ঢাকা রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ইং ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

বিজেপি বিধায়কের বিরুদ্ধে মুসলিম বিচারককে বাড়ি ছাড়ার হুমকির মামলার নির্দেশ


বিজেপি বিধায়কের বিরুদ্ধে মুসলিম বিচারককে বাড়ি ছাড়ার হুমকির মামলার নির্দেশ

রাজস্থানের একটি আদালত হাওয়া মহল আসনের উগ্র হিন্দুত্ববাদী ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বিধায়ক বালমুকুন্দাচার্য ওরফে সঞ্জয় শর্মার বিরুদ্ধে প্রাথমিক তথ্য বিবরণী (এফআইআর) নথিভুক্ত করার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছে। এই বিধায়কের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, মিনা কলোনিতে একটি বাড়ি কেনাকে কেন্দ্র করে এক মুসলিম দায়রা বিচারককে হুমকি দেওয়া হয়েছে।

ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৭৫(৩) ধারার অধীনে অতিরিক্ত দেওয়ানি বিচারক ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নির্দেশে গত ২৩ নভেম্বর গলতা গেট থানায় এফআইআরটি নথিভুক্ত করা হয়। অভিযোগে বিধায়কের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র, ধর্মীয় ভিত্তিতে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে শত্রুতা সৃষ্টি, জাতীয় সংহতির পরিপন্থী কার্যকলাপ, ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার উদ্দেশ্যে ইচ্ছাকৃত আচরণ এবং অপরাধমূলক ভীতি প্রদর্শনের অভিযোগ আনা হয়েছে।

অ্যাডভোকেট মোহাম্মদ ইয়াকুব খানের দায়ের করা অভিযোগ অনুযায়ী, ২০২৫ সালের ১০ ডিসেম্বর বালমুকুন্দাচার্য প্রশাসনিক কর্মকর্তা ও সমর্থকদের নিয়ে মিনা কলোনিতে দায়রা বিচারক মোহাম্মদ আরিফের বাসভবনে যান।

আরও পড়ুন: নাটোরে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে নারী সমাবেশ অনুষ্ঠিত

এফআইআরে উল্লেখ করা হয়েছে, ওই বিধায়ক এলাকা থেকে হিন্দুদের চলে যাওয়ার প্রসঙ্গ তুলে অশালীন ও হুমকিমূলক ভাষা ব্যবহার করেন। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি বিচারককে বাড়িটি বিক্রি করে ‘সি স্কিম’ বা ‘বৈশালী নগরে’ চলে যেতে বলেন এবং মন্তব্য করেন যে, “মিনা কলোনি এখন মিয়া কলোনিতে পরিণত হয়েছে।”

অভিযোগে আরও বলা হয়েছে, বালমুকুন্দাচার্য পুরো ঘটনাটির একটি ভিডিও ধারণ করে অনলাইনে আপলোড করেন। ভিডিওতে তিনি বিচারকের নাম লেখা দেয়ালটি ফোকাস করে দেখান এবং ওই এলাকায় মুসলিমদের বাড়ি কেনা, নির্মাণ বা সংস্কারের বিরোধিতা করেন। যদিও ভিডিওটি পরে মুছে ফেলা হয়, তবুও তা অনলাইনে ছড়িয়ে পড়তে থাকে।

অভিযোগকারী খান দাবি করেন, এফআইআর নথিভুক্ত করার জন্য তিনি ২০২৫ সালের ডিসেম্বরেই গলতা গেট থানা ও ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের দ্বারস্থ হয়েছিলেন, কিন্তু তখন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এছাড়া ২০২৫ সালের আগস্টে বিচারকের বাড়িতে সংঘটিত একটি চুরির ঘটনার কথাও অভিযোগে উল্লেখ করা হয়েছে, যা পুলিশ নথিভুক্ত করেনি। অভিযোগে ইঙ্গিত দেওয়া হয়েছে যে, সম্পত্তিটি বিক্রিতে বাধ্য করার কোনো ষড়যন্ত্রের অংশ হিসেবে এমনটি ঘটানো হয়ে থাকতে পারে।

এফআইআরে বলা হয়েছে, বিধায়কের এমন আচরণ এবং সেখানে বিপুল সংখ্যক লোকের উপস্থিতি ভবিষ্যতে আরও ভীতি প্রদর্শন বা ক্ষয়ক্ষতির ঝুঁকি তৈরি করেছে।

আরও পড়ুন: সুন্দরবনে অভিযান: আসাবুর বাহিনীর প্রধান আটক, অস্ত্র ও জিম্মি উদ্ধার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাকেরগঞ্জে বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:১৭ পি.এম


বাকেরগঞ্জে বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বাকেরগঞ্জে একটি বাস এবং মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষের ফলে দুই আরোহী নিহত হয়েছেন।

রোববার দুপুর সাড়ে ১২টার সময় উপজেলার ভরপাশা ইউনিয়নের ভাঙাপুল এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

নিহতদের মধ্যে একজন হলেন নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার দক্ষিণখান গ্রামের ফিরোজ আলমের ছেলে আলী আকবর এবং অপরজন পটুয়াখালী জেলার ছোট বিঘাই গ্রামের মাহতাব। উভয়েই বরিশাল সেনানিবাস এলাকায় একটি প্রকল্পে কর্মরত ছিলেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, বাউফল থেকে ছেড়ে আসা পটুয়াখালী পরিবহনের একটি বাসের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি ধাক্কা লাগে। এই সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী গুরুতরভাবে আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন দুর্ঘটনায় দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর তাদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এমই

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গৃহায়ন প্রতিমন্ত্রী: ইসলামের খেদমতে ছারছীনা দরবারের অবদান অপরিসীম

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:১৮ পি.এম


গৃহায়ন প্রতিমন্ত্রী: ইসলামের খেদমতে ছারছীনা দরবারের অবদান অপরিসীম

গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী এবং পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য আহম্মেদ সোহেল মনজুর বলেছেন, নেছারাবাদ উপজেলার ঐতিহাসিক ছারছীনা দরবার শরীফ থেকে দেশে বড় বড় আলেম তৈরি হচ্ছেন। ব্রিটিশ আমল থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত দ্বীনি শিক্ষা প্রচার ও প্রসারসহ ইসলামের বহুমুখী খেদমত আঞ্জাম দিয়ে আসছে এ দরবার। ইসলামের দাওয়াত প্রচারে ছারছীনা দরবারের অবদান অপরিসীম।

রোববার (২৯ নভেম্বর) দুপুরে যোহরের নামাজের আগে নেছারাবাদের ঐতিহাসিক ছারছীনা দরবার শরীফে ১৩৬তম তিন দিনব্যাপী ঈছালে ছাওয়াব মাহফিল ও বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ সম্মেলনে অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ছারছীনা দরবার শরীফ একটি হক্কানি দরবার। এ দরবারের প্রতি আমাদের সবার শ্রদ্ধা, ভক্তি ও হৃদয়ের সম্পর্ক রয়েছে। রাষ্ট্রীয় কাজে শত ব্যস্ততার মধ্যেও তাই মাহফিলে ছুটে আসতে হয়েছে। দরবারের মাহফিলে এসে হৃদয় জুড়িয়ে যায়।

দেশ ও জাতির কল্যাণ কামনা করে তিনি বলেন, এ প্রিয় মাতৃভূমি আমাদের সবার। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় মহান আল্লাহ যেন আমাদের সবাইকে হেদায়েত দান করেন। একই সঙ্গে দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রেখে সবাই যেন সুখে-শান্তিতে বসবাস করতে পারি, সে জন্য দোয়া করতে হবে।

এ সময় বর্তমান সরকার অন্যায় ও দুর্নীতিমুক্ত দেশ গঠনে কাজ করে যাচ্ছে উল্লেখ করে প্রতিমন্ত্রী সরকারের এ কার্যক্রমের সফলতার জন্য সবার কাছে দোয়া কামনা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশ রসাতলে যাচ্ছে রাজনৈতিক দলের দলান্ধ সিদ্ধান্তে: পীর সাহেব চরমোনাই

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:১৯ পি.এম


দেশ রসাতলে যাচ্ছে রাজনৈতিক দলের দলান্ধ সিদ্ধান্তে: পীর সাহেব চরমোনাই

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) মন্তব্য করেছেন যে, রাজনৈতিক দলের দলান্ধ সিদ্ধান্তের কারণে দেশ রসাতলে যাচ্ছে।

তিনি বলেন, ‘সবচেয়ে দুঃখজনক বিষয় হলো, বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর কাছে দলীয় স্বার্থই মুখ্য। দেশের স্বার্থ সর্বদাই তাদের কাছে নগণ্য হয়ে থেকেছে, যার প্রতিফল আমাদের ভোগ করতে হচ্ছে। দলগুলোর দলান্ধ সিদ্ধান্তের কারণেই চব্বিশের পরে সংস্কার ও বিচার নিশ্চিত করা যায়নি; চব্বিশের পরে ফ্যাসিবাদবিরোধী ঐক্য চূর্ণ হয়েছে।’

রোববার (২৯ নভেম্বর) দুপুরে চরমোনাই মাহফিলের দ্বিতীয় দিনে অনুষ্ঠিত ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মাদ রেজাউল করীম এ আহ্বান জানান।

পীর সাহেব চরমোনাই উল্লেখ করেন, সাম্প্রতিক ঐক্যের আলোচনাতেও যার যার দলীয় স্বার্থই মুখ্য হচ্ছে; যার সুযোগ পতিত শক্তি নিচ্ছে। তিনি বলেন, দেশকে অরাজকতা থেকে রক্ষা করতে দলান্ধ সিদ্ধান্ত থেকে সরে আসতে হবে। দেশকে প্রাধান্য দিয়ে সিদ্ধান্ত নিতে হবে।

বিএনপির প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, জুলাইয়ের প্রধান ভিত্তিমূলক দাবি ছিল রাষ্ট্র সংস্কার ও পতিত ফ্যাসিবাদের বিচার। তিনি সত্যি বলেন, সংস্কার নিয়ে বিএনপির মনোভাব হতাশাজনক, বিচার গতিহীন হয়েছে। জুলাইয়ের ঐক্য ধরে রাখতে সংস্কার ও বিচারে মনোযোগী হোন। বিরোধী দলের প্রতি আহ্বান রেখে তিনি আরও বলেন, নিজস্ব জোটের অভ্যন্তরীণ রাজনীতি যদি ফ্যাসিবাদের পথ সুগম করে, তাহলে তার দায় এড়াতে পারবেন না।

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আপনাদের পতনের অন্যতম কারণ ছিল সহিংসতা ও সন্ত্রাস। পতনের পরেও সেই সহিংসতা ও সন্ত্রাস করে ফেরত আসার কল্পনা আপনাদের জন্য বুমেরাং হবে। সেজন্য বলব, জাতির কাছে বিনীত ক্ষমা প্রার্থনা করুন। শেখ হাসিনাসহ যারা অপরাধ করেছে, তারা আইনের কাছে আত্মসমর্পণ করুন এবং পাচারকৃত টাকা ফেরত দিন।

জেলা প্রতিনিধি সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- দলের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল ইসলাম, অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, সহকারী মহাসচিব মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম, কে এম আতিকুর রহমান, শেখ ফজলুল করীম মারুফ, মাওলানা লোকমান হোসাইন জাফরী, মাওলানা দেলোয়ার হোসাইন সাকী, মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা নুরুল করীম আকরাম, মাওলানা আরিফুল ইসলাম, উপাধ্যক্ষ সিরাজুল ইসলামসহ কেন্দ্রীয় নেতারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কলকাতার শিবপ্রসাদ অপি করিমের সঙ্গে জুটি বাঁধতে চান

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:১৯ পি.এম


কলকাতার শিবপ্রসাদ অপি করিমের সঙ্গে জুটি বাঁধতে চান

বাংলাদেশের অভিনেত্রী অপি করিমের অভিনয়গুণে মুগ্ধতা প্রকাশ করেছেন ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় নির্মাতা ও অভিনেতা শিব প্রসাদ মুখোপাধ্যায়। তিনি শুধু প্রশংসা করেই থেমে থাকেননি, ভবিষ্যতে এই অভিনেত্রীর সঙ্গে একই সিনেমায় কাজ করার ইচ্ছার কথাও জানিয়েছেন।

অপি করিম একসময় নিয়মিত অভিনয় করতেন, তবে বর্তমানে পর্দায় খুব বেশি দেখা যায় না। কিন্তু যখনই তিনি কোনো কাজে হাজির হন, তখনই নিজের অভিনয়দক্ষতা দিয়ে দর্শকের মনোযোগ আকর্ষণ করেন। তাঁর অভিনয়ের প্রশংসা এবার শোনা গেল টালিউডের পরিচিত মুখ শিবপ্রসাদের কণ্ঠে।

সম্প্রতি অপি করিম একটি পডকাস্ট অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সেখানে অনুষ্ঠানের সঞ্চালক রুম্মান রশীদ খানের কাছে মুঠোফোনে একটি ভয়েস বার্তা পাঠান শিবপ্রসাদ। ওই বার্তায় তিনি বাংলাদেশের শিল্পীদের প্রতি নিজের বিশেষ ভালো লাগার কথা তুলে ধরেন।

শিবপ্রসাদ জানান, তাঁর অভিনয়জীবনের শুরুর দিকে ২০০৩ সালে ‘একটি নদীর নাম’ সিনেমায় বাংলাদেশের অভিনেত্রী শমী কায়সারের সঙ্গে কাজ করার সুযোগ হয়েছিল। সেই অভিজ্ঞতা তাঁর কাছে বিশেষ আনন্দের ছিল। বাংলাদেশের শিল্পীদের সঙ্গে কাজ করার বিষয়টি শুরু থেকেই তাঁর কাছে আলাদা গুরুত্ব পেয়েছে।

পরবর্তী সময়ে বাংলাদেশের বিভিন্ন চলচ্চিত্র দেখতে গিয়ে অপি করিমের অভিনয়ের সঙ্গে পরিচয় ঘটে তাঁর। বিশেষ করে এনামুল করিম নির্ঝর পরিচালিত ‘আহা’ সিনেমার প্রতি নিজের মুগ্ধতার কথা জানান এই নির্মাতা। নির্ঝরের সঙ্গে তাঁর ব্যক্তিগত সুসম্পর্কের কথাও উল্লেখ করেন তিনি।

অপি করিমের অভিনয় নিয়ে শিবপ্রসাদের মূল্যায়ন, ‘মায়ার জঞ্জাল’ সিনেমায় তাঁর কাজ দেখে তিনি রীতিমতো বিস্মিত হয়েছিলেন। চরিত্রটিতে অভিনেত্রীর অভিনয় তাঁকে গভীরভাবে মুগ্ধ করেছে বলেও জানান।

শুধু অভিনয় নয়, অপি করিমের শুদ্ধ বাংলা উচ্চারণও শিবপ্রসাদের নজর কেড়েছে। তাঁর মতে, বর্তমান প্রজন্মের অনেক অভিনয়শিল্পীর বাংলা বলার ক্ষেত্রে আরও যত্নবান হওয়া প্রয়োজন। এ ক্ষেত্রে অপি করিমের কাছ থেকে শেখার সুযোগ রয়েছে বলেও মনে করেন তিনি।

ভয়েস বার্তার শেষ দিকে অপি করিমকে আরও বেশি অভিনয়ে ফেরার আহ্বান জানান শিবপ্রসাদ। তিনি ভবিষ্যতে একসঙ্গে কাজ করার আশাবাদ ব্যক্ত করে বলেন, সুযোগ হলে তাঁরা একই সিনেমায় কাজ করবেন—এমন প্রত্যাশা তাঁর রয়েছে।

অন্যদিকে, শিবপ্রসাদের কাছ থেকে এমন প্রশংসা পেয়ে আবেগাপ্লুত হয়েছেন অপি করিম। গুণী এই নির্মাতার ভালোবাসা ও মূল্যায়নের জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

উল্লেখ্য, অপি করিমকে সর্বশেষ ২০২৫ সালে মুক্তি পাওয়া ‘উৎসব’ সিনেমায় অতিথি চরিত্রে দেখা গেছে। সিনেমাটি দর্শকের কাছে ব্যাপক সাড়া ফেলে এবং বক্স অফিসেও সফলতা অর্জন করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০৩
জোহর ১১:৪৮
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%