শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৪:৪৫ পি.এম
ছোটপর্দার সীমানা অতিক্রম করে বড়পর্দায় নিজের অবস্থান প্রতিষ্ঠা করা সহজ ছিল না, তবে টালিউডের জনপ্রিয় অভিনেত্রী ইধিকা পাল নিজগুণে সেই স্থানটি তৈরি করেছেন। দেবের সঙ্গে একাধিক সিনেমায় জুটি বেঁধে তিনি ইতোমধ্যে সিনেমাপ্রেমী দর্শকদের দৃষ্টি আকর্ষণ করেছেন।
এখন শোনা যাচ্ছে, টালিপাড়ার আরেকজন প্রথম সারির নায়কের সঙ্গে একটি ছবিতে দেখা যাবে এই অভিনেত্রীকে। জানা গেছে, দেবের পর এবার জিতের নায়িকা হিসেবে ইধিকা পালকে দেখা যাবে।
গণমাধ্যমের সূত্রমতে, পরিচালক পথিকৃৎ বসুর আসন্ন সিনেমায় জিতের বিপরীতে অভিনয় করবেন ইধিকা পাল। সিনেমাটি এসকে মুভিজের প্রযোজনায় নির্মিত হবে বলে জানা গেছে।
তবে এই সিনেমার বিষয়ে এখন পর্যন্ত প্রযোজনা সংস্থার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। অভিনেতা জিৎ কিংবা ইধিকাও এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।
উল্লেখ্য, অভিনেতা দেবের সঙ্গে ইধিকার জুটি ইতোমধ্যে দর্শকদের নজর কেড়েছে। একের পর এক সিনেমায় পাগলুখ্যাত অভিনেতার বিপরীতে তাকে দেখা গেছে। সেই সিনেমাগুলোর সাফল্যের পর টালিপাড়ায় ইধিকা পালের চাহিদা বেড়ে গেছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই।
সম্প্রতি নির্মাতা সৃজিত মুখোপাধ্যায়ের সিনেমা ‘কুইন ভিক্টোরিয়া ও গোয়েন্দা কানাইচরণ’-এর শুটিং শেষ করেছেন ইধিকা পাল। সেখানে যিশু সেনগুপ্তের সঙ্গে একফ্রেমে দেখা যাবে এই অভিনেত্রীকে। নতুন সিনেমার সবকিছু এখন আলোচনা পর্যায়ে রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চট্টগ্রামের মিরসরাইয়ে সাগরপথে পাচারের সময় বাংলাদেশ কোস্ট গার্ড ৯৭৫ বস্তা ইউরিয়া সার জব্দ করেছে। এই ঘটনায় চারটি ট্রাক, একটি মাছ ধরার ট্রলার এবং তিন শ্রমিককে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের উপকূলীয় ইছাখালী খালের ১৬ গেট এলাকায় অভিযান পরিচালনা করে এসব সার জব্দ করা হয়।
কোস্ট গার্ডের তথ্য অনুযায়ী, চট্টগ্রামের মাঝিরঘাট থেকে ১ হাজার ১০০ বস্তা ইউরিয়া সার হাতিয়ায় নেওয়ার উদ্দেশ্যে সাগরপথে পাচারের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় ৯৭৫ বস্তা সারসহ একটি মাছ ধরার ট্রলার এবং চারটি ট্রাক জব্দ করা হয়। অভিযানে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মূল চক্রের সদস্যরা ১২৫ বস্তা সার নিয়ে একটি ট্রলারে পালিয়ে যায়।
পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীরুল কাদের চৌধুরী ঘটনাস্থলে গিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করেন। আটক তিন শ্রমিককে অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে জব্দ করা সার স্পট নিলামের মাধ্যমে বিক্রি করা হয়েছে। জব্দ ট্রলারটি বর্তমানে কোস্ট গার্ডের হেফাজতে রয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীরুল কাদের চৌধুরী বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে ৯৭৫ বস্তা সার, ১টি ফিশিং বোর্ট, ৪টি ট্রাক এবং ৩ জন শ্রমিককে আটক করি। এরপর মোবাইলকোর্টের মাধ্যমে আটককৃত ৩ জনকে অর্থদণ্ড প্রদান করি এবং জব্দকৃত সার নিলামের মাধ্যমে বিক্রির ব্যবস্থা করি। জব্দকৃত ট্রলার কোস্ট গার্ড হেফাজতে রয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।’
মিরসরাই কোস্ট গার্ডের পিওআর মোহাম্মদ রবিউল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইউরিয়া সার, একটি মাছ ধরার ট্রলার, চারটি ট্রাক ও চার শ্রমিককে আটক করা হয়েছে। সাগরপথে অবৈধ চোরাচালান প্রতিরোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চাঁপাইনবাবগঞ্জে মাদকের কুফল সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং মাদকবিরোধী সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে মাদকবিরোধী লিফলেট বিতরণ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ১টা ৪৫ মিনিটে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানাধীন আতাহার কেন্দ্রীয় জামে মসজিদ এলাকায় জুমার নামাজ শেষে স্থানীয় মুসল্লি ও সাধারণ জনগণের মধ্যে এসব লিফলেট বিতরণ করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে মাদকের ক্ষতিকর প্রভাব, মাদকাসক্তির কারণে ব্যক্তি, পরিবার ও সমাজে সৃষ্ট বিভিন্ন সমস্যা সম্পর্কে জনগণকে সচেতন করা হয়।
এ সময় মাদক ব্যবসা ও মাদকদ্রব্যের বিস্তার রোধে স্থানীয় জনগণকে সচেতন হওয়ার পাশাপাশি মাদকবিরোধী সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়।
কর্মসূচিতে উপস্থিত স্থানীয় জনগণ মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তোলা এবং মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠায় সহযোগিতা করার অঙ্গীকার করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নোয়াখালীর সুবর্ণচরে মাদরাসাছাত্র মো. নাঈম (১৪) কে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে তার বাবা মো. ইব্রাহীম খলিলকে গ্রেপ্তার করেছে চর জব্বর থানার পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে চরজুবলী ইউনিয়নের মধ্য বাগ্যা গ্রামের একটি ধানখেতের পাশে নাঈমের মরদেহ উদ্ধার করা হয়।
গ্রেপ্তার হওয়া ইব্রাহীম খলিল চর জঙ্গালিয়া গ্রামের তোফাজ্জল হকের ছেলে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে, নিহতের মা ফাতেমা আক্তার সুমি ইব্রাহীমকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
নাঈমের নানা এবায়েদ উল্যাহ জানান, ‘সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে নাঈম আমার বসতঘরে ঘুমিয়ে ছিল। ভোরে ফজরের নামাজের সময় আমি ঘুম থেকে উঠে দেখি, ঘরের দরজা খোলা এবং সে শয়নকক্ষে নেই। পরে সকাল ৭টার দিকে সার আনতে যাওয়ার পথে বাড়ি থেকে প্রায় ১০০ গজ দূরে ধানক্ষেতের পাশে রাস্তার ওপর নাঈমের মরদেহ পড়ে থাকতে দেখি।’
নিহতের পরিবারের সদস্যরা জানায়, প্রায় তিন বছর আগে নাঈমের মা-বাবার বিচ্ছেদ ঘটে। এরপর নাঈম নানাবাড়িতে থেকে চরজব্বর ইউনিয়নের দারুল উলুম মাদানী নগর মাদরাসার নাজেরা বিভাগে পড়াশোনা করত। সোমবার রাতের খাবার খেয়ে নানার বসতঘরেই ঘুমিয়ে ছিল নাঈম। মঙ্গলবার সকালে বাড়ি থেকে প্রায় ১০০ গজ দূরে ধানক্ষেতের পাশে তার মরদেহ পাওয়া যায়। ২০-২৫ দিন আগে নাঈমের মা সুমি আক্তার দ্বিতীয় বিয়ে করেন। এরপর থেকে নাঈমের বাবা ইব্রাহীম সাবেক স্ত্রী সুমির ওপর ক্ষুব্ধ হয়ে ওঠেন। তিনি বিভিন্নভাবে হুমকি-ধমকি দিয়ে আসছিলেন। সুমির বিয়ের কারণে নাঈমকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।
তারা আরো জানান, ইব্রাহীম বলেছিলেন, ছেলের আয়-রোজগার খেয়ে কিভাবে মা খায়, তা দেখে নেওয়ার হুমকিও তিনি দিয়েছিলেন। ঘটনার পরপরই নাঈমের মা সুমি তার সাবেক স্বামী ইব্রাহীমকে সন্দেহ করেন।
ইব্রাহীম খলিলকে একাধিকবার কল করা হলেও তিনি ফোন ধরেননি। পরে তিনি নিজে কল করলে ছেলের মৃত্যুর খবর তাকে জানানো হয়।
নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার আহমেদ পেয়ার বলেন, ‘বৃহস্পতিবার অভিযুক্ত বাবাকে আটক করা হয়। পরে থানায় জিজ্ঞাসাবাদের একপর্যায়ে ছেলের হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেন। শুক্রবার বিকেলে তাকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। পরবর্তীতে হত্যাকাণ্ডের কারণ জানানো হবে।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
অভিনেতা মুশতাক খানের মৃত্যুর মাত্র কয়েক ঘণ্টা আগে হাসপাতালে দেখা করেছিলেন অভিনেতা রাজপাল যাদব। বৃহস্পতিবার দুপুরের সেই সাক্ষাতের স্মৃতি এখনো রাজপালের কাছে বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না। কারণ, সাক্ষাতের কিছু সময় পরই প্রিয় সহকর্মী মুশতাক না ফেরার দেশে চলে যান।
২৪ সেপ্টেম্বর, বৃহস্পতিবার মুশতাকের সঙ্গে হাসপাতালে সাক্ষাতের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন রাজপাল। ভিডিওতে দেখা যায়, হাসপাতালে শয্যায় শুয়ে থাকা মুশতাকের হাত ধরে রয়েছেন রাজপাল। ভিডিওটির সঙ্গে তিনি আবেগঘন একটি বার্তাও লিখেছেন।
রাজপাল উল্লেখ করেন, “আজ (বৃহস্পতিবার) দুপুরে মুশতাক ভাইয়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। উনার সঙ্গে কথা বলেছি। উনি আমাকে দেখেছেন, এমনকি আমার সঙ্গে হাতও মিলিয়েছেন।”
সাক্ষাতের স্মৃতি স্মরণ করে তিনি আরো বলেন, “আমরা যা কিছু বলছিলাম, উনি সব শুনছিলেন। আমাদের কথোপকথনে সাড়া দিচ্ছিলেন। মাত্র দু’ঘণ্টা আগে যার সঙ্গে দেখা করলাম এবং হাত মেলালাম, সেই মানুষটা আর আমাদের মধ্যে নেই— এটা এখনো বিশ্বাস করতে পারছি না।”
মুশতাকের মৃত্যুর পর শ্রদ্ধা জানিয়ে রাজপাল লেখেন, “আমরা সবাই পরমেশ্বরের ইচ্ছার কাছে মাথা নত করি। মুশতাক ভাই জনপ্রিয় একজন মানুষ ছিলেন, আছেন এবং চিরকাল প্রিয় অভিনেতা হয়ে থাকবেন। অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আমার শ্রদ্ধা জানাই।”
পরে, হাসপাতালের সেই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরিয়ে দেন রাজপাল। এর পরিবর্তে মুশতাকের একটি ছবি পোস্ট করে তাকে শ্রদ্ধা জানান। তবে এর মধ্যে এক নেটাগরিক রাজপালের সেই ভিডিওটি পুনরায় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন।
৫৬ বছর বয়সে মুশতাক খান মারা যান। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন এই অভিনেতা। তার ব্যবসায়িক সহযোগী শিবম জানিয়েছেন, ক্যানসারের কারণেই মুশতাকের মৃত্যু হয়েছে। গত ১৫ দিন ধরে মুম্বাইয়ের একটি হাসপাতালে তিনি চিকিৎসাধীন ছিলেন।
‘ওয়েলকাম’, ‘গদর : এক প্রেম কথা’, ‘হেরা ফেরি’, ‘স্ত্রী’, ‘গদর ২’সহ অসংখ্য জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন মুশতাক। ছোট চরিত্রেও নিজের অভিনয় ও কৌতুকবোধ দিয়ে দর্শকের মনে জায়গা করে নেওয়া এই অভিনেতার মৃত্যুতে শোক নেমে এসেছে বলিউডে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ