১২:৫০ পি.এম
বলিউড মডেল-অভিনেত্রী ও গায়িকা শেহনাজ গিল মূলত রিয়েলিটি শো বিগ বস ১৩-এ অংশগ্রহণের পর ব্যাপক পরিচিতি ও জনপ্রিয়তা অর্জন করেন। অভিনয়ের পাশাপাশি, সামাজিক মাধ্যমে ব্যক্তিজীবন ও মন্তব্যের মাধ্যমে নেটিজেনদের মধ্যে বিভিন্ন গুঞ্জন সৃষ্টি করেন। সম্পর্কের গুজব, ট্রল, ভুল ব্যাখ্যা এবং কথার সামান্য এদিক–সেদিকও খবরের শিরোনাম হয়ে যায়। তবে এসব নিয়ে তিনি খুব একটা বিচলিত নন। বরং, নিজের স্বভাবসুলভ রসিকতায় বিষয়গুলো মোকাবিলা করেন এই অভিনেত্রী।
সম্প্রতি, এক সাক্ষাৎকারে শেহনাজ গিলকে নিয়ে নানা গুজব ও নেতিবাচক খবর সম্পর্কে প্রশ্ন করা হলে, তিনি বলেন, "যারা তাকে নিয়ে এমন খবর করেন, তাদের উদ্দেশ্য আমি বুঝতে পারি— ভিউ কামানো। ভালো খবর দিয়ে যদি কারও তেমন লাভ না হয়, তাহলে নেতিবাচক বা চমকপ্রদ শিরোনাম দিয়েই হয়তো পাঠকের দৃষ্টি আকর্ষণ করতে হয়।"
তিনি আরও বলেন, "তারা ভিউ চান। খারাপ শিরোনাম না দিলে খবরই বা কীভাবে বিক্রি হবে? আমি যদি কথার মধ্যে কোনো ভুল করে ফেলি, আর সেটাই শিরোনাম হয়ে যায়, তখন আমি শুধু প্রার্থনা করি— আমার কারণে বেচারাদের যেন কিছু ভিউ হয়। এত ভালো কথা বলে তো আমার কোনো লাভ হয়নি, অন্তত কারও একটা উপকার হোক।"
আরও পড়ুন: জয়ের বাবার সঙ্গে স্পিকারের পুরোনো ছবি, ভক্তদের মন্তব্য ‘এবার জমি নিশ্চিত’
এত অভিযোগের জবাব দেওয়ার বদলে, রসিকতা করেই বিষয়টি উড়িয়ে দেওয়ার প্রবণতা রয়েছে শেহনাজ গিলের। কারণ, তিনি মনে করেন, এই হাস্যরস তার ব্যক্তিত্বের অংশ। এই স্বাভাবিকতা সম্ভবত তার জনপরিচিতির অন্যতম বৈশিষ্ট্য। তারকাদের অনেকেই ক্যামেরার সামনে নির্দিষ্ট ভাবমূর্তি ধরে রাখার চেষ্টা করেন, কিন্তু শেহনাজ বরং স্বতঃস্ফূর্ত থাকার চেষ্টা করেন। তিনি জানান, "খ্যাতির সঙ্গে সঙ্গে মানুষের প্রত্যাশাও বাড়ে। কখন কী বলা উচিত, কীভাবে হাঁটতে হবে, সংবাদমাধ্যমের সামনে কীভাবে আচরণ করতে হবে— এসব নিয়ে আমাকে পরামর্শও দেওয়া হয়েছে। কিন্তু অন্যের নির্দেশে নিজেকে বদলাতে রাজি হয়নি।"
শেহনাজ গিল বলেন, "আমি কখনো কাউকে আমাকে প্রভাবিত করতে দিইনি— কীভাবে কথা বলব, হাঁটব বা সংবাদমাধ্যমের সামনে কীভাবে আচরণ করব। আমাকে অনেক কিছু বলা হয়েছে। কিন্তু আমি বিশ্বাস করি, তুমি যা, সেটাই থাকো। নিজেকে সত্যি করে তুলে ধরতে পারলে মানুষ তোমাকে গ্রহণ করবে।"
নিজের স্বভাবের প্রতি আস্থার ফল হিসেবে, শেহনাজ গিল একটি মজার উদাহরণ তুলে ধরেন। তিনি বলেন, "বিমানবন্দরে একদিন দুজন আলাদা ব্যক্তি একই কথা বলেছিলেন আমাকে। তারা দুজনই বলেছিলেন— তারা শেহনাজ ও অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের সঙ্গে দেখা করতে চান। আমি কাকতালীয় ভেবেছিলাম। কিন্তু বিষয়টি তা নয়। আমি জানতে চাই, কেন তাদের সঙ্গে শ্রদ্ধার নাম নেওয়া হচ্ছে?"
তিনি উল্লেখ করেন, "তারা বললেন— ‘আপনি যেমন, ঠিক তেমনই থাকেন। আপনি নিজের ভাষাকে ভালোবাসেন, তিনিও (শ্রদ্ধা) তেমন।’ তখন আমার মনে হলো— দুজন মানুষ যদি এভাবে ভাবেন, তাহলে আরও কত মানুষ হয়তো একইভাবে ভাবেন।"
আরও পড়ুন: আব্বাসউদ্দীনের ভাওয়াইয়া গান নিয়ে উৎসবের আয়োজন করবে সরকার: সংস্কৃতিমন্ত্রী
শেহনাজের কাছে সবচেয়ে বড় প্রাপ্তি অবশ্য জনপ্রিয়তা নয়। তার কাছে বিশেষ হয়ে ওঠে তখনই, যখন কেউ তার জীবনযাত্রা বা ক্যারিয়ারের সঙ্গে নিজের জীবনের মিল খুঁজে পান।
তিনি বলেন, "মানুষ যখন আমাকে বলে যে তারা আমার যাত্রা থেকে অনুপ্রেরণা পায়, আমার সঙ্গে নিজেদের মিল খুঁজে পায়, তখন খুব বিশেষ লাগে।"
শেহনাজ গিল বলেন, "আমি এত ভালোবাসা পেয়েছি যে কখনো কখনো আমার নিজেরও মনে হয়, নিশ্চয়ই আমি কিছু একটা ঠিক করেছি।"
পাঞ্জাবি গণমাধ্যমের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে শেহনাজ বলেন, "পাঞ্জাবি গণমাধ্যমও একসময় আমার সঙ্গে খুব স্বাভাবিকভাবে আচরণ করত। জানি না কী বদলে গেল। এখন সেখানকার সবাই এসে আমাকে জড়িয়ে ধরে বলেন, তারা আমাকে বিশেষভাবে গুরুত্ব দেবেন। কারণ আমি তাদের হৃদয় জয় করেছি।"
আরও পড়ুন: তানজিন তিশার ক্ষোভ, ফ্যাশন ডিজাইনারের বিরুদ্ধে মামলার প্রেক্ষাপটে প্রশ্ন তুললেন
তিনি বলেন, "হিন্দি গণমাধ্যমও আমাকে ভালোবাসে, তবে তাদের সঙ্গে আমার যে সম্পর্ক, সেটার অনুভূতি একটু আলাদা।"
উল্লেখ্য, অভিনেত্রী শেহনাজ গিল একসময় রিয়েলিটি শোর মাধ্যমে পরিচিতি পান। বর্তমানে তিনি অভিনয়েও নিজের জায়গা তৈরি করে নিয়েছেন। হিন্দি ও পাঞ্জাবি বিনোদনজগতে কাজের পাশাপাশি সামাজিক মাধ্যমে তার বড় অনুসারী রয়েছে। তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত পাঞ্জাবি সিনেমা ‘সিং বনাম কৌর ২’।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন