শুক্রবার, ৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৩:২০ পি.এম
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী সম্প্রতি বলেছেন, বর্তমান সরকার সংবাদমাধ্যমের পূর্ণ স্বাধীনতায় বিশ্বাসী। তিনি উল্লেখ করেছেন যে, সাংবাদিকরা যেন কোনো ভয়ভীতি ছাড়াই নির্বিঘ্নে তাদের পেশাগত দায়িত্ব পালন করতে পারেন, সরকার সেই পরিবেশ নিশ্চিত করেছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে নেত্রকোণার কেন্দুয়া উপজেলা পাবলিক হলে ‘রফিক হিলালী ইংলিশ এক্সিলেন্স প্রোগ্রাম-২০২৬’-এর ওরিয়েন্টেশন ক্লাস এবং এসএসসি ও দাখিল পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।
অনুষ্ঠান শেষে সাংবাদিকদের পেশাগত কল্যাণ ও বিভিন্ন প্রশ্নের জবাবে তথ্য প্রতিমন্ত্রী জানান, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের নির্ধারিত বাজেট বরাদ্দ ৬ কোটি টাকা থেকে বাড়িয়ে ২৫ কোটি টাকায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ সংক্রান্ত প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি প্রেস কাউন্সিলের মাধ্যমে ‘হলুদ সাংবাদিকতা’ ও অপসাংবাদিকতা রোধে পেশাগত মানদণ্ড বজায় রাখার কাজ চলছে।
এ সময় হাওর অঞ্চলের শিক্ষার্থীদের সুবিধা ও আলাদা একাডেমি ক্যালেন্ডার প্রণয়নের বিষয়ে সাংবাদিকরা দৃষ্টি আকর্ষণ করলে প্রতিমন্ত্রী বলেন, এটি একটি জাতীয় বিষয়। তিনি জানান, হাওরাঞ্চলের শিক্ষার্থীদের যাতায়াত ও পড়ালেখার সুবিধার বিষয়টি সরকার অত্যন্ত গুরুত্বের সাথে পর্যালোচনা করছে এবং শিগগিরই ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া হবে।
প্রধান অতিথির বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী বলেন, শুধু জিপিএ-৫ বা ভালো ফলাফল অর্জন করলেই চলবে না, শিক্ষার্থীদের মানবিক ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। তিনি বলেন, পরিবার, শিক্ষক ও দেশের প্রতি শ্রদ্ধাশীল থেকে নৈতিকতার চর্চা করলেই প্রকৃত সাফল্য আসবে। তিনি জানান, তৃণমূলের যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করতে মাঠের আধুনিকায়ন করা হচ্ছে এবং অনলাইনে ও টিভিতে চাইনিজ ও অ্যারাবিক ভাষা শিক্ষার বিশেষ কার্যক্রম চালু করা হচ্ছে।
নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ-৮ আসনের সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ বাবু, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুন মুন জাহান লিজা, কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা চৌধুরী এবং জেলা প্রেসক্লাবের সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম।
সকাল ১০টায় শুরু হওয়া এই আয়োজনে কেন্দুয়া উপজেলা বিএনপি নেতৃবৃন্দ, জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
যুক্তরাজ্যের ইংল্যান্ডের সাউদাম্পটনের বিটার্ন পার্ক স্কুলের সাবেক শারীরিক শিক্ষা বিষয়ের শিক্ষিকা ব্রনওয়েন জেমস (৩০) এর বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, তিনি ১৬ বছর বয়সী এক ছাত্রের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেছেন। এই ঘটনার পর দেশটির আদালতে তার বিরুদ্ধে মামলা বিচারাধীন রয়েছে।
মামলার প্রেক্ষিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী আদালতে উল্লেখ করেছেন, একান্তে থাকার সময় ওই শিক্ষিকা তরুণ ছাত্রকে ‘‘মিস’’ বলে সম্বোধন করার নির্দেশ দিতেন।
মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদনে জানানো হয়েছে, বিদ্যালয়ে কর্মরত অবস্থায় ওই কিশোর শিক্ষার্থীর সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্কে জড়ানোর অভিযোগ তিনি অস্বীকার করেছেন ব্রনওয়েন।
উইনচেস্টার ক্রাউন আদালতে শুনানির সময় প্রসিকিউটর এডওয়ার্ড কালভার বলেন, শুরুতে ওই ছাত্রের স্ন্যাপচ্যাট ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ না করলেও পরবর্তীতে জেমস তা গ্রহণ করেন। এরপর তাদের মধ্যে নিয়মিত বার্তা বিনিময় শুরু হয়; যা ক্রমান্বয়ে প্রেমালাপে রূপ নেয়।
প্রসিকিউটর আদালতকে জানান, তারা একে অপরকে বার্তা পাঠাতে শুরু করে এবং সেসব বার্তা পরে ঘনিষ্ঠতায় রূপ নেয়। পরবর্তী সময়ে তারা ওয়েস্টন শোর এলাকায় দেখা করেন এবং গাড়ির ভেতরে একে অপরকে চুম্বন করেন।
শিক্ষিকার বিরুদ্ধে দায়ের করা মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, উইম্বলডন টেনিস টুর্নামেন্ট টিভিতে সম্প্রচার চলাকালীন একদিন এই জুটি স্পর্শ ও চুম্বনের পর শারীরিক সম্পর্কে লিপ্ত হন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অভিযোগ করেন, শিক্ষিকা ব্রনওয়েন কিশোর শিক্ষার্থীর সঙ্গে অত্যন্ত সংবেদনশীল সম্পর্ক গড়ে তোলেন; এমনকি তিনি তাকে ভালোবাসার কথা জানান এবং দুজন একসঙ্গে দূরে কোথাও ঘুরতে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন।
আদালতে সাক্ষ্য দেওয়ার সময় ভুক্তভোগী শিক্ষার্থী বলেছেন, শুরুতে শিক্ষিকার সঙ্গে সম্পর্ক ‘ভালো মনে হলেও পরে সে বুঝতে পারে যে তাকে কৌশলে প্রলোভনের ফাঁদে ফেলে মানসিকভাবে নিয়ন্ত্রণে রাখা হয়েছিল। ব্যক্তিগত মেলামেশার সময়ও জেমস তাকে শিক্ষিকা হিসেবে ‘মিস’ বলে সম্বোধন করার নির্দেশ দিতেন।
বিটার্ন পার্ক স্কুলে কর্মরত থাকাকালীন এসব ঘটনা ঘটেছে বলে জানা গেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানাচ্ছে, নিজের পদমর্যাদার অপব্যবহার করে কিশোর শিক্ষার্থীর সঙ্গে যৌনকর্মে লিপ্ত হওয়ার অভিযোগে জেমসের বিরুদ্ধে ৪টি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে। তবে তিনি এই সমস্ত অভিযোগ অস্বীকার করে আদালতে তার লিখিত বক্তব্য উপস্থাপন করেছেন।
বুধবার জুরি ভেঙে দেওয়ার কারণে বিচার প্রক্রিয়া সাময়িকভাবে স্থগিত করা হয়। নতুন জুরিদের শপথ গ্রহণের মাধ্যমে বৃহস্পতিবার থেকে পুনরায় এই মামলার বিচারকাজ শুরু হওয়ার কথা রয়েছে।
সূত্র: নিউইয়র্ক পোস্ট
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ইয়েমেনে সরকারি বাহিনী এবং হুথি বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষের ফলে বৃহস্পতিবার থেকে এখন পর্যন্ত কমপক্ষে ৮১ জন যোদ্ধা নিহত হয়েছেন। এই তথ্য বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকার দুই সামরিক কর্মকর্তা ও চিকিৎসা সূত্রের বরাত দিয়ে প্রকাশিত হয়েছে।
লোহিত সাগর উপকূলের একজন সামরিক কর্মকর্তা জানিয়েছেন, সরকারি বাহিনীর ২৪ সদস্য নিহত হয়েছেন। অন্যদিকে, তায়েজের অভ্যন্তরীণ অঞ্চলে আরও ১৫ জন নিহত হওয়ার খবর জানিয়েছেন অপর একজন সামরিক কর্মকর্তা।
এদিকে, হুথি নিয়ন্ত্রিত এলাকার চিকিৎসা সূত্র জানাচ্ছে, সরকারি বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত ৪২ জন হুথি যোদ্ধা প্রাণ হারিয়েছেন।
বৃহস্পতিবার ইয়েমেনে নতুন করে ভয়াবহ সংঘর্ষ শুরু হয়। এই সময় হুথি বাহিনী লোহিত সাগরের উপকূলীয় এলাকা এবং তায়েজ অঞ্চলের কাছে রকেট ও ড্রোন হামলা চালানোর পাশাপাশি স্থল অভিযান শুরু করে।
সরকারি সামরিক সূত্র এএফপিকে জানিয়েছে, হুথিরা কয়েক সপ্তাহ ধরে হামলার মুখে থাকা গুরুত্বপূর্ণ বন্দরনগরী মোখাকে সরকারি নিয়ন্ত্রিত অন্যান্য এলাকার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করার চেষ্টা করছে।
একই সাথে তারা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব আল-মান্দাব প্রণালির কাছাকাছি এলাকায় অগ্রসর হওয়ার প্রচেষ্টা চালাচ্ছে।
ইয়েমেনে এক দশকেরও বেশি সময় ধরে গৃহযুদ্ধ চলছে। গত জুলাইয়ে শুরু হওয়া মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধে ইয়েমেন সরাসরি জড়িয়ে পড়ে। ওই সময় হুথিরা সৌদি আরব-সমর্থিত সরকারি বাহিনীর সঙ্গে ২০২২ সালে হওয়া যুদ্ধবিরতি কার্যত ভেঙে দেয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ব্রাজিল থেকে মাংস আমদানি স্থগিত করার ফলে দেশটির সরকার গভীর উদ্বেগ প্রকাশ করেছে। ব্রাসেলসের পক্ষ থেকে জানানো হয়েছে, ব্রাজিলের রপ্তানি করা মাংস ইইউর পশুস্বাস্থ্যবিষয়ক নিয়মের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়—এমন পর্যাপ্ত নিশ্চয়তা না পাওয়ার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এএফপি সংবাদ সংস্থার খবর অনুযায়ী, ইইউর এই সিদ্ধান্ত বৃহস্পতিবার থেকেই কার্যকর হয়েছে। তবে এই নিষেধাজ্ঞা কবে পর্যন্ত থাকবে, সে বিষয়ে ইইউ কোনো নির্দিষ্ট সময়সীমা উল্লেখ করেনি।
ইউরোপীয় ইউনিয়নের অভিযোগ, ব্রাজিলের রপ্তানি পণ্য পশুপালনে অ্যান্টিবায়োটিক ব্যবহারের ক্ষেত্রে ইইউর নির্ধারিত মানদণ্ডের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়—এমন প্রমাণ দিতে পারেনি দেশটি।
ব্রাজিলের পররাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয় এক যৌথ বিবৃতিতে জানায়, তারা আশা করছে চলমান আলোচনার মাধ্যমে দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ একটি সমাধানে পৌঁছানো সম্ভব হবে। তারা আরও উল্লেখ করেছে, এই প্রক্রিয়াটি যেন কোনো ধরনের সুরক্ষাবাদী বা বাণিজ্যিক স্বার্থের চাপমুক্ত থাকে।
আগের মাসে, মে মাসে, ব্রাজিলকে ইইউ সেই দেশগুলোর তালিকায় অন্তর্ভুক্ত করে, যেসব দেশ পশুপালনে অ্যান্টিবায়োটিক ব্যবহারের ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়নের নিয়ম যথাযথভাবে অনুসরণ করছে না।
ইইউ অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স বা জীবাণুর ওষুধ প্রতিরোধী হয়ে ওঠার ঝুঁকি কমাতে পশুর দ্রুত বৃদ্ধি ঘটানোর জন্য অ্যান্টিমাইক্রোবিয়াল ওষুধ ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করেছে। পাশাপাশি মানুষের চিকিৎসায় সংরক্ষিত কিছু অ্যান্টিবায়োটিক পশুদের ক্ষেত্রে ব্যবহারের ওপরও কঠোর বিধিনিষেধ রয়েছে।
ব্রাজিলের দুই মন্ত্রণালয় জানায়, দেশটি ইউরোপের বাজারে প্রাণিজ প্রোটিনের অন্যতম প্রধান সরবরাহকারী। তাদের মতে, দীর্ঘদিন ধরে ইইউর বাজারে রপ্তানি করার বিষয়টি প্রমাণ করে যে ব্রাজিলের পণ্য ইউরোপীয় মানদণ্ড মেনে চলছে।
বিবৃতিতে আরও বলা হয়, ব্রাজিল সরকার এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে এবং ইইউকে সংশ্লিষ্ট তথ্যও সরবরাহ করেছে।
ব্রাজিল সরকার সতর্ক করে জানিয়েছে, যদি আলোচনার মাধ্যমে সন্তোষজনক সমাধান না পাওয়া যায়, তবে তারা ভারসাম্যপূর্ণ বাণিজ্যিক পরিবেশ নিশ্চিত করতে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার অধিকার সংরক্ষণ করছে।
ইইউর এই সিদ্ধান্ত এমন এক সময়ে এসেছে, যখন দক্ষিণ আমেরিকার বাণিজ্য জোট মারকোসুর—যার সদস্য আর্জেন্টিনা, ব্রাজিল, উরুগুয়ে ও প্যারাগুয়ে—এর সঙ্গে জানুয়ারি ২০২৬-এ মুক্ত বাণিজ্য চুক্তি সই করার পর ইউরোপীয় ইউনিয়ন নিজেদের কৃষিপণ্যবিষয়ক নিয়মকানুন কঠোরভাবে কার্যকর করছে।
চুক্তিটি সইয়ের পর ইউরোপের কৃষকদের পাশাপাশি বিশেষ করে ফ্রান্সের কাছ থেকেও ইইউ তীব্র সমালোচনার মুখে পড়ে। ফলে কৃষিপণ্য ও প্রাণিজ খাদ্য আমদানির ক্ষেত্রে নিজেদের নিয়ন্ত্রণ ও নজরদারি জোরদার করছে ইউরোপীয় ইউনিয়ন।
২০২৫ সালে ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) গরুর মাংস সরবরাহের ক্ষেত্রে ব্রাজিল ছিল দ্বিতীয় বৃহত্তম দেশ। ওই বছর ব্রাজিল ইইউর বাজারে ৯২ হাজার টনের বেশি গরুর মাংস রপ্তানি করে, যার মোট মূল্য ছিল ৭১৩ মিলিয়ন ইউরোর বেশি (প্রায় ৮২৫ মিলিয়ন মার্কিন ডলার)।
ইইউর সর্বশেষ স্থগিতাদেশ শুধু গরুর মাংসের ক্ষেত্রে নয়। এর আওতায় পোলট্রি বা মুরগির মাংস, ডিম ও মধুসহ আরও কয়েকটি পণ্য অন্তর্ভুক্ত রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি মন্তব্য করেছেন যে, বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। তিনি আরও উল্লেখ করেন, ফটো শো’র রাজনীতিতেও তাদের কোনো আগ্রহ নেই।
মন্ত্রী আরও বলেন, সরকারের দায়িত্ব গ্রহণের মাত্র ছয় মাস অতিবাহিত হয়েছে, তাই এই সময়ের মধ্যে সব কাজ সম্পন্ন হয়ে যাবে এমন প্রত্যাশা করা সঠিক নয়।
আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে লক্ষ্মীপুর পৌর এলাকার রহমতখালী খাল পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে সারা দেশে নদী-নালা, খাল ও জলাশয় পরিষ্কারের উদ্যোগের অংশ হিসেবে লক্ষ্মীপুর জেলা স্বেচ্ছাসেবক দল ও কৃষক দল যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে।
বর্তমান সরকারের প্রতি জনগণের আশা-আকাঙ্ক্ষা অনেক বেশি উল্লেখ করে মন্ত্রী বলেন, দীর্ঘ ১৭ বছরের গুম, খুন ও নির্যাতনের পর জনগণের রায়ে গঠিত সরকার মানুষের প্রত্যাশা পূরণে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করে যাচ্ছে।
বিরোধী দলের লংমার্চ কর্মসূচির প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, সরকার গঠনের মাত্র ছয় মাসের মাথায় জামায়াত লংমার্চ করার পরিকল্পনা করছে, এটি সঠিক নয়। বিরোধী দলের উচিত কেবল সমালোচনা না করে সরকারের ভুলগুলো ধরিয়ে দিয়ে সহযোগিতা করা। তিনি আরও বলেন, "আর আমরাও সেই প্রত্যাশাই করি।"
এ সময় সারা দেশে খাল পুনঃখনন প্রকল্পের বিষয়ে পানিসম্পদ মন্ত্রী বলেন, অতীতে অনেক নেতা নিজেদের দূরদর্শী মনে করলেও ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করে জনগণের সুবিধা দেওয়ার কাজ কেউ করেননি। প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী চিন্তা ও পরিকল্পনা থেকেই এই বিশাল কাজটি হাতে নেওয়া সম্ভব হয়েছে।
তিনি বলেন, ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখননের কাজ একটি চলমান প্রক্রিয়া, এটি ছয় মাসে শেষ হওয়ার সুযোগ নেই। তবে খাল পুনঃখননের সুফল জনগণ ইতোমধ্যে পেতে শুরু করেছে। এর ফলে পানি নিষ্কাশনসহ বিভিন্ন ক্ষেত্রে সুবিধা পাওয়া যাচ্ছে বলেও তিনি জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহ-সভাপতি ওয়াহিদ উদ্দীন চৌধুরী হ্যাপি, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মহসিন কবির স্বপন, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, জেলা কৃষকদলের সভাপতি মাহাবুব আলম মামুন এবং সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সোহেলসহ স্থানীয় দলীয় নেতাকর্মীরা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ