০৫:০০ পি.এম
মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলের রাজনীতি যেন ভূ-রাজনৈতিক সীমাবদ্ধতার এক শ্বাসরুদ্ধকর জালে আটকা পড়ে ধুঁকছে। সমুদ্রপথের অবরোধ, অবরুদ্ধ শহর এবং পুড়ে যাওয়া কৃষিজমি—এই অঞ্চলের একটি বড় অংশ কেবল রাজনৈতিক মন্দার মধ্য দিয়ে যাচ্ছে না, বরং তারা এক কাঠামোগত শ্বাসরুদ্ধকর পরিস্থিতির শিকার হয়ে পড়েছে।
হরমুজ প্রণালীর সংকীর্ণতার মতো—যেখানে ভৌগোলিক সীমাবদ্ধতা স্থানীয় কোনো সংঘাতকে বৈশ্বিক সংকটে রূপান্তরিত করতে পারে—ঠিক তেমনি মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলে বিদ্যমান সামাজিক ও রাজনৈতিক অনিশ্চয়তা রাষ্ট্রগুলোকে এক শাসনতান্ত্রিক অচলাবস্থায় আটকে ফেলেছে। এই অবস্থায় গণতান্ত্রিক পুনরুদ্ধারের পথগুলো রুদ্ধ হয়ে যাচ্ছে।
অবিরাম রক্তপাতে ক্ষতবিক্ষত এই ভূখণ্ডে, ইউরোপ-আমেরিকার গৎবাঁধা ও পরিশীলিত বয়ানের মাধ্যমে ‘গণতন্ত্রীকরণ’-এর কথা বলাটা যেন রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার চেয়ে বরং মনোযোগ সরানোর এক কৃত্রিম কৌশল বলেই মনে হয়। অথচ, চরম সহিংসতা ও সুপরিকল্পিতভাবে কণ্ঠরোধ করার এই ভয়াবহ সন্ধিক্ষণে ‘গণতন্ত্রীকরণের ধারণাকে নতুন রূপ দেওয়া’ সবচেয়ে বেশি জরুরি হয়ে পড়ে।
আরও পড়ুন: সৌদি জোট ইয়েমেনের রাস ইসা বন্দর থেকে লোকজনকে সরে যেতে বলল
মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলে প্রকৃত গণতান্ত্রিক পুনর্জাগরণ ঘটাতে হলে বাইরের দেশ থেকে আমদানিকৃত ছকগুলো ভেঙে বেরিয়ে আসতে হবে এবং এই অঞ্চলের নিজস্ব বুদ্ধিবৃত্তিক ঐতিহ্য ও সমঝোতার দেশীয় কৌশলগুলোকে পুনরুদ্ধার করতে হবে।
ঔপনিবেশিক উত্তরাধিকার ও পশ্চিমাদের দ্বিচারিতা
এই অঞ্চলে গণতান্ত্রিক পুনর্জাগরণ ঘটাতে হলে বুঝতে হবে কেন গণতন্ত্রে উত্তরণের চিরাচরিত মডেলগুলো ব্যর্থ হয়েছে এবং সাম্রাজ্যবাদের যে ভূত এখনো টিকে আছে, তার মুখোমুখি হতে হবে।
যে অঞ্চলে দীর্ঘস্থায়ী বাহ্যিক নির্ভরশীলতা এবং তীব্র গণতান্ত্রিক ঘাটতি রয়েছে, সেখানে নব্য-উদারবাদী প্রেসক্রিপশন প্রয়োগ করে কোনো কার্যকর বা স্বতঃস্ফূর্ত সংস্কার আনা সম্ভব হয়নি।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে ‘মুহাম্মদ’ নামের প্রতি বিদ্বেষ, হিন্দু যাত্রীর হামলায় উবার চালক নিহত
বরং এটি ক্ষমতার অসম কাঠামোকে আরো শক্তিশালী করেছে, যার মাধ্যমে পশ্চিমা আর্থিক, রাজনৈতিক ও নিরাপত্তা প্রতিষ্ঠানগুলো এই অঞ্চলের ওপর নিজেদের নিয়ন্ত্রণ ও শাসন বজায় রেখেছে।
এক ধরনের বিচ্ছিন্ন ও ‘সর্বজ্ঞ’ অবস্থান থেকে আধিপত্যবাদী তাত্ত্বিকরা এই অঞ্চলটিকে একটি ‘খালি পাতা’ হিসেবে গণ্য করেছেন। তারা এই অঞ্চলের সমৃদ্ধ ইতিহাস ও আইনি ঐতিহ্যকে কেবল ‘স্থানীয় সংস্কৃতি’ বলে তুচ্ছ করেছেন, যা কি না পশ্চিমা বিশেষজ্ঞদের দ্বারাই কেবল ব্যাখ্যা করা সম্ভব! মূলধারার আন্তর্জাতিক কাঠামোতে আরব সমাজগুলোকে সহজাতভাবেই ‘অস্বাভাবিক’ বা ‘রোগাক্রান্ত’ হিসেবে চিত্রিত করা হয়েছে এবং তথাকথিত ‘সভ্য করার মিশন’ কে নতুন মোড়কে ‘গণতন্ত্র প্রসার’ হিসেবে উপস্থাপন করা হয়েছে।
আজ, সবার জন্য একই ধরনের সমাধান চাপিয়ে দেওয়ার সেই মডেলগুলো চরম দ্বিমুখী আচরণের মুখে ভেঙে পড়েছে। পশ্চিমা শক্তিগুলোর নেওয়া একটি সিদ্ধান্তের মধ্যেই এটি সবচেয়ে স্পষ্ট: তারা গণতন্ত্র প্রসারের ভানটুকুও বিসর্জন দিয়ে অভিবাসন নিয়ন্ত্রণের মতো কঠোর নিরাপত্তা লক্ষ্যকে প্রাধান্য দিচ্ছে; এমনকি তারা এমন সব শাসকগোষ্ঠীকে অর্থায়ন করছে, যারা কার্যত তাদের হয়ে সীমান্তরক্ষীর ভূমিকা পালন করছে।
পশ্চিমা বিশ্ব কেবল বিদেশের মাটিতে নিজেদের গণতান্ত্রিক মূল্যবোধের বয়ান থেকেই মুখ ফিরিয়ে নিচ্ছে না, বরং তারা খোদ নিজেদের দেশেই গণতন্ত্রের সংকটে ভুগছে। সুইডেনের গোথেনবার্গে অবস্থিত ‘ভ্যারাইটিস অব ডেমোক্রেসি’ (ভি-ডেম) ইনস্টিটিউটের ধারাবাহিক প্রতিবেদনগুলোতে গণতন্ত্রের ক্রমাগত অবক্ষয়ের চিত্র উঠে এসেছে। বর্তমানে বিশ্বের ৭৪ শতাংশ মানুষ স্বৈরতান্ত্রিক শাসনের অধীনে বসবাস করছে, যা বৈশ্বিক গণতন্ত্রের মানদণ্ডকে ১৯৭৮ সালের পর্যায়ে ফিরিয়ে নিয়ে গেছে। এই প্রক্রিয়াটি বড় বড় গণতান্ত্রিক রাষ্ট্রগুলোকে ভেতর থেকে দুর্বল করে দিচ্ছে।
আরও পড়ুন: প্রধানমন্ত্রী পদ ভাগাভাগির প্রস্তাবের পর নেতানিয়াহু-আইজেনকোটের বৈঠক
সংকটের বহুমুখী চাপ
বিশ্বজুড়ে গণতন্ত্রের এই পশ্চাদপসরণের প্রেক্ষাপটে, মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলটি সামরিক, অর্থনৈতিক ও পরিবেশগত সংকটের এমন এক জটিল জালে আটকা পড়েছে, যা সেখানকার গণতান্ত্রিক ভবিষ্যতের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।
গাজায় ইসরায়েলের সামরিক অভিযান, লেবানন ও সিরিয়ায় সংঘাত, ইয়েমেনের অবরোধ এবং ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র-ইসরাইলের যুদ্ধ পুরো অঞ্চলের পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। পাশাপাশি বেকারত্ব, দারিদ্র্য, অর্থনৈতিক বৈষম্য ও পানির সংকট সাধারণ মানুষের জীবনকে বিপর্যস্ত করছে।
আরব দেশগুলোতে তরুণদের বেকারত্বের হার প্রায় ২৫ থেকে ৩০ শতাংশ। অন্যদিকে, পানির তীব্র সংকটের ঝুঁকিতে রয়েছে অঞ্চলের ৮০ শতাংশের বেশি মানুষ। এসব সংকটের সুযোগ নিয়ে আঞ্চলিক শক্তি, সশস্ত্র গোষ্ঠী ও বহিরাগত পক্ষগুলো নিজেদের প্রভাব বিস্তার করছে। ফলে গণতন্ত্র প্রতিষ্ঠার প্রচলিত নির্বাচনী সংস্কারভিত্তিক উদ্যোগ বাস্তব সংকট মোকাবিলায় যথেষ্ট হচ্ছে না।
আরও পড়ুন: ইরান: যুক্তরাষ্ট্র শর্ত না মানা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে
গণতন্ত্রের ভবিষ্যৎ কোথায়
ভি-ডেমের ২০২৬ সালের প্রতিবেদন অনুযায়ী, মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা বিশ্বের সবচেয়ে স্বৈরতান্ত্রিক অঞ্চল। এ অঞ্চলের ৯০ শতাংশের বেশি মানুষ রুদ্ধদ্বার বা নির্বাচনি স্বৈরতান্ত্রিক ব্যবস্থার অধীনে রয়েছে।
তবে সংকট সত্ত্বেও গণতন্ত্রের প্রতি মানুষের আকাঙ্ক্ষা শেষ হয়ে যায়নি। আরব ব্যারোমিটারের জরিপ বলছে, আরব দেশগুলোর অধিকাংশ মানুষ এখনো অন্য যেকোনো শাসনব্যবস্থার চেয়ে গণতন্ত্রকে বেশি পছন্দ করেন।
স্থানীয় উদ্যোগেই পরিবর্তনের সম্ভাবনা
আরও পড়ুন: নেতানিয়াহু ও আইজেনকোটের বৈঠক, জোট সরকার গঠনের চেষ্টা
মধ্যপ্রাচ্যে গণতন্ত্র পুনরুদ্ধারে পশ্চিমা মডেল অনুকরণের পরিবর্তে স্থানীয় ইতিহাস, সংস্কৃতি ও রাজনৈতিক ঐতিহ্যের ওপর গুরুত্ব দিতে হবে। এ ক্ষেত্রে সমবায়, নারীদের নেতৃত্বাধীন ক্ষুদ্রঋণ ও পারস্পরিক সহযোগিতা তহবিল, শ্রমিক সংগঠন, পাড়া-মহল্লাভিত্তিক উদ্যোগ এবং স্থানীয় জনগণের অংশগ্রহণে পরিচালিত পরিষদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
পাশাপাশি শক্তিশালী রাজনৈতিক দল, বহুদলীয় সংসদ, স্বাধীন গণমাধ্যম এবং বিভিন্ন মতাদর্শের বিরোধী পক্ষগুলোর মধ্যে ঐক্য গড়ে তোলা প্রয়োজন। স্থানীয় নির্বাচন ও নাগরিক সংগঠনের মাধ্যমে ধীরে ধীরে জবাবদিহি ও জনগণের রাজনৈতিক অংশগ্রহণ বাড়ানো সম্ভব।
সবশেষে বলা যায়, মধ্যপ্রাচ্যে গণতন্ত্র প্রতিষ্ঠার পথ সহজ নয়। তবে এর ভবিষ্যৎ নির্ভর করছে বাইরের শক্তির হস্তক্ষেপ কিংবা আমদানি করা রাজনৈতিক ছকের ওপর নয়; বরং স্থানীয় জনগণের ঐক্য, আত্মনিয়ন্ত্রণ, পারস্পরিক সংহতি এবং মর্যাদার অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের ওপর। যুদ্ধ ও দমন-পীড়নের মধ্যেও গণতন্ত্রের আকাঙ্ক্ষা টিকে আছে—আর সেখানেই এ অঞ্চলের আশার জায়গা।
আরএ
আরও পড়ুন: জিওগ্রাফি অলিম্পিয়াডে বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ, মিনিস্টার-মাইওয়ান গ্রুপের পাশে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন