ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

শাপলা চত্বরে হত্যাযজ্ঞ: শেখ হাসিনা এবং ৪১ জন আসামি


শাপলা চত্বরে হত্যাযজ্ঞ: শেখ হাসিনা এবং ৪১ জন আসামি

শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাযজ্ঞের ঘটনা নিয়ে তদন্ত প্রতিবেদন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা জমা দিয়েছে। এই প্রতিবেদনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজসহ মোট ৪১ জনকে আসামি করা হয়েছে।

রোববার (১৯ জুলাই) সকালবেলা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থাটি এই প্রতিবেদনের নথিপত্র প্রসিকিউশনের কাছে হস্তান্তর করে।

এ বিষয়ে চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম জানিয়েছেন, বর্তমানে নথিপত্রগুলো পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করা হচ্ছে। এ পর্যন্ত তদন্তে ঢাকাতেই ৩২ জন নিহত হওয়ার সুনির্দিষ্ট তথ্য পাওয়া গেছে।

আরও পড়ুন: ভোটার এলাকা পরিবর্তনের আবেদন সময়সীমা ১ নভেম্বর পর্যন্ত বাড়াল ইসি

তবে, তদন্তের কাজ এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে, তাই প্রকৃত নিহতের সংখ্যা নিশ্চিত করে বলা সম্ভব নয় বলে জানিয়েছেন প্রসিকিউশন।

মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ ছাড়াও তৎকালীন পুলিশ প্রধান, র‍্যাব মহাপরিচালক এবং ডিএমপি কমিশনারকে আসামি করা হয়েছে।

এছাড়া, আসামির তালিকায় একাত্তর টিভির সাবেক প্রধান সম্পাদক মোজাম্মেল হক বাবু, সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রূপা ও সাংবাদিক শাহরিয়ার কবিরসহ বেশ কয়েকজন গণমাধ্যম ব্যক্তিত্ব ও বুদ্ধিজীবীও রয়েছেন।

আগামী ২১ জুলাই নির্ধারিত সময়ে এই তদন্ত প্রতিবেদন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উপস্থাপন করার পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুন: রাজউকের ১২৬৯ ভবনের মালিককে চূড়ান্ত নোটিশ, নির্দেশনা না মানলে আইনানুগ ব্যবস্থা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিয়ামিতে গ্রেফতার অ্যান্ড্রু টেট ও তার ভাই যৌন নিপীড়ন ও মানবপাচারের অভিযোগে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ১৯ই জুলাই, ২০২৬ ইং

১২:১৩ পি.এম


মিয়ামিতে গ্রেফতার অ্যান্ড্রু টেট ও তার ভাই যৌন নিপীড়ন ও মানবপাচারের অভিযোগে

সামাজিক যোগাযোগমাধ্যমের বিতর্কিত ইনফ্লুয়েন্সার অ্যান্ড্রু টেট এবং তার ভাই ট্রিস্টান টেটকে শনিবার যুক্তরাষ্ট্রের মিয়ামি থেকে গ্রেফতার করা হয়েছে।

যুক্তরাজ্য তাদের বিরুদ্ধে নতুন করে ধারাবাহিক ধর্ষণ, যৌন নিপীড়নের উদ্দেশ্যে মানবপাচার এবং হামলার অভিযোগে বিচারের মুখোমুখি করতে প্রত্যর্পণের আবেদন করেছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

যুক্তরাষ্ট্রের মার্শালস সার্ভিস এএফপিকে জানিয়েছে, ৩৯ বছর বয়সী অ্যান্ড্রু টেট এবং তার ছোট ভাইকে গ্রেফতার করা হয়েছে। তবে গ্রেপ্তারি পরোয়ানা গোপনীয় থাকার কারণে অভিযোগের বিস্তারিত প্রকাশ করা সম্ভব হয়নি।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম টিএমজেড প্রকাশিত ভিডিওতে দেখা যায়, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দুই ভাইকে হাতকড়া পরিয়ে অপেক্ষমাণ গাড়িতে নিয়ে যাচ্ছেন। ভিডিওর মধ্যে দেখা যায়, এক ব্যক্তি ট্রিস্টান টেটকে কিছু বলার আছে কি না জানতে চাইলে তিনি কোনো উত্তর দেননি।

যুক্তরাজ্যের ক্রাউন প্রসিকিউশন সার্ভিস (সিপিএস) এক বিবৃতিতে জানিয়েছে, যুক্তরাজ্যে অভিযোগের মুখোমুখি থাকা টেট ভাইদের গ্রেফতার করেছে যুক্তরাষ্ট্রের মার্শালরা।

ব্রিটিশ প্রসিকিউটররা এখন তাদের যুক্তরাজ্যে ফিরিয়ে আনার জন্য প্রত্যর্পণের আবেদন করবেন।

সিপিএসের বিশেষ অপরাধ বিভাগের প্রধান ম্যালকম ম্যাকহ্যাফি উল্লেখ করেছেন, ‘আমরা অ্যান্ড্রু ও ট্রিস্টান টেটের বিরুদ্ধে আরও কিছু অপরাধের অভিযোগে মামলা করার সিদ্ধান্ত নিয়েছি। এর মধ্যে রয়েছে ধর্ষণ, যৌন নিপীড়নের উদ্দেশ্যে মানবপাচারের ব্যবস্থা বা সহায়তা করা এবং শিশুর অশ্লীল ছবি সংক্রান্ত অপরাধ।’

তিনি আরও বলেন, ‘সিপিএস যুক্তরাষ্ট্র থেকে টেট ভাইদের প্রত্যর্পণের জন্য আবেদন করেছে। তিনি আরও জানান,  ‘বেডফোর্ডশায়ার পুলিশের কাছ থেকে পাওয়া নতুন প্রমাণের ভিত্তিতেই সর্বশেষ অভিযোগগুলো আনা হয়েছে। এর ফলে টেট ভাইদের মামলায় অভিযোগকারী ভুক্তভোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাতজনে।’

চলতি বছরের শুরুতে লন্ডনের উত্তরে অবস্থিত হার্টফোর্ডশায়ার পুলিশ জানায়, ২০১৪ ও ২০১৫ সালে অ্যান্ড্রু টেটের বিরুদ্ধে নারীদের করা ধর্ষণ ও যৌন নিপীড়নের অভিযোগের তদন্ত পুনরায় শুরু হয়েছে।

এছাড়াও, বিভিন্ন নারীর করা পৃথক ধর্ষণ ও মানবপাচারের অভিযোগের মুখোমুখি রয়েছেন তারা। লন্ডনের উত্তরে অবস্থিত তাদের নিজ শহর লুটন যে এলাকার আওতাভুক্ত, সেই বেডফোর্ডশায়ার পুলিশ এসব অভিযোগের তদন্ত করছে।

যুক্তরাজ্যে টেট ভাইদের বিরুদ্ধে কর ফাঁকি ও অর্থপাচারের অভিযোগও রয়েছে।

তবে, টেট ভাইরা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন।

অ্যান্ড্রু ও ট্রিস্টান টেট ব্রিটিশ-যুক্তরাষ্ট্রের দ্বৈত নাগরিক এবং তারা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থক হিসেবে পরিচিত।

ফ্লোরিডা অঙ্গরাজ্য ২০২৫ সালের মার্চে যুক্তরাষ্ট্রে তাদের বিরুদ্ধে ফৌজদারি তদন্ত শুরু করে। কিন্তু, ওই তদন্তের বর্তমান অবস্থা স্পষ্ট নয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টানা বৃষ্টিতে হাতিয়ার ২৫ হাজার হেক্টর কৃষিজমি পানির নিচে, ২০ কোটি টাকার ক্ষতির আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৯ই জুলাই, ২০২৬ ইং

১২:৩৩ পি.এম


টানা বৃষ্টিতে হাতিয়ার ২৫ হাজার হেক্টর কৃষিজমি পানির নিচে, ২০ কোটি টাকার ক্ষতির আশঙ্কা

টানা কয়েক দিনের ভারি বর্ষণ, জোয়ারের পানি এবং দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার ফলে নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়াতে কৃষি খাতে একটি বড় ধরনের বিপর্যয় নেমে এসেছে। এ সময় উপজেলার বিস্তীর্ণ ফসলি জমি পানির নিচে তলিয়ে গেছে, যার ফলে আউশ ধান, বীজতলা, মৌসুমি সবজি, ফল, মরিচ ও পানের বরজসহ প্রায় ২৫ হাজার হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে প্রায় ৮০ হাজার কৃষক আর্থিক সংকটে পড়েছেন। কৃষি বিভাগ প্রাথমিকভাবে ২০ কোটি টাকারও বেশি ক্ষতির আশঙ্কা করছে।

উপজেলার চরকিং চরকৈলাশ গ্রামের কৃষক কামাল উদ্দিন (৫৫) জানান, তিনি জাহাজমারা–নলচিরা প্রধান সড়কের পাশে কৃষি কার্যক্রম চালাচ্ছিলেন। কাছে গিয়ে প্রশ্ন করার পর কামাল জানান, গত ১০ দিন আগে ৩০ ডিসিমিল জমিতে ৬০ কেজি আমনের বীজ বপন করেন। কিন্তু টানা বর্ষণের কারণে তাঁর বীজতলাটি পানির নিচে তলিয়ে যায়। পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে তিনি চারপাশে উঁচু আড়ী বেঁধে চেষ্টা করেছেন। তবে এর ফলে কোন লাভ হয়নি। পানি শুকানোর সাথে সাথে তাঁর বীজতলার ছোট ছোট ধানের চারা নুয়ে পড়ছে। তিনি এখন পুনরায় বীজ বোপনের কথা ভাবছেন, কিন্তু এজন্য তাঁকে অনেক টাকা ব্যয় করতে হবে।

তিনি আরও জানিয়েছেন, গত কয়েকদিন ধরে স্যালো মেশিন দিয়ে বীজতলার পানি নিষ্কাশনের ব্যবস্থা করেছেন। নিজেদের শ্রমিক নিয়োগ করে পানির নিষ্কাশনের চেষ্টা করেছেন। তবে দেখা যাচ্ছে, চারা গুলো হলুদ থেকে লাল হয়ে যাচ্ছে। তিনি উপ- সহকারী কৃষি কর্মকর্তাকে জানিয়েছিলেন, তিনি পুনরায় বীজতলা তৈরি করতে বলেছেন। গাছগুলো দিয়ে ধান রোপণ করা সম্ভব হবে না বলে পরামর্শ দিয়েছেন কৃষি কর্মকর্তা।

শুধু কামাল উদ্দিনের এ অবস্থা নয়, উপজেলার ১১টি ইউনিয়ন এবং একটি পৌরসভার সব এলাকাতেই একই সমস্যা দেখা দিয়েছে। বিশেষ করে চরকিং ও চরঈশ্বর ইউনিয়নে সবজি চাষের জন্য বিখ্যাত। কিন্তু ভারি বর্ষণের সময়ে এই দুই ইউনিয়নের অধিকাংশ সবজি খেত তলিয়ে গেছে এবং এখন পানি চলে যাওয়ার পর সবজি গাছগুলো গোড়ায় পচা যাচ্ছে। অনেক কৃষক নিজেরা ঋণ নিয়ে এই সবজি চাষ শুরু করেছেন এবং এখন তাঁরা ক্ষেতে বসে মাথায় হাত নিয়ে সময় কাটাচ্ছেন।

চরঈশ্বর ইউনিয়নের পূর্ব গামছাখালী গ্রামে কৃষকদের মধ্যে একজন, মোতাহের হোসেন, জানান, তিনি প্রায় এক একর জমিতে ঝিংগা চাষ করেছেন। কিন্তু টানা বর্ষণে গাছের গোড়া পচে গেছে এবং এখন গাছ লাল হয়ে যাচ্ছে। অনেক গাছ এখনো সতেজ মনে হলেও অধিকাংশ গাছ মরে যাচ্ছ। তিনি এখন নতুন করে সবজি চাষের চেষ্টা করছেন। মোতাহের উদাহরণ থেকে বুঝা যাচ্ছে, এনজিও থেকে টাকা নিয়ে তিনি এই সবজি ক্ষেত তৈরি করেছেন। এতে প্রায় দুই লাখ টাকা ব্যয় হয়েছে।

গামছাখালী গ্রামের প্রবীন কৃষক নাজিম উদ্দিন বলছেন, কৃষকরা অতি বৃষ্টির কথা চিন্তা করে সবজি ক্ষেতে উঁচু আড়া বেঁধে চাষ করেছেন। কিন্তু অতিরিক্ত বৃষ্টিতে তাও পানিতে তলিয়ে গেছে। হাতিয়ার প্রতিটি ইউনিয়নে সবজি চাষের অবস্থা এখন অত্যন্ত উদ্বেগজনক। সরকারিভাবে বীজ, সার ও কীটনাশক দেওয়া হয় বিভিন্ন সময়, কিন্তু এবার নগদ অর্থ না দেওয়া হলে কৃষকরা উঠে দাঁড়াতে পারবেন না। কারণ অনেকেই নিজেদের সহায় ও মূলধন খরচ করেছেন এই চাষে। দিয়ে সরকারের সহায়তা ছাড়া নতুন করে সবজি চাষ সম্ভব হবে না।

নাজিম আরও জানান, গত ১০ বছরে হাতিয়াতে এমন বৃষ্টি হয়নি। কৃষকরা এ জন্য আগাম প্রস্তুতি নিতে পারেননি, তাই ক্ষতির পরিমাণ অনেক বেশি। উপজেলা কৃষি অফিস জানায়, টানা বর্ষণে উপজেলার বিভিন্ন ইউনিয়নে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে প্রায় ২১ হাজার ৫২০ হেক্টর আউশ ধান, ১ হাজার ৯২০ হেক্টর আমন বীজতলা, ৯৫০ হেক্টর মৌসুমি শাকসবজি, ৫৮ হেক্টর বিভিন্ন ফলের বাগান, ৪ হেক্টর মরিচ, এবং ১০ হেক্টর পানের বরজ ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে ৮০ হাজার কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে। আনুমানিক ক্ষতির পরিমাণ ২০ কোটি টাকা।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল বাছেদ সবুজ জানান, প্রতিটি ইউনিয়নে উপসহকারী কৃষি কর্মকর্তারা কাজ করছেন। তাঁরা ক্ষতিগ্রস্ত জমিতে গিয়ে কৃষকদের পরামর্শ দিচ্ছেন। টানা বৃষ্টিতে হাতিয়াতে সবচেয়ে বেশি ক্ষতি কৃষকের হয়েছে। ইতোমধ্যে আমরা একটি প্রতিবেদন জেলা অফিসে পাঠিয়েছি, তাতে ইউনিয়নভিত্তিক ক্ষয়ক্ষতির বর্ণনা দেওয়া হয়েছে। আশা করি দ্রুত সময়ের মধ্যে ক্ষতিগ্রস্ত কৃষকের জন্য বরাদ্ধ দেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সবুজায়নে দীঘিনালায় সেনাবাহিনী কর্তৃক ২৬ হাজার চারা বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ লোকমান হোসেন, খাগড়াছড়ি প্রতিনিধি

রবিবার, ১৯ই জুলাই, ২০২৬ ইং

১২:৩৪ পি.এম


সবুজায়নে দীঘিনালায় সেনাবাহিনী কর্তৃক ২৬ হাজার চারা বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন সম্প্রসারণ এবং বৃক্ষরোপণে জনসচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে খাগড়াছড়ির দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে ২৬ হাজার ফল ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে।

রোববার (১৯ জুলাই) সকালে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত দীঘিনালা জোনসহ উপজেলার বিভিন্ন সাবজোনে একযোগে এ কর্মসূচিটি বাস্তবায়ন করা হয়। এর মাধ্যমে দীঘিনালা জোন থেকে ৭ হাজার এবং অন্যান্য সাবজোন থেকে ১৯ হাজারসহ মোট ২৬ হাজার চারা স্থানীয় বাসিন্দা, শিক্ষাপ্রতিষ্ঠান ও বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে বিতরণ করা হয়েছে।

দীঘিনালা জোনে আয়োজিত চারা বিতরণ কর্মসূচির উদ্বোধনে উপস্থিত ছিলেন ৪ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উপ-অধিনায়ক মেজর শিহাবুন সাকিব রুশাদ, পিএসসি; অ্যাডজুট্যান্ট ক্যাপ্টেন আব্দুল্লাহ আল আজমী। এছাড়া কবাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নলেজ চাকমা, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে যে, পার্বত্য অঞ্চলের জীববৈচিত্র্য সংরক্ষণ, বনজ সম্পদ বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা করতে বৃক্ষরোপণের বিকল্প নেই। এই লক্ষ্যকে সামনে রেখে প্রতিবছরের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে স্থানীয় জনগণের মাঝে ফল ও বনজ গাছের চারা বিতরণ করা হচ্ছে।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা সেনাবাহিনীর এই পরিবেশবান্ধব উদ্যোগের প্রশংসা করেন। একই সঙ্গে বিতরণ করা চারাগুলো যথাযথভাবে রোপণ ও নিয়মিত পরিচর্যা করার মাধ্যমে সবুজ পরিবেশ গড়ে তুলতে সকলকে আহ্বান জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইন্দোনেশিয়ায় নৌকাডুবির পর তিন দিন সাগরে ভেসে থাকা পাঁচজনকে উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ১৯ই জুলাই, ২০২৬ ইং

১২:৩৬ পি.এম


ইন্দোনেশিয়ায় নৌকাডুবির পর তিন দিন সাগরে ভেসে থাকা পাঁচজনকে উদ্ধার

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে যাত্রীবাহী নৌকাডুবির পর তিন দিন সাগরে ভেসে থাকা পাঁচজনকে উদ্ধার করা গেছে। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে সাত বছর বয়সী একটি শিশুকন্যাও রয়েছে বলে রোববার এক উদ্ধার কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন।

গত বুধবার বড় দ্বীপ সুলাওয়েসির দক্ষিণে ছোট দ্বীপ সেলার-এর কাছাকাছি যাত্রাকালে ৭০ জনের বেশি যাত্রী বহনকারী নৌকাটি ডুবে যায়।

খবরটি বার্তা সংস্থা এএফপি’র।

উদ্ধার হওয়া ব্যক্তিরা জানান, তারা নিখোঁজ হিসেবে আগে তালিকাভুক্ত ২৫ জনের একটি দলের সঙ্গে ছিলেন। পরে প্রবল বাতাসের কারণে তারা অন্যদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন।

স্থানীয় অনুসন্ধান ও উদ্ধার কর্মকর্তা মুহাম্মদ আরিফ আনোয়ার এএফপিকে বলেন, ‘নৌকাটি ডুবে যাওয়ার পর তারা যে কোনো ধরনের সরঞ্জাম অথবা ভাসমান উপকরণ পেয়েছেন, তা ব্যবহার করে নিজেদের রক্ষা করেন।’

তিনি আরও জানান, তারা দড়ি দিয়ে জেরিক্যান ও কর্কের টুকরা একসঙ্গে বেঁধে একটি ভাসমান ব্যবস্থা তৈরি করেন এবং তার ওপর উঠে ভেসে ছিলেন।

আরিফ জানান, শনিবার বিকেলে স্থানীয় জেলেরা তাদের উদ্ধার করেন এবং সহায়তার জন্য কর্তৃপক্ষকে রেডিও বার্তা পাঠান।

আরিফ বলেছেন, পর্যাপ্ত খাবার ও পানি ছাড়া কয়েক দিন সাগরে ভেসে থাকার কারণে উদ্ধার হওয়া ব্যক্তিদের ক্লান্ত ও দুর্বল দেখাচ্ছিল। তবে, তারা ইনস্ট্যান্ট নুডলস এবং বিস্কুট খেয়ে নিজেদের বাঁচিয়ে রাখতে সক্ষম হয়েছেন।

আরিফ জানান, নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে এখনও অভিযান চলছে। এ কাজে পাঁচটি বড় জাহাজ, একটি অনুসন্ধানী বিমান এবং একটি হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে।

উদ্ধারকারীরা জানিয়েছেন, নৌকাটির যাত্রী তালিকায় ৫০ জনের নাম ছিল। তবে, পরবর্তী যাচাইয়ে দেখা যায়, নৌকাটিতে মোট ৭৮ জন যাত্রী ছিলেন।

ইন্দোনেশিয়ায় নৌকার প্রকৃত যাত্রী সংখ্যা এবং সরকারি তালিকার সংখ্যার মধ্যে পার্থক্য থাকা একটি সাধারণ ঘটনা। এই দেশের দুর্বল নিরাপত্তা ব্যবস্থা এবং প্রতিকূল আবহাওয়ার কারণে নৌ দুর্ঘটনা প্রায়ই ঘটে।

এর আগে জানুয়ারিতে পূর্ব ইন্দোনেশিয়ায় একটি নৌকা ডুবে গেলে তিনজন স্প্যানিশ পর্যটক নিহত হন। উদ্ধারের অভিযান শেষ হওয়ার পর কর্তৃপক্ষ ১০ বছর বয়সী একটি শিশুকে সরকারি হিসাবে নিখোঁজ হিসেবে তালিকাভুক্ত করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%