ঢাকা শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৮শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ইং ২৮শে কার্তিক, ১৪৩২বাং

পাকিস্তানের অর্থনীতি আইসিইউ থেকে বেরিয়ে আসা রোগীর মতো: ড. নিয়াজ মুর্তজা


পাকিস্তানের অর্থনীতি আইসিইউ থেকে বেরিয়ে আসা রোগীর মতো: ড. নিয়াজ মুর্তজা

পাকিস্তানের অর্থনীতি স্থিতিশীল হওয়ার দাবি করা হলেও, গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সূচকগুলো এখনও দুর্বল অবস্থায় রয়েছে। ২০২৪ সাল থেকে দেশটির মাথাপিছু জিডিপি প্রবৃদ্ধি প্রায় শূন্যের কাছাকাছি অবস্থান করছে। একই সময়ে, দারিদ্র্য বেড়েছে, বিনিয়োগ ও রপ্তানি কমেছে। ঋণের সুদ পরিশোধে সরকারের বিপুল অর্থ ব্যয় হওয়ায় উন্নয়ন খাতে বিনিয়োগের সুযোগ সংকুচিত হচ্ছে।

পাকিস্তানের রাজনৈতিক অর্থনীতিবিদ ড. নিয়াজ মুর্তজা এক নিবন্ধে এসব বিষয় উল্লেখ করেছেন। ‘ইকোনমিক ইলস’ শিরোনামে প্রকাশিত নিবন্ধে তিনি দেশটির অর্থনীতির বিভিন্ন দুর্বলতা তুলে ধরেছেন। তার মতে, পাকিস্তানের অর্থনৈতিক সংকটের পেছনে অদক্ষতা ছাড়াও দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক ব্যবস্থার ভূমিকা রয়েছে।

নিয়াজ মুর্তজা বলেন, "পাকিস্তানের অর্থনীতি অনেকটা নিবিড় পরিচর্যাকেন্দ্র (আইসিইউ) থেকে বেরিয়ে আসা, কিন্তু এখনো হাসপাতালে চিকিৎসাধীন রোগীর মতো।" ২০২৪ সাল থেকে দেশটির মাথাপিছু জিডিপি প্রবৃদ্ধি প্রায় শূন্য। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে এটি সবচেয়ে ধীর প্রবৃদ্ধির হার। সাম্প্রতিক সময়ে প্রবৃদ্ধি কিছুটা বাড়লেও তা ছিল স্বল্পস্থায়ী ও আমদানিনির্ভর। পরবর্তীতে সেই প্রবৃদ্ধি দীর্ঘস্থায়ী মন্দায় রূপ নিয়েছে। এর ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমেছে এবং পাকিস্তান আবারও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কঠোর শর্তের মুখোমুখি হয়েছে।

আরও পড়ুন: মুম্বাইয়ে অমিতাভের বাড়িসহ একাধিক স্থানে বোমা বিস্ফোরণের হুমকি

এক সময় মাথাপিছু জিডিপির দিক থেকে দক্ষিণ এশিয়ার শীর্ষ দেশগুলোর কাতারে থাকলেও, বর্তমানে এটি একেবারে তলানিতে নেমে যাওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। মানুষের আয় স্থবির হয়ে পড়ায় পাল্লা দিয়ে বাড়ছে দারিদ্র্য। বর্তমানে দেশে চরম দারিদ্র্যের হার ২৩ শতাংশ। এটি এশিয়া অঞ্চলের দেশগুলোর মধ্যে প্রায় সর্বনিম্ন অবস্থানে রয়েছে। ২০১১ সালে ভারতের সঙ্গে এই হার প্রায় সমান থাকলেও, বর্তমানে দেশের চরম দারিদ্র্যের হার ভারতের তুলনায় প্রায় ১০ গুণ বেশি।

মোট দেশজ উৎপাদন (জিডিপি)র কাঠামোতেও হতাশাজনক চিত্র ফুটে উঠেছে। দেশের জিডিপির ৮২ শতাংশই ভোগব্যয়নির্ভর, অথচ বিনিয়োগের হার মাত্র ১৪ শতাংশ; এই দুই সূচকেই দেশটি দক্ষিণ এশিয়ার সবচেয়ে খারাপ অবস্থানে রয়েছে। যেখানে ভারত ও চীন তাদের জিডিপির ৩০ শতাংশের বেশি বিনিয়োগ করে বর্তমান ও ভবিষ্যতের জন্য কর্মসংস্থান ও উৎপাদন সক্ষমতা তৈরি করছে, সেখানে পাকিস্তান কেবল ভোগবিলাসেই মত্ত রয়েছে। কর্মসংস্থান, প্রযুক্তি ও রপ্তানি প্রবৃদ্ধিকে সীমাবদ্ধ করে দিয়ে গত ৫০ বছরেরও বেশি সময় ধরে জিডিপিতে শিল্প খাতের অবদান মাত্র এক-পঞ্চমাংশের কাছাকাছি আটকে আছে। অথচ ভারত ও শ্রীলঙ্কায় এই হার এক-চতুর্থাংশ এবং বাংলাদেশে এক-তৃতীয়াংশ।

কম বিনিয়োগের কারণে প্রবৃদ্ধি কম হচ্ছে ঠিকই, তবে এই পুঁজির উৎস ও গন্তব্যও সমান গুরুত্বপূর্ণ। পাকিস্তানের দেশীয় পুঁজিকে উপেক্ষা করে কেবল বিদেশি পুঁজির পেছনে ছোটা হচ্ছে। বিদেশি পুঁজির মূল শর্ত হওয়া উচিত যে, তা যে পরিমাণ ডলার দেশে ফেরত পাঠাবে, তার চেয়ে বেশি ডলার আয় ও সাশ্রয় করবে এবং স্থানীয়ভাবে কর্মসংস্থান ও সক্ষমতা তৈরি করবে। কিন্তু দেশে বিদেশি পুঁজি আসছে মূলত অভ্যন্তরীণ খাতগুলোতে, যা পরবর্তীতে উল্টো বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমিয়ে দিচ্ছে। সমকক্ষ অন্যান্য দেশগুলোর মতো বৈচিত্র্যময় বেসরকারি পুঁজিকে অগ্রাধিকার না দিয়ে কেবল গুটিকয়েক ধনী রাষ্ট্রের পেছনে ছোটা হচ্ছে। স্থানীয় সঞ্চয় ও পুঁজি বাড়ানোর সৃজনশীল পথগুলো পরিহার করার ফলে দেশ পুঁজি সংকটে ভুগছে, অন্যদিকে দ্রুত রিজার্ভ হারিয়ে ধনী রাষ্ট্রগুলোর দাম্ভিক খামখেয়ালিপনার ঝুঁকিতে পড়ছে।

রপ্তানি খাতে পুঁজির এই খরা পাকিস্তানে ডলার ও কর্মসংস্থানের তীব্র সংকট তৈরি করেছে। ১৯৯২ সালে জিডিপিতে রপ্তানির অবদান সর্বোচ্চ ১৭ শতাংশে পৌঁছালেও, বর্তমানে তা জিডিপির এক-দশমাংশেও পৌঁছাতে পারছে না। এটি দক্ষিণ এশিয়ার দ্বিতীয় সর্বনিম্ন হার, এমনকি যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানেরও নিচে। পরিমাণের পাশাপাশি রপ্তানি পণ্যের নিম্নমান পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। হার্ভার্ডের ইকোনমিক কমপ্লেক্সিটি ইনডেক্সে ১৪৫টি দেশের মধ্যে দেশের অবস্থান ৮৯তম। ফলে আন্তর্জাতিক বাজারে তীব্র প্রতিযোগিতার মুখে পড়লেও, পাকিস্তানের রপ্তানি থেকে আয় হচ্ছে খুবই সামান্য। রপ্তানি আয় দিয়ে আমদানি ব্যয় মেটানো সম্ভব হচ্ছে না, যার ফলে তৈরি হচ্ছে বিশাল বাণিজ্য ঘাটতি।

আরও পড়ুন: ফুজাইরাহ আমিরাতে ২৩ গাড়ির সংঘর্ষে ১৪ জন নিহত

এই হতাশাজনক পরিসংখ্যানগুলো একটি ডুবন্ত অর্থনীতিরই প্রতিচ্ছবি। প্রবাসী আয় বা রেমিট্যান্স এই বিশাল ঘাটতি কিছুটা পূরণ করার চেষ্টা করছে বটে, কিন্তু রপ্তানি খাত শ্রমিকদের নিজ দেশে রেখে পরিবারগুলোকে অটুট রাখে, দেশে কর্মসংস্থান সৃষ্টি করে, ডলার আয় করে এবং সরকারকে কর দেয়। অন্যদিকে রেমিট্যান্স পরিবারগুলোকে বিচ্ছিন্ন করে এবং সরাসরি কর্মসংস্থান সৃষ্টি বা কর প্রদানে ভূমিকা রাখে না। রেমিট্যান্স মূলত ভোগব্যয়কে উসকে দেয়, যেখানে রপ্তানি পরিচালিত হয় বিনিয়োগের মাধ্যমে। পণ্য রপ্তানির চেয়ে বিদেশে শ্রমিক পাঠানো সহজ হওয়ায় বর্তমানে রেমিট্যান্সের পরিমাণ প্রায় রপ্তানি আয়ের সমান হয়ে দাঁড়িয়েছে, অথচ ভারত রেমিট্যান্সের তুলনায় রপ্তানি থেকে ছয় গুণ বেশি আয় করে। তা সত্ত্বেও দেশে প্রায়ই বড় ধরনের বহিঃখাতের ঘাটতি তৈরি হচ্ছে, যা সাময়িক অর্থনৈতিক চাঙাভাবকে মন্দায় রূপ দিয়ে চরম সংকটের দিকে ঠেলে দিচ্ছে।

নিম্ন প্রবৃদ্ধি এবং দুর্বল পদক্ষেপের কারণে সরকারি কোষাগারও শূন্যপ্রায়। রাজস্ব আয় জিডিপির মাত্র ১১ শতাংশে পৌঁছেছে, যা দক্ষিণ এশিয়ার মধ্যে অন্যতম সর্বনিম্ন। ২০২১-২২ অর্থবছরে মোট কর লক্ষ্যমাত্রার প্রায় দুই-তৃতীয়াংশ আসত দারিদ্র্যবিরোধী পরোক্ষ কর থেকে, যা বর্তমানে কমে অর্ধেকে দাঁড়িয়েছে। নতুন করে আরোপিত প্রত্যক্ষ করগুলো চাকরিজীবী ও আনুষ্ঠানিক শিল্প খাতের পকেটে বাড়তি চাপ সৃষ্টি করছে, অথচ প্রভাবশালী ও সুবিধাপ্রাপ্ত খাতগুলো নামমাত্র কর দিচ্ছে। সরকারি ব্যয়ের ক্ষেত্রেও উন্নয়নের চেয়ে রক্ষণাবেক্ষণ বা অনুৎপাদনশীল খাতকে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে। কেন্দ্রীয় বাজেটের প্রতি এক টাকার মধ্যে ৯০ পয়সারও বেশি খরচ হচ্ছে পরিচালন বা অনুৎপাদনশীল খাতে, আর উন্নয়ন খাতকে সান্ত্বনা খুঁজতে হচ্ছে মাত্র পাঁচ পয়সা নিয়ে।

রাজস্ব ও বাণিজ্য; এই জোড়া ঘাটতির কারণে সরকারকে সবসময় ঋণের ঝুলি হাতে নিয়ে ঘুরতে হচ্ছে। দেশের সরকারি ঋণ ও জিডিপির অনুপাত ৭৩ শতাংশ, যা জাপান ও সিঙ্গাপুরের ১৫০ শতাংশের বেশি অনুপাতের তুলনায় কম মনে হতে পারে। কিন্তু ঋণ পরিশোধের সক্ষমতাই আমাদের ঋণের বোঝার প্রকৃত ভয়াবহতা তুলে ধরে। কেন্দ্রীয় বাজেটের কত অংশ কেবল ঋণের সুদ পরিশোধে ব্যয় হয়, সেই হিসেবে দেশটি বিশ্বের সবচেয়ে খারাপ অবস্থানে থাকা দেশগুলোর একটি। এখন কেবল বিনিয়োগ বা নিয়মিত ব্যয় মেটাতেই নয়, বরং বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতেও ঋণ নেওয়া হচ্ছে। আইএমএফের ঋণ এবং ধনী রাষ্ট্রগুলোর আমানত; যার বিনিময়ে তারা দেশের ওপর চরম অবমাননাকর অর্থনৈতিক ও রাজনৈতিক শর্ত চাপিয়ে দেয়। সেই ঋণের পরিমাণও পাকিস্তানের ইতিহাসের সর্বোচ্চ রিজার্ভকেও ছাড়িয়ে গেছে। কম বিনিয়োগ ও আমদানিনির্ভর প্রবৃদ্ধি এই জোড়া ঘাটতিকে আরো বাড়িয়ে ঋণের বোঝা স্ফীত করছে, আর সেই ঋণের সুদ পরিশোধ করতে গিয়ে প্রবৃদ্ধির জন্য হাতে কোনো অর্থই অবশিষ্ট থাকছে না; এভাবেই তৈরি হয়েছে এক দুষ্টচক্র।

মূলত এই দুর্বল অর্থনীতি দেশের বিকৃত রাজনীতিরই প্রতিফলন। দরিদ্র দেশগুলোর জন্য যেমন একটি উন্নয়নমূলক রাষ্ট্র প্রয়োজন, তেমনি একটি কল্যাণমূলক রাষ্ট্রও দরকার। কিন্তু পাকিস্তানের রাষ্ট্রটি লোভী শাসকদের দ্বারা পরিচালিত একটি পরজীবী ও উদাসীন রাষ্ট্রে পরিণত হয়েছে। এটি কেবল অযোগ্যতার ট্র্যাজেডি নয়; কারণ সদিচ্ছা থাকলে শাসকরা সহজেই মেধাবীদের নিয়োগ দিতে পারতেন। বরং এটি লুটেরা গোষ্ঠীর একটি সুপরিকল্পিত নকশা, কারণ দেশে প্রকৃত অগ্রগতি হলে তাদের অবৈধ সম্পদ ও ক্ষমতা হারানোর ভয় রয়েছে। এটি কেবল নির্দিষ্ট কয়েকটি সময়ের গল্প নয়; অতীতের স্বৈরশাসনগুলোও সাময়িক প্রবৃদ্ধি দেখিয়েছিল, যা পরবর্তীতে সংঘাতের জন্ম দিয়ে ভবিষ্যতের অগ্রগতিকে বাধাগ্রস্ত করেছে। সঠিক পথে অর্থনৈতিক অগ্রগতি অর্জনের জন্য দেশে অসংখ্য ভালো ধারণা ও পরিকল্পনা রয়েছে, কিন্তু সেগুলোকে সামনে এগিয়ে নেওয়ার এবং সঠিকভাবে বাস্তবায়ন করার মতো মানসিকতাসম্পন্ন নেতৃত্বের অভাব রয়েছে।

আরও পড়ুন: ইরানের সঙ্গে চুক্তির প্রয়োজন নেই, ভ্যান্সকে দুর্নীতি দমনে মনোযোগ দিতে বললেন : ট্রাম্প

ড. নিয়াজ মুর্তজা যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলে থেকে রাজনৈতিক অর্থনীতিতে পিএইচডি করেছেন। তৃণমূল থেকে উচ্চপর্যায় পর্যন্ত ৫০টি দেশে তার ৩০ বছরের কাজের অভিজ্ঞতা রয়েছে। সূত্র : ডন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রবাসী কার্ড নিয়ে প্রতারণার বিষয়ে সতর্কতা জারি করল মন্ত্রণালয়

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:০৫ পি.এম


প্রবাসী কার্ড নিয়ে প্রতারণার বিষয়ে সতর্কতা জারি করল মন্ত্রণালয়

প্রস্তাবিত 'প্রবাসী কার্ড' নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে প্রতারক চক্র প্রবাসীদের কাছ থেকে টাকা আদায়ের চেষ্টা করছে। এই বিষয়ে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানায়, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার ও অগ্রাধিকারভিত্তিক কর্মপরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হলো এই প্রবাসী কার্ড। কার্ডটির চালুর প্রস্তুতি বর্তমানে চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

তবে, মন্ত্রণালয় স্পষ্ট করেছে যে, কার্ডটি এখনো আনুষ্ঠানিকভাবে চালু হয়নি এবং এর আবেদন প্রক্রিয়াও শুরু হয়নি।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, দেশের ভেতরে ও বাইরে কিছু অসাধু ব্যক্তি এবং দালালচক্র প্রবাসী কার্ডের নাম ব্যবহার করে মিথ্যা তথ্য ছড়াচ্ছে। বিশেষ করে, পেনশন সুবিধা এবং দ্রুত কার্ড দেওয়ার বিষয়ে বিভ্রান্তিকর দাবি করে প্রবাসীদের প্রতারণা ও তাদের কাছ থেকে টাকা আদায়ের চেষ্টা করছে তারা।

এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ডের বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।

মন্ত্রণালয় আরও জানায়, কার্ডটি চালু হলে আবেদন প্রক্রিয়া, যোগ্যতার শর্ত এবং সুযোগ-সুবিধা সম্পর্কে বিস্তারিত তথ্য সরকারি গণমাধ্যম, মন্ত্রণালয়ের ওয়েবসাইট এবং এর সরকারি সামাজিক যোগাযোগমাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।

বিশেষভাবে, প্রবাসী কার্ড করে দেওয়ার কথা বলে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা মধ্যস্থতাকারীকে টাকা না দেওয়ার আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।

যদি কেউ এ ধরনের প্রতারণার শিকার হন অথবা প্রতারণামূলক কর্মকাণ্ডের বিষয়ে কোনো তথ্য পান, তাহলে নিকটস্থ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষকে জানানোর অনুরোধ করা হয়েছে।

নিজেদের কষ্টার্জিত অর্থ সুরক্ষিত রাখতে এবং প্রতারণা প্রতিরোধে সরকারের সঙ্গে সহযোগিতা করতে প্রবাসীদের সতর্ক থাকার আহ্বানও জানিয়েছে মন্ত্রণালয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নবম পে স্কেলের গেজেটে নতুন সংশোধন, যেসব পরিবর্তন এলো

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:০৫ পি.এম


নবম পে স্কেলের গেজেটে নতুন সংশোধন, যেসব পরিবর্তন এলো

সরকারের পক্ষ থেকে সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেলের গেজেটে সংশোধনী আনা হয়েছে। পেনশন, আনুতোষিক এবং অবসর-উত্তর ছুটির হিসাব নির্ধারণের জন্য নতুন কিছু ব্যাখ্যা যুক্ত করা হয়েছে। এই সংশোধনের মাধ্যমে ১ জুলাই থেকে কার্যকর হওয়া নতুন বেতনস্কেলের আওতায় যেসব কর্মচারী অবসর-উত্তর ছুটিতে গেছেন বা যাবেন, তাদের সুবিধা নির্ধারণের নিয়মকে স্পষ্ট করা হয়েছে। পাশাপাশি, ছুটি নগদায়নের বিষয়েও নতুন নির্দেশনা প্রদান করা হয়েছে।

গতকাল বুধবার সরকারি গেজেটের অতিরিক্ত সংখ্যায় এই নির্দেশনা প্রকাশিত হয়েছে।

সংশোধিত গেজেটে নিট পেনশন বৃদ্ধির হার, সর্বনিম্ন ও সর্বোচ্চ পেনশনের সীমা এবং আনুতোষিকের হার পূর্বের মতোই রাখা হয়েছে। তবে, মূল বেতন নির্ধারণ, অবসর-উত্তর ছুটির সময় অনুযায়ী পেনশন ও আনুতোষিকের হিসাব, পূর্বে নিষ্পত্তি হওয়া দাবির পুনর্নির্ধারণ এবং পারিবারিক পেনশন ও উৎসব ভাতা বণ্টনে নতুন বিধান যুক্ত করা হয়েছে।

নতুন গেজেটে উল্লেখ করা হয়েছে, ১ জুলাই ২০২৬ থেকে ১১ নভেম্বর নতুন আদেশ জারির তারিখ পর্যন্ত সময়ে জাতীয় বেতনস্কেল, ২০১৫ অনুযায়ী আহরিত মূল বেতনের ভিত্তিতে যদি কোনো কর্মচারীর নিট পেনশন ও আনুতোষিকের দাবি নিষ্পত্তি হয়ে থাকে, তবে প্রযোজ্য ক্ষেত্রে তা পুনর্নির্ধারণ করতে হবে। পুনর্নির্ধারণের ফলে যদি অতিরিক্ত অর্থ প্রাপ্য হয়, তবে তা পরিশোধ করতে হবে।

এছাড়া, নতুন গেজেটে অবসর-উত্তর ছুটি শুরুর তারিখ অনুযায়ী দুটি পৃথক বিধান করা হয়েছে। যেসব কর্মচারীর অবসর-উত্তর ছুটি ১ জুলাই ২০২৬ তারিখে শুরু হয়েছে, তাদের ছুটিকালীন বেতন ও ভাতা জাতীয় বেতনস্কেল, ২০১৫ অনুযায়ী বিশেষ সুবিধাসহ প্রদান করা হবে। ছুটি শেষে তাদের নিট পেনশন ও আনুতোষিক সংশোধিত বিধান অনুযায়ী নির্ধারণ করা হবে।

অন্যদিকে, যেসব কর্মচারীর অবসর-উত্তর ছুটি ২ জুলাই ২০২৬ বা পরবর্তী সময়ে শুরু হয়েছে বা হবে, তাদের ছুটিকালীন বেতন ও ভাতাদি জাতীয় বেতনস্কেল, ২০২৬ অনুযায়ী নির্ধারণ করা হবে। ছুটি শেষে তাঁদের নিট পেনশন ও আনুতোষিকও নতুন বিধানের আলোকে হিসাব করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শাস্তির বিধান থাকলেও কুবিতে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের প্রবণতা বাড়ছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:০৭ পি.এম


শাস্তির বিধান থাকলেও কুবিতে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের প্রবণতা বাড়ছে

পরীক্ষার হলে ছোট কাগজে লিখে নেওয়া উত্তর কিংবা দেয়াল-টেবিলে রাখা নোট—নকলের প্রচলিত পদ্ধতির সঙ্গে বর্তমানে মোবাইল ফোন ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার যুক্ত হয়েছে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) চ্যাটজিপিটি, জিমিনি কিংবা ক্লাউডের মতো এআই টুল ব্যবহার করে অসদুপায় অবলম্বনের অভিযোগ উঠছে।

পরীক্ষায় নকলের দায়ে সেমিস্টার ও কোর্স বাতিল, মানোন্নয়ন পরীক্ষা দেওয়ার সুযোগ হারানোসহ বিভিন্ন শাস্তির বিধান থাকা সত্ত্বেও শিক্ষার্থীদের মধ্যে এই প্রবণতা থামছে না। বিশ্ববিদ্যালয়ের নথি অনুযায়ী, ২০২৫ ও ২০২৬ সালে পরীক্ষায় অসদুপায়ের অভিযোগে ৩৭ জন শিক্ষার্থী শাস্তির মুখোমুখি হয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরসহ গত পাঁচ বছরে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে মোট ৪৯ জন শিক্ষার্থী অভিযুক্ত হয়েছেন। ২০২২ সালে তিনজন, ২০২৩ সালে পাঁচজন, ২০২৪ সালে চারজন, ২০২৫ সালে ২৮ জন এবং ২০২৬ সালে ৯ জন শিক্ষার্থী অসদুপায়ের অভিযোগে অভিযুক্ত হয়েছেন। তবে ৪৫ জন শিক্ষার্থী বিভিন্ন মাত্রায় শাস্তির মুখোমুখি হয়েছেন, বাকি চারজনের অভিযোগ এখনো অমীমাংসিত অবস্থায় রয়েছে। শৃঙ্খলা কমিটির আগামী সভায় সেগুলোর নিষ্পত্তি হবে বলে জানা গেছে।

উপরোক্ত পরিসংখ্যানে দেখা যাচ্ছে, ২০২৫ ও ২০২৬ সালে সবচেয়ে বেশি অসদুপায় অবলম্বনের প্রবণতা লক্ষ্য করা গেছে। এই দুই বছরে অভিযুক্ত শিক্ষার্থীর সংখ্যা ৩৭ জন। এর মধ্যে পদার্থবিজ্ঞান বিভাগের সর্বাধিক ১২ জন শিক্ষার্থী রয়েছে। ইংরেজি, ফার্মেসী ও আইসিটি বিভাগের চারজন করে, প্রত্নতত্ত্ব বিভাগের তিনজন এবং অর্থনীতি বিভাগের দুজন শিক্ষার্থীও শাস্তির মুখোমুখি হয়েছেন। মার্কেটিং, গণিত, লোকপ্রশাসন, ব্যবস্থাপনা, নৃবিজ্ঞান, বাংলা, আইন এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের একজন করে শিক্ষার্থীও শাস্তির সম্মুখীন হয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের নথিতে পরীক্ষায় অসদুপায়ের বিভিন্ন ধরন উঠে এসেছে। এর মধ্যে রয়েছে মোবাইল ফোন ব্যবহার করে নকল, এআই টুলের সাহায্যে উত্তর সংগ্রহ, দেয়াল বা টেবিলে লিখে রাখা, ছোট কাগজে নোট নিয়ে পরীক্ষায় অংশ নেওয়া। শুধু পরীক্ষার হলেই নয়, ইন্টার্নশিপের জাল নথি জমা দেওয়ার অভিযোগও রয়েছে। অর্থাৎ, অসদুপায়ের ঘটনা এখন আর প্রচলিত নকলের পদ্ধতিতে সীমাবদ্ধ নেই; বরং প্রযুক্তি ও নথি জালিয়াতির বিষয়ও এতে যুক্ত হচ্ছে।

পরীক্ষার শৃঙ্খলা রক্ষায় বিশ্ববিদ্যালয়ের রয়েছে সুনির্দিষ্ট নীতিমালা। নির্দেশিকা অনুযায়ী, পরীক্ষার হলে নকল করা, অননুমোদিত কাগজপত্র রাখা, পারস্পরিক যোগাযোগের মাধ্যমে অসদুপায় অবলম্বন কিংবা বিশৃঙ্খলা সৃষ্টি করা গুরুতর অপরাধ হিসেবে গণ্য হয়। উত্তরপত্র অদলবদল এবং পরীক্ষার দায়িত্বে নিয়োজিত ব্যক্তিদের অসদুপায়ে প্রভাবিত করা, হুমকি দেওয়া কিংবা আক্রমণ করাও কঠোর শাস্তিযোগ্য অপরাধ।

এসব অভিযোগ নিষ্পত্তির জন্য বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির অনুমোদনে ১৬ সদস্যের একটি কমিটি রয়েছে। উপাচার্যকে সভাপতি করে গঠিত এই কমিটিতে ছয়টি অনুষদের ডিন, উপাচার্য মনোনীত তিনজন শিক্ষক, দুজন বিভাগীয় প্রধান, দুজন হল প্রাধ্যক্ষ, একজন প্রক্টর এবং পরীক্ষা নিয়ন্ত্রক অন্তর্ভুক্ত রয়েছেন। প্রতি তিন মাস অন্তর কমিটির সভায় প্রাপ্ত অভিযোগের নিষ্পত্তি করা হয়।

অসদুপায়ের অভিযোগে অভিযুক্ত শিক্ষার্থীদের বিরুদ্ধে রয়েছে বিভিন্ন ধরনের শাস্তির বিধান। এর মধ্যে রয়েছে সব পরীক্ষা ও কোর্সসহ সেমিস্টার বাতিল, বাতিল হওয়া কোর্স পরবর্তী ব্যাচের সঙ্গে পুনরায় সম্পন্ন করা এবং মানোন্নয়ন পরীক্ষা বাতিলের ব্যবস্থা। তবে এসব শাস্তিমূলক পদক্ষেপের পরও অসদুপায়ের প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. সজল চন্দ্র মজুমদার মনে করেন, শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতা ও মূল্যবোধের ঘাটতি অসদুপায়ের অন্যতম কারণ। তিনি বলেন, সমস্যাটির সমাধান করতে হলে শিক্ষার প্রাথমিক স্তর থেকেই কাজ শুরু করতে হবে। প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের নৈতিকতা ও মূল্যবোধের শিক্ষা দেওয়ার পাশাপাশি পরিবার থেকেও তা নিশ্চিত করা প্রয়োজন। এতে বিশ্ববিদ্যালয় পর্যায়ে এসে শিক্ষার্থীরা অনৈতিক পথ বেছে নেওয়ার প্রবণতা থেকে দূরে থাকবে।

বিভাগীয় পর্যায়ে অসদুপায় প্রতিরোধে কাউন্সেলিং কার্যক্রম পরিচালনা এবং শিক্ষার্থীদের প্রয়োজনীয় সহযোগিতার মাধ্যমে তাঁদের নকল থেকে বিরত থাকার বিষয়ে সচেতন করা হচ্ছে বলেও জানান অধ্যাপক সজল চন্দ্র মজুমদার।

অসদুপায় প্রতিরোধে গঠিত কমিটির সদস্য ও ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মো. হারুন বলেন, ‘অপরাধপ্রবণতা স্বাভাবিক হলেও তা রোধে আমাদের সুনির্দিষ্ট আইন রয়েছে। মূল উদ্দেশ্য অপরাধীকে একঘরে করা নয়, বরং সংশোধনের সুযোগ দিয়ে অপরাধ থেকে দূরে রাখা; আর সে লক্ষ্যেই আইন প্রণয়ন করা হচ্ছে।’

শিক্ষার্থীদের নকলের প্রবণতা নিয়ে প্রশ্ন তুলে তিনি আরো বলেন, ‘শিক্ষার্থীরা কেন পরীক্ষা বা অ্যাসাইনমেন্টে নকলের পথ বেছে নেয়, তা সত্যিই বোধগম্য নয়। একটি নকল বা অসদুপায় প্রস্তুত করতে যে সময় ও শ্রম নষ্ট হয়, সেই সময়টুকু যদি তারা পড়াশোনায় দিত, তবে এর চেয়ে অনেক ভালো ফল বা আউটপুট বের করে আনতে পারত।’

অসদুপায় প্রতিরোধে শিক্ষক ও শিক্ষার্থী উভয়ের দায়িত্বের কথা উল্লেখ করে মো. হারুন বলেন, ‘অসদুপায় বা নকল বন্ধ করার জন্য শিক্ষক ও শিক্ষার্থী উভয়কেই সমানভাবে এগিয়ে আসতে হবে। শিক্ষকরা যদি তাদের শিক্ষাদানে আরো বেশি যত্নশীল ও আন্তরিক হন এবং ছাত্রদের মধ্যে যদি শেখার আসল আগ্রহ থাকে, তবে তারা কখনোই এই ধরনের ভুল পথের আশ্রয় নেবে না।’

এদিকে, পরীক্ষার শৃঙ্খলা রক্ষায় নীতিমালা ও কমিটি থাকার পরও অসদুপায়ের প্রবণতা কেন বাড়ছে, এমন প্রশ্নের জবাবে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার বলেন, ‘আমরা চাই না আমাদের শিক্ষার্থীরা অসদুপায়ে যাক। আর আমরা বিশ্ববিদ্যালয়ের যে বিধি আছে তার বাইরেও যেতে পারি না। তবে আমরা শৃঙ্খলা কমিটি থেকে তথ্য নেব, যদি এর প্রবণতা দিন দিন বৃদ্ধি পায় তবে বিধিতে যথাযথ পরিবর্তন এনে এটি রোধ করার চেষ্টা করব। ভবিষ্যতে অপরাধের মাত্রাকে সুনির্দিষ্ট করে আরো কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নৌ-পথে যাতায়াতে রনজিতের পরামর্শক হলেন ইন্সপেক্টর সনজিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:০৯ পি.এম


নৌ-পথে যাতায়াতে রনজিতের পরামর্শক হলেন ইন্সপেক্টর সনজিত

মিশনের পর ওসি পদে পদায়নে সিলেটের গোয়াইনঘাট থানা যেন সোনার হরিণ। কাঁচা টাকার খেলা চলছে সেখানে। ওসির চেয়ারে বসলে সাত জনমে অর্থের টানাপোড়েন একেবারে শেষ হয়ে যায়। বিতর্কিত পুলিশ কর্মকর্তা ওমর ফারুক মণ্ডল সেই গোয়াইনঘাট থানায় ওসি পদে ম্যাজিক পোস্টিং বাগিয়ে নেন। ম্যাজিকের পেছনে রয়েছে ফ্যাসিস্ট আমলে সুবিধাভোগী সিলেটি এক ব্যক্তির নেপথ্য ভূমিকা। ওই ব্যক্তি ছিলেন পদচ্যুত সিসিক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর ঘনিষ্ঠ ভাজন। পুলিশের শীর্ষ কর্মকর্তা মো. আলী হোসেন ফকিরের সাথে জীবনের কোনো এক বাঁকে তার হৃদিক সম্পর্ক গড়ে ওঠে।

গত ২৫ ফেব্রুয়ারি পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে মো. আলী হোসেন ফকির দায়িত্ব গ্রহণের পর সিলেটি ওই ব্যক্তি হয়ে ওঠেন গুরুত্বপূর্ণ। তিনি মর ফারুককে বসিয়ে দেন গোয়াইনঘাট থানার চেয়ারে, যা ছিল আপার ক্লাসে লবিং। তবে এ লবিং মুখের লবিং ছিল না, ওমর ফারুকের অর্থের পাহাড়ে ঘষা লেগেছিল। পদে পদে এমপি, মন্ত্রী, মন্ত্রীর পরিবারের ঘনিষ্ঠজনসহ রাজনৈতিক একাধিক নেতার সম্মতি আদায়েও মালের ওপর দম ছাড়তে হয়েছে তাকে। অর্থের লোভে পড়ে আওয়ামী লীগ ল্যাসপেন্সার, চিহ্নিত দুর্নীতিবাজ এ পুলিশ কর্মকর্তার পদায়নে চোখ তুলে দেখেনি কেউ।

এছাড়া পুলিশের সর্বোচ্চ পর্যায়ের চয়েসে ওমর ফারুক থাকায় তাকে নজরের বাইরে রাখতেন স্থানীয় শীর্ষ পুলিশ কর্মকর্তারাও। ফলে নগদ অর্থের নেশায় পড়ে, সীমান্তবর্তী এ অঞ্চলের আইনশৃঙ্খলার নিয়ন্ত্রণ গোপনে তুলে দেওয়া হয় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হাতে। অথচ বিতর্কিত পুলিশ কর্মকর্তা ফারুকের অতীত কর্মকাণ্ড, দুর্নীতি, রাজনৈতিক পরিচয় গোপনে ছিল না কারো। সুনামগঞ্জ ধর্মপাশা সদরের রাজনগর গ্রামের আব্দুল মালেকের পুত্র ওমর ফারুক মণ্ডল। তার পিতা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রথম সারির একজন নেতা। ওমর ফারুক নিজেও ছিলেন ছাত্রজীবনের ছাত্রলীগ ঘনিষ্ঠ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সিলেটের গোয়াইনঘাট থানায় পদায়নের পর এলাকায় চোরাচালান, বালু-পাথর লুট, মাদক, নদীপথে চাঁদাবাজি, হেন অবৈধ কোনো কাজ নেই, সবই চলছিল প্রকাশ্যে। কাগজে-কলমে বালু মহালে ইজারা বন্দোবস্ত নিয়ে আসলেও ইজারাদারদের সাথে আর্থিক ম্যানেজ হয়ে নিষিদ্ধ এলাকা থেকে বালু উত্তোলন, পরিবেশ দূষণে আপত্তি দেখায় না পুলিশের। মোটকথা, গোয়াইনঘাটে অনিয়ম, দুর্নীতি, চাঁদাবাজি, লুটপাট যেখানে, পুলিশের সংশ্লিষ্টরা সেখানে, এমন কথা মুখে। এসবের বদনাম শাসক দল বিএনপির কিছু নেতাকর্মী গায়ে মাখলেও রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরাও গোয়াইনঘাটে এখন পূর্বের প্রভাবে।

গত ১৫ বছরের একচ্ছত্র আধিপত্য ধরে রাখতে, বর্তমান শাসক দলের কিছু নেতাকর্মীকে ব্যবহার করছে তাদের স্বার্থে। সেই স্বার্থের অংশ ছিল, তাদের নিজস্ব লোকদের প্রশাসনিক গুরুত্বপূর্ণ পদে পদায়নে সম্মতি। প্রশাসনের লোকজন বিএনপি নেতাকর্মীদের কাঁধে বসে আসলেও, ঘর সংসার ছিল মূলত আওয়ামী লীগ লোকজনের সাথে। ক্ষোভ প্রকাশ করে গোয়াইনঘাট বিএনপির এক নেতা বলেন, "আমাদের মদন বানিয়ে, এভাবে প্রশাসনিক পদে পদায়ন করে যাচ্ছে স্বৈরাচার অনুসারীরা।" স্বৈরাচারের সুবিধাভোগীরা চেয়ারে বসে ওদের দলীয় (আ’লীগ) স্বার্থ দেখে, আর আমাদের নেতারা কেবল নিজের স্বার্থে চোখ বুঁজে ক্ষতি করছেন দলের।

কোন কর্মকর্তার আচরণ নিয়ে প্রশ্ন তুললে বলা হয় ওই কর্মকর্তা ওই নেতার ঘনিষ্ঠ। কখনো বলতে শুনিনি দলের ঘনিষ্ঠ। এভাবে চলছে বলেই, রনজিত চন্দ্র সরকার চোখে ধুলা দিয়ে সভা করার সাহস দেখালো। একাধিক সূত্র জানায়, বিশেষ করে গোয়াইনঘাট থানার গুরুত্বপূর্ণ একটি পুলিশ তদন্ত কেন্দ্র সালুটিকর। দীর্ঘদিন ধরে ফ্যাসিস্ট সরকারের এমপি রনজিত সরকারের ঘনিষ্ঠ পুলিশ কর্মকর্তা সনজিত চন্দ্র দাস ইনচার্জ হিসেবে এ কেন্দ্রের দায়িত্বে থাকায় চোরাই লাইন ও চোরাইপণ্য বহনে বিশেষ ছাড় পাচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীরা। এ পুলিশ কেন্দ্রটি কোম্পানীগঞ্জ থানা ও গোয়াইনঘাট থানার স্থলপথ ও নদীপথের প্রাণকেন্দ্রে। তদন্ত কেন্দ্রের পাশে পিয়াইন নদী। একই সাথে সড়কপথে যোগাযোগ। তাই ভারতীয় অবৈধ পণ্যের চালান নদী বা স্থলপথে যেতে হলে তল্লাশিতে পড়তে হয় এ কেন্দ্রের। সে কারণে অবৈধ অর্থ অর্জনে চোখ বন্ধ করে চোরাকারবারীদের স্বর্গরাজ্য করে তুলেছেন ইনচার্জ সনজিত। তার কার্যক্রম আরও বেপরোয়া হয়ে ওঠে ওসি পদে ওমর ফারুকের পদায়নে। দু’জনই রনজিত ঘনিষ্ঠ।

একদিকে বিএনপির কিছু নেতার ব্যক্তিস্বার্থে সমর্থন-সহযোগিতা, অপরদিকে নিষিদ্ধ আ.লীগের সাথে যোগাযোগে ষোলকলা পূর্ণ হয়ে ওঠে এ দুই কর্মকর্তার। কিন্তু বিধি বাম রনজিত সরকারের সভাকাণ্ডে তাদের গোপন যোগাযোগের পর্দা ফাঁসের ঘটনায়। আলোচিত সোহেল স্কোয়ার ইকো রিসোর্টের মালিক সোহেল আহমদ জেলা স্বেচ্ছাসেবক লীগের একজন সক্রিয় সদস্য। বিএনপি ক্ষমতায় আসার পর থেকে রিসোর্টটি পরিণত হয়ে ওঠে যোগাযোগের কৌশলগত কেন্দ্রবিন্দুতে।

এ রিসোর্টের আশেপাশে উপজেলা বিএনপি যুবদলসহ পদস্থ নেতাদের বাড়িঘর। রিসোর্ট মালিক তাদের আত্মীয়। তাই তাদের ঠেকায় কে? রিসোর্টে বসে অবৈধ ব্যবসার ভাগবাটোয়ারার ডিল হয়, পুলিশ সদস্যরাও আড্ডা দেন। এমনকি সিলেট বিএনপির স্থানীয় শীর্ষ নেতাদের পরিচিত কেউ সিলেটে বেড়াতে এলে এ রিসোর্টে পাঠিয়ে দেওয়ার ঘটনাও একাধিক। স্বার্থসংশ্লিষ্ট কারণে বিএনপি নেতাদের কাছে রিসোর্ট মালিকের রাজনৈতিক পরিচয় আড়াল হয়ে যায়। কিন্তু আওয়ামী লীগ ‘জাতে মাতাল, তালে ঠিক’, তার পরিচয় দিলো রনজিতের সভাকাণ্ডে। সভার গুরুত্ব বুঝতে বিএনপির নেতা কর্মীরা ব্যর্থ হলেও রনজিত তথা আ’লীগের মেসেজ হয়ে গেছে ক্লিয়ার। অর্থাৎ অতীত রাজনৈতিক নিপীড়ন, নির্যাতন, চব্বিশের চেতনা বিএনপির স্থানীয় কিছু স্বার্থভোগী নেতারা ভুলে গেলেও ক্ষমতা হারানোর বেদনা ভুলতে পারেনি কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ। তারা ঘুরে দাঁড়াতে চায়, যে কোনো মূল্যে। রনজিত সরকার ফিরে আসা তার প্রমাণ।

সভায় রনজিতের উপস্থিতি ও প্রস্থান ছিল নির্জলা পূর্বপরিকল্পিত। সেভাবেই পথের পরিকল্পনা সাজানো হয়েছিল বলে অনেকের অভিমত। স্থানীয় পুলিশ সূত্র বলছে, ওসি হিসেবে ওমর ফারুক পদায়নের পর গোয়াইনঘাট আওয়ামী লীগ নেতাকর্মীরা সরব হয়ে ওঠে। বিশেষ করে পুলিশের আনুকূল্য তাদের পক্ষে, সেই মেসেজ কানে কানে পৌঁছে যায় নেতাকর্মীদের। এতে কর্তব্যরত অনেক পুলিশ সদস্য ওসি স্যারের প্রভাবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা কর্মীদের তৎপরতা এড়িয়ে যেতেন। কারণ আ.লীগের তথ্য স্যারের নজরে দিয়ে বকা শোনা বা টার্গেটে পড়ার চেয়ে নীরব থাকা ছিল তাদের কাছে ভালো। পরিবেশ পরিস্থিতি সেভাবে গড়ে তোলা হয়েছিল গোয়াইনঘাটে।

পুলিশ সদস্যদের তথ্য হলো, এ উপজেলায় রাজনৈতিক বিশ্বাস বা চেতনা বলতে কিছু নেই, অবৈধ কারবারে সকলে দিন-রাতে একজোট। তারা বলেন, রনজিত সরকার সভায় এসেছেন নৌপথে, রিসোর্ট পর্যন্ত নৌপথে নিরাপদ। সেই হিসেব করেই রিসোর্ট ভাড়া নেওয়া হয়েছিল। এমনকি চাঞ্চল্যকর তথ্য হলো, স্পিডবোটে পিয়াইন নদী হয়ে রনজিত সরকার এসেছিলেন সভাস্থলে। তাকে এ পথে নিরাপত্তা দিয়েছিলেন সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সনজিত চন্দ্র দাস। সনজিত এক সময় ছিলেন সিলেট কোর্টে কর্মরত। সিলেট জেলা বারে আইনজীবী হিসেবে রনজিতের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে সনজিত চন্দ্রের। সেই সম্পর্কের সুবাদে সভাস্থলে আসা-যাওয়ার নিরাপত্তা ও প্রশাসনিক তথ্য সার্বক্ষণিক নজরে নেন রনজিত সরকার। তাই সভা শেষে নিরাপদ প্রস্থানে বেগ পেতে হয়নি তাকে। তদন্তকেন্দ্র থেকে নদীপথে এ রিসোর্ট এলাকায় পৌঁছতে সময় লাগে মাত্র ১২ থেকে ১৫ মিনিট। নদীসংলগ্ন চৌরঙ্গী ঘাট থেকে হেঁটে রিসোর্ট পৌঁছতে সময় লাগে মাত্র ৩ মিনিট। অপরদিকে, তদন্ত কেন্দ্র থেকে সড়কপথে রাতারগুল হয়ে রিসোর্টে যেতে সময় লাগে ৩৫ মিনিট। অথচ গোয়াইনঘাট থানা থেকে সোহেল রিসোর্টের দূরত্ব প্রায় ২৩ কিলোমিটার। গুগল ম্যাপের সময় অনুযায়ী ৪৫ মিনিট। বাস্তবে ঘণ্টার ওপরে। সালুটিকর তদন্ত কেন্দ্রের আওতাধীন সোহেল রিসোর্টের সভাকাণ্ডে ইন্সপেক্টর সনজিত চন্দ্র দাসের ভূমিকা এখন প্রশ্নবিদ্ধ। সুনামগঞ্জ পুলিশ সভাস্থলের জায়গা উদ্ঘাটন না করলে গোয়াইনঘাট পুলিশ বেশ মজা নিতো বলে অনেকের তথ্য। স্থানীয় বিএনপির একটি সূত্র বলছে, রনজিতের আগমনের বিষয়টি তার ঘনিষ্ঠ পুলিশ সদস্যরা জানতো, এমনকি বিষয়টি আড়ালে রাখতে সেই পরিমাণ চেষ্টাও করেছে তারা। কিন্তু পুলিশ হলেও রাজনীতির চাল বোঝেনি রনজিত ঘনিষ্ঠরা। তাদের মতে, নৌপথে প্রতিটি ধূলিকণা থেকে চাঁদা নিতে সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জের বদনাম সর্বত্র। সেই ইনচার্জ জানবে না রনজিতের নৌযাত্রা, তা আষাঢ়ের গল্প বৈ কিছু নয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%