বৃহস্পতিবার, ৩ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৮:৪৫ পি.এম
ঢাকা, ৩ সেপ্টেম্বর, ২০২৬ : বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছেন যে, আন্তর্জাতিক বাজারের পরিস্থিতি এবং দেশের অভ্যন্তরীণ উৎপাদন ও প্রক্রিয়াকরণের ব্যয়ের ভিত্তিতে ভোজ্যতেলের দাম নির্ধারণ করা হয়।
আজ সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী উল্লেখ করেন, সয়াবিন তেল সম্পূর্ণরূপে আমদানি-নির্ভর পণ্য হওয়ায় আন্তর্জাতিক বাজারে দামের ওঠানামা দেশের বাজারে সরাসরি প্রভাব ফেলে। আমদানিকৃত তেলের দাম নির্ধারণের জন্য বাণিজ্য মন্ত্রণালয়ের নির্ধারিত হিসাব পদ্ধতি রয়েছে। এই পদ্ধতিতে এফওবি মূল্যের সাথে জাহাজ ভাড়া, খালাস ব্যয়, বিমা, পরিশোধন ব্যয়, পরিবহন এবং অপচয়জনিত খরচ যুক্ত করে চূড়ান্ত দাম নির্ধারণ করা হয়।
তিনি আরও বলেন, যদি আমদানিকারকরা দীর্ঘ সময় ধরে লোকসানে থাকেন, তাহলে বাজারে সরবরাহ সংকট দেখা দিতে পারে। তাই সরবরাহ স্বাভাবিক রাখতে এবং ব্যবসায়ীদের লোকসান থেকে সুরক্ষা দিতে বাজারে একটি যৌক্তিক ভারসাম্য বজায় রাখা জরুরি।
বাজার নিয়ন্ত্রণে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে বাণিজ্যমন্ত্রী বলেন, ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে প্রতি মাসে প্রায় ৭৮ লাখ পরিবারকে ভর্তুকি মূল্যে নিত্যপণ্য সরবরাহ করা হচ্ছে। দুই ঈদ উপলক্ষে খোলা ট্রাকে পণ্য বিক্রির পাশাপাশি খাদ্য মন্ত্রণালয়ের অধীনে নিয়মিত ওএমএস কার্যক্রমও চলমান রয়েছে। একই সাথে কৃত্রিম সংকট প্রতিরোধে আমদানিকারকদের ঋণপত্র খোলা এবং আমদানির সরবরাহ পরিস্থিতি নিয়মিত তদারক করা হচ্ছে।
চিনির বাজার পরিস্থিতি সম্পর্কে তিনি জানান, দেশের শীর্ষস্থানীয় পরিশোধনকারী প্রতিষ্ঠান মেঘনা গ্রুপের কাছে পর্যাপ্ত অপরিশোধিত চিনি মজুদ রয়েছে। ইউটিলিটি-সংক্রান্ত সমস্যার কারণে সাময়িক উৎপাদন ব্যাহত হলেও দ্রুত সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।
সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামো বিষয়ে মন্ত্রী বলেন, দীর্ঘ ১১ বছর তাদের বেতন সমন্বয় করা হয়নি। বর্তমান মূল্যস্ফীতির প্রেক্ষাপটে বেতন সমন্বয় একটি যৌক্তিক পদক্ষেপ। তবে নতুন বেতন কাঠামো একবারে কার্যকর হবে না, বরং আগামী বছরের জুলাই পর্যন্ত ধাপে ধাপে কার্যকর হবে। ফলে বাজারে আকস্মিক মূল্যবৃদ্ধির আশঙ্কা নেই।
সুগন্ধি চাল রপ্তানির প্রসঙ্গে তিনি জানান, অনুমোদনের বিপরীতে এ পর্যন্ত মাত্র আড়াই হাজার টন চাল রপ্তানি হয়েছে। নির্ধারিত সময়ে যারা চাল রপ্তানি করতে পারেননি, তাদের অনুমোদন উল্লেখযোগ্য হারে বাতিল বা কমানো হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ৩ সেপ্টেম্বর, ২০২৬ : জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন সংস্থা (ইউএনসিটিএডি) বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ উন্নয়নে গৃহীত বিভিন্ন উদ্যোগকে কার্যকর বাস্তবায়নের জন্য অনুসরণযোগ্য উদাহরণ হিসেবে তুলে ধরেছে।
আজ ইনভেস্ট বাংলাদেশের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
জেনেভায় অনুষ্ঠিত ইউএনসিটিএডি (আঙ্কটার্ড)-এর বিনিয়োগ, উদ্যোগ ও উন্নয়ন কমিশনের ১৬তম অধিবেশনে বাংলাদেশের বিনিয়োগ নীতি এবং পরিবেশ উন্নয়নে অগ্রগতির বিষয়টি বিশেষভাবে আলোচিত হয়। বৈশ্বিক অর্থনীতি, সরবরাহ ব্যবস্থা এবং বিনিয়োগ প্রবাহে পরিবর্তনের প্রেক্ষাপটে উন্নয়নশীল দেশগুলো কীভাবে তাদের বিনিয়োগ নীতি নতুন বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য করছে, সে বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
এই আলোচনায় বাংলাদেশ এবং তিউনিসিয়াকে দুটি গুরুত্বপূর্ণ উদাহরণ হিসেবে উপস্থাপন করা হয়। উভয় দেশের উদ্যোগ এবং অর্জনকে অন্যান্য উন্নয়নশীল অর্থনীতির জন্য অনুসরণযোগ্য মডেল হিসেবে উল্লেখ করা হয়।
অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন ইনভেস্ট বাংলাদেশের নির্বাহী সদস্য নাহিয়ান রহমান রোচি। তিনি বিনিয়োগ পরিবেশ উন্নয়নে বাংলাদেশের বাস্তবায়ন কেন্দ্রিক উদ্যোগ তুলে ধরে বলেন, "বিনিয়োগ পরিবেশ উন্নত করতে হলে বাস্তব বাধাগুলো দূর করতে হবে।" এর মধ্যে নিরাপত্তা ছাড়পত্র দ্রুত দেওয়া, বৈদেশিক অর্থায়ন সহজ করা, মূলধন প্রত্যাবাসনের প্রক্রিয়া স্পষ্ট করা, ডিজিটাল সেবা সম্প্রসারণ এবং সরকারি সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানো অন্যতম।
নাহিয়ান রহমান রোচি আরও বলেন, "গত বছর এসব অঙ্গীকার প্রকাশ্যে ঘোষণা করার পাশাপাশি অগ্রগতি পর্যবেক্ষণ ও ফলাফল প্রকাশ করা হয়েছে।" বর্তমানে ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে এবং এর ফলাফলও শিগগির প্রকাশ করা হবে। তিনি উল্লেখ করেন, "এ ধরনের জবাবদিহির চর্চা উদ্যোগগুলোর মতোই গুরুত্বপূর্ণ।"
বাংলাদেশ বিষয়ক আলোচনার ভিত্তি ছিল ইউএনসিটিএডি’র বাংলাদেশের বিনিয়োগ নীতি পর্যালোচনার সুপারিশ বাস্তবায়ন শীর্ষক প্রতিবেদন। এই প্রতিবেদনে ২০১৩ সালে প্রকাশিত বাংলাদেশের প্রথম বিনিয়োগ নীতি পর্যালোচনার সুপারিশ বাস্তবায়নের অগ্রগতি মূল্যায়ন করা হয়েছে। প্রতিবেদনে নিয়ন্ত্রক প্রক্রিয়া, প্রাতিষ্ঠানিক সমন্বয়, ডিজিটাল বিনিয়োগসেবা এবং বিনিয়োগ উন্নয়ন সক্ষমতা বৃদ্ধিতে বাংলাদেশের অগ্রগতির কথা উল্লেখ করা হয়।
ইউএনসিটিএডি’র ২০২৬ সালের বিশ্ব বিনিয়োগ প্রতিবেদনেও বৈশ্বিক বিনিয়োগের প্রেক্ষাপটে বাংলাদেশের অবস্থানের স্বীকৃতি পাওয়া গেছে। প্রতিবেদনে গত বছর গ্রিনফিল্ড বিনিয়োগ পাওয়া স্বল্পসংখ্যক স্বল্পোন্নত দেশের মধ্যে বাংলাদেশকে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে দেশে নিট প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ ৩৯ দশমিক ৩৬ শতাংশ বেড়ে ১৭৭ কোটি মার্কিন ডলারে দাঁড়িয়েছে। একই প্রতিবেদনে ২০২৫ সালে বৈদেশিক মুদ্রাসংক্রান্ত বিধিনিষেধ শিথিল করা দেশগুলোর মধ্যেও বাংলাদেশের নাম উল্লেখ করা হয়েছে। ইউএনসিটিএডি এ ধরনের পদক্ষেপকে বিদেশি বিনিয়োগকারীদের জন্য বিনিয়োগ পরিবেশ সহজ করার উদ্যোগ হিসেবে চিহ্নিত করেছে।
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ এবং সরকারি-বেসরকারি অংশীদারিত্ব কর্তৃপক্ষকে একীভূত করে ইনভেস্ট বাংলাদেশ গঠন করা হয়েছে। এর ফলে বিনিয়োগ সহায়তা, অর্থনৈতিক অঞ্চল এবং সরকারি-বেসরকারি অংশীদারিত্ব কার্যক্রম একটি প্রতিষ্ঠানের আওতায় এসেছে।
বিনিয়োগকারীদের জন্য আরও সহজ ও সমন্বিত প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলার প্রয়োজন থেকেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে এর মাধ্যমে ইউএনসিটিএডি’র বিনিয়োগ নীতি পর্যালোচনায় দেওয়া একটি গুরুত্বপূর্ণ সুপারিশও বাস্তবায়িত হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ৩ সেপ্টেম্বর, ২০২৬ : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের একটি অভিযানে ১৬৭ জনকে গ্রেফতার করা হয়েছে।
আজ ডিএমপির প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, বুধবার বিভিন্ন অপরাধ প্রবণ এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে মিরপুর থানায় ৪২ জন, শাহ আলী থানায় ২১ জন, পল্লবী থানায় ৫২ জন, কাফরুল থানায় ১৪ জন, দারুস সালাম থানায় ১৫ জন, রূপনগর থানায় ১৬ জন এবং ভাষানটেক থানায় ৭ জন রয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মাদারীপুরের কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন কিশোর কুমার দাস। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) অপরাহ্নে তিনি কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে যোগদান করেন।
দায়িত্ব গ্রহণের পর নবনিযুক্ত ইউএনও কিশোর কুমার দাস উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা বাড়ানো এবং সরকারি সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ড সুষ্ঠুভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।
তিনি বলেন, সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া এবং জনগণের হয়রানি কমিয়ে প্রশাসনের সঙ্গে মানুষের দূরত্ব কমানো তার অন্যতম প্রধান লক্ষ্য। পাশাপাশি কালকিনিকে আরও আধুনিক, পরিচ্ছন্ন ও নাগরিকবান্ধব উপজেলা হিসেবে গড়ে তুলতে তিনি কাজ করতে চান।
যোগদানকালে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও সাংবাদিকরা নবনিযুক্ত ইউএনওকে ফুলেল শুভেচ্ছা জানান এবং তার দায়িত্ব পালনে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
নতুন ইউএনওর যোগদানে উপজেলা প্রশাসনের কার্যক্রমে আরও গতি আসবে এবং সাধারণ মানুষ কাঙ্ক্ষিত সেবা পাবেন—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ৩ সেপ্টেম্বর, ২০২৬ : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রী মির্জা আব্বাস শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন।
আজ বৃহস্পতিবার সংসদ অধিবেশন শেষ হওয়ার পর তিনি গাড়ি থেকে নেমে হুইলচেয়ারে করে সমাধিস্থলে পৌঁছান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন দলের নেতা-কর্মী ও সমর্থকরা।
মির্জা আব্বাস প্রয়াত দুই নেতার কবরে পুষ্পস্তবক অর্পণ করে তাঁদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এরপর তিনি কিছু সময় নীরবে দাঁড়িয়ে থেকে ফাতেহা পাঠ করেন এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করেন।
এর আগে, চিকিৎসা শেষে গতকাল বুধবার রাতে পাঁচ মাস পর মালয়েশিয়া থেকে দেশে ফেরেন মির্জা আব্বাস।
তালাশ বিডি/মিডিয়া লিঃ