আঃ হামিদ, মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
০৪:৫৫ পি.এম
টাঙ্গাইলের মধুপুরে অনুমোদনহীনভাবে ইটভাটা পরিচালনা ও পরিবেশের ক্ষতিসাধনের দায়ে তিতাস ব্রিক ফিল্ডকে ৩ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্টের অভিযানে এ জরিমানা করা হয়।
বুধবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ১১টা থেকে বিকেল পর্যন্ত মধুপুর উপজেলার কুড়ালিয়া ইউনিয়নের চাপড়ি বাজার সংলগ্ন তিতাস ব্রিক ফিল্ডে এ অভিযান পরিচালনা করা হয়।
মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, অনুমোদনবিহীন ও বেআইনিভাবে ইটভাটা পরিচালনার মাধ্যমে পরিবেশের ক্ষতিসাধনের দায়ে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩-এর সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠানটিকে ৩ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পরে জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
অভিযান পরিচালনা করেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম। এ সময় আইনশৃঙ্খলা রক্ষায় এসআরবি-১৪, সিপিসি-৩, টাঙ্গাইলের সদস্য, মধুপুর থানা-পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা সহযোগিতা করেন।
অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, পরিবেশ সুরক্ষা এবং অবৈধ ইটভাটার বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পোপ ফ্রান্সিসের ব্যক্তিগত ডায়েরিতে কিছু চাঞ্চল্যকর তথ্য প্রকাশিত হয়েছে। তিনি ডায়েরিতে উল্লেখ করেছেন যে, জীবনে তিনবার শয়তানকে দেখার অভিজ্ঞতা হয়েছে তার। এমনকি তিনি ‘নরকের প্রবেশদ্বার’ দেখার কথাও উল্লেখ করেছেন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) প্রকাশিত ‘দ্য প্রাইভেট ডায়েরি অব পোপ ফ্রান্সিস’ বইয়ের ২০২১ সালের একটি লেখায় এসব তথ্য প্রকাশিত হয়েছে। সেখানে ফ্রান্সিস জানান, প্রথমবার তিনি গাড়িতে থাকাকালীন, দ্বিতীয়বার গির্জায় প্রার্থনার সময় গায়কদলের বসার জায়গায় এবং তৃতীয়বার ভ্যাটিকানের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের সময় শয়তানকে দেখেছিলেন।
একটি ঘটনার স্মৃতিচারণ করতে গিয়ে ফ্রান্সিস লিখেছেন, “তার কণ্ঠস্বরের সেই তীব্র কর্কশ আওয়াজ আমি কিছুতেই ভুলতে পারি না।” ১৯৯২ থেকে ২০২৪ সাল পর্যন্ত লেখা এই ডায়েরিতে ২০১৮ সালে চিলি সফরের সময় তার অনুশোচনার কথাও তুলে ধরেছেন। ওই সফরে ফ্রান্সিস এমন একজন বিশপকে সমর্থন দিয়েছিলেন, যার বিরুদ্ধে এক যাজকের যৌন নির্যাতনের ঘটনা ধামাচাপা দেওয়ার অভিযোগ ছিল। এই ঘটনায় তাকে ব্যাপক সমালোচনার সম্মুখীন হতে হয়।
২০২৫ সালে মৃত্যুর আগে ১২ বছর ধরে ক্যাথলিক চার্চের নেতৃত্ব দেওয়া পোপ ফ্রান্সিস পরবর্তী সময়ে ওই ঘটনার জন্য ক্ষমা চান। তিনি চিলির বিশপদের রোমে তলব করেন। সেখানে তারা সবাই পদত্যাগের প্রস্তাব দেন। ২০২১ সালের ডায়েরির একটি লেখায় ফ্রান্সিস উল্লেখ করেন, “চিলির পরিস্থিতির কারণে আমি মানসিকভাবে বিধ্বস্ত ছিলাম।” তিনি আরো লেখেন, “চিলিতে যা ঘটেছিল, তা মেনে নেওয়া আমার জন্য কঠিন ছিল। আমি ভাবতেও পারিনি, বিষয়টি এতটা গুরুতর।” শয়তানকে দেখার অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে ফ্রান্সিস বলেন, শয়তানের সেই “ভীতিকর” চোখের কথা তিনি কখনোই ভুলতে পারবেন না।
বুয়েনস আইরেসের আর্চবিশপ থাকাকালে একটি কারমেলাইট চ্যাপেলে শয়তানকে দ্বিতীয়বার দেখার অভিজ্ঞতার কথা ডায়েরিতে উল্লেখ করেছেন ফ্রান্সিস। এ প্রসঙ্গে তিনি লিখেছেন, “সে আমার দিকে জ্বলন্ত চোখে তাকিয়েছিল, আগেরবারের চেয়েও তীব্র দৃষ্টিতে। তার চোখ দুটি যেন আগুনের শিখার মতো জ্বলছিল।”
ফ্রান্সিসের দাবি, বিভিন্ন সময়ে তার যাত্রাপথে শয়তানের উপস্থিতি বাধা হয়ে দাঁড়িয়েছিল। এর মধ্যে চিলি সফরের সময়ও এমন অভিজ্ঞতা হয়েছিল। সে সময় দেশটিতে যাজকদের যৌন নির্যাতনের ঘটনা নিয়ে ব্যাপক কেলেঙ্কারি চলছিল। এ ছাড়া রোমে ফিরে আসার কয়েক দিন পর একটি বৈঠকের সময়ও তিনি শয়তানকে দেখেছিলেন বলে দাবি করেন।
এ অভিজ্ঞতার বর্ণনা দিতে গিয়ে তিনি লিখেছেন, “আমি তাকে দেখেছিলাম এবং তার কণ্ঠস্বর শুনেছিলাম। তাকে দেখে মনে হচ্ছিল, সে যেন বিজয়ী এবং সবকিছু তার নিয়ন্ত্রণে।” তবে ফ্রান্সিস আরো লিখেছেন, “প্রভু আমাকে এসব অভিজ্ঞতা থেকে মুক্ত হওয়ার সুযোগ করে দিয়েছিলেন।”
প্রয়াত পোপ ফ্রান্সিস আরও জানিয়েছেন, ২০১৮ সালের জুনে ঘুমাতে যাওয়ার প্রস্তুতি নেওয়ার সময় তিনি ‘নরকের দরজা’ দেখেছিলেন বলে দাবি করেন। তিনি লিখেছেন, “আমি কিছুক্ষণ সেদিকে তাকিয়ে ছিলাম। দৃশ্যটি আমাকে ভীষণ আতঙ্কিত করেছিল।” এ সময় আত্মরক্ষার জন্য তিনি ‘অস্ত্র’ হিসেবে জপমালা বা রোজারি হাতে তুলে নিয়েছিলেন বলেও জানান।
ডায়েরিতে তিনি আরো লেখেন, “নরকের দরজার কাছে যাওয়া বিপজ্জনক। কারণ, সেখান থেকে আগুনের শিখা বেরিয়ে এসে পুড়িয়ে দিতে পারে।” ভ্যাটিকানের ধর্মবিশ্বাসবিষয়ক দপ্তর ‘ডিকাস্টেরি ফর দ্য ডকট্রিন অব দ্য ফেইথ’-এর প্রধান এবং পোপ ফ্রান্সিসের ঘনিষ্ঠ বন্ধু কার্ডিনাল ভিক্টর ফার্নান্দেজ ডায়েরিগুলো সম্পাদনা করেছেন। ১৯৬০-এর দশকের পর এই প্রথম কোনো পোপের লেখা ব্যক্তিগত ডায়েরি জনসাধারণের জন্য প্রকাশিত হলো।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) অভিযানে ২৫০ গ্রাম গাঁজাসহ শিখা খাতুন (৩৮) নামে এক নারীকে আটক করা হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) সকাল ৮টা থেকে ৮টা ৪০ মিনিট পর্যন্ত নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের পাহাড়পুর (মমিনমোড়) গ্রাম এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
আটক শিখা খাতুন ওই এলাকার মৃত আস্তারুল ইসলামের স্ত্রী। তিনি পাহাড়পুর (মমিনমোড়) গ্রামের বাসিন্দা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জের উপপরিদর্শক (এসআই) মামুনুর রশিদ এ ঘটনায় বাদী হয়ে আটক নারীর বিরুদ্ধে নাচোল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক (ডিডি) চৌধুরী ইমরুল হাসান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
গাইবান্ধায় নতুন স্বেচ্ছাসেবীদের রক্তদানে উদ্বুদ্ধ করার লক্ষ্যে আলোচনা সভা আয়োজন করেছে বসুন্ধরা শুভসংঘ। সভায় অংশগ্রহণকারী নতুন স্বেচ্ছাসেবীরা রক্তদানের অঙ্গীকার করেন। পাশাপাশি, জরুরি প্রয়োজনে রক্তদাতাদের সঙ্গে দ্রুত যোগাযোগের জন্য তাদের নাম ও মোবাইল নম্বর সংগ্রহ করা হয়।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বসুন্ধরা শুভসংঘ গাইবান্ধা সদর উপজেলা শাখার উদ্যোগে খোলা মাঠে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের নতুন স্বেচ্ছাসেবী ও শুভসংঘের বন্ধুরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা উল্লেখ করেন, রক্তের অভাবে অনেক সময় মুমূর্ষু রোগীকে জীবনসংকটের মুখোমুখি হতে হয়। দুর্ঘটনায় আহত ব্যক্তি, অস্ত্রোপচারের রোগী, প্রসূতি মা এবং জটিল রোগে আক্রান্ত ব্যক্তিদের জরুরি প্রয়োজনে রক্তের প্রয়োজন হয়ে থাকে। এ ধরনের পরিস্থিতিতে স্বেচ্ছায় রক্তদাতাদের এগিয়ে আসা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণ সমাজ যদি সচেতন ও মানবিক হয়, তবে রক্তের অভাবে কোনো রোগী যেন চিকিৎসা থেকে বঞ্চিত না হয়।
আলোচনা সভায় রক্তদানের গুরুত্ব, উপকারিতা এবং সামাজিক দায়বদ্ধতা সম্পর্কে নতুন স্বেচ্ছাসেবীদের ধারণা দেওয়া হয়। রক্তদান নিয়ে প্রচলিত ভয় ও ভুল ধারণা দূর করার জন্য সুস্থ ও উপযুক্ত ব্যক্তিদের স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
সভায় অংশগ্রহণকারী নতুন স্বেচ্ছাসেবীরা ভবিষ্যতে নিজেদের রক্তদান এবং জরুরি প্রয়োজনে অন্যদের রক্তের ব্যবস্থা করার অঙ্গীকার করেন। এ সময় প্রত্যেকে নিজেদের যোগাযোগ নম্বর সংগঠনের বন্ধুদের কাছে জমা দেন। এর মাধ্যমে একটি স্বেচ্ছাসেবী রক্তদাতা নেটওয়ার্ক গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়, যাতে জরুরি মুহূর্তে সহজেই রক্তদাতাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়।
বসুন্ধরা শুভসংঘ গাইবান্ধা সদর উপজেলা শাখার সভাপতি মো. সামিউল বাসির বলেন, ‘রক্তদান করলে সাধারণত সুস্থ ও উপযুক্ত ব্যক্তির শরীরের কোনো ক্ষতি হয় না। শরীর নিয়মিত নতুন রক্তকণিকা তৈরি করে। তাই রক্তদানে ভয় না পেয়ে মানবিক দায়িত্ববোধ থেকে এগিয়ে আসা উচিত। আপনার দেওয়া এক ব্যাগ রক্ত একজন মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে পারে। তাই আসুন, রক্তদান করি, মানুষের পাশে দাঁড়াই।’
বসুন্ধরা শুভসংঘ গাইবান্ধা সদর উপজেলা শাখার সহসভাপতি মো. সোহাগ ইসলাম বলেন, রক্তের বিকল্প নেই। একজন মানুষের স্বেচ্ছায় দেওয়া রক্ত অন্য একজন মানুষের জীবন বাঁচাতে পারে। তাই রক্তদানের বিষয়ে সচেতনতা বাড়ানোর পাশাপাশি তরুণদের নিয়মিত রক্তদানে উৎসাহিত করতে হবে।
শাখার সাধারণ সম্পাদক মো. আশিদুল ইসলাম বলেন, তরুণরাই সমাজ পরিবর্তনের অন্যতম শক্তি। তরুণদের মধ্যে মানবিক মূল্যবোধ ও স্বেচ্ছাসেবী মনোভাব গড়ে তুলতে বসুন্ধরা শুভসংঘ কাজ করছে। রক্তদানের মতো মানবিক কার্যক্রমে তরুণদের অংশগ্রহণ বাড়লে সমাজে পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতার বন্ধন আরও দৃঢ় হবে।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন শাখার আপ্যায়ন সম্পাদক মো. আতিকুর রহমান, সদস্য মো. হাবিবুর রহমান ও মো. সাদমান হোসেন। নতুন রক্তদাতা স্বেচ্ছাসেবীদের মধ্যে ছিলেন জিহাদ মিয়া, মিজানুর রহমান, নুর আলম নেহান, আশিকুর রহমান, একরামুল ইসলাম, কবির হোসেন, শামিম মিয়া, মারুফ মিয়া, সুমন ইসলাম ও লিমন মিয়া।
সভায় বক্তারা নিয়মিত রক্তদাতা তৈরি, স্বেচ্ছাসেবীদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং জরুরি মুহূর্তে দ্রুত রক্তের ব্যবস্থা করতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বগুড়ার ‘পীস স্কুল অ্যান্ড কলেজ’-এর পরিচালনা ও পদত্যাগ সংক্রান্ত বিরোধের প্রেক্ষিতে, এক প্রতিষ্ঠাকালীন সদস্য বগুড়ার সিনিয়র চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেছেন। এই মামলা বিক্ষুব্ধ ও বঞ্চিত সদস্যের পক্ষ থেকে করা হয়েছে।
গত ১৬ নভেম্বর আদালতে মামলা দায়েরের পর বিজ্ঞ বিচারক মামলাটির তদন্তের জন্য পুলিশ তদন্তকারী সংস্থা (পিবিআই) কে নির্দেশনা প্রদান করেছেন। আদালত সূত্রে জানা গেছে, নির্দেশনার বিষয়টি ২৫ নভেম্বর পিবিআইকে পাঠানো হয়েছে।
মামলার বাদী, প্রতিষ্ঠাকালীন পরিচালক মো. শাহাদত হোসেন, বগুড়া সদর থানার ঠনঠনিয়া এলাকার বাসিন্দা এবং আলহাজ্ব জালাল উদ্দিনের ছেলে। আসামিদের মধ্যে রয়েছেন, শেরপুরের গোরতা গ্রামের মো. সোলায়মান আলীর ছেলে মো. শাহীন আলম, ধুনটের মানিক পোটল এলাকার মৃত আব্দুল বারীর ছেলে মো. ফজলুল হক এবং শিবগঞ্জ মাঝিহট্ট এলাকার মো. নুরুল হক প্রামাণিকের ছেলে মো. দেলোয়ার হোসেন।
মামলার আরজি থেকে জানা যায়, বাদীসহ আসামি ও আরও কয়েকজনের সম্মিলিত উদ্যোগ ও অর্থায়নে সাবা হাউজিং কমপ্লেক্স, জামিলনগর এলাকায় ‘পীস স্কুল অ্যান্ড কলেজ’ প্রতিষ্ঠিত ও পরিচালিত হয়ে আসছিল। বাদী শাহাদত দাবি করেছেন যে, তিনি প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক হিসেবে বিনিয়োগসহ দায়িত্ব পালন করেছেন এবং প্রতিষ্ঠানের উন্নয়ন ও আর্থিক কার্যক্রমে তার অবদান রয়েছে। ২০২৪ সালের জুলাইয়ের পর প্রতিষ্ঠানটি পুনরায় চালু হওয়ার পর আসামিরা যোগসাজশে বাদীকে বেআইনিভাবে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করেন বলে অভিযোগ করা হয়েছে।
মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, অভিযুক্তরা জামাত সংশ্লিষ্ট। তাদের অশুভ পরিকল্পনা টের পেয়ে বাদী গত ১২ অক্টোবর ২০২৬ তারিখে বগুড়া জেলা জামায়াত আমির বরাবর একটি লিখিত অভিযোগ দেন। এর পরবর্তী সময়ে, গত ৩১ অক্টোবর ২০২৬ বিকেল আনুমানিক সাড়ে ৪টার দিকে, বগুড়া সদর থানাধীন কলোনিস্থ শেখ ফরিদ এতিমখানা সংলগ্ন জেলা জামায়াত অফিস কক্ষে বাদীকে ডেকে নেওয়া হয়।
সেখানে পূর্বপরিকল্পিতভাবে একত্রিত হয়ে মানসিক হয়রানি ও মারধরের ভয়ভীতি দেখিয়ে বাদীকে জীবনের শেষ করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলে আরজিতে উল্লেখ করা হয়েছে। একপর্যায়ে, ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক পদত্যাগ সংক্রান্ত রেজুলেশন বহিতে স্বাক্ষর নেওয়া এবং ৩০০ টাকা মূল্যমানের তিনটি ফাঁকা নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর গ্রহণ করা হয়। বাদীর আশঙ্কা, এসব ফাঁকা স্ট্যাম্প ব্যবহার করে ভবিষ্যতে আর্থিক লেনদেন বা পদত্যাগ সংক্রান্ত মিথ্যা ও জাল দলিল তৈরি করা হতে পারে। পীস স্কুলের কার্যক্রমে অংশগ্রহণ এবং প্রতিষ্ঠানে প্রবেশে বাধা দেওয়ার অভিযোগও তোলা হয়েছে।
বাদীর পক্ষ থেকে দণ্ডবিধি ৩৮৩, ৩৮৪, ৩৮৫, ৫০৩, ৫০৬, ৩৪ ও ১২০বি ধারার পাশাপাশি তদন্ত সাপেক্ষে ৪৬৫, ৪৬৭, ৪৬৮ ও ৪৭১ ধারায় মামলা করা হয়েছে এবং আসামিদের বিরুদ্ধে ওয়ারেন্ট জারির আবেদন জানানো হয়েছে।
নিজের অবস্থান তুলে ধরে বাদী শাহাদত হোসেন বলেন, “আমি পীস স্কুলের একজন প্রতিষ্ঠাকালীন পরিচালক। এই স্কুল পরিচালনা কমিটিতে হঠাৎ এসে যুক্ত হয় শাহীন আলম। এর আগে এই পরিচালকের কোনো নাম গন্ধই ছিলো না স্কুলটিতে। বগুড়া শহর শিবিরের সাবেক সভাপতি শাহীন আলম স্কুলটিতে ঢোকার পর থেকে নানাভাবে আর্থিক দুর্নীতির সাথে জড়িয়ে পড়ে। টাকা পয়সা নয় ছয় করার প্রতিবাদ করলেই কৌশলে এই সাবেক শিবির নেতা পরিচালকদের টাকা পয়সা ফেরত না দিয়েই জোরপূর্বক বের করে দেয়। এর আগে আরো চার/পাঁচজন পরিচালককে প্রতিষ্ঠান থেকে বের করে দেয়। সেই সাথে বগুড়া জেলা জামায়াতের অফিসে বিচারের নাম করে বসে জামায়াতের জেলা আমির আব্দুল হক এবং প্রচার সম্পাদক নুর মুহাম্মদ আবু তাহেরের উপস্থিতিতে আমাকে প্রাণনাশের হুমকি দিয়ে পরিচালক পদ থেকে অব্যাহতিপত্রে স্বাক্ষর নেয়। এসময় নুর মুহাম্মদ আবু তাহের আমাকে হত্যার উদ্দেশ্যে কয়েক বার মারতে আসে। আমি প্রাণনাশের ভয়ে স্বাক্ষর করতে বাধ্য হই। পরে বিষয়টি অভিযোগ আঁকড়ে বগুড়া সদর থানায় জানাই এবং পরে জেলা বগুড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সদর আমলী আদালতে মামলা দায়ের করি।”
এদিকে, আনিত অভিযোগগুলো অস্বীকার করে মামলার প্রধান আসামি পীস স্কুল বগুড়ার ব্যবস্থাপনা পরিচালক শাহীন আলম এবং দ্বিতীয় আসামি ফজলুল হক মিডিয়াকে জানান, মামলাকারী শাহাদতের দেওয়া অভিযোগগুলো সত্য নয়। তারা দাবি করেন যে, তিনি স্বেচ্ছায় পীস স্কুল থেকে তার পাওনাদি বুঝে নিয়ে পরিচালক পদ থেকে সরে গেছেন। তাকে কেউ জোর করে ফাঁকা স্ট্যাম্পে সই করায়নি। বিষয়টি বর্তমানে আদালতে বিচারাধীন বলেও জানানো হয়েছে এবং আদালতের নির্দেশেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ