প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
প্রস্তাবিত 'প্রবাসী কার্ড' নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে প্রতারক চক্র প্রবাসীদের কাছ থেকে টাকা আদায়ের চেষ্টা করছে। এই বিষয়ে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানায়, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার ও অগ্রাধিকারভিত্তিক কর্মপরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হলো এই প্রবাসী কার্ড। কার্ডটির চালুর প্রস্তুতি বর্তমানে চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
তবে, মন্ত্রণালয় স্পষ্ট করেছে যে, কার্ডটি এখনো আনুষ্ঠানিকভাবে চালু হয়নি এবং এর আবেদন প্রক্রিয়াও শুরু হয়নি।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, দেশের ভেতরে ও বাইরে কিছু অসাধু ব্যক্তি এবং দালালচক্র প্রবাসী কার্ডের নাম ব্যবহার করে মিথ্যা তথ্য ছড়াচ্ছে। বিশেষ করে, পেনশন সুবিধা এবং দ্রুত কার্ড দেওয়ার বিষয়ে বিভ্রান্তিকর দাবি করে প্রবাসীদের প্রতারণা ও তাদের কাছ থেকে টাকা আদায়ের চেষ্টা করছে তারা।
এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ডের বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।
মন্ত্রণালয় আরও জানায়, কার্ডটি চালু হলে আবেদন প্রক্রিয়া, যোগ্যতার শর্ত এবং সুযোগ-সুবিধা সম্পর্কে বিস্তারিত তথ্য সরকারি গণমাধ্যম, মন্ত্রণালয়ের ওয়েবসাইট এবং এর সরকারি সামাজিক যোগাযোগমাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।
বিশেষভাবে, প্রবাসী কার্ড করে দেওয়ার কথা বলে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা মধ্যস্থতাকারীকে টাকা না দেওয়ার আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।
যদি কেউ এ ধরনের প্রতারণার শিকার হন অথবা প্রতারণামূলক কর্মকাণ্ডের বিষয়ে কোনো তথ্য পান, তাহলে নিকটস্থ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষকে জানানোর অনুরোধ করা হয়েছে।
নিজেদের কষ্টার্জিত অর্থ সুরক্ষিত রাখতে এবং প্রতারণা প্রতিরোধে সরকারের সঙ্গে সহযোগিতা করতে প্রবাসীদের সতর্ক থাকার আহ্বানও জানিয়েছে মন্ত্রণালয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন