বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং
০৮:০৯ পি.এম
মিশনের পর ওসি পদে পদায়নে সিলেটের গোয়াইনঘাট থানা যেন সোনার হরিণ। কাঁচা টাকার খেলা চলছে সেখানে। ওসির চেয়ারে বসলে সাত জনমে অর্থের টানাপোড়েন একেবারে শেষ হয়ে যায়। বিতর্কিত পুলিশ কর্মকর্তা ওমর ফারুক মণ্ডল সেই গোয়াইনঘাট থানায় ওসি পদে ম্যাজিক পোস্টিং বাগিয়ে নেন। ম্যাজিকের পেছনে রয়েছে ফ্যাসিস্ট আমলে সুবিধাভোগী সিলেটি এক ব্যক্তির নেপথ্য ভূমিকা। ওই ব্যক্তি ছিলেন পদচ্যুত সিসিক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর ঘনিষ্ঠ ভাজন। পুলিশের শীর্ষ কর্মকর্তা মো. আলী হোসেন ফকিরের সাথে জীবনের কোনো এক বাঁকে তার হৃদিক সম্পর্ক গড়ে ওঠে।
গত ২৫ ফেব্রুয়ারি পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে মো. আলী হোসেন ফকির দায়িত্ব গ্রহণের পর সিলেটি ওই ব্যক্তি হয়ে ওঠেন গুরুত্বপূর্ণ। তিনি মর ফারুককে বসিয়ে দেন গোয়াইনঘাট থানার চেয়ারে, যা ছিল আপার ক্লাসে লবিং। তবে এ লবিং মুখের লবিং ছিল না, ওমর ফারুকের অর্থের পাহাড়ে ঘষা লেগেছিল। পদে পদে এমপি, মন্ত্রী, মন্ত্রীর পরিবারের ঘনিষ্ঠজনসহ রাজনৈতিক একাধিক নেতার সম্মতি আদায়েও মালের ওপর দম ছাড়তে হয়েছে তাকে। অর্থের লোভে পড়ে আওয়ামী লীগ ল্যাসপেন্সার, চিহ্নিত দুর্নীতিবাজ এ পুলিশ কর্মকর্তার পদায়নে চোখ তুলে দেখেনি কেউ।
এছাড়া পুলিশের সর্বোচ্চ পর্যায়ের চয়েসে ওমর ফারুক থাকায় তাকে নজরের বাইরে রাখতেন স্থানীয় শীর্ষ পুলিশ কর্মকর্তারাও। ফলে নগদ অর্থের নেশায় পড়ে, সীমান্তবর্তী এ অঞ্চলের আইনশৃঙ্খলার নিয়ন্ত্রণ গোপনে তুলে দেওয়া হয় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হাতে। অথচ বিতর্কিত পুলিশ কর্মকর্তা ফারুকের অতীত কর্মকাণ্ড, দুর্নীতি, রাজনৈতিক পরিচয় গোপনে ছিল না কারো। সুনামগঞ্জ ধর্মপাশা সদরের রাজনগর গ্রামের আব্দুল মালেকের পুত্র ওমর ফারুক মণ্ডল। তার পিতা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রথম সারির একজন নেতা। ওমর ফারুক নিজেও ছিলেন ছাত্রজীবনের ছাত্রলীগ ঘনিষ্ঠ।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সিলেটের গোয়াইনঘাট থানায় পদায়নের পর এলাকায় চোরাচালান, বালু-পাথর লুট, মাদক, নদীপথে চাঁদাবাজি, হেন অবৈধ কোনো কাজ নেই, সবই চলছিল প্রকাশ্যে। কাগজে-কলমে বালু মহালে ইজারা বন্দোবস্ত নিয়ে আসলেও ইজারাদারদের সাথে আর্থিক ম্যানেজ হয়ে নিষিদ্ধ এলাকা থেকে বালু উত্তোলন, পরিবেশ দূষণে আপত্তি দেখায় না পুলিশের। মোটকথা, গোয়াইনঘাটে অনিয়ম, দুর্নীতি, চাঁদাবাজি, লুটপাট যেখানে, পুলিশের সংশ্লিষ্টরা সেখানে, এমন কথা মুখে। এসবের বদনাম শাসক দল বিএনপির কিছু নেতাকর্মী গায়ে মাখলেও রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরাও গোয়াইনঘাটে এখন পূর্বের প্রভাবে।
গত ১৫ বছরের একচ্ছত্র আধিপত্য ধরে রাখতে, বর্তমান শাসক দলের কিছু নেতাকর্মীকে ব্যবহার করছে তাদের স্বার্থে। সেই স্বার্থের অংশ ছিল, তাদের নিজস্ব লোকদের প্রশাসনিক গুরুত্বপূর্ণ পদে পদায়নে সম্মতি। প্রশাসনের লোকজন বিএনপি নেতাকর্মীদের কাঁধে বসে আসলেও, ঘর সংসার ছিল মূলত আওয়ামী লীগ লোকজনের সাথে। ক্ষোভ প্রকাশ করে গোয়াইনঘাট বিএনপির এক নেতা বলেন, "আমাদের মদন বানিয়ে, এভাবে প্রশাসনিক পদে পদায়ন করে যাচ্ছে স্বৈরাচার অনুসারীরা।" স্বৈরাচারের সুবিধাভোগীরা চেয়ারে বসে ওদের দলীয় (আ’লীগ) স্বার্থ দেখে, আর আমাদের নেতারা কেবল নিজের স্বার্থে চোখ বুঁজে ক্ষতি করছেন দলের।
কোন কর্মকর্তার আচরণ নিয়ে প্রশ্ন তুললে বলা হয় ওই কর্মকর্তা ওই নেতার ঘনিষ্ঠ। কখনো বলতে শুনিনি দলের ঘনিষ্ঠ। এভাবে চলছে বলেই, রনজিত চন্দ্র সরকার চোখে ধুলা দিয়ে সভা করার সাহস দেখালো। একাধিক সূত্র জানায়, বিশেষ করে গোয়াইনঘাট থানার গুরুত্বপূর্ণ একটি পুলিশ তদন্ত কেন্দ্র সালুটিকর। দীর্ঘদিন ধরে ফ্যাসিস্ট সরকারের এমপি রনজিত সরকারের ঘনিষ্ঠ পুলিশ কর্মকর্তা সনজিত চন্দ্র দাস ইনচার্জ হিসেবে এ কেন্দ্রের দায়িত্বে থাকায় চোরাই লাইন ও চোরাইপণ্য বহনে বিশেষ ছাড় পাচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীরা। এ পুলিশ কেন্দ্রটি কোম্পানীগঞ্জ থানা ও গোয়াইনঘাট থানার স্থলপথ ও নদীপথের প্রাণকেন্দ্রে। তদন্ত কেন্দ্রের পাশে পিয়াইন নদী। একই সাথে সড়কপথে যোগাযোগ। তাই ভারতীয় অবৈধ পণ্যের চালান নদী বা স্থলপথে যেতে হলে তল্লাশিতে পড়তে হয় এ কেন্দ্রের। সে কারণে অবৈধ অর্থ অর্জনে চোখ বন্ধ করে চোরাকারবারীদের স্বর্গরাজ্য করে তুলেছেন ইনচার্জ সনজিত। তার কার্যক্রম আরও বেপরোয়া হয়ে ওঠে ওসি পদে ওমর ফারুকের পদায়নে। দু’জনই রনজিত ঘনিষ্ঠ।
একদিকে বিএনপির কিছু নেতার ব্যক্তিস্বার্থে সমর্থন-সহযোগিতা, অপরদিকে নিষিদ্ধ আ.লীগের সাথে যোগাযোগে ষোলকলা পূর্ণ হয়ে ওঠে এ দুই কর্মকর্তার। কিন্তু বিধি বাম রনজিত সরকারের সভাকাণ্ডে তাদের গোপন যোগাযোগের পর্দা ফাঁসের ঘটনায়। আলোচিত সোহেল স্কোয়ার ইকো রিসোর্টের মালিক সোহেল আহমদ জেলা স্বেচ্ছাসেবক লীগের একজন সক্রিয় সদস্য। বিএনপি ক্ষমতায় আসার পর থেকে রিসোর্টটি পরিণত হয়ে ওঠে যোগাযোগের কৌশলগত কেন্দ্রবিন্দুতে।
এ রিসোর্টের আশেপাশে উপজেলা বিএনপি যুবদলসহ পদস্থ নেতাদের বাড়িঘর। রিসোর্ট মালিক তাদের আত্মীয়। তাই তাদের ঠেকায় কে? রিসোর্টে বসে অবৈধ ব্যবসার ভাগবাটোয়ারার ডিল হয়, পুলিশ সদস্যরাও আড্ডা দেন। এমনকি সিলেট বিএনপির স্থানীয় শীর্ষ নেতাদের পরিচিত কেউ সিলেটে বেড়াতে এলে এ রিসোর্টে পাঠিয়ে দেওয়ার ঘটনাও একাধিক। স্বার্থসংশ্লিষ্ট কারণে বিএনপি নেতাদের কাছে রিসোর্ট মালিকের রাজনৈতিক পরিচয় আড়াল হয়ে যায়। কিন্তু আওয়ামী লীগ ‘জাতে মাতাল, তালে ঠিক’, তার পরিচয় দিলো রনজিতের সভাকাণ্ডে। সভার গুরুত্ব বুঝতে বিএনপির নেতা কর্মীরা ব্যর্থ হলেও রনজিত তথা আ’লীগের মেসেজ হয়ে গেছে ক্লিয়ার। অর্থাৎ অতীত রাজনৈতিক নিপীড়ন, নির্যাতন, চব্বিশের চেতনা বিএনপির স্থানীয় কিছু স্বার্থভোগী নেতারা ভুলে গেলেও ক্ষমতা হারানোর বেদনা ভুলতে পারেনি কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ। তারা ঘুরে দাঁড়াতে চায়, যে কোনো মূল্যে। রনজিত সরকার ফিরে আসা তার প্রমাণ।
সভায় রনজিতের উপস্থিতি ও প্রস্থান ছিল নির্জলা পূর্বপরিকল্পিত। সেভাবেই পথের পরিকল্পনা সাজানো হয়েছিল বলে অনেকের অভিমত। স্থানীয় পুলিশ সূত্র বলছে, ওসি হিসেবে ওমর ফারুক পদায়নের পর গোয়াইনঘাট আওয়ামী লীগ নেতাকর্মীরা সরব হয়ে ওঠে। বিশেষ করে পুলিশের আনুকূল্য তাদের পক্ষে, সেই মেসেজ কানে কানে পৌঁছে যায় নেতাকর্মীদের। এতে কর্তব্যরত অনেক পুলিশ সদস্য ওসি স্যারের প্রভাবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা কর্মীদের তৎপরতা এড়িয়ে যেতেন। কারণ আ.লীগের তথ্য স্যারের নজরে দিয়ে বকা শোনা বা টার্গেটে পড়ার চেয়ে নীরব থাকা ছিল তাদের কাছে ভালো। পরিবেশ পরিস্থিতি সেভাবে গড়ে তোলা হয়েছিল গোয়াইনঘাটে।
পুলিশ সদস্যদের তথ্য হলো, এ উপজেলায় রাজনৈতিক বিশ্বাস বা চেতনা বলতে কিছু নেই, অবৈধ কারবারে সকলে দিন-রাতে একজোট। তারা বলেন, রনজিত সরকার সভায় এসেছেন নৌপথে, রিসোর্ট পর্যন্ত নৌপথে নিরাপদ। সেই হিসেব করেই রিসোর্ট ভাড়া নেওয়া হয়েছিল। এমনকি চাঞ্চল্যকর তথ্য হলো, স্পিডবোটে পিয়াইন নদী হয়ে রনজিত সরকার এসেছিলেন সভাস্থলে। তাকে এ পথে নিরাপত্তা দিয়েছিলেন সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সনজিত চন্দ্র দাস। সনজিত এক সময় ছিলেন সিলেট কোর্টে কর্মরত। সিলেট জেলা বারে আইনজীবী হিসেবে রনজিতের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে সনজিত চন্দ্রের। সেই সম্পর্কের সুবাদে সভাস্থলে আসা-যাওয়ার নিরাপত্তা ও প্রশাসনিক তথ্য সার্বক্ষণিক নজরে নেন রনজিত সরকার। তাই সভা শেষে নিরাপদ প্রস্থানে বেগ পেতে হয়নি তাকে। তদন্তকেন্দ্র থেকে নদীপথে এ রিসোর্ট এলাকায় পৌঁছতে সময় লাগে মাত্র ১২ থেকে ১৫ মিনিট। নদীসংলগ্ন চৌরঙ্গী ঘাট থেকে হেঁটে রিসোর্ট পৌঁছতে সময় লাগে মাত্র ৩ মিনিট। অপরদিকে, তদন্ত কেন্দ্র থেকে সড়কপথে রাতারগুল হয়ে রিসোর্টে যেতে সময় লাগে ৩৫ মিনিট। অথচ গোয়াইনঘাট থানা থেকে সোহেল রিসোর্টের দূরত্ব প্রায় ২৩ কিলোমিটার। গুগল ম্যাপের সময় অনুযায়ী ৪৫ মিনিট। বাস্তবে ঘণ্টার ওপরে। সালুটিকর তদন্ত কেন্দ্রের আওতাধীন সোহেল রিসোর্টের সভাকাণ্ডে ইন্সপেক্টর সনজিত চন্দ্র দাসের ভূমিকা এখন প্রশ্নবিদ্ধ। সুনামগঞ্জ পুলিশ সভাস্থলের জায়গা উদ্ঘাটন না করলে গোয়াইনঘাট পুলিশ বেশ মজা নিতো বলে অনেকের তথ্য। স্থানীয় বিএনপির একটি সূত্র বলছে, রনজিতের আগমনের বিষয়টি তার ঘনিষ্ঠ পুলিশ সদস্যরা জানতো, এমনকি বিষয়টি আড়ালে রাখতে সেই পরিমাণ চেষ্টাও করেছে তারা। কিন্তু পুলিশ হলেও রাজনীতির চাল বোঝেনি রনজিত ঘনিষ্ঠরা। তাদের মতে, নৌপথে প্রতিটি ধূলিকণা থেকে চাঁদা নিতে সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জের বদনাম সর্বত্র। সেই ইনচার্জ জানবে না রনজিতের নৌযাত্রা, তা আষাঢ়ের গল্প বৈ কিছু নয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠানগুলোর আর্থিক অবস্থা অত্যন্ত নাজুক। শিল্প মন্ত্রণালয়ের অধীনে ৫৫টি রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে বর্তমানে লাভজনক অবস্থায় রয়েছে মাত্র ৫টি প্রতিষ্ঠান। বাকি প্রতিষ্ঠানগুলোর অধিকাংশ লোকসানে রয়েছে, আর কিছু প্রতিষ্ঠান সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদে শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদীরের দেওয়া তথ্য থেকে এ চিত্র উঠে এসেছে। যশোর-৬ আসনের এমপি মো. মোক্তার আলীর সংশ্লিষ্ট তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে মন্ত্রী এই তথ্য প্রদান করেন।
সরকারের পরিকল্পনা অনুযায়ী, বন্ধ ও অব্যবহৃত শিল্পকারখানার জমি দেশি-বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে যৌথ উদ্যোগে ব্যবহার করে নতুন শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের (বিএসইসি) অধীনে অব্যবহৃত জমিতে যৌথ বিনিয়োগের মাধ্যমে সমজাতীয় পণ্য উৎপাদনের পরিকল্পনা রয়েছে।
শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদীর বলেন, বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের অধীনে শিল্পপ্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে উৎপাদিত পণ্য সরকারি দপ্তর ও সংস্থার মাধ্যমে ডিপিএম পদ্ধতিতে কেনার ব্যবস্থা, ইলেকট্রিক মোটরসাইকেল ও স্কুটার বাজারজাতকরণ এবং বিদেশি প্রতিষ্ঠানের বিনিয়োগে যৌথ উদ্যোগে কারখানা পরিচালনার পরিকল্পনা রয়েছে। এছাড়া ন্যাশনাল টিউবস লিমিটেডে ৬০০ কিলোওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপন এবং ইস্টার্ন কেবলস লিমিটেডে এক্সএলপিই কেবল উৎপাদনের নতুন লাইন স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।
অন্যদিকে, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের অধীনে লোকসানি ও বন্ধ প্রতিষ্ঠানগুলোর উৎপাদনশীলতা বাড়াতে আর্থিক ব্যবস্থাপনা, ব্যয় নিয়ন্ত্রণ, নিয়মিত বাজেট প্রণয়ন, অভ্যন্তরীণ ও বহিঃনিরীক্ষা এবং ই-জিপির মাধ্যমে ক্রয় কার্যক্রম পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে।
এছাড়া চিনিকলগুলোর আধুনিকায়নে পর্যায়ক্রমে বিএমআর (ব্যালান্সিং, মডার্নাইজেশন অ্যান্ড রিহ্যাবিলিটেশন) কর্মসূচি বাস্তবায়ন, ডিজিটাল পদ্ধতিতে আখ ক্রয়, স্বয়ংক্রিয় প্রযুক্তির ব্যবহার এবং চিনিকলগুলোর আখ মাড়াই সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা রয়েছে। চিনিকলভিত্তিক ডিস্টিলারি, জৈব সার ও বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগও নেওয়া হয়েছে।
রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠানের অব্যবহৃত জমি কাজে লাগিয়ে নতুন শিল্প স্থাপনের পরিকল্পনাও সংসদে তুলে ধরেন মন্ত্রী। তার দেওয়া তথ্য অনুযায়ী, আশুগঞ্জ ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যাল কোম্পানি লিমিটেডের (এএফসিসিএল) অব্যবহৃত ১৯৭ একর জমিতে যৌথ উদ্যোগে প্রিমিয়াম ফ্লোট গ্লাস, সোলার গ্লাস ও সোলার প্যানেল কারখানা স্থাপনের প্রস্তাব রয়েছে। এ প্রকল্পের প্রি-ফিজিবিলিটি স্টাডি সম্পন্ন হয়েছে।
একই প্রতিষ্ঠানের জমিতে বার্ষিক আট লাখ মেট্রিক টন উৎপাদনক্ষমতার এমওপি সার এবং ১৫ হাজার মেট্রিক টন উৎপাদনক্ষমতার কীটনাশক ও জৈব কীটনাশক কারখানা স্থাপনের পরিকল্পনা রয়েছে।
বন্ধ উসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরি লিমিটেডের জায়গায় জ্বালানি সাশ্রয়ী ও পরিবেশবান্ধব শিল্পপ্রযুক্তিতে গ্লাস প্ল্যান্ট বা কনটেইনার গ্লাস প্ল্যান্ট স্থাপনের প্রস্তাব করা হয়েছে। এ প্রকল্পের প্রি-ফিজিবিলিটি স্টাডিও সম্পন্ন হয়েছে।
এছাড়া টিএসপি কমপ্লেক্স লিমিটেডের অব্যবহৃত ১৫ একর জমিতে বার্ষিক চার লাখ মেট্রিক টন উৎপাদনক্ষমতার নতুন টিএসপি সার কারখানা স্থাপনের সম্ভাব্যতা সমীক্ষা চলছে। ঘোড়াশাল পলাশ ফার্টিলাইজার পিএলসির অব্যবহৃত ১০ একর জমিতে ইউরিয়া ফরমালডিহাইড-৮৫ কারখানা এবং পাঁচ একর জমিতে পরিবেশবান্ধব প্রযুক্তিতে ডব্লিউপিপি ব্যাগ কারখানা স্থাপনের প্রস্তাব রয়েছে।
রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠানগুলোর লোকসান কমিয়ে উৎপাদন ও কর্মসংস্থান বাড়ানো এবং অব্যবহৃত সম্পদের অর্থনৈতিক ব্যবহার নিশ্চিত করতেই এসব উদ্যোগ নেওয়া হচ্ছে বলে সংসদকে জানান খন্দকার আব্দুল মুক্তাদীর।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া এবং নাগরিকদের অভিযোগের দ্রুত প্রতিকার নিশ্চিত করতে ঝালকাঠিতে জেলা প্রশাসকের সাপ্তাহিক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ নভেম্বর ২০২৬) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ গণশুনানিতে সভাপতিত্ব করেন ঝালকাঠির জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মমিন উদ্দিন।
গণশুনানিতে জেলার বিভিন্ন এলাকা থেকে আসা নাগরিকরা তাঁদের ব্যক্তিগত, সামাজিক ও প্রশাসনিক নানা সমস্যা, অভিযোগ এবং আবেদন জেলা প্রশাসকের কাছে তুলে ধরেন। জেলা প্রশাসক প্রতিটি অভিযোগ ও আবেদন গুরুত্বসহকারে শোনেন। এ সময় তাৎক্ষণিকভাবে সমাধানযোগ্য বিষয়গুলোতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন এবং অন্যান্য অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের দ্রুত তদন্ত ও নিষ্পত্তির প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, নিয়মিত গণশুনানির মাধ্যমে সাধারণ মানুষ সরাসরি জেলা প্রশাসনের কাছে নিজেদের সমস্যা তুলে ধরার সুযোগ পাচ্ছেন। এতে সরকারি সেবায় স্বচ্ছতা, জবাবদিহি ও প্রশাসনের প্রতি নাগরিকদের আস্থা বৃদ্ধির পাশাপাশি জনভোগান্তি কমাতে ইতিবাচক ভূমিকা রাখছে।
নাগরিকদের অভিযোগ সরাসরি শোনা এবং দ্রুত প্রতিকারের উদ্যোগের মধ্য দিয়ে ঝালকাঠি জেলা প্রশাসন জনবান্ধব, স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসনিক সেবা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কক্সবাজারের টেকনাফে সীমান্ত নিরাপত্তার দায়িত্ব পালনকালে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি বিশেষ টহল দলের ওপর হামলার ঘটনা ঘটেছে। হামলার ফলে ইটপাটকেলের আঘাতে একজন বিজিবি সদস্য আহত হয়েছেন। হামলার সময় টহল দলের ব্যবহৃত একটি পিকআপের তিনটি গ্লাসও ক্ষতিগ্রস্ত হয়েছে।
এ ঘটনায় বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে তিনজনকে আটক করা হয়েছে।
গত ১০ নভেম্বর রাত ১১টা ১০ মিনিটের দিকে টেকনাফ উপজেলার অলিয়াবাদ মাদ্রাসা-সংলগ্ন এলাকায় এ হামলার ঘটনা ঘটে। রোহিঙ্গা অনুপ্রবেশ প্রতিরোধে নিয়োজিত বিজিবির এক প্লাটুন বিশেষ টহল দলের ওপর একদল দুর্বৃত্ত অতর্কিতে ইটপাটকেল নিক্ষেপ করে পালিয়ে যায়। এতে একজন বিজিবি সদস্য আহত হন এবং টহল দলের পিকআপের পেছনের দরজাসহ তিনটি গ্লাস ক্ষতিগ্রস্ত হয়।
আটক ব্যক্তিরা হলেন- টেকনাফ সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নতুন পল্লানপাড়া গ্রামের ফজল আহামদের ছেলে খোরশেদ আলম (২৫), জাফর আলমের ছেলে আকিব (২২) এবং মার্কিন মিয়ার ছেলে আব্দুল গফুর (১৯)।
বিজিবি আরও জানায়, এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও আটকের জন্য পুলিশ, এসআরবি ও বিজিবির যৌথ অভিযান অব্যাহত রয়েছে।
টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানান, সীমান্ত এলাকায় জননিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বদা পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে। তিনি বলেন, "দায়িত্ব পালনকালে বিজিবি সদস্যদের ওপর এ ধরনের হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।" এ ধরনের অপতৎপরতা প্রতিরোধে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বিজিবির সমন্বিত কার্যক্রম অব্যাহত থাকবে।
তিনি আরও জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড, সরকারি গাড়ি ভাঙচুর ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে টেকনাফ মডেল থানায় মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আগামীকাল শুক্রবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘সুপার সেল কার বাজার’। টানা নয় সপ্তাহের সফলতার পর এবার দশমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে এই গাড়ি কেনাবেচার আয়োজন।
ক্রেতারা এখানে তাদের পছন্দের গাড়ি কেনার পাশাপাশি, ব্যবহৃত গাড়িও সঠিক মূল্যে বিক্রি করার সুযোগ পাবেন। গত ৪ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই গাড়ি কেনাবেচার আসর নিয়মিতভাবে প্রতি শুক্রবার অনুষ্ঠিত হচ্ছে। ক্রেতারা এখানে ঝক্কিঝামেলা ছাড়াই পছন্দের বাইক কিংবা গাড়ি কিনতে সক্ষম হচ্ছেন। প্রয়োজনে তারা নিজেদের ব্যবহৃত বাইক বা চার চাকার গাড়িও বিক্রি করতে পারছেন।
‘সুপার সেল কার বাজার’ উদ্বোধনী দিন থেকেই অনেকের দৃষ্টি আকর্ষণ করেছে। অনেক ক্রেতার মতে, এই ব্যস্ত শহরে এমন আয়োজন নিঃসন্দেহে স্বস্তিদায়ক। তাই ক্রেতাদের নিয়মিত স্বস্তি প্রদানের জন্য শুক্রবার সকাল ১১টায় শুরু হবে ‘সুপার সেল কার বাজার’। নতুন, পুরাতন ও রিকন্ডিশন্ড গাড়ি, মোটরবাইক এবং ইউটিলিটি ভেহিকেলের বিশাল সমাহার থাকবে এই কার বাজারে।
উদ্যোক্তাদের মতে, বাংলাদেশের অটোমোবাইল বাজারে ক্রমবর্ধমান চাহিদার সাথে তাল মিলিয়ে নিয়মিত ও আধুনিক মার্কেটপ্লেসের প্রয়োজনীয়তা অনুভূত হচ্ছে। ‘সুপার সেল কার বাজার’ সেই চাহিদা পূরণে একটি সময়োপযোগী উদ্যোগ। এর মাধ্যমে ক্রেতারা এক জায়গায় বিভিন্ন ব্র্যান্ড ও মডেলের যানবাহন সম্পর্কে জানতে এবং তুলনা করার সুযোগ পাচ্ছেন। একইসাথে বিক্রেতারাও সরাসরি সম্ভাব্য ক্রেতাদের কাছে পৌঁছাতে পারছেন।
‘সুপার সেল কার বাজার’ আয়োজন করছে উইজার্ড শোবিজ এবং ভেন্যু পার্টনার হিসেবে রয়েছে আইসিসিবি।
এই আয়োজনে বিভিন্ন ব্র্যান্ড, ডিলারশিপ, আর্থিক প্রতিষ্ঠান ও অটোমোবাইল-সংশ্লিষ্ট প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। পাশাপাশি ব্যক্তি মালিকানাধীন নতুন, রিকন্ডিশন্ড ও ব্যবহৃত গাড়ি এবং মোটরসাইকেল বিশেষ ছাড়ে কেনাবেচার সুযোগও রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ