০৫:০০ পি.এম
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ককটেল তৈরির সময় ঘটে যাওয়া বিস্ফোরণে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক কর্মী নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম মোহাম্মদ টমাস (৩৫) বলে জানা গেছে।
বুধবার (২৫ নভেম্বর) বিকেলে পৌনে চারটার দিকে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
নিহত মোহাম্মদ টমাস শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের বিশ্বনাথপুর লাম্বার টোলা গ্রামের মর্তুজার ছেলে। তিনি স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত ছিলেন এবং চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুলের অনুসারী হিসেবে পরিচিত ছিলেন।
আরও পড়ুন: পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধি জীবনমান উন্নয়ন ও নিরাপত্তায় গুরুত্বপূর্ণ অগ্রগতি: মাহ্ধী আমিন
ওসি মতিউর রহমান বলেন, "বোমা বা ককটেল বিস্ফোরণে একজন নিহত ও কয়েকজন আহত হয়েছে বলে জেনেছি। বিস্তারিত পরে জানাতে পারব।"
চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ জানান, বিনোদপুর ইউনিয়নে ককটেল তৈরির সময় বিস্ফোরণে টমাস নামে একজন নিহত হয়েছেন এবং তিনজন আহত হয়েছেন। আহতদের নাম ও ঠিকানা জানা যায়নি। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত রয়েছে এবং বিস্তারিত তদন্ত চলমান রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন