ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

কাউখালীতে খালের ভাঙনে বিলীনের পথে ৮০০ মিটার সড়ক, ঝুঁকিতে ৬ গ্রামের যোগাযোগ


কাউখালীতে খালের ভাঙনে বিলীনের পথে ৮০০ মিটার সড়ক, ঝুঁকিতে ৬ গ্রামের যোগাযোগ

পিরোজপুরের কাউখালী উপজেলার আমড়াজুড়ি ইউনিয়নের সন্ধ্যা নদীর পশ্চিম তীরে হরিণধারা খেয়াঘাটসংলগ্ন সড়কটি বেহাল দশায় পরিণত হয়েছে। দীর্ঘদিন সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে খালের ভাঙনে সড়কটির বড় অংশ বিলীন হয়ে যাচ্ছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন অন্তত ছয়টি গ্রামের শত শত মানুষ। জরুরি ভিত্তিতে সড়কটি সংস্কার ও খালের পাড়ে টেকসই পাইলিং করা না হলে যেকোনো সময় এলাকাটির যোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।
সরেজমিনে দেখা গেছে, হরিণধারা খেয়াঘাটের খালের পাড় থেকে পশ্চিম গোপালপুরের সংযোগ সড়কের সরদার বাড়ি ব্রিজ পর্যন্ত প্রায় ৮০০ মিটার দীর্ঘ সড়কটির অবস্থা অত্যন্ত নাজুক। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কের বিভিন্ন অংশ ভেঙে খালের পানিতে মিশে গেছে। কোথাও কোথাও সড়ক সংকীর্ণ হয়ে পড়েছে, আবার বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। ঝুঁকি নিয়ে এসব অংশ দিয়ে চলাচল করতে হচ্ছে পথচারীদের।
স্থানীয়দের আশঙ্কা, দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে খালের পাড়ের ভাঙন অব্যাহত থেকে সড়কটির অবশিষ্ট অংশও পানিতে বিলীন হয়ে যেতে পারে। এ অবস্থায় খালের পাড়ে টেকসই পাইলিং নির্মাণ এবং ক্ষতিগ্রস্ত সড়কটি দ্রুত মেরামতের দাবি জানিয়েছেন তাঁরা।
সড়কটি আমড়াজুড়ি ইউনিয়নের একটি গুরুত্বপূর্ণ যোগাযোগমাধ্যম। পশ্চিম আমড়াজুড়ি, রোঙ্গাকাঠি, গন্তব, হরিণধারা, গোপালপুর, হোগলা ও বেতকাসহ আশপাশের অন্তত আরো কয়েকটি গ্রামের মানুষ প্রতিদিন এ পথ ব্যবহার করেন। স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষক, সাধারণ পথচারী এবং বিভিন্ন পেশার মানুষকে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে।
বিশেষ করে হরিণধারা খেয়াঘাটে পৌঁছে সন্ধ্যা নদী পার হয়ে উপজেলা সদরে যাতায়াতের ক্ষেত্রে সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সড়কটি আরও ক্ষতিগ্রস্ত হলে শিক্ষার্থী, কর্মজীবী মানুষ ও সাধারণ যাত্রীদের যাতায়াতে চরম ভোগান্তি দেখা দিতে পারে।
স্থানীয় বাসিন্দা মোঃ হিরন, রতন, সাথী ইসলাম ও সাবেক ইউপি সদস্য রনজিত বাউয়ালী বলেন, এই রাস্তাটি আমাদের পুরো এলাকার মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ পথ দিয়ে সহজেই উপজেলা সদরে যাতায়াত করা যায়। কিন্তু রাস্তাটি যেভাবে খালের গর্ভে বিলীন হচ্ছে, তাতে দ্রুত মেরামত ও পাইলিংয়ের কাজ শুরু করা জরুরি। সময়মতো ব্যবস্থা না নিলে কয়েকটি গ্রামের মানুষের যোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে।
এ বিষয়ে আমড়াজুড়ি ইউনিয়ন পরিষদের নবনিযুক্ত প্রশাসক ও উপজেলা আইসিটি কর্মকর্তা মেহেদী হাসান বলেন, আমি সবেমাত্র এই ইউনিয়নের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছি। ইউনিয়নের জরাজীর্ণ ও ক্ষতিগ্রস্ত বিভিন্ন রাস্তাঘাটের খোঁজখবর নেওয়া শুরু করেছি। হরিণধারা-গোপালপুর সড়কটির সমস্যা খতিয়ে দেখে দ্রুত সময়োপযোগী ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আফগানিস্তানের বিপক্ষে টস জিতে বাংলাদেশ প্রথমে ব্যাটিং

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:০৫ পি.এম


আফগানিস্তানের বিপক্ষে টস জিতে বাংলাদেশ প্রথমে ব্যাটিং

ঢাকা, ৯ অক্টোবর ২০২৬ : আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে সফরকারী বাংলাদেশ দল, যা আবু ধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে।

বাংলাদেশ দল তিনজন স্পিনার নিয়ে তাদের একাদশ সাজিয়েছে, যার মধ্যে নাঈম হাসান অন্যতম। অন্যান্য দুই স্পিনার হলেন মেহেদি হাসান মিরাজ এবং তাইজুল ইসলাম। পেস বিভাগে নেতৃত্ব দেবেন হাসান মাহমুদ ও ইবাদত হোসেন।

অন্যদিকে, আফগানিস্তানও দুই পেসার এবং তিন স্পিনার নিয়ে তাদের একাদশ সাজিয়েছে। পেসার হিসেবে ইয়ামিন আহমাদজাই এবং মোহাম্মদ সালিম সাফি রয়েছেন। স্পিনারদের মধ্যে কাইস আহমাদ, জিয়া উর রেহমান এবং শাহিদউল্লাহ কামাল অন্তর্ভুক্ত আছেন।

বাংলাদেশের একাদশ হলো : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান, সাদমান ইসলাম, মোমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, হাসান মাহমুদ ও ইবাদত হোসেন।

আফগানিস্তানের একাদশ হলো : রহমত শাহ (অধিনায়ক), ইকরাম আলিখিল, সেদিকউল্লাহ আতাল, আব্দুল মালিক, হাশমতউল্লাহ শাহিদি, শাহিদউল্লাহ কামাল, ইসমাত আলম, কাইস আহমাদ, জিয়া উর রেহমান, মোহাম্মাদ সালিম সাফি ও ইয়ামিন আহমাদজাই।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোজতবা খামেনি ইমাম মাহদীর আগমন দ্রুততর হওয়ার প্রার্থনা করেছেন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:০৬ পি.এম


মোজতবা খামেনি ইমাম মাহদীর আগমন দ্রুততর হওয়ার প্রার্থনা করেছেন

ইরানের সর্বোচ্চ নেতা ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক আয়াতুল্লাহ মোজতবা খামেনি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রেক্ষাপটে দেশের জাতীয় নিরাপত্তা রক্ষায় পুলিশ বাহিনীর আত্মত্যাগ ও ভূমিকার প্রশংসা করেছেন। তিনি একইসাথে ইমাম মাহদীর আবির্ভাব দ্রুততর হওয়ার জন্য প্রার্থনা করেছেন।

শুক্রবার (৯ অক্টোবর) ইরানের সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়। জাতীয় পুলিশ সপ্তাহ উপলক্ষে দেওয়া এক বার্তায় মোজতবা খামেনি এসব মন্তব্য করেন।

বার্তায় তিনি উল্লেখ করেন, "নিরাপত্তা মহান আল্লাহর অন্যতম গুরুত্বপূর্ণ নেয়ামত।" ইরানের বড় শহর থেকে শুরু করে প্রত্যন্ত গ্রাম ও সীমান্ত এলাকা পর্যন্ত নিরাপত্তা বজায় রাখতে পুলিশ বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাঁদের নিষ্ঠা, সাহস ও আত্মত্যাগ দেশের নিরাপত্তা রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

মোজতবা খামেনি, ইরানের বিরুদ্ধে চাপিয়ে দেওয়া দ্বিতীয় ও তৃতীয় যুদ্ধের সময় পুলিশ বাহিনীর ভূমিকা তুলে ধরেন। তাঁর ভাষ্যমতে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি পক্ষ পুলিশ বাহিনীর শীর্ষ পর্যায়ের কর্মকর্তা থেকে শুরু করে সামনের সারির সদস্যদের ওপর বারবার হামলার চেষ্টা করেছে। তবে এসব হামলার পরেও পুলিশ সদস্যরা দায়িত্ব পালনে অবিচল ছিলেন।

তিনি পুলিশের প্রতি জনগণের আস্থা আরও দৃঢ় করার ওপর জোর দেন। দায়িত্ব পালনের ক্ষেত্রে সদস্যদের এমন আচরণ করতে হবে, যাতে মানুষের বিশ্বাস ও সমর্থন আরও বাড়ে বলেও তিনি উল্লেখ করেন।

পুলিশ বাহিনীর সক্ষমতা বাড়াতে জনবল, সরঞ্জাম ও প্রযুক্তিগত ব্যবস্থার উন্নয়নের আহ্বান জানান মোজতবা খামেনি। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তাসহ আধুনিক প্রযুক্তির পরিকল্পিত ব্যবহারের ওপর গুরুত্ব দেন তিনি। তাঁর মতে, এসব উদ্যোগ পুলিশের দায়িত্ব পালনের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি কাজকে আরও কার্যকর করতে পারে।

বার্তার শেষাংশে পুলিশ বাহিনীর প্রধান কমান্ডারসহ সব সদস্যের নিষ্ঠা ও দায়িত্বশীলতার জন্য কৃতজ্ঞতা জানান ইরানের সর্বোচ্চ নেতা। তিনি আশা প্রকাশ করেন, ইমাম মাহদীর দোয়া ও বরকতে ইরানের নিরাপত্তা, শক্তি ও মর্যাদা আরও বাড়বে। তথ্যসূত্র: তাসনিম নিউজ এজেন্সি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লক্ষ্মীপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৯১৭ জন আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:০৬ পি.এম


লক্ষ্মীপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৯১৭ জন আটক

লক্ষ্মীপুর, ৯ অক্টোবর, ২০২৬ : লক্ষ্মীপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত পাঁচ ঘণ্টার অভিযানে জেলার ছয় থানার এলাকা থেকে ১২৯ জনকে আটক করেছে পুলিশ। এভাবে গত ছয় দিনে আটকের মোট সংখ্যা ৯১৭ জনে পৌঁছেছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার আটক হওয়া ব্যক্তিদের মধ্যে যাচাই-বাছাই শেষে ৭৯ জনকে পরিবারের জিম্মায় মুক্তি দেওয়া হয়েছে। অন্যদিকে, ৫০ জনকে বিভিন্ন মামলায় গ্রেফতার দেখিয়ে আজ শুক্রবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এই অভিযান ৩০ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা থেকে শুরু হয়। লক্ষ্মীপুর সদর, চন্দ্রগঞ্জ, রায়পুর, রামগঞ্জ, রামগতি ও কমলনগর থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালিত হচ্ছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ জানান, কিশোরদের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়া রোধ করার লক্ষ্যে নিয়মিতভাবে কিশোর গ্যাংবিরোধী অভিযান পরিচালিত হচ্ছে।

আটকদের তথ্য যাচাই-বাছাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। কিশোর অপরাধ প্রতিরোধে জেলা পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।

পুলিশ সুপার আবু তারেক বাসসকে জানান, ৩০ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া অভিযানে এখন পর্যন্ত ৯১৭ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে যাচাই-বাছাই শেষে ২৮৭ জনকে বিভিন্ন মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্যদের অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, কিশোর গ্যাংয়ের পেছনে থাকা আশ্রয়দাতাদের শনাক্ত করার চেষ্টা চলছে এবং তাদেরও দ্রুত আইনের আওতায় আনা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তিন ছাত্রদল নেতা-কর্মী ও হলসংসদ নেতার ছাত্রত্ব সাময়িক বাতিল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:০৭ পি.এম


রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তিন ছাত্রদল নেতা-কর্মী ও হলসংসদ নেতার ছাত্রত্ব সাময়িক বাতিল

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত শাখা ছাত্রদলের তিন নেতা-কর্মী এবং হল সংসদের জিএসের ছাত্রত্ব সাময়িকভাবে বাতিলের সুপারিশ করেছে তদন্ত কমিটি। উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম আজ শুক্রবার (৯ অক্টোবর) সকালে সাংবাদিকদের সামনে এই তথ্য জানান।

তিনি উল্লেখ করেন, গত ৪ অক্টোবর রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলে ঘটনার সাথে জড়িতদের চিহ্নিতকরণ এবং দোষীদের শাস্তির জন্য ৫ (পাঁচ) সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। প্রশাসনের গঠিত তদন্ত কমিটির সদস্যরা সর্বসম্মতিক্রমে একটি লিখিত প্রতিবেদন গতকাল মধ্যরাতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে জমা দিয়েছেন।

তদন্ত কমিটির চূড়ান্ত সুপারিশ সম্পর্কে উপাচার্য বলেন, সব ধরনের তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে অপরাধের প্রকৃতি ও মাত্রা বিবেচনায় আহসান হাবীব (সহসভাপতি, রাবি ছাত্রদল), বিশাল চক্রবর্তী (রাবি ছাত্রদল কর্মী), হাসিবুল হাসান (যুগ্ম সাধারণ সম্পাদক, রাবি ছাত্রদল) এবং আরিফুল ইসলামের (জিএস, জিয়া হল সংসদ) ছাত্রত্ব সাময়িকভাবে বাতিলের সুপারিশ করা হয়েছে।

তিনি আরও জানান, রাকসুর সহসাংকৃতিক সম্পাদক রাকিবুল ইসলাম, রাবি শাখা ছাত্রদলের সহসভাপতি তাকবীর আহমেদ ইমন, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ সাজহারুল ইসলাম এবং ছাত্রদল কর্মী তানিম রহমানের বিরুদ্ধে থাকা অভিযোগ ও বিভিন্ন ধরনের প্রমাণাদি অধিকতর তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে।

এছাড়া, শাখা ছাত্রদলের সহসভাপতি বুলবুল রহমান, সহসভাপতি শরীফুল ইসলাম এবং সহদপ্তর সম্পাদক শাহরিয়ার আলমকে সতর্ক করার জন্য তদন্ত কমিটি সুপারিশ করেছে।

প্রসঙ্গত, গত ৪ অক্টোবর রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের সামনে পেশাগত দায়িত্ব পালনকালে কয়েকজন সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটে। এতে চার সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হন। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। পরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় শেষে উপাচার্য অধ্যাপক ড. ফরিদুল ইসলাম কমিটিকে ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%