ঢাকা রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ইং ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

কসবা উপজেলায় নববধূ জেবিনের ঝুলন্ত লাশ উদ্ধার, স্বামীর সঙ্গে রাতে কথা-কাটাকাটি


কসবা উপজেলায় নববধূ জেবিনের ঝুলন্ত লাশ উদ্ধার, স্বামীর সঙ্গে রাতে কথা-কাটাকাটি

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় বিয়ের এক মাসের মধ্যে জেবিন আক্তার (২১) নামে এক নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৯ নভেম্বর) বিকালে মেহারী ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামের শ্বশুরবাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়।

জেবিন চারগাছ গ্রামের ফারুক মিয়ার কন্যা ছিলেন। তিনি তিন বোন ও এক ভাইয়ের মধ্যে সবার ছোট। জেবিন চারগাছ এনআই ভূঁইয়া ডিগ্রি কলেজের ডিগ্রি শেষ বর্ষের পরীক্ষার্থী ছিলেন।

আরও পড়ুন: দেশ রসাতলে যাচ্ছে রাজনৈতিক দলের দলান্ধ সিদ্ধান্তে: পীর সাহেব চরমোনাই

পরিবারের সূত্রে জানা গেছে, মোজাম্মেল নামে দুবাইপ্রবাসী এক যুবকের সঙ্গে জেবিনের প্রায় সাত বছরের প্রেমের সম্পর্ক ছিল। দুই পরিবারের সম্মতিতে গত ২৬ অক্টোবর ২০২৬ তার সামাজিকভাবে বিয়ে হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির মূল ভবনের পশ্চিম পাশের একটি কক্ষে দরজা বন্ধ করে ওড়না দিয়ে গলায় ফাঁস দেন জেবিন। তার শাশুড়ি ও পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে লাশ বাড়িতে নিয়ে আসা হয়।

জেবিনের চাচাতো ভাই জাকির জানান, মোজাম্মেল ও জেবিনের মধ্যে দীর্ঘ সাত বছরের প্রেমের সম্পর্ক ছিল এবং পারিবারিকভাবে তাদের বিয়ে হয়।

মেহারী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি কাউছার আহমেদ জানিয়েছেন, ঘটনার আগের রাতে স্বামী-স্ত্রীর মধ্যে কথাকাটাকাটি হয়েছিল বলে তারা জানতে পেরেছেন।

আরও পড়ুন: বাকেরগঞ্জে বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

কসবা থানার এসআই রবিউল জানান, বিকাল ৩টার দিকে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে বিষয়টি পুলিশকে জানানো হয়। পরে এসআই শাহিন ঘটনাস্থলে যান।

সরেজমিনে দেখা গেছে, বিকাল ৫টার দিকে তদন্তকারী কর্মকর্তা এসআই শাহিন ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করছিলেন।

এসআই শাহিন জানিয়েছেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে যাওয়া হবে।

আরও পড়ুন: বিজেপি বিধায়কের বিরুদ্ধে মুসলিম বিচারককে বাড়ি ছাড়ার হুমকির মামলার নির্দেশ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গ্রামীণফোনের সোলায়মান আলম পেলেন 'চিফ ডিজিটাল অফিসার অব দ্য ইয়ার' পুরস্কার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:১৩ পি.এম


গ্রামীণফোনের সোলায়মান আলম পেলেন

ডিজিটাল ও প্রোডাক্ট উন্নয়নে অসাধারণ নেতৃত্ব এবং অবদানের স্বীকৃতি হিসেবে ‘বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডস ২০২৬’-এ ‘চিফ ডিজিটাল/প্রোডাক্ট অফিসার অব দ্য ইয়ার’ পুরস্কার অর্জন করেছেন গ্রামীণফোনের চিফ প্রোডাক্ট অফিসার (সিপিও) সোলায়মান আলম। এটি তার জন্য দ্বিতীয়বারের মতো এই সম্মাননা; এর আগে ২০২১–২২ সালে তিনি ‘চিফ ডিজিটাল অফিসার অব দ্য ইয়ার’ নির্বাচিত হয়েছিলেন। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম কর্তৃক আয়োজিত ‘১০ম লিডারশিপ সামিট ২০২৬’-এ এই পুরস্কার প্রদান করা হয়।

সোলায়মান আলম, যিনি টেলিকমিউনিকেশন এবং এফএমসিজি খাতে প্রায় তিন দশকের কাজের অভিজ্ঞতা অর্জন করেছেন, তার প্রোডাক্ট ডেভেলপমেন্ট, ডিজিটাল সেবা, বিক্রয়, ব্র্যান্ড ও কমিউনিকেশন, ব্যবসায়িক কৌশল এবং নতুন ব্যবসা সম্প্রসারণসহ বিভিন্ন ক্ষেত্রে অসাধারণ দক্ষতা রয়েছে। তার কৌশলগত নেতৃত্ব এবং উদ্ভাবনী দৃষ্টিভঙ্গি গ্রামীণফোনের ডিজিটাল সেবাগুলোকে আরও শক্তিশালী করতে এবং গ্রাহকদের অভিজ্ঞতা উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

এই স্বীকৃতি তার সামগ্রিক অবদানের পাশাপাশি গ্রাহককেন্দ্রিক উদ্ভাবনকে এগিয়ে নিয়ে যাওয়া, দায়িত্বশীল ব্যবসায়িক চর্চার প্রসার এবং বাংলাদেশের ডিজিটাল অগ্রগতিতে তার নিরলস প্রচেষ্টার প্রতিফলন।

পুরস্কার পাওয়ার পর গ্রামীণফোনের চিফ প্রোডাক্ট অফিসার সোলায়মান আলম মন্তব্য করেন, “এই স্বীকৃতি পেয়ে আমি অত্যন্ত সম্মানিত ও কৃতজ্ঞ। আমার দীর্ঘ কর্মজীবনে যেসব মেধাবী টিমের সাথে কাজ করার সৌভাগ্য হয়েছে, এই পুরস্কার তাদের সবার সম্মিলিত প্রচেষ্টারই প্রতিফলন। ডিজিটাল জগত খুব দ্রুত বদলে যাচ্ছে। আমাদের দায়িত্ব হলো প্রতিনিয়ত গ্রাহকদের পরিবর্তনশীল চাহিদা বোঝা, নতুন কিছু উদ্ভাবন করা এবং এমন সব সমাধান নিয়ে আসা, যা মানুষের দৈনন্দিন জীবনকে আরও সহজ ও অর্থবহ করে তোলে। গ্রামীণফোনে আমরা সব সময় সব কাজের কেন্দ্রে গ্রাহকদের রাখতে, আমাদের ডিজিটাল সেবাগুলোকে আরও শক্তিশালী করতে এবং বাংলাদেশের জন্য আরও স্মার্ট, নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল ভবিষ্যৎ গড়তে সংকল্‌পবদ্ধ। এই স্বীকৃতি আমাকে প্রযুক্তি ও উদ্ভাবনের মাধ্যমে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন এবং মানুষের জীবনে ইতিবাচক ও অর্থবহ পরিবর্তন আনার প্রচেষ্টা অব্যাহত রাখতে আরও অনুপ্রাণিত করবে।”

‘বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডস’ সেই সব শীর্ষস্থানীয় কর্পোরেট লিডারদের সম্মাননা প্রদান করে, যাদের দূরদর্শিতা, নেতৃত্ব এবং কৌশলগত অবদান বিভিন্ন শিল্পখাতে অর্থবহ প্রভাব ফেলে। বাংলাদেশের জন্য আরও নিরাপদ ও স্মার্ট ডিজিটাল ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে কাজ করে যাওয়া গ্রামীণফোনের শক্তিশালী নেতৃত্ব, টেকসই প্রবৃদ্ধি এবং গ্রাহককেন্দ্রিক উদ্ভাবনের প্রতি নিরবচ্ছিন্ন অঙ্গীকারেরই প্রতিফলন এই সম্মাননা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মফস্বল সাংবাদিকতায় সেরার স্বীকৃতি পেলেন যুগান্তরের আবুল হাসেম

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:১৪ পি.এম


মফস্বল সাংবাদিকতায় সেরার স্বীকৃতি পেলেন যুগান্তরের আবুল হাসেম

মফস্বল সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘বর্ষসেরা পুরস্কার-২০২৬’-এ মফস্বল থেকে সেরা সাংবাদিক হিসেবে নির্বাচিত হয়েছেন আবুল হাসেম, যিনি ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার দৈনিক যুগান্তরের প্রতিনিধি। তিনি ধোবাউড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

শনিবার (২৮ নভেম্বর) রাতে রাজধানীর ধানমন্ডি-২৭-এর ডব্লিউভিএ অডিটোরিয়ামে বাংলার বীর ফাউন্ডেশনের ১১ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তাকে এ সম্মাননা প্রদান করা হয়।

‘মাদকমুক্ত সমাজ বিনির্মাণে যুবসমাজের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভার পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ বিশিষ্ট ব্যক্তিদের সম্মাননা প্রদান করা হয়। সামাজিক, সাংস্কৃতিক ও মাদকবিরোধী সংগঠন বাংলার বীর ফাউন্ডেশন এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে সহযোগিতা করে ‘শখ থেকে শপ’।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি এস এম মুজিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও ঢাকা সিএমএম আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তানিয়া পারভীন মোহনা এবং লেখক ও সমাজকর্মী অধ্যাপক রোকেয়া বেগম। সভাপতিত্ব করেন বাংলার বীর ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত সভাপতি কামার আফজা লিজা। সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক মাসুদ রানা।

আয়োজকরা জানান, গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত ধোবাউড়ার প্রত্যন্ত অঞ্চলে নানা প্রতিকূলতার মধ্যেও তৃণমূল সাংবাদিকতায় অবদান রাখার স্বীকৃতিস্বরূপ আবুল হাসেমকে এ সম্মাননা দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে তিনি দৈনিক যুগান্তরে সাধারণ মানুষের দুঃখ-দুর্দশা, স্থানীয় সমস্যা, সম্ভাবনা ও জীবনমানের নানা চিত্র তুলে ধরছেন। পাশাপাশি এলাকার শিক্ষা, উন্নয়ন, ক্রীড়া ও শিল্প-সংস্কৃতি নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশের মাধ্যমে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে স্থানীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

পুরস্কারপ্রাপ্ত সাংবাদিক আবুল হাসেম বলেন, "মফস্বলে সাংবাদিকতা করতে গিয়ে নানা প্রতিকূলতার মুখোমুখি হতে হয়। তারপরও সাধারণ মানুষের কথা, এলাকার সমস্যা ও সম্ভাবনা তুলে ধরার চেষ্টা অব্যাহত রেখেছি। এ সম্মাননা আমার দায়িত্ব ও অনুপ্রেরণা আরও বাড়িয়ে দেবে।"

অনুষ্ঠানে আইনজীবী, শিক্ষাবিদ, লেখক, সাংবাদিক, সমাজকর্মী, সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন পেশার বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চবি শিক্ষার্থীদের অনাপত্তি সনদ নিতে মানতে হবে পাঁচ নির্দেশনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:১৪ পি.এম


চবি শিক্ষার্থীদের অনাপত্তি সনদ নিতে মানতে হবে পাঁচ নির্দেশনা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য অনাপত্তি সনদ (এনওসি) গ্রহণের জন্য পাঁচটি নির্দেশনা মেনে চলা আবশ্যক। নির্ধারিত প্রক্রিয়া ও নিয়ম অনুসরণ করে আবেদন সম্পন্ন করার পর সংশ্লিষ্ট শিক্ষার্থীদের অনাপত্তি সনদ প্রদান করা হবে।

রোববার (২৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (অ্যাকাডেমিক) এস. এম. আকবর হোছাইন স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিটি বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, শুধুমাত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য ‘স্টুডেন্টস এনওসি’ কার্যকর হবে। এর জন্য নির্ধারিত আবেদন ফরম সঠিকভাবে পূরণ করতে হবে। আবেদন ফরমে আবেদনকারী শিক্ষার্থীর স্বাক্ষরের পাশাপাশি সংশ্লিষ্ট বিভাগের সভাপতি বা ইনস্টিটিউটের পরিচালকের সুপারিশ ও স্বাক্ষর থাকতে হবে।

আবেদন করার সময় নিয়ম অনুযায়ী নির্ধারিত ফি জমা দিতে হবে। এছাড়া শিক্ষার্থীর পরিচয়পত্র, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অথবা জন্মসনদ ও পাসপোর্টের ফটোকপি সংযুক্ত করতে হবে।

এছাড়া ভ্রমণের উদ্দেশ্যের সমর্থনে প্রয়োজনীয় কাগজপত্র এবং সংশ্লিষ্ট বিভাগের সভাপতি বা ইনস্টিটিউটের পরিচালকের স্বাক্ষরিত প্রত্যয়নপত্র জমা দিতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, আবেদন যথাযথভাবে প্রক্রিয়া শেষে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের অনুমোদন ও স্বাক্ষরের মাধ্যমে সংশ্লিষ্ট শিক্ষার্থীকে অনাপত্তি সনদ প্রদান করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্যাট হাতে ইতিহাস গড়া ইউনিস খানের ৪৯তম জন্মদিন আজ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:১৪ পি.এম


ব্যাট হাতে ইতিহাস গড়া ইউনিস খানের ৪৯তম জন্মদিন আজ

পাকিস্তান ক্রিকেটের ইতিহাসে অন্যতম উজ্জ্বল নাম ইউনিস খান। টেস্ট ক্রিকেটে অসাধারণ ব্যাটিং, কঠিন পরিস্থিতিতে দায়িত্ব নেওয়া এবং নেতৃত্বের দক্ষতায় তিনি একটি আলাদা পরিচয় তৈরি করেছেন।

আজ (রোববার) ৪৯তম জন্মদিনে আবারও আলোচনায় উঠে এসেছে তার বর্ণাঢ্য ক্রিকেট ক্যারিয়ার ও অসংখ্য অর্জন।

১৯৭৭ সালের ২৯ নভেম্বর পাকিস্তানের মারদানে জন্ম নেওয়া ইউনিস টেস্ট ক্রিকেটে রেখে গেছেন অনন্য ছাপ। ১১৮ টেস্টে ৫২.০৫ গড়ে তার সংগ্রহ ১০ হাজার ৯৯ রান। ক্যারিয়ারে ৩৪টি সেঞ্চুরি ও ৩৩টি অর্ধশতক করেছেন তিনি। টেস্টে তার সর্বোচ্চ ইনিংস ৩১৩ রান।

শুধু ব্যাটিং সহায়ক উইকেটে বড় রান করা নয়, প্রতিকূল পরিবেশেও দলের হাল ধরার অসাধারণ ক্ষমতা ছিল ইউনিসের। বিদেশের মাটিতে কঠিন পরিস্থিতিতে পাকিস্তানের ব্যাটিং বিপর্যয় সামাল দিয়ে একাধিকবার দলকে লড়াইয়ে ফিরিয়েছেন তিনি। তার ব্যাটিংয়ে ছিল ধৈর্য, আত্মবিশ্বাস ও পরিস্থিতি অনুযায়ী খেলার কৌশল।

পাকিস্তানের প্রথম ও একমাত্র ১০ হাজারি টেস্ট ব্যাটার হিসেবে ইউনিস খান পরিচিত। টেস্ট ক্রিকেটে ১০ হাজার রান পূর্ণ করা যেকোনো ব্যাটারের জন্য বড় অর্জন। পাকিস্তানের হয়ে প্রথম এবং এখন পর্যন্ত একমাত্র ক্রিকেটার হিসেবে এই মাইলফলক স্পর্শ করেন ইউনিস খান। ক্যারিয়ার শেষ করেন ১০ হাজার ৯৯ রান নিয়ে।

পাকিস্তানের টেস্ট ইতিহাসে তার ৩৪টি শতকও সর্বোচ্চ। মিডল অর্ডারে ব্যাটিং করে দীর্ঘদিন দলের অন্যতম নির্ভরযোগ্য সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।

৩১৩ রানের ইনিংসে ফুটে উঠেছিল সামর্থ্য। শ্রীলংকার বিপক্ষে টেস্টে ৩১৩ রানের দুর্দান্ত ইনিংস ইউনিসের ক্যারিয়ারের অন্যতম সেরা অর্জন। দীর্ঘ সময় উইকেটে থেকে প্রতিপক্ষ বোলারদের ওপর আধিপত্য বিস্তার, মনোযোগ ধরে রাখা এবং বড় ইনিংস খেলার সক্ষমতার অনন্য উদাহরণ ছিল সেই ব্যাটিং।

ভারতের মাটিতেও নিজের সামর্থ্যের প্রমাণ রেখেছেন ইউনিস। ২০০৫ সালে বেঙ্গালুরুতে তার অসাধারণ ডাবল সেঞ্চুরির সুবাদে ঐতিহাসিক জয় পায় পাকিস্তান। ভারতের শক্তিশালী দলের বিপক্ষে কঠিন কন্ডিশনে সেই ইনিংস তার ব্যাটিং দক্ষতা ও মানসিক দৃঢ়তার পরিচয় দিয়েছিল।

আরেকটি বিরল কীর্তি রয়েছে তার নামে। ক্যারিয়ারে ১১টি দেশে টেস্ট খেলেছেন ইউনিস এবং প্রতিটি দেশেই সেঞ্চুরি করেছেন। ভিন্ন পরিবেশ ও উইকেটে নিজেকে মানিয়ে নেওয়ার অসাধারণ দক্ষতাই তাকে অন্যদের থেকে আলাদা করেছে।

বিশ্বকাপজয়ী অধিনায়কও ছিলেন ইউনিস

টেস্ট ক্রিকেটের পাশাপাশি টি-টোয়েন্টি ক্রিকেটেও পাকিস্তানের হয়ে স্মরণীয় অবদান রেখেছেন ইউনিস খান। তার নেতৃত্বেই ২০০৯ সালে ইংল্যান্ডের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জেতে পাকিস্তান।

চাপ ও প্রত্যাশার মধ্যে পুরো টুর্নামেন্টে দলকে সামনে থেকে পরিচালনা করেছেন তিনি। তার শান্ত নেতৃত্ব এবং খেলোয়াড়দের ওপর আস্থা পাকিস্তানকে বিশ্বসেরার মঞ্চে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সেই বিশ্বকাপ জয় পাকিস্তানের ক্রিকেট ইতিহাসে স্মরণীয় অধ্যায় হয়ে রয়েছে।

ইউনিসের অধিনায়কত্বের ধরন ছিল সংযত ও দায়িত্বশীল। মাঠে বাড়তি প্রদর্শনীর চেয়ে দলের লক্ষ্য অর্জনেই বেশি মনোযোগ দিতেন তিনি। সতীর্থদের ওপর আস্থা রাখা এবং দায়িত্ব ভাগ করে দেওয়ার মানসিকতা তাকে খেলোয়াড় ও সমর্থকদের কাছে সম্মানিত করে তুলেছিল।

চাপের মুহূর্তে ছিলেন পাকিস্তানের ভরসা। ইউনিস খানের ক্যারিয়ারের অন্যতম বড় শক্তি ছিল মানসিক দৃঢ়তা। টেস্ট ক্রিকেটে দীর্ঘ সময় মনোযোগ ধরে রাখা, প্রতিপক্ষের চাপ মোকাবিলা করা এবং ম্যাচের পরিস্থিতি বুঝে ব্যাটিং করার ক্ষেত্রে তিনি ছিলেন অসাধারণ।

বিশেষ করে চতুর্থ ইনিংসে তার ব্যাটিং ছিল পাকিস্তানের জন্য বড় ভরসা। রান তাড়া করতে গিয়ে দল যখন কঠিন পরিস্থিতিতে পড়ত, তখন ইউনিস নিজের অভিজ্ঞতা ও কৌশল দিয়ে ম্যাচে ফেরার পথ তৈরি করতেন। তার ব্যাটিংয়ে সতীর্থ ও সমর্থকদের মধ্যে জয়ের আশা জাগিয়ে রাখার ক্ষমতা ছিল।

মাঠে খুব বেশি আবেগ প্রকাশ কিংবা উচ্চবাচ্য করতেন না তিনি। বরং ব্যাট হাতে নিজের কাজটাই করে যেতেন। এ কারণেই ক্রিকেটপ্রেমীদের কাছে ইউনিস খান পরিচিত একজন নীরব যোদ্ধা হিসেবে।

৪৯তম জন্মদিনে আবারও স্মরণ করা হচ্ছে তার রেকর্ড, নেতৃত্ব, লড়াইয়ের মানসিকতা এবং পাকিস্তান ক্রিকেটে অসামান্য অবদানের কথা। সময়ের সঙ্গে ক্রিকেটের অনেক রেকর্ড বদলে গেলেও ইউনিস খানের কীর্তি ও টেস্ট ক্রিকেটে তার রেখে যাওয়া উত্তরাধিকার ক্রিকেটপ্রেমীদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০৩
জোহর ১১:৪৮
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%