ঢাকা রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ইং ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

আইনি সুরক্ষার বাইরে থাকবে না দেশের কোনো মানুষ: আইনমন্ত্রী


আইনি সুরক্ষার বাইরে থাকবে না দেশের কোনো মানুষ: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, আগামী পাঁচ বছরের মধ্যে দেশে এমন একটি পরিবেশ তৈরি করা হবে, যেখানে দরিদ্র ও অসহায় মানুষ আইনি সুরক্ষার বাইরে থাকবেন না। সবার আইনি সুরক্ষা নিশ্চিত হবে।

রোববার (২৯ নভেম্বর) সকালে সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে মো. আসাদুজ্জামান এসব কথা বলেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্যারালিগ্যাল সেবার গুরুত্ব তুলে ধরে আইনমন্ত্রী বলেন, ‘দেশে আইনজীবীদের সহকারীদের কোনো প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ নেই, অথচ মক্কেল ও মামলা ব্যবস্থাপনায় তারা বড় ভূমিকা রাখেন। ব্লাস্ট, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং আইনগত সহায়তা অধিদফতরের এই যৌথ উদ্যোগ বিচারপ্রার্থী সাধারণ মানুষের ন্যায়বিচার প্রাপ্তিতে ইতিবাচক পরিবর্তন আনবে।’

আরও পড়ুন: বোনকে পৌঁছে দিতে যাচ্ছিলেন ভাই, যশোরে মাইক্রোবাসের ধাক্কায় নিহত নার্সিং শিক্ষার্থী

তিনি আরও বলেন, ‘আগামী পাঁচ বছরের মধ্যে আমরা মানুষের মাঝে এমন একটি ইতিবাচক পরিবেশ তৈরি করতে পারব, যেখানে আমাদের দেশের দরিদ্র ও অসহায় মানুষ আইনি সুরক্ষার বাইরে থাকবেন না।’

সারা দেশের আইনজীবীদের দক্ষতা বৃদ্ধির উদ্যোগের কথা জানিয়ে মো. আসাদুজ্জামান বলেন, ‘দেশে প্রায় ৮০ হাজার আইনজীবী রয়েছেন। বার কাউন্সিলের সনদ পাওয়ার পর তাদের কোনো প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ কোর্সের ব্যবস্থা নেই। সিনিয়রদের সঙ্গে কাজ করেই তারা শেখেন। বিষয়টি বিবেচনায় নিয়ে এ বছর প্রথমবারের মতো ৫০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। মন্ত্রিসভার অনুমোদন সাপেক্ষে খুব শিগগিরই এই প্রশিক্ষণ কার্যক্রম শুরু করা হবে।’

অ্যাটর্নি জেনারেল থাকাকালীন ইউএনডিপির সহায়তায় সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মেধাবী স্নাতকদের জন্য ইন্টার্নশিপ প্রোগ্রাম চালুর কথা উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, ‘এই ইন্টার্নশিপ কোর্সের নিয়োগ প্রক্রিয়ায় কোনো ধরনের হস্তক্ষেপের সুযোগ ছিল না। ইউএনডিপি এ কর্মসূচির প্রশংসা করেছে।

আইনগত সহায়তা কার্যক্রমের সাফল্যের পরিসংখ্যান তুলে ধরে মন্ত্রী জানান, ২০২৫ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত মধ্যস্থতার (মেডিয়েশন) জন্য আবেদন পড়েছিল ৩৫ হাজার ৫৯৬টি, যা ২০২৬ সালের একই সময়ে বেড়ে দাঁড়িয়েছে ৯৫ হাজার ৩১২টিতে। এ ক্ষেত্রে বৃদ্ধির হার ১৬৭ দশমিক ৭৬ শতাংশ। একই সময়ে মধ্যস্থতার মাধ্যমে নিষ্পত্তির হার ২৯ হাজার ৮৩৭টি থেকে বেড়ে ৭৩ হাজার ৪৫৯টিতে দাঁড়িয়েছে; যা ১৪৬ দশমিক ২০ শতাংশ বেশি। এ ছাড়া মধ্যস্থতা চুক্তির সংখ্যা ৯ হাজার ৯১৫টি থেকে ১০৮ দশমিক ৬৪ শতাংশ বেড়ে ২০ হাজার ৬৮৭টিতে উন্নীত হয়েছে।

আরও পড়ুন: গাইবান্ধায় যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ, পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে হুঁশিয়ারি

কিছু জেলায় আইনজীবী সমিতির অসহযোগিতার প্রসঙ্গ টেনে তিনি বলেন, মধ্যস্থতা কার্যক্রমের কারণে মক্কেল হারানোর আশঙ্কায় কোনো কোনো জেলার আইনজীবীরা এর বিরোধিতা করছেন। তবে আলোচনার মাধ্যমে অধিকাংশ বারকে বোঝানো সম্ভব হয়েছে। যেখানে প্রতিবন্ধকতা তৈরি হয়েছিল, স্থানীয় সংসদ সদস্যদের সহায়তায় তা সমাধানের উদ্যোগ নেয়া হয়েছে।

এর আগে প্যারালিগ্যাল সেবার প্রাতিষ্ঠানিকীকরণ, জাতীয় প্যারালিগ্যাল যোগ্যতা সনদ কোর্স এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের আইনগত সহায়তা প্রদানে বিশেষায়িত প্যারালিগ্যাল সনদ কোর্স প্রণয়ন ও বাস্তবায়ন বিষয়ে বাংলাদেশ আইনগত সহায়তা অধিদফতর, বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের মধ্যে এই ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারত বাংলাদেশকে অনুগত রাষ্ট্রে পরিণত করতে চেষ্টা করছে: রিজভী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:০২ পি.এম


ভারত বাংলাদেশকে অনুগত রাষ্ট্রে পরিণত করতে চেষ্টা করছে: রিজভী

ভারত এখনও বাংলাদেশকে অনুগত রাষ্ট্রে পরিণত করার চেষ্টায় লিপ্ত রয়েছে, এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

রোববার (২৯ নভেম্বর) সারা দেশে নৈরাজ্যের প্রতিবাদে যুবদল ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে আয়োজিত মিছিল পূর্ব সমাবেশে তিনি এ কথা বলেন।

রিজভী উল্লেখ করেন, আধিপত্যবাদের বিরুদ্ধে এ দেশের মানুষের লড়াই আজও অব্যাহত রয়েছে। তিনি বলেন, আধিপত্যবাদের হাতিয়ার হিসেবে পলাতক শেখ হাসিনা কাজ করছেন।

ভারত দাবি করে যে, তারা অন্য রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে না, কিন্তু চাণক্যনীতির কৌশল অনুসরণ করে বাংলাদেশকে করদরাজ্যে পরিণত করার চেষ্টা দিল্লির অব্যাহত রয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

পাকিস্তানি শাসন থেকে মুক্ত হওয়ার পরপরই বাংলাদেশকে করদরাজ্যে পরিণত করার লক্ষ্যে দিল্লির আধিপত্য বিস্তারের চেষ্টা শুরু হয়, এ কথা জানিয়ে রিজভী আরও বলেন, পিন্ডির শাসন থেকে মুক্ত হওয়ার পরপরই বাংলাদেশকে করদরাজ্যে পরিণত করতে দিল্লির থাবা শুরু হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুর্নীতির মামলায় মনিরুলের স্ত্রী-শ্যালককে শ্যোন অ্যারেস্টের আবেদন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:০২ পি.এম


দুর্নীতির মামলায় মনিরুলের স্ত্রী-শ্যালককে শ্যোন অ্যারেস্টের আবেদন

ডিবির হাতে আটক সাবেক এসবি প্রধান মনিরুল ইসলামের স্ত্রী ও শ্যালককে দুর্নীতির মামলায় গ্রেফতার দেখানোর জন্য আবেদন করেছে দুদক। তাদের বিরুদ্ধে ১১শ কোটি টাকার মানিলন্ডারিংয়ের অভিযোগে মামলা দায়ের করেছে সংস্থাটি।

এদিকে, অবৈধভাবে ৭৬টি মালবাহী নৌযানের নকশা অনুমোদন দেয়ার অভিযোগে নৌ পরিবহন অধিদফতরের সাবেক প্রধান প্রকৌশলী ফখরুল ইসলামসহ দুজনের বিরুদ্ধে চার্জশিটের অনুমোদন দিয়েছে দুদক।

এর আগে, নাশকতার পরিকল্পনার অভিযোগে এসবির সাবেক প্রধান মনিরুল ইসলামের স্ত্রী সায়লা ফারজানা এবং তার দুই শ্যালককে রোববার সকালে আটক করে ডিবি পুলিশ। আটককৃতদের মধ্যে মনিরুলের স্ত্রী সাবেক অতিরিক্ত সচিব সায়লা ফারজানা ও শ্যালক রেজাউল করিম শাহীন দুদকের মামলার আসামি।

সম্প্রতি দায়ের করা মামলায় উল্লেখ করা হয়েছে, মনিরুল তার সম্পদের তথ্য গোপন করার জন্য শ্যালকের ব্যাংক হিসাবে ১১শ কোটি টাকা হস্তান্তর করেছেন। এছাড়া, ৩৮ কোটি টাকার অবৈধ সম্পদও সংস্থাটি খুঁজে পেয়েছে।

দুদকের উপপরিচালক আকতারুল ইসলাম জানান, এই মামলায় তাদেরকে গ্রেফতার দেখানোর জন্য আবেদন করা হয়েছে।

এছাড়াও, নিয়ম ভেঙে অবৈধভাবে ৭৬টি মালবাহী নৌযানের নকশা অনুমোদনের ঘটনায় নৌপরিবহন অধিদফতরের সাবেক প্রধান প্রকৌশলী ফখরুল ইসলাম ও সাবেক উপপরিচালক শামীম উদ্দিন আহমেদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দিচ্ছে দুদক।

প্রসঙ্গত, ২০১৭ সালে ফখরুল ইসলামকে ঘুষের ৫ লাখ টাকাসহ হাতেনাতে গ্রেফতার করেছিল দুদক।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১২ দিনের রিমান্ডেও মুখ খোলেননি সাঈদ খোকন, ৫ দিনের রিমান্ডের আবেদন পুলিশে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:০৩ পি.এম


১২ দিনের রিমান্ডেও মুখ খোলেননি সাঈদ খোকন, ৫ দিনের রিমান্ডের আবেদন পুলিশে

কিশোর মোতালেব হত্যা মামলার তদন্তে দুই দফায় ১২ দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা সত্ত্বেও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন থেকে পুলিশ কাঙ্ক্ষিত তথ্য সংগ্রহ করতে পারছে না বলে অভিযোগ করেছে। পলাতক আসামিদের অবস্থান সম্পর্কে জানতে চাওয়া হলে, তিনি বেশিরভাগ সময় নীরব থাকছেন বলে রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়েছে। এই পরিস্থিতিতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে তৃতীয় দফায় আরও পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছে।

রোববার (২৯ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেনের আদালতে এই আবেদনের শুনানি অনুষ্ঠিত হবে।

দুই দফা রিমান্ড শেষে সাঈদ খোকনকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক সুজন হক তৃতীয় দফায় সাত দিনের রিমান্ডের জন্য আবেদন করেন।

রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়েছে, ডিবি কার্যালয়ে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ চলাকালীন সাঈদ খোকন মামলার মূল রহস্য এড়িয়ে যাচ্ছেন এবং বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন তথ্য দিয়ে তদন্তকারীদের বিভ্রান্ত করার চেষ্টা করছেন। পলাতক আসামিদের অবস্থান সম্পর্কে জানতে চাইলে তিনি অধিকাংশ ক্ষেত্রে নীরব থাকছেন।

আবেদনে আরও অভিযোগ করা হয়েছে যে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে অর্থ ও অস্ত্রের জোগানদাতা হিসেবে সাঈদ খোকনের ভূমিকা রয়েছে। তার নির্দেশনায় ছাত্রলীগ, যুবলীগসহ আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা আন্দোলনকারীদের ওপর হামলা চালান। পুলিশ দাবি করেছে, তার নির্দেশেই ধানমন্ডি ও আশপাশের এলাকায় ব্যাপক হামলা ও ধ্বংসযজ্ঞ সংঘটিত হয়েছে।

পুলিশের আবেদনে আরও বলা হয়েছে, সরকার পতনের পর আত্মগোপনে থেকেও সাঈদ খোকনের নেতৃত্বে ঢাকার বিভিন্ন স্থানে আওয়ামী লীগের একাধিক ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়েছে। পলাতক শীর্ষ নেতাকর্মীদের সঙ্গে তার যোগাযোগ রয়েছে এবং দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির পরিকল্পনা করছেন বলেও অভিযোগ করা হয়েছে।

রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়েছে, সাঈদ খোকনের দেওয়া তথ্য যাচাই, মামলার পলাতক আসামিদের গ্রেপ্তার, ঘটনায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার এবং ঝটিকা মিছিলে অংশগ্রহণকারীদের শনাক্ত করতে তাকে পুনরায় জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এছাড়া, তার দেওয়া পরস্পরবিরোধী তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য পাঁচ দিনের রিমান্ড চাওয়া হয়েছে।

এর আগে, গত ১৭ নভেম্বর প্রথম দফায় সাঈদ খোকনের সাত দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছিল। পরে ২৪ নভেম্বর দ্বিতীয় দফায় আরও পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খেলাফত মজলিসের জুলাই সনদ বাস্তবায়নের দাবি, ডিসেম্বরের জন্য চার দফা কর্মসূচি ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:০৩ পি.এম


খেলাফত মজলিসের জুলাই সনদ বাস্তবায়নের দাবি, ডিসেম্বরের জন্য চার দফা কর্মসূচি ঘোষণা

খেলাফত মজলিস অবিলম্বে ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়নের জন্য কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছে, গণভোটের রায় মেনে। দলটি চলমান নাশকতা ও অস্থিতিশীলতা প্রতিরোধে ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য অটুট রাখার প্রত্যয় ব্যক্ত করে ডিসেম্বর মাসে চার দফা কর্মসূচি ঘোষণা করেছে।

রোববার দুপুরে রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের মজলিস মিলনায়তনে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে এসব দাবি ও কর্মসূচি তুলে ধরা হয়। খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের লিখিত বক্তব্য পাঠ করেন।

লিখিত বক্তব্যে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নাশকতামূলক কর্মকাণ্ড নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে খেলাফত মজলিস জানায়, পতিত আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে দেশকে আবারও অশান্ত করার ষড়যন্ত্র শুরু হয়েছে। দলটির অভিযোগ, ভারতের মাটিতে বসে শান্তিপ্রিয় মানুষকে হত্যার ষড়যন্ত্র করা হচ্ছে এবং ছদ্মবেশে ভারতীয় এজেন্টরা দেশে কাজ করছে। জনগণের সম্পদ ও সরকারি সম্পত্তি বিনষ্ট করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় দলটি।

সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বলা হয়, এসব নাশকতা ও হত্যাযজ্ঞ বন্ধে স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থতার দায় এড়াতে পারেন না। সরকারকে অবিলম্বে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। গোপালগঞ্জে নাশকতার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবি জানিয়ে দলটি আরও বলে, সন্ত্রাসীদের কারণে সেখানকার সাধারণ মানুষ যেন কোনো সরকারি সেবা থেকে বঞ্চিত বা ভোগান্তির শিকার না হয়, সে বিষয়ে সরকারকে সতর্ক থাকতে হবে।

প্রধানমন্ত্রীর জাতীয় ঐক্যের আহ্বানকে স্বাগত জানিয়ে লিখিত বক্তব্যে ড. আহমদ আবদুল কাদের বলেন, বিগত আট মাসে গণভোটের রায় এবং জুলাই সনদ বাস্তবায়নে যদি সরকারপ্রধান আন্তরিক হতেন, তাহলে আজ এই সমস্যার সৃষ্টি হতো না। তবে আমাদের ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য অটুট থাকবে। ২৪ সালে ফ্যাসিস্টের বিরুদ্ধে যারা মাঠে ছিল, আমরা সকলে এখনো মাঠে আছি, থাকব ইনশাআল্লাহ।

এ সময় অব্যাহত সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে কার্যক্রম স্থগিত থাকা আওয়ামী লীগকে নিষিদ্ধের উদ্যোগ নেওয়ার পাশাপাশি ফ্যাসিস্ট অপশক্তির বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করা ও রায় কার্যকরের দাবি জানানো হয়।

ঘোষিত কর্মসূচি

প্রেস ব্রিফিংয়ে নাশকতা প্রতিরোধে ডিসেম্বর মাসে চারটি কর্মসূচি ঘোষণা করা হয়—

১. ১ থেকে ৭ ডিসেম্বর: দেশের সকল জেলা, মহানগরী, থানা, উপজেলা ও ইউনিয়নে ফ্যাসিবাদবিরোধী মিছিল ও গণসংযোগ।

২. ৮ ডিসেম্বর: সারাদেশের জেলা ও মহানগরীতে সমাবেশ ও ফ্যাসিবাদবিরোধী মিছিল।

৩. ১২ ডিসেম্বর: রাজধানীতে জাতীয় নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে মতবিনিময় সভা।

৪. ১৬ ডিসেম্বর: মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানী ঢাকাসহ সারাদেশে সমাবেশ ও ফ্যাসিবাদবিরোধী গণমিছিল।

প্রেস ব্রিফিংয়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দলের নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন ও মাওলানা আহমদ আলী কাসেমী, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন, ড. মোস্তাফিজুর রহমান ফয়সাল ও অধ্যাপক আব্দুল জলিল, প্রচার সম্পাদক প্রকৌশলী আব্দুল হাফিজ খসরু, আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শাইখুল ইসলাম, যুববিষয়ক সম্পাদক তাওহিদুল ইসলাম তুহিন এবং কেন্দ্রীয় নির্বাহী সদস্য অধ্যাপক মাওলানা আজিজুল হক, হাফেজ মাওলানা নুরুল হক, মাওলানা নজরুল ইসলাম মাজহারী, মাওলানা ফারুক আহমদ ভূঁইয়া ও অ্যাডভোকেট মাওলানা রফিকুল ইসলাম।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০৩
জোহর ১১:৪৮
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%