০৮:১৯ পি.এম
ভারতের বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী কখনোই দেশের প্রধানমন্ত্রী হতে পারবেন না বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি কংগ্রেসের বিরুদ্ধে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) কার্যক্রমের বিরোধিতা করার জন্য তীব্র সমালোচনা করেছেন। অমিত শাহ অভিযোগ করেছেন যে, কংগ্রেস অনুপ্রবেশকারীদের ভোটব্যাংক রক্ষা করতেই এসআইআরের বিরোধিতা করছে।
সোমবার হায়দরাবাদে আয়োজিত এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে অমিত শাহ এসব কথা বলেন। তিনি প্রশ্ন তোলেন, ভোটার তালিকা সংশোধনের কারণে কংগ্রেস নির্বাচনে পরাজিত হচ্ছে বলে দাবি করলে, যেসব রাজ্যে তারা ক্ষমতার বাইরে রয়েছে, সেখানে কেন তারা সরকার গঠন করতে পারছে না?
অমিত শাহ বলেন, কংগ্রেস ও তাদের সহযোগীরা এসআইআর প্রক্রিয়া বন্ধ করতে চায়। তিনি উল্লেখ করেন যে, অনুপ্রবেশকারীরাই কংগ্রেসের ভোটের প্রধান ভরসা। ভুয়া ভোটের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার লক্ষ্যেই তারা ভোটার তালিকা সংশোধনের বিরোধিতা করছে। তিনি অভিযোগ করেন যে, ভোটার তালিকা থেকে অযোগ্য ব্যক্তিদের নাম বাদ দেওয়ার উদ্যোগ বাধাগ্রস্ত করতেই কংগ্রেস এমন অবস্থান নিয়েছে।
আরও পড়ুন: বাংলাদেশের পোশাকশিল্প: সংকট ও উত্তরণের জন্য জাতীয় কর্মপরিকল্পনার প্রয়োজন
রাহুল গান্ধীর ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ দেওয়ার দাবিও অমিত শাহ নাকচ করেন। তার দাবি, বাদ পড়া নামগুলোর মধ্যে প্রায় ৬ কোটি ২৫ লাখ মানুষ অন্যত্র চলে গেছেন এবং প্রায় ২ কোটি ৮০ লাখ থেকে ৩ কোটি মানুষ মারা গেছেন।
এ প্রসঙ্গে রাহুল গান্ধীকে উদ্দেশ্য করে তিনি বলেন, যারা অন্য এলাকায় চলে গেছেন, তাদের কি একাধিক জায়গায় ভোট দেওয়ার সুযোগ থাকা উচিত? যারা মারা গেছেন, তাদের নাম কি ভোটার তালিকায় রেখে দেওয়া প্রয়োজন? মৃত ব্যক্তিদের হয়ে শেষ পর্যন্ত কারা ভোট দেবেন?
এদিকে, তেলেঙ্গানার কংগ্রেস সরকারকেও আক্রমণ করেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি অভিযোগ করেন, রাজ্যের সম্পদকে দিল্লির ক্ষমতাকেন্দ্রের জন্য ‘এটিএম’ হিসেবে ব্যবহার করা হচ্ছে।
এছাড়া, কংগ্রেস নেতৃত্বাধীন সংযুক্ত প্রগতিশীল জোটের (ইউপিএ) সাবেক সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে অমিত শাহ বলেন, ওই সরকারের আমলে ১২ লাখ কোটি রুপির দুর্নীতি হয়েছিল।
আরও পড়ুন: মধ্যপ্রাচ্য বদলাতে গিয়ে বদলে যাচ্ছে যুক্তরাষ্ট্র-ইসরাইল: ইরান
এআরবি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন