০৭:১০ পি.এম
হবিগঞ্জে এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফল অর্জনকারী ১০০ শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করেছে ছাত্র জমিয়ত বাংলাদেশ। এই আয়োজনের উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং তাদের স্বপ্ন ও সম্ভাবনাকে বিকশিত করার সুযোগ সৃষ্টি করা। অনুষ্ঠানে জাতীয় সংসদের হুইপ ও সংসদ সদস্য জি কে গউছ ভর্তি পরীক্ষায় লটারি প্রথা বাতিল করে মেধাভিত্তিক মূল্যায়ন চালুর আহ্বান জানান।
রোববার (২৯ নভেম্বর) সকাল ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত হবিগঞ্জের এম সাইফুর রহমান টাউন হলে ছাত্র জমিয়ত বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে এই সংবর্ধনা ও ‘সম্ভাবনার ডানায় স্বপ্ন জয়ের অভিযাত্রা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। জেলা ছাত্র জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতি মানসুরুল হক আল আমিন সভাপতিত্ব করেন। সংগঠনের সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান চৌধুরী সঞ্চালনা করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ জি কে গউছ। প্রধান আলোচক ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখার সভাপতি হাফিজ মাওলানা মাসরুরুল হক। মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন লেখক ও গবেষক মাওলানা মুসা আল হাফিজ। বিশিষ্ট শিক্ষাবিদ ও চিফ মেডিকেল অফিসার ডা. সিরাজুল হক আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি রিদওয়ান মাযহারী প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন।
আরও পড়ুন: যবিপ্রবিতে শিক্ষাদানের সক্ষমতা বৃদ্ধিতে শিক্ষকদের কর্মশালা
অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক, ব্যাগ ও বই প্রদান করা হয়। ধর্ম-বর্ণ নির্বিশেষে বিভিন্ন শ্রেণির শিক্ষার্থী এতে অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে হুইপ জি কে গউছ বলেন, ১২ বছরের কঠোর পরিশ্রমের মাধ্যমে অর্জিত সাফল্য জীবনের শেষ নয়, বরং এটি সামনে এগিয়ে যাওয়ার সূচনা। ভবিষ্যতের প্রতিযোগিতায় টিকে থাকার জন্য শিক্ষার্থীদের এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। তিনি ভর্তি পরীক্ষায় লটারি প্রথার পরিবর্তে মেধাভিত্তিক মূল্যায়ন এবং সরকারি চাকরিতে যোগ্যতার ভিত্তিতে নিয়োগ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
শিক্ষার্থীদের বাংলা ও ইংরেজির পাশাপাশি আরবি, কোরীয়, চীনা ও জাপানি ভাষা শেখার পরামর্শও দেন তিনি। বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে ভাষাজ্ঞান ও পেশাগত দক্ষতার গুরুত্ব তুলে ধরে হুইপ বলেন, প্রয়োজনীয় প্রশিক্ষণ ও দক্ষতা অর্জন না করে বিদেশে গেলে অনেক তরুণকে দুর্ভোগে পড়তে হয়।
শিক্ষার্থীদের নৈতিকতা ও মানবিক মূল্যবোধ অর্জনের আহ্বান জানিয়ে তিনি বলেন, ভিন্ন ধর্ম ও মতের মানুষের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। অর্থাভাব কিংবা শারীরিক অসুস্থতার কারণে কোনো মেধাবী শিক্ষার্থীর পড়াশোনা যেন বন্ধ না হয়, সে বিষয়ে সরকারের পক্ষ থেকে আর্থিক ও নীতিগত সহায়তার আশ্বাসও দেন তিনি।
আরও পড়ুন: দেশ রসাতলে যাচ্ছে রাজনৈতিক দলের দলান্ধ সিদ্ধান্তে: পীর সাহেব চরমোনাই
মুখ্য আলোচক মাওলানা মুসা আল হাফিজ বলেন, অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন বিষয়ে কমিশন গঠন করলেও শিক্ষা কমিশন গঠন করেনি। তিনি শিক্ষা কমিশন গঠন এবং শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
প্রধান বক্তার বক্তব্যে ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি রিদওয়ান মাযহারী বলেন, জুলাই গণঅভ্যুত্থানে সাধারণ শিক্ষার্থী ও জনতার সঙ্গে ছাত্র জমিয়ত কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলনে অংশ নিয়েছে। তিনি ভবিষ্যতেও দেশের যেকোনো সংকটময় পরিস্থিতিতে দেশ ও জনগণের স্বার্থে সংগঠনটি একইভাবে পাশে থাকবে বলে প্রত্যয় ব্যক্ত করেন। শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে আগামীর পথচলার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন