স্তরের কাজ শুরু হলে এবারও নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করতে দেখা যাচ্ছে বলে অভিযোগ তাদের।
স্থানীয় রোকনুজ্জামান নামের এক বাসিন্দা বলেন, ‘এই মাঠে এলাকার প্রায় দুই হাজার মানুষের জমি রয়েছে। মাঠে বিভিন্ন ধরনের ফসল উৎপাদন করেন তারা। দীর্ঘদিন ধরে রাস্তার নির্মাণকাজ চলায় কৃষিপণ্য পরিবহনসহ চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছে। তার ওপর নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করা হলে রাস্তা টেকসই হবে না। এতে তাদের ভোগান্তি আরো বাড়বে।’
আরেক বাসিন্দা সাইফুল ইসলাম জানান, দীর্ঘদিনের দাবি পূরণ করে রাস্তা নির্মাণ করা হলেও কাজের মান নিয়ে এখন নতুন করে শঙ্কা তৈরি হয়েছে। সড়কটি যেন দ্রুত নষ্ট না হয়, সেজন্য নির্মাণকাজে নির্ধারিত মান বজায় রাখার দাবি জানিয়েছেন তারা।
নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগের বিষয়ে ঠিকাদার শিমুল হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
সদর উপজেলা এলজিইডির প্রকৌশলী মো. আক্তার হোসেন বলেন, ‘যদি কোনো ধরনের নিম্নমানের নির্মাণসামগ্রী থাকে, তাহলে সেগুলো ঠিকাদারকে অপসারণ করতে হবে। এর কোনো বিকল্প নেই। কোনো অনিয়ম আমি মানব না।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ভারতের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের দলীয় নাম ও জোড়া ফুল প্রতীক স্থগিত করার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের করা মামলায় সুপ্রিম কোর্ট একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেছে। দলটির ভেতরের কোন্দলের কারণে দলীয় নাম ও প্রতীক নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে বিরোধ নিষ্পত্তির জন্য নির্বাচন কমিশনকে (ইসিআই) একটি নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত।
ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, আদালতের নির্দেশ অনুযায়ী, আগামী চার সপ্তাহের মধ্যে উভয় পক্ষকে নিজেদের লিখিত বক্তব্য পেশ করতে হবে। এরপর কমিশনকে তিন মাসের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে।
মমতা বন্দ্যোপাধ্যায় সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিলেন দলের নাম ও প্রতীক ফ্রিজ করার অন্তর্বর্তীকালীন সিদ্ধান্তের বিরুদ্ধে। সোমবার এই আবেদনের শুনানিতে সুপ্রিম কোর্টের বিচারপতিদের বেঞ্চ জানায়, নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা ও স্পষ্টতা বজায় রাখতে দ্রুত এই বিরোধের সমাধান হওয়া প্রয়োজন।
উল্লেখ্য, গত ১৮ সেপ্টেম্বর অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের নাম এবং তাদের ঐতিহ্যবাহী ‘জোড়া ফুল’ প্রতীক সাময়িকভাবে স্থগিত করার নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন। দুই বিরোধী গোষ্ঠীকে নির্দেশ দেওয়া হয়েছিল, বিতর্ক নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাদের বিকল্প নতুন নাম ও প্রতীক বেছে নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে।
উপনির্বাচনের তারিখ ঘোষণার ঠিক ১০ দিন পর কমিশনের এই সিদ্ধান্ত আসে, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অরূপ রায়ের নেতৃত্বাধীন দুই পৃথক গোষ্ঠীই নিজেদের প্রার্থী মনোনীত করেছিল।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বলিউড অভিনেতা অক্ষয় খান্না মুম্বাইয়ের অভিজাত মালাবার হিলে ৩৩ কোটি ২৬ লাখ রুপির একটি বিলাসবহুল ফ্ল্যাট কিনেছেন। বাংলাদেশি মুদ্রায় এর মূল্য প্রায় ৪৬ কোটি ৬৪ লাখ টাকা। এই তথ্যটি রিয়েল এস্টেট প্রতিষ্ঠান স্কয়ার ইয়ার্ডস মহারাষ্ট্রের ইনস্পেক্টর জেনারেল অব রেজিস্ট্রেশনের (IGR) নথি পর্যালোচনা করে প্রকাশ করেছে।
ফ্ল্যাটটির নিবন্ধন চলতি বছরের সেপ্টেম্বরে সম্পন্ন হয়েছে। নথি অনুযায়ী, ফ্ল্যাটটির কার্পেট এরিয়া ২ হাজার ৩৪১ দশমিক ৩৯ বর্গফুট। এর সঙ্গে ১৭৫ দশমিক ৪৫ বর্গফুটের একটি বারান্দাও রয়েছে। সম্পত্তিটির মোট আয়তন ২ হাজার ৫১৬ দশমিক ৮৪ বর্গফুট।
এই ফ্ল্যাটের সঙ্গে তিনটি গাড়ি রাখার জায়গা রয়েছে। সম্পত্তিটি কেনার জন্য অক্ষয় খান্নাকে প্রায় ১ কোটি ৯৯ লাখ রুপি স্ট্যাম্প ডিউটি দিতে হয়েছে। নিবন্ধন বাবদ খরচ হয়েছে আরও ৩০ হাজার রুপি।
মালাবার হিল মুম্বাইয়ের দক্ষিণ অংশে অবস্থিত শহরের অন্যতম অভিজাত আবাসিক এলাকা। আরব সাগরের তীরে এই এলাকায় বিলাসবহুল আবাসিক ভবন ও গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে। মেরিন ড্রাইভ, নরিমান পয়েন্ট ও কোলাবার মতো গুরুত্বপূর্ণ এলাকাগুলোর সঙ্গে এর যোগাযোগ অত্যন্ত ভালো।
অক্ষয় খান্না তার অভিনয়জীবনে বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করে পরিচিতি অর্জন করেছেন। ‘হামরাজ’, ‘রেস’, ‘গান্ধী, মাই ফাদার’, ‘দিল চাহতা হ্যায়’ ও ‘দৃশ্যম’সহ বেশ কয়েকটি আলোচিত সিনেমায় তাকে দেখা গেছে।
সম্প্রতি ‘ধুরন্ধর’ সিনেমায় রহমান ডাকাইতের চরিত্রে অভিনয় করে নতুন করে আলোচনায় আসেন অক্ষয়। সিনেমাটিতে তার সংলাপ বলার ধরন ও পর্দায় উপস্থিতি দর্শকদের নজর কাড়ে। এর আগে ‘ছাভা’ সিনেমায় আওরঙ্গজেবের চরিত্রেও অভিনয় করেছেন তিনি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দ্বিতীয় স্ত্রী মরিয়মকে আত্মহত্যার প্ররোচনার মামলায় দুই দফা ৮ দিনের রিমান্ড শেষে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের জামিন নামঞ্জুর করে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। আজ সোমবার বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালত এই আদেশ প্রদান করেন।
রিমান্ড শেষে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি তেজগাঁও জোনাল টিমের পুলিশ পরিদর্শক মোহাম্মদ সালাউদ্দিন আসামিকে কারাগারে পাঠানোর জন্য আবেদন করেন। অপরদিকে, আসামিপক্ষে আইনজীবী মাহবুবুল ইসলাম জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গত ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় শেরেবাংলা নগর থানার ন্যাম ভবনের ২০৩ নম্বর ফ্ল্যাটের ভেতর থেকে এমপি নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়মের (১৯) ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনার পরদিন নিহতের বাবা এস এম মাসুম বিল্লাহ বাদী হয়ে নজরুল ইসলাম, তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম ও নিহতের মামা ওবায়দুর রহমানের বিরুদ্ধে মামলা দায়ের করেন। রাতেই পুলিশ নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকছুদাকে গ্রেপ্তার করে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
শেরপুরঃ বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসি) থেকে আগত ৮১ তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের ০৮ জন প্রশিক্ষণার্থী কর্মকর্তার শেরপুর জেলা পুলিশে মাঠ-সংযুক্তি কার্যক্রমের অংশ হিসেবে একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৯ টায় শেরপুর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। শেরপুর জেলার পুলিশ সুপার এ, কে, এম জহিরুল ইসলাম কর্মশালার সভাপতিত্ব করেন।
কর্মশালার শুরুতে প্রশিক্ষণার্থী কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। এরপর শেরপুর জেলা ও জেলা পুলিশের ওপর নির্মিত একটি অডিও-ভিজ্যুয়াল প্রদর্শনের মাধ্যমে জেলা পুলিশের সাংগঠনিক কাঠামো, বিভিন্ন ইউনিটের কার্যক্রম, জনবল কাঠামো, দায়িত্ব ও কর্তব্য এবং সামগ্রিক কার্যক্রম ও অর্জনের চিত্র তুলে ধরা হয়।
পুলিশ সুপার প্রশিক্ষণার্থী কর্মকর্তাদের সহিত একটি উন্মুক্ত মতবিনিময় ও আলোচনা পর্বে অংশগ্রহণ করেন। এ সময় তিনি বাংলাদেশ পুলিশের সাংগঠনিক কাঠামো, দায়িত্ব ও কর্তব্য, মাঠপর্যায়ে পুলিশিং কার্যক্রম এবং জনসেবামূলক বিভিন্ন উদ্যোগ সম্পর্কে প্রশিক্ষণার্থী কর্মকর্তাদের অবহিত করেন। তিনি তাঁর কর্মজীবনের অভিজ্ঞতা ও বাস্তবভিত্তিক বিভিন্ন দিক তুলে ধরে প্রশিক্ষণার্থীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় কর্মশালায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মিজানুর রহমান ভূঁঞা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার -সহ ৮১ তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষণার্থী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ