ঢাকা সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৪শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬ইং ২৪শে কার্তিক, ১৪৩২বাং

চট্টগ্রামে মোটরসাইকেলে এসে যুবক ইমতিয়াজ সুলতানকে গুলি


চট্টগ্রামে মোটরসাইকেলে এসে যুবক ইমতিয়াজ সুলতানকে গুলি

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানার ষোলশহর ফরেস্ট গেট এলাকায় দুর্বত্তদের গুলিতে ইমতিয়াজ সুলতান একরামক নামে এক যুবক আহত হয়েছেন। গুরুতর অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে (চমেক) ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, সোমবার (৯ নভেম্বর) দুপুর দেড়টার দিকে এই ঘটনা ঘটে।

পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী পলাতক সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের সহযোগিরা এই হামলা চালিয়েছে।

এদিকে, ইমতিয়াজের স্ত্রী সূচি সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে এসে বলেন, "আমার স্বামীকে সাজ্জাদ বাহিনীর সন্ত্রাসীরা গুলি করেছে। হাসপাতালে আমার স্বামী যেন ভালো চিকিৎসা পায়।"

আরও পড়ুন: মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন

পুলিশের তথ্য অনুযায়ী, ইমতিয়াজ ও তার স্ত্রী সুচির সঙ্গে বড় সাজ্জাদ বাহিনীর অন্যতম সন্ত্রাসী গ্রেপ্তার সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদের বিরোধ রয়েছে। ছোট সাজ্জাদকে ঢাকার একটি শপিংমল থেকে ২০২৫ সালের মার্চ মাসে গ্রেপ্তার করা হয়েছিল। এর আগে চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি স্পেশাল রেসপন্স ব্যাটেলিয়ন অস্ত্রসহ বায়েজিদ বোস্তামির লিংক রোড এলাকা থেকে ইমতিয়াজকে গ্রেপ্তার করে।

পাচলাইশ থানার ওসি মোজাম্মেল হক বলেন, ‘ফরেস্ট গেটের পূর্ব পাশে দুইটি মোটরসাইকেলে এসে পাঁচজন একরামকে গুলি করে চলে যায়। সিসিটিভি ফুটেজ দেখে হামলাকারীদের সনাক্ত করার চেষ্টা চলছে। কেন করছে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা তদন্ত করে দেখা হচ্ছে। তার পরিবারের অভিযোগটি তদন্ত করে দেখা হচ্ছে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৩৩ পি.এম


ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু

সংসদ ভবন, ৯ নভেম্বর, ২০২৬ : ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হয়েছে।

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে আজ বিকেল ৩টা ৩৮ মিনিটে জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে এ অধিবেশন শুরু হয়।

আজকের কার্যসূচিতে অন্তর্ভুক্ত রয়েছে— সভাপতিমণ্ডলী মনোনয়ন, শোকপ্রস্তাব, প্রশ্ন জিজ্ঞাসা ও উত্তর, জরুরি জন-গুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ (বিধি-৭১) এবং আইন-প্রণয়ন কার্যাবলি।

এছাড়া, তৃতীয় অধিবেশনের পর এবং চতুর্থ অধিবেশনের পূর্বে তিনটি অধ্যাদেশ জারি করা হয়েছে। এই অধ্যাদেশগুলো হলো— পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬; মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬ এবং বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ, ২০২৬। আজকের বৈঠকে এই অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে।

এদিকে, গতকাল জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত সংসদের কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠকে সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে, ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন আগামী ১৮ নভেম্বর পর্যন্ত চলবে।

সরকারি ছুটির দিন শুক্রবার ও শনিবার বাদে প্রতিদিন বিকেল ৪টা ২০ মিনিটে সংসদের অধিবেশন অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বৈঠকে সভাপতিত্ব করবেন।

আজকের বৈঠকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

এ অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য ১৭৪টি এবং অন্যান্য মন্ত্রীর জন্য ৩ হাজার ৫৭৭টি প্রশ্নসহ মোট ৩ হাজার ৭৫১টি প্রশ্ন জমা পড়েছে। এছাড়া, বিধি-৭১ অনুযায়ী মনোযোগ আকর্ষণের ৯২টি নোটিশ এবং বিধি-১৩১ অনুযায়ী সিদ্ধান্ত প্রস্তাবের ২৮১টি নোটিশ পাওয়া গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুমিল্লায় তিন দিনের অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৩৬ পি.এম


কুমিল্লায় তিন দিনের অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেফতার

কুমিল্লায় তিন দিনের বিশেষ সাঁড়াশি অভিযানে জেলা পুলিশ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের ৮১ সদস্যকে গ্রেফতার করেছে। এই গ্রেফতার অভিযানটি জেলার ১৮টি থানা এবং জেলা গোয়েন্দা শাখার পৃথক অভিযানগুলোর মাধ্যমে সম্পন্ন হয়।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের স্থিতিশীলতা বিনষ্টের অপচেষ্টা, মিছিলসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের প্রতিরোধ এবং নিষিদ্ধ সংগঠনের সদস্যদের নিষিদ্ধ কর্মকাণ্ডে অংশগ্রহণ ঠেকাতে এই অভিযান পরিচালনা করা হয়েছে।

গ্রেফতারকৃতদের মধ্যে কোতোয়ালি মডেল থানায় ১১ জন, সদর দক্ষিণ মডেল থানায় ৪ জন, চৌদ্দগ্রামে ১০ জন, চান্দিনায় ৭ জন, বুড়িচংয়ে ৩ জন, ব্রাহ্মণপাড়ায় ৫ জন, বরুড়ায় ১০ জন, লাকসামে ৪ জন, মনোহরগঞ্জে ২ জন, নাঙ্গলকোটে ৪ জন, দাউদকান্দিতে ২ জন, তিতাসে ১ জন, হোমনায় ৩ জন, মেঘনায় ২ জন, দেবিদ্বারে ২ জন, মুরাদনগরে ১ জন, বাঙ্গরা বাজারে ৪ জন এবং লালমাইয়ে ৪ জন রয়েছেন।

এছাড়া, জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে আরও ২ জনকে গ্রেফতার করা হয়েছে।

জেলা পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার নতুন সময়সূচি ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৩৭ পি.এম


পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার নতুন সময়সূচি ঘোষণা

দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার সময়সূচি পেছানোর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুসারে, ভর্তি কার্যক্রমের আবেদন গ্রহণ শুরু হবে আগামী ১ জানুয়ারি ২০২৭-এর পর। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১ ফেব্রুয়ারির পর।

সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনে (ইউজিসি) পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সভা শেষে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ জানান, শিক্ষার্থীদের স্বার্থ, এইচএসসির সম্পূরক পরীক্ষার ফল প্রকাশ এবং ভর্তি কার্যক্রমের সমন্বয়ের বিষয়গুলো বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। জানুয়ারি ২০২৭ থেকে ভর্তি পরীক্ষার আবেদন গ্রহণ এবং ফেব্রুয়ারি থেকে পরীক্ষা আয়োজনের বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছে। বিশ্ববিদ্যালয়গুলো পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে পরীক্ষার তারিখ নির্ধারণ ও ঘোষণা করবে।

তিনি উল্লেখ করেন, ২০২৫ সালে এইচএসসি ও সমমান পরীক্ষায় সাত লাখের বেশি শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছিল, কিন্তু চলতি বছর এ সংখ্যা ছয় লাখের কিছু বেশি। এ বছর উত্তরপত্র যথাযথভাবে মূল্যায়নের ফলে অনেক শিক্ষার্থী প্রত্যাশিত ফল অর্জন করতে পারেনি। এসব শিক্ষার্থীর খাতা পুনর্মূল্যায়ন এবং সম্পূরক পরীক্ষার আয়োজন করা হচ্ছে। সরকারের লক্ষ্য আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে এসব পরীক্ষার ফল প্রকাশ করা। এরপর বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি কার্যক্রম শুরু হবে। পুনর্মূল্যায়ন ও সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাও ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।

ভর্তি পরীক্ষার সময়সূচি নির্ধারণের ক্ষেত্রে পবিত্র রমজান মাসকে বিবেচনায় রাখার জন্য উপাচার্যদের অনুরোধ করা হয়েছে। ইতোমধ্যে যেসব বিশ্ববিদ্যালয় পরীক্ষার তারিখ ঘোষণা করেছে, তাদেরও জাতীয় স্বার্থ ও শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনায় নিয়ে সময়সূচি পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়েছে। পরীক্ষার তারিখে সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি না হয়, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে। ইউজিসি নিশ্চিত করতে চায় যে শিক্ষার্থীরা একাধিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নিতে সক্ষম হবেন।

ভর্তি পরীক্ষা পিছিয়ে গেলেও বিশ্ববিদ্যালয়গুলোর নিয়মিত একাডেমিক কার্যক্রম যেন ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপাচার্যদের অনুরোধ জানানো হয়েছে। এই ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলোকে সহযোগিতা করবে ইউজিসি।

এছাড়া ভর্তি কার্যক্রমে সমন্বয় নিশ্চিত করার জন্য একটি কেন্দ্রীয় সমন্বয় কমিটি গঠনের প্রস্তাব সভায় আলোচনা করা হয়েছে। প্রস্তাবিত কমিটিতে ইউজিসি, শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা অন্তর্ভুক্ত থাকবেন। কমিটি সারা বছর বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষার কার্যক্রম ও সময়সূচি সমন্বয়ের বিষয়ে কাজ করবে।

ভর্তি পরীক্ষার প্রশ্নপদ্ধতি নিয়েও সভায় আলোচনা হয়েছে। চলতি বছর গত বছরের মতো এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে আগামী শিক্ষাবর্ষ থেকে এমসিকিউর পাশাপাশি বিষয়ভিত্তিক ও বিশ্লেষণধর্মী প্রশ্নের মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষতা, বিশ্লেষণী ক্ষমতা ও সমস্যা সমাধানের যোগ্যতা যাচাই করা যায় কি না, তা নিয়ে আলোচনা হয়েছে। বিশ্ববিদ্যালয়গুলোর মতামত ও প্রস্তুতি বিবেচনায় নিয়ে এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতা নির্ধারণের ক্ষেত্রে জিপিএর বিষয়টি যথাযথভাবে বিবেচনার জন্যও উপাচার্যদের অনুরোধ জানানো হয়েছে। এ বছর এইচএসসিতে উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা এবং উচ্চশিক্ষায় বিদ্যমান আসনসংখ্যা বিবেচনায় নিয়ে ভর্তি কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

ইউজিসি চেয়ারম্যান জানান, দেশে বর্তমানে পাবলিক ও বেসরকারি মিলিয়ে প্রায় ১৮০টি বিশ্ববিদ্যালয় রয়েছে। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে প্রথম বর্ষে ভর্তির জন্য আসন রয়েছে প্রায় ৬৩ হাজার। জাতীয় বিশ্ববিদ্যালয়, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় ও অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আসন রয়েছে ১০ লাখের বেশি। পাশাপাশি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে আসন রয়েছে চার লাখের বেশি।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়গুলোর স্বায়ত্তশাসন ও নিজস্ব আইনগত ক্ষমতার প্রতি শ্রদ্ধা রেখেই ভর্তি কার্যক্রমে সমন্বয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়গুলো নিজ নিজ আইন ও বিধিবিধান অনুযায়ী ভর্তি কার্যক্রম পরিচালনা করবে। ইউজিসি এ ক্ষেত্রে সহযোগিতা ও সমন্বয়ের ভূমিকা পালন করবে; কোনো সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়গুলোর ওপর চাপিয়ে দেওয়া হবে না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শ্রমিক প্রতিনিধিরা পোশাক শ্রমিকদের জন্য ৩২ হাজার টাকা মজুরির প্রস্তাব জমা দিয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৩৮ পি.এম


শ্রমিক প্রতিনিধিরা পোশাক শ্রমিকদের জন্য ৩২ হাজার টাকা মজুরির প্রস্তাব জমা দিয়েছে

পোশাক শ্রমিকদের জন্য সর্বনিম্ন মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব শ্রমিক প্রতিনিধিরা নিম্নতম মজুরি বোর্ডের কাছে জমা দিয়েছেন।

সোমবার (৯ নভেম্বর) শ্রমিকপক্ষ এই প্রস্তাবটি নিম্নতম মজুরি বোর্ডের সভায় উপস্থাপন করে।

বৈঠক শেষে বোর্ডের সদস্যরা এই তথ্য প্রকাশ করেন।

নিম্নতম মজুরি বোর্ড সোমবার দ্বিতীয় দফার বৈঠক করে তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণের জন্য। রাজধানীর সেগুনবাগিচায় বোর্ডের সভাকক্ষে বেলা ১১টায় এই বৈঠক শুরু হয়।

সভায় শ্রমিকপক্ষের প্রতিনিধিরা তাদের প্রস্তাবিত মজুরি কাঠামো উপস্থাপন করেন। প্রস্তাবটি নিয়ে বিস্তারিত আলোচনা ও পর্যালোচনা করে পরবর্তী করণীয় এবং মজুরি প্রস্তাব আরও উন্নত করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে, গত ৪ নভেম্বর নিম্নতম মজুরি বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছিল। সভায় শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিরা ডিসেম্বরে নতুন মজুরি কার্যকর করার বিষয়ে একমত হন। তাদের সুপারিশ অনুমোদিত হলে আগামী জানুয়ারি থেকে পোশাকশ্রমিকরা নতুন কাঠামো অনুযায়ী মজুরি পাবেন।

সভায় শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিদের নিজ নিজ প্রস্তাবিত মজুরি কাঠামো প্রস্তুত করে পরবর্তী সভায় জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে নতুন মজুরি নির্ধারণের প্রক্রিয়া দ্রুত এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা করা হয়।

গত ১ নভেম্বর তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণের জন্য সরকার ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করে। বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী।

বোর্ডের অন্যান্য সদস্যরা হলেন মালিকপক্ষের প্রতিনিধি বিজিএমইএর পরিচালক এ বি এম শামছুদ্দিন এবং বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব। শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন এবং বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের (বিজিআইডাব্লিউএফ) সাধারণ সম্পাদক বাবুল আখতার। বোর্ডে নিরপেক্ষ সদস্য হিসেবে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোসলেহ উদ্দিন আহমদ।

বর্তমানে দেশের তৈরি পোশাকশ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা। ২০২৩ সালের ডিসেম্বরে সর্বশেষ মজুরি কাঠামোয় এই হার নির্ধারণ করা হয়েছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:০৯ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%