ঢাকা বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ইং ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

দিরাই ৫নং সরমঙ্গল ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন প্রত্যাশী বিএনপি নেতা নাছির উদ্দীন


দিরাই ৫নং সরমঙ্গল ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন প্রত্যাশী বিএনপি নেতা নাছির উদ্দীন

সুনামগঞ্জের দিরাই উপজেলার ৫নং সরমঙ্গল ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন নিয়ে চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান সরমঙ্গল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ নাছির উদ্দীন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তিনি দলীয় সমর্থন প্রত্যাশা করছেন।

মোঃ নাছির উদ্দীন বলেন, বিগত ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকারের শাসনামলে বিএনপির রাজনীতি করতে গিয়ে তিনি বিভিন্ন মামলা ও হামলার শিকার হয়েছেন। দীর্ঘদিন ধরে দলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে সাংগঠনিক কার্যক্রমে ভূমিকা পালন করে আসছেন।

তিনি আরও বলেন, আমি সরমঙ্গল ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করে ইউনিয়নের সাধারণ মানুষের সেবা করতে চাই। আমার বিশ্বাস, দল আমাকে দলীয় সমর্থন দেবে।

আরও পড়ুন: দায়িত্ব নেয়ার ১০ দিনেই ফেনী থেকে বদলি হলেন এসপি হাবীবুল্লাহ

তিনি বলেন, ইউনিয়নবাসী যদি তাঁদের মূল্যবান ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেন, তাহলে আগামী পাঁচ বছর সততা ও নিষ্ঠার সঙ্গে তাঁদের সেবা করে যাব। বিশেষ করে ইউনিয়নের শিক্ষাব্যবস্থার উন্নয়ন, রাস্তাঘাটের সংস্কার ও যোগাযোগব্যবস্থার উন্নয়নসহ এলাকার সার্বিক উন্নয়নে কাজ করব। ইউনিয়নের মানুষের সুখে-দুঃখে সবসময় পাশে থাকার চেষ্টা করব।

তিনি আরও জানান, সরমঙ্গল ইউনিয়নকে একটি উন্নত ও জনকল্যাণমুখী ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে এলাকাবাসীর সহযোগিতা ও দোয়া কামনা করছেন।

 

আরও পড়ুন: ছিনতাই ও চাঁদাবাজি প্রতিরোধে পুলিশকে কঠোর নির্দেশ সিএমপি কমিশনারের

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দায়িত্ব নেয়ার ১০ দিনেই ফেনী থেকে বদলি হলেন এসপি হাবীবুল্লাহ

আন্তর্জাতিক ডেস্ক

ফেনী প্রতিনিধি

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:০৭ পি.এম


দায়িত্ব নেয়ার ১০ দিনেই ফেনী থেকে বদলি হলেন এসপি হাবীবুল্লাহ

ফেনীতে দায়িত্ব নেয়ার মাত্র ১০ দিনের ব্যবধানে বদলি হলেন পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ। তাকে খাগড়াছড়িতে সংযুক্ত করেছে সরকার।
বুধবার (২৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ বদলি করা হয়। প্রজ্ঞাপনে সই করেন উপসচিব তৌছিফ আহমেদ।

প্রজ্ঞাপনে বলা হয়, ফেনীর পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকে ৬ এপিবিএন খাগড়াছড়ির মহালছড়িতে ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

এর আগে, গত ১৫ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে গোপালগঞ্জ থেকে মো. হাবীবুল্লাহকে ফেনীর পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছিল। আর ফেনীর পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারকে গোপালগঞ্জের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

গত বেশ কিছুদিন ধরে গোপালগঞ্জে থানা পুড়িয়ে দেওয়াসহ আইনশৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে। সেখানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর বিক্ষোভ মিছিল ও সমাবেশ চলছে। কয়েকদিন ধরেই জেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী জেলার আইনশৃঙ্খলা রক্ষায় মোতায়েন রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ধামরাইয়ে এসএসসির ফরম পূরণে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:১২ পি.এম


ধামরাইয়ে এসএসসির ফরম পূরণে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ

ঢাকার ধামরাই উপজেলার মাধ্যমিক বিদ্যালয়গুলোতে আসন্ন এসএসসি পরীক্ষার ফরম পূরণে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। সরকার ও শিক্ষা বোর্ডের নির্ধারিত ফি উপেক্ষা করে এই অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে বলে জানা গেছে। অভিযোগ রয়েছে, বিভিন্ন খাতের নাম দেখিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে ৫ হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে। এই পরিস্থিতিতে সাধারণ ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারের অভিভাবকরা বিপাকে পড়েছেন।

সরেজমিনে খোঁজ নিয়ে দেখা গেছে, ঐতিহ্যবাহী ধামরাই হার্ডিঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়, কালামপুর আমাতন নেসা বালিকা উচ্চ বিদ্যালয়, ভালুম আতাউর রহমান খান স্কুল, আলহাজ জামাল উদ্দিন আদর্শ উচ্চ বিদ্যালয়, আব্দুস সুবহান মডেল হাই স্কুল, সূয়াপুর নান্নার স্কুল এন্ড কলেজ, ধামরাই গালর্স হাই স্কুলসহ উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়ে ফরম পূরণের জন্য ৫ হাজার বা এর অধিক অর্থ আদায় করা হচ্ছে। কিন্ডারগার্টেন স্কুলগুলোতে ১০ থেকে ১২ হাজার টাকাও নেয়া হচ্ছে। সন্তানের পরীক্ষায় অংশগ্রহণের বিষয়টি বিবেচনায় নিয়ে অনেক অভিভাবক বাধ্য হয়ে এসব টাকা পরিশোধ করছেন।

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের নির্ধারিত ফি অনুযায়ী, বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের কেন্দ্র ফি ৫১৫ টাকা ও বোর্ড ফি ১ হাজার ৯২০ টাকা, মোট ২ হাজার ৪৩৫ টাকা। মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের কেন্দ্র ফি ৪৮৫ টাকা এবং বোর্ড ফি ১ হাজার ৮৩০ টাকা, মোট ২ হাজার ৩১৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

তবে অভিযোগ রয়েছে, বোর্ড নির্ধারিত ফির বাইরে কোচিং ফি বাবদ ২ হাজার টাকা, উন্নয়ন ফি বাবদ ৬০০ টাকা এবং অনলাইন ও কম্পিউটার-সংক্রান্ত কাজের অজুহাতে ২০০ টাকাসহ বিভিন্ন খাত দেখিয়ে অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে। ফলে বিভাগভেদে নির্ধারিত ফির চেয়ে কয়েক হাজার টাকা বেশি দিতে হচ্ছে শিক্ষার্থী বা তাদের অভিভাবকদের।

নাম প্রকাশ না করার শর্তে ধামরাই হার্ডিঞ্জ স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষার্থীর অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন, "সরকার যেখানে ফরম পূরণের ফি নির্ধারণ করে দিয়েছে, সেখানে স্কুল কর্তৃপক্ষ বিভিন্ন খাত দেখিয়ে অতিরিক্ত টাকা নিচ্ছে। টাকা না দিলে ফরম পূরণ করতে দেওয়া হচ্ছে না। সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে বাধ্য হয়ে ধারদেনা করে টাকা দিতে হচ্ছে। প্রতিবাদ করলে সন্তানের পরীক্ষার ফলাফল বা ব্যবহারিক পরীক্ষার নম্বর কমিয়ে দেওয়ার আশঙ্কা থাকায় এক প্রকার বাধ্য হয়েই এই অতিরিক্ত টাকা দিতে হয় আমাদের।"

এ বিষয়ে ধামরাই হার্ডিঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা জুলেখা বেগমের বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, "উপজেলা শিক্ষা অফিসার সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের সাথে মিটিং করে এই টাকা নির্ধারণ করে দিয়েছেন। আমরা এর বাইরে কোন অতিরিক্ত টাকা নিচ্ছি না। তবে কেউ যদি কমানোর জন্য আসেন তাদের আমারা কমিয়ে দেই।"

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রধানদের দাবি, অতিরিক্ত অর্থ আদায়ের বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের নির্দেশনা রয়েছে। কালামপুর আমাতন নেসা বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যনেজিং কমিটির সভাপতি ইন্জিনিয়ার মিজানুর রহমান বলেন, "শিক্ষকদের বেতন একেবারে সামান্য। পরীক্ষা আগে বাচ্চাদেরও পড়ালেখার মান উন্নয়ন করতে হয়। এজন্য একটু বাড়তি টাকা নেয়। আমি একজন সরকারি কর্মকর্তা ছিলাম। তাই সরকারি নির্দেশের বাহিরে কোন টাকা নিতে না করেছি। কিন্তু শিক্ষা অফিসারই বলেছে মিটিং করে ৫ হাজার ১০০ টাকা নিতে; এটা প্রধান শিক্ষিকা আমাকে জানিয়েছে।"

অভিযোগের বিষয়ে ধামরাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, "আমি যতদূর জানি বোর্ডের ফি যেটা সেটাই নেয়ার কথা। বিগত দিনেও তারা ৫ হাজার করে নিয়েছিল। এটা জানতে চাওয়াতে তারা বলেছিল যে অতিরিক্ত তিন মাস ক্লাস করানো হয়, তখন শিক্ষকরা ক্লাস করাতে চান না। তাদের বেতনের জন্য কিছু অতিরিক্ত টাকা নিয়ে থাকি বলে জানিয়েছেন। সরকারি নির্ধারিত ফির পাশাপাশি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলো উন্নয়ন ফি নিয়ে থাকে। আর সরকারি বিদ্যালয়ে তিন মাসের জন্য টাকা নেওয়া হচ্ছে, বিষয়টি সবাই অবগত।"

এদিকে ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল মামুন জানান, নির্ধারিত ফি-এর বাইরে কোনো অতিরিক্ত টাকা নেওয়ার সুযোগ নাই। অতিরিক্ত ক্লাস যারা করতে ইচ্ছুক একমাত্র তাদের কাছ থেকেই নির্ধারিত ফির বাইরে টাকা নিতে পারবেন। যারা অতিরিক্ত ক্লাস করবে না, তাদের কাছ থেকে অতিরিক্ত কোনো টাকা নেওয়ার সুযোগ নাই।

এই পরিস্থিতিতে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, অতিরিক্ত অর্থ আদায় বন্ধ এবং ইতোমধ্যে আদায় করা বাড়তি টাকা ফেরতের দাবি জানিয়েছেন ভুক্তভোগী অভিভাবক ও স্থানীয় সচেতন মহল। তাঁরা উপজেলা প্রশাসন ও শিক্ষা বোর্ডের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাষ্ট্রপতির সঙ্গে ক্লাব নটরডেমিয়ান্স বাংলাদেশ লিমিটেডের সৌজন্য সাক্ষাৎ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:১৩ পি.এম


রাষ্ট্রপতির সঙ্গে ক্লাব নটরডেমিয়ান্স বাংলাদেশ লিমিটেডের সৌজন্য সাক্ষাৎ

ঢাকা, ২৫ নভেম্বর, ২০২৬: আজ বুধবার সকালে বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ক্লাব নটরডেমিয়ান্স বাংলাদেশ লিমিটেডের একটি প্রতিনিধিদল, যা নটরডেম কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন।

প্রতিনিধিদলটি সৈয়দ আবু নাসের বখতিয়ার এর নেতৃত্বে রাষ্ট্রপতির কাছে নটরডেম কলেজের জন্য জায়গা বরাদ্দের বিষয়ে একটি আবেদন হস্তান্তর করে।

রাষ্ট্রপতির প্রেস উইংয়ের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

রাষ্ট্রপতি আবেদনটি গ্রহণ করেন এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দেন।

নটরডেম কলেজের প্রশংসা করে রাষ্ট্রপতি মন্তব্য করেন, কলেজটির পরিবেশ, শিক্ষা ব্যবস্থাপনা, ছাত্র-শিক্ষক সম্পর্ক, পাঠদান পদ্ধতি ও প্রশাসন প্রশংসনীয়। এই কারণেই কলেজটি কয়েক যুগ ধরে দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠানের মর্যাদা ধরে রাখতে সক্ষম হয়েছে, যা অন্যান্য কলেজের জন্য একটি দৃষ্টান্ত।

প্রতিনিধিদলটি ক্লাবের বিভিন্ন কার্যক্রম, লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করে। এ সময় ক্লাবের সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া ও সমাজসেবামূলক কার্যক্রম এবং আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের বৃত্তি প্রদানসহ বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগ রাষ্ট্রপতিকে জানানো হয়।

রাষ্ট্রপতি ক্লাবের কার্যক্রমের সার্বিক সাফল্য কামনা করেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিবসহ ক্লাব নটরডেমিয়ান্স বাংলাদেশ লিমিটেডের প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মজুরি নিয়ে হতাশ, শ্রমিকদের শান্ত থেকে কাজে ফেরার আহ্বান শ্রমিক মজলিসের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:১৪ পি.এম


মজুরি নিয়ে হতাশ, শ্রমিকদের শান্ত থেকে কাজে ফেরার আহ্বান শ্রমিক মজলিসের

শ্রমিক মজলিস, তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জন্য সর্বনিম্ন মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের সিদ্ধান্তে হতাশা ও উদ্বেগ প্রকাশ করেছে। সংগঠনটি মন্তব্য করেছে যে, বর্তমান বাজারদরের সঙ্গে এই মজুরি সামঞ্জস্যপূর্ণ নয়। তারা আন্দোলনরত শ্রমিকদের শান্ত থেকে কাজে ফিরে যাওয়ার জন্য আহ্বান জানিয়েছে।

মঙ্গলবার, শ্রমিক মজলিসের কেন্দ্রীয় সভাপতি প্রভাষক মুহাম্মদ আবদুল করিম এবং সেক্রেটারি জেনারেল এইচ এম এরশাদ এক যৌথ বিবৃতিতে এই আহ্বান জানান।

বিবৃতিতে উল্লেখ করা হয়, নিম্নতম মজুরি বোর্ডের চতুর্থ সভায় সর্বসম্মতিক্রমে গ্রেড-১-এ ২১ হাজার ৫০০ টাকা, গ্রেড-২-এ ২০ হাজার টাকা এবং গ্রেড-৩-এ ১৯ হাজার ২০০ টাকা মজুরি নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি, প্রয়োজন অনুযায়ী প্রতিটি গ্রেডের বিদ্যমান মজুরি অন্তত ২ হাজার টাকা সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে শ্রমিকপক্ষের প্রতিনিধিরা দাবি করেছিলেন যে, গ্রেড-৪-এর মজুরি ১৮ হাজার টাকা করা উচিত। কিন্তু মালিকপক্ষের দুই প্রতিনিধি এবং নিরপেক্ষ ও সরকারি পক্ষের দুই প্রতিনিধির ভোটে তা ১৭ হাজার টাকায় নির্ধারণ করা হয়। শ্রমিকপক্ষের দুই প্রতিনিধি এর বিপক্ষে ভোট দেন।

নেতারা আরও বলেন, বর্তমানে গ্রেড-৪-এর মজুরি ১২ হাজার ৫০০ টাকা। নতুন সিদ্ধান্তে ৪ হাজার ৫০০ টাকা বা ৩৬ শতাংশ বাড়ানো হলেও তা বর্তমান বাজারদরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তারা উল্লেখ করেন যে, শ্রমিকদের দাবি অনুযায়ী আরো ১ হাজার টাকা বাড়িয়ে ১৮ হাজার টাকা করা হলে মালিকপক্ষের ওপর বড় ধরনের চাপ তৈরি হতো না, বরং শ্রমিকদের মধ্যে স্বস্তি ফিরত।

বিবৃতিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতার সঙ্গে পোশাকশ্রমিকদের মজুরির বৈষম্যের বিষয়টিও তুলে ধরা হয়েছে। নেতারা দাবি করেন, একজন নিম্নস্তরের সরকারি কর্মচারীর বেতন যেখানে প্রায় ৩৬ হাজার টাকা, সেখানে একজন পোশাকশ্রমিকের ১৭ হাজার টাকায় পরিবার নিয়ে জীবনযাপন করা অত্যন্ত কঠিন। একই বাজার থেকে নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনেও দুই শ্রেণির মানুষের মধ্যে এমন ব্যবধান শ্রমিকদের হতাশ করেছে।

এ পরিস্থিতিতে দেশের রপ্তানি খাত ও শিল্পাঞ্চলের স্থিতিশীলতা বজায় রাখতে শ্রমিকদের ধৈর্য ধরে শান্তিপূর্ণভাবে কর্মস্থলে ফেরার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

এছাড়া, বাজারদর ও মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে বিজ্ঞানসম্মত ও স্থায়ী মজুরি কাঠামো গঠন, কারখানার মুনাফায় শ্রমিকদের ন্যায্য অংশীদারত্ব নিশ্চিত এবং শ্রম আইন যথাযথভাবে বাস্তবায়নের দাবি জানিয়েছে শ্রমিক মজলিস। শ্রমিকদের নিরাপদ আবাসন, রেশনিং ব্যবস্থা ও চিকিৎসাসেবা নিশ্চিত করে মালিক-শ্রমিকের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক জোরদারের আহ্বানও জানানো হয়েছে সংগঠনটির পক্ষ থেকে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%