ঢাকা রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ইং ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

বান্দরবানে ইয়াবা ছিনিয়ে নেয়ার দ্বন্দ্বে গোলাগুলি, যুবক গ্রেফতার


বান্দরবানে ইয়াবা ছিনিয়ে নেয়ার দ্বন্দ্বে গোলাগুলি, যুবক গ্রেফতার

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ইয়াবা ছিনিয়ে নেয়া নিয়ে সংঘটিত গোলাগুলির ঘটনায় পুলিশ বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার করেছে। এই ঘটনায় রবিউল ইসলাম নয়ন (২২) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

রোববার (২৯ নভেম্বর) ভোরে উপজেলার সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ফুলতলী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গত ২৬ নভেম্বর ইয়াবা ছিনিয়ে নেয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এই ঘটনায় শাহজান নামে একজন নিহত হন। পরে হত্যাকাণ্ডে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র উদ্ধারের জন্য পুলিশ অভিযানে নামে। রবিবার ভোরে নাইক্ষ্যংছড়ি উপজেলার ফুলতলী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন জব্দ করা হয়।

আরও পড়ুন: দেশ রসাতলে যাচ্ছে রাজনৈতিক দলের দলান্ধ সিদ্ধান্তে: পীর সাহেব চরমোনাই

এই ঘটনায় রবিউল ইসলাম নয়নকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে নাইক্ষ্যংছড়ি থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

বান্দরবান জেলার পুলিশ সুপার ওহাবুল ইসলাম খন্দকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র ও একজনকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হবিগঞ্জে ছাত্র জমিয়তের সংবর্ধনায় ১০০ কৃতী শিক্ষার্থী, মেধাভিত্তিক নিয়োগের আহ্বান হুইপের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:১০ পি.এম


হবিগঞ্জে ছাত্র জমিয়তের সংবর্ধনায় ১০০ কৃতী শিক্ষার্থী, মেধাভিত্তিক নিয়োগের আহ্বান হুইপের

হবিগঞ্জে এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফল অর্জনকারী ১০০ শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করেছে ছাত্র জমিয়ত বাংলাদেশ। এই আয়োজনের উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং তাদের স্বপ্ন ও সম্ভাবনাকে বিকশিত করার সুযোগ সৃষ্টি করা। অনুষ্ঠানে জাতীয় সংসদের হুইপ ও সংসদ সদস্য জি কে গউছ ভর্তি পরীক্ষায় লটারি প্রথা বাতিল করে মেধাভিত্তিক মূল্যায়ন চালুর আহ্বান জানান।

রোববার (২৯ নভেম্বর) সকাল ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত হবিগঞ্জের এম সাইফুর রহমান টাউন হলে ছাত্র জমিয়ত বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে এই সংবর্ধনা ও ‘সম্ভাবনার ডানায় স্বপ্ন জয়ের অভিযাত্রা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। জেলা ছাত্র জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতি মানসুরুল হক আল আমিন সভাপতিত্ব করেন। সংগঠনের সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান চৌধুরী সঞ্চালনা করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ জি কে গউছ। প্রধান আলোচক ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখার সভাপতি হাফিজ মাওলানা মাসরুরুল হক। মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন লেখক ও গবেষক মাওলানা মুসা আল হাফিজ। বিশিষ্ট শিক্ষাবিদ ও চিফ মেডিকেল অফিসার ডা. সিরাজুল হক আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি রিদওয়ান মাযহারী প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক, ব্যাগ ও বই প্রদান করা হয়। ধর্ম-বর্ণ নির্বিশেষে বিভিন্ন শ্রেণির শিক্ষার্থী এতে অংশগ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে হুইপ জি কে গউছ বলেন, ১২ বছরের কঠোর পরিশ্রমের মাধ্যমে অর্জিত সাফল্য জীবনের শেষ নয়, বরং এটি সামনে এগিয়ে যাওয়ার সূচনা। ভবিষ্যতের প্রতিযোগিতায় টিকে থাকার জন্য শিক্ষার্থীদের এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। তিনি ভর্তি পরীক্ষায় লটারি প্রথার পরিবর্তে মেধাভিত্তিক মূল্যায়ন এবং সরকারি চাকরিতে যোগ্যতার ভিত্তিতে নিয়োগ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

শিক্ষার্থীদের বাংলা ও ইংরেজির পাশাপাশি আরবি, কোরীয়, চীনা ও জাপানি ভাষা শেখার পরামর্শও দেন তিনি। বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে ভাষাজ্ঞান ও পেশাগত দক্ষতার গুরুত্ব তুলে ধরে হুইপ বলেন, প্রয়োজনীয় প্রশিক্ষণ ও দক্ষতা অর্জন না করে বিদেশে গেলে অনেক তরুণকে দুর্ভোগে পড়তে হয়।

শিক্ষার্থীদের নৈতিকতা ও মানবিক মূল্যবোধ অর্জনের আহ্বান জানিয়ে তিনি বলেন, ভিন্ন ধর্ম ও মতের মানুষের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। অর্থাভাব কিংবা শারীরিক অসুস্থতার কারণে কোনো মেধাবী শিক্ষার্থীর পড়াশোনা যেন বন্ধ না হয়, সে বিষয়ে সরকারের পক্ষ থেকে আর্থিক ও নীতিগত সহায়তার আশ্বাসও দেন তিনি।

মুখ্য আলোচক মাওলানা মুসা আল হাফিজ বলেন, অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন বিষয়ে কমিশন গঠন করলেও শিক্ষা কমিশন গঠন করেনি। তিনি শিক্ষা কমিশন গঠন এবং শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

প্রধান বক্তার বক্তব্যে ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি রিদওয়ান মাযহারী বলেন, জুলাই গণঅভ্যুত্থানে সাধারণ শিক্ষার্থী ও জনতার সঙ্গে ছাত্র জমিয়ত কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলনে অংশ নিয়েছে। তিনি ভবিষ্যতেও দেশের যেকোনো সংকটময় পরিস্থিতিতে দেশ ও জনগণের স্বার্থে সংগঠনটি একইভাবে পাশে থাকবে বলে প্রত্যয় ব্যক্ত করেন। শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে আগামীর পথচলার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিষিদ্ধ ছাত্রলীগ করায় ছেলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন বাবা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:১১ পি.এম


নিষিদ্ধ ছাত্রলীগ করায় ছেলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন বাবা

বাংলাদেশ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নেতা হিসেবে ছেলের সঙ্গে এফিডেভিটের মাধ্যমে সমস্ত সম্পর্ক ছিন্ন করেছেন এক বাবা। এই নিষিদ্ধ ছাত্রলীগের কার্যক্রমের কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বরগুনার আমতলী উপজেলা নোটারি পাবলিকের কার্যালয়ে গিয়ে ছেলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করেন ইদ্রিস মৃধা। রোববার (২৯ নভেম্বর) বিষয়টি প্রকাশ্যে আসে।

ছেলের নাম রাহাত মৃধা এবং বাবার নাম মো. ইদ্রিস মৃধা। রাহাত বরগুনার আমতলী উপজেলা শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। মো. ইদ্রিস মৃধা আমতলী উপজেলার পশ্চিম কালিবাড়ি ওয়াপদা সড়কের মো. মোতাহার মৃধার ছেলে। রাহাত মৃধা তার মেজো ছেলে।

এফিডেভিটে মো. ইদ্রিস মৃধা উল্লেখ করেন, ‘আমি আমার মেজো ছেলেকে রাজনৈতিক অঙ্গসংগঠনের সঙ্গে জড়িত হওয়ার জন্য নিষেধ করিলেও আমার কথা না মানিয়া তাহার মনমতন চলিয়া আসিতেছে। যাহা সামাজিকভাবে সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গের নজরে আসে। আমি আমার মেজো পুত্র সন্তানকে বিভিন্ন সময় ভালোভাবে চলার পরামর্শ দিলে তাহাতে সে আমার ওপর ক্ষিপ্ত হয়। বর্তমানে এরূপ রূপ ধারণ করিয়াছে যে, সমাজের কোনো আচরণ, নিয়মনীতি মানে না এবং কারো কোনো কথার তোয়াক্কা করে না। নিজের খেয়ালখুশিমতন চলে।

তাহলে আমি আমার বাকি জীবনের ভবিষ্যৎ চিন্তা করিয়া এই মর্মে সিদ্ধান্তে উপনীত হয়েছি যে, আমার মেজো ছেলে রাহাত মৃধার সঙ্গে কোনো যোগাযোগ বা সম্পর্ক নাই, যাহা আমি অত্র অঙ্গীকারনামায় ঘোষণা করি। তাহাতে অদ্য ২৫/১১/২০২৬ ইং তারিখ রোজ বুধবার রাত্র আনুমানিক ৯টার সময় আমি আমার মেজো ছেলে রাহাত মৃধার সঙ্গে আমার পারিবারিক, সামাজিক সকল প্রকার সম্পর্ক ছিন্ন করিলাম। আমি বা দ্বিতীয় পক্ষ আমরা কেহ যদি আমাদের পিতা ও ছেলে সম্পর্ক দাবি করি বা করে, তাহা অত্র এফিডেভিটের ক্ষমতা বলে অগ্রাহ্য হইবে।’

এ বিষয়ে মো. ইদ্রিস মৃধা সময় সংবাদকে বলেন, ‘আমার অবাধ্য হওয়ায় তাকে আইনিভাবে পরিবার থেকে বিচ্ছিন্ন করা হয়েছে। তার সঙ্গে আমার ও আমার পরিবারের কোনো সম্পর্ক নেই।’

অন্যদিকে রাহাত মৃধা জানান, ত্যাজ্য করলেও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে থেকে সারা জীবন কাটাতে চান। পরিবার থেকে বিচ্ছিন্ন করলেও কোনো সমস্যা নেই তার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রামে ৬ দিনব্যাপী ফার্নিচার মেলা মঙ্গলবার শুরু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:১২ পি.এম


চট্টগ্রামে ৬ দিনব্যাপী ফার্নিচার মেলা মঙ্গলবার শুরু

চট্টগ্রাম, ২৯ নভেম্বর, ২০২৬ : দেশীয় ফার্নিচার শিল্পের উন্নয়ন, বাজারের সম্প্রসারণ এবং আধুনিক ডিজাইন ও প্রযুক্তির সাথে ক্রেতাদের পরিচিত করার উদ্দেশ্যে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাচ্ছে ছয় দিনব্যাপী ১৫তম চট্টগ্রাম ফার্নিচার এক্সিবিশন ২০২৬। এই প্রদর্শনী নগরীর জিইসি কনভেনশন সেন্টারে ৬ ডিসেম্বর পর্যন্ত চলবে। এতে দেশের ২৬টি স্বনামধন্য ফার্নিচার প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে।

রোববার (২৯ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে এই তথ্য তুলে ধরা হয়।

বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতি, চট্টগ্রাম বিভাগের উদ্যোগে আয়োজিত এই প্রদর্শনীর সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান চিটাগাং ইভেন্টস।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতি, চট্টগ্রাম বিভাগের সভাপতি মাকসুদুর রহমান।

এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক সাইফুদ্দীন চৌধুরী দুলাল, এক্সিবিশন কমিটির আহ্বায়ক এম এ নাছের, সদস্য সচিব ও সহ-সাধারণ সম্পাদক আল মোহাম্মদ ইকবালসহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে আয়োজকরা উল্লেখ করেন, বর্তমানে ঘর ও অফিসের সৌন্দর্য বৃদ্ধিতে আধুনিক ও নান্দনিক ডিজাইনের আসবাবপত্রের চাহিদা ক্রমাগত বাড়ছে।

বিশ্বমানের ডিজাইনের সাথে তাল মিলিয়ে দেশীয় ফার্নিচার প্রতিষ্ঠানগুলোও আন্তর্জাতিক মানের আসবাবপত্র তৈরি করছে। এই পণ্যগুলো দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও রপ্তানি হচ্ছে। এই সম্ভাবনাকে আরও বিস্তৃত করতে এবং দেশীয় পণ্যের প্রতি ক্রেতাদের আগ্রহ বৃদ্ধি করতে প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

প্রদর্শনী উপলক্ষে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো ক্রেতাদের জন্য বিশেষ মূল্যছাড় ও আকর্ষণীয় অফারের ব্যবস্থা করছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য প্রদর্শনী উন্মুক্ত থাকবে।

আগামী ১ ডিসেম্বর সকাল ১১টায় প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী মোহাম্মদ হাসান আরিফ। উদ্বোধন করবেন চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি আমির হুমায়ুন মাহমুদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম চেম্বারের সভাপতি আমিরুল হক, বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতির চেয়ারম্যান সেলিম এইচ রহমান, সিনিয়র ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইলিয়াছ সরকার এবং মহাসচিব এ করিম মজুমদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সংগঠনটির চট্টগ্রাম বিভাগের সভাপতি মাকসুদুর রহমান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নৌপরিবহন অধিদপ্তরের দুই কর্মকর্তার বিরুদ্ধে দুদকের চার্জশিট

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:১২ পি.এম


নৌপরিবহন অধিদপ্তরের দুই কর্মকর্তার বিরুদ্ধে দুদকের চার্জশিট

ঢাকা, ২৯ নভেম্বর, ২০২৬ : দুর্নীতি দমন কমিশন (দুদক) অনুমোদন দিয়েছে নৌপরিবহন অধিদপ্তরের সাবেক দুই কর্মকর্তার বিরুদ্ধে ৭৬টি মালবাহী নৌযানের নকশা অনুমোদনে অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে চার্জশিট দাখিলের জন্য।

অভিযুক্তদের মধ্যে রয়েছেন, সাবেক প্রধান প্রকৌশলী ও শিপ সার্ভেয়ার এ কে এম ফখরুল ইসলাম এবং সাবেক উপ-পরিচালক (প্রশাসন ও নকশা শাখা) শামীম উদ্দিন আহম্মেদ।

আজ দুদক প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এক নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ে কমিশনের জনসংযোগ বিভাগের উপ-পরিচালক মো. আকতারুল ইসলাম এই তথ্য প্রকাশ করেছেন।

গত ২৪ নভেম্বর, দুদকের কমিশনার (তদন্ত) ড. জাহাঙ্গীর আলম খান স্বাক্ষরিত এক আদেশে তাদের বিরুদ্ধে চার্জশিট দাখিলের অনুমোদন প্রদান করা হয়েছে।

দুদকের অনুমোদনপত্রে উল্লেখ করা হয়েছে, আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯/১০৯ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় চার্জশিট দাখিলের অনুমোদন দেওয়া হয়েছে।

মামলার এজাহার থেকে জানা যায়, ২০১৫ সালের ১ ডিসেম্বর নৌপরিবহন অধিদপ্তরের এক সার্কুলারে বলা হয়েছিল যে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অভ্যন্তরীণ সব ধরনের কার্গো ভেসেলের নকশা অনুমোদন স্থগিত থাকবে। এরপর ২০১৬ সালের ৩০ জুন নৌযানের নকশা অনুমোদনের জন্য একটি আট সদস্যের কমিটি গঠন করা হয়। কমিটির সুপারিশ ছাড়া কোনো নৌযানের নকশা গ্রহণ না করার নির্দেশনাও ছিল।

তবে অভিযোগ রয়েছে যে, এসব নির্দেশনা বহাল থাকা অবস্থায় ২০১৬ সালের ১ জানুয়ারি থেকে ২০১৭ সালের ৬ জুন পর্যন্ত ৭৬টি মালবাহী নৌযানের নকশা অনুমোদন করা হয়েছে। এ ঘটনায় ২০২২ সালের ১৪ ফেব্রুয়ারি দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১-এ মামলা দায়ের করা হয়।

তদন্ত শেষে সংগৃহীত সাক্ষ্য-স্মারক ও অন্যান্য রেকর্ডপত্র পর্যালোচনা করে কমিশন দুই কর্মকর্তার বিরুদ্ধে চার্জশিট দাখিলের অনুমোদন দিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০৩
জোহর ১১:৪৮
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%