০৫:০৩ পি.এম
খেলাফত মজলিস অবিলম্বে ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়নের জন্য কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছে, গণভোটের রায় মেনে। দলটি চলমান নাশকতা ও অস্থিতিশীলতা প্রতিরোধে ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য অটুট রাখার প্রত্যয় ব্যক্ত করে ডিসেম্বর মাসে চার দফা কর্মসূচি ঘোষণা করেছে।
রোববার দুপুরে রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের মজলিস মিলনায়তনে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে এসব দাবি ও কর্মসূচি তুলে ধরা হয়। খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের লিখিত বক্তব্য পাঠ করেন।
লিখিত বক্তব্যে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নাশকতামূলক কর্মকাণ্ড নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে খেলাফত মজলিস জানায়, পতিত আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে দেশকে আবারও অশান্ত করার ষড়যন্ত্র শুরু হয়েছে। দলটির অভিযোগ, ভারতের মাটিতে বসে শান্তিপ্রিয় মানুষকে হত্যার ষড়যন্ত্র করা হচ্ছে এবং ছদ্মবেশে ভারতীয় এজেন্টরা দেশে কাজ করছে। জনগণের সম্পদ ও সরকারি সম্পত্তি বিনষ্ট করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় দলটি।
আরও পড়ুন: বোনকে পৌঁছে দিতে যাচ্ছিলেন ভাই, যশোরে মাইক্রোবাসের ধাক্কায় নিহত নার্সিং শিক্ষার্থী
সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বলা হয়, এসব নাশকতা ও হত্যাযজ্ঞ বন্ধে স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থতার দায় এড়াতে পারেন না। সরকারকে অবিলম্বে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। গোপালগঞ্জে নাশকতার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবি জানিয়ে দলটি আরও বলে, সন্ত্রাসীদের কারণে সেখানকার সাধারণ মানুষ যেন কোনো সরকারি সেবা থেকে বঞ্চিত বা ভোগান্তির শিকার না হয়, সে বিষয়ে সরকারকে সতর্ক থাকতে হবে।
প্রধানমন্ত্রীর জাতীয় ঐক্যের আহ্বানকে স্বাগত জানিয়ে লিখিত বক্তব্যে ড. আহমদ আবদুল কাদের বলেন, বিগত আট মাসে গণভোটের রায় এবং জুলাই সনদ বাস্তবায়নে যদি সরকারপ্রধান আন্তরিক হতেন, তাহলে আজ এই সমস্যার সৃষ্টি হতো না। তবে আমাদের ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য অটুট থাকবে। ২৪ সালে ফ্যাসিস্টের বিরুদ্ধে যারা মাঠে ছিল, আমরা সকলে এখনো মাঠে আছি, থাকব ইনশাআল্লাহ।
এ সময় অব্যাহত সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে কার্যক্রম স্থগিত থাকা আওয়ামী লীগকে নিষিদ্ধের উদ্যোগ নেওয়ার পাশাপাশি ফ্যাসিস্ট অপশক্তির বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করা ও রায় কার্যকরের দাবি জানানো হয়।
ঘোষিত কর্মসূচি
আরও পড়ুন: গাইবান্ধায় যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ, পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে হুঁশিয়ারি
প্রেস ব্রিফিংয়ে নাশকতা প্রতিরোধে ডিসেম্বর মাসে চারটি কর্মসূচি ঘোষণা করা হয়—
১. ১ থেকে ৭ ডিসেম্বর: দেশের সকল জেলা, মহানগরী, থানা, উপজেলা ও ইউনিয়নে ফ্যাসিবাদবিরোধী মিছিল ও গণসংযোগ।
২. ৮ ডিসেম্বর: সারাদেশের জেলা ও মহানগরীতে সমাবেশ ও ফ্যাসিবাদবিরোধী মিছিল।
৩. ১২ ডিসেম্বর: রাজধানীতে জাতীয় নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে মতবিনিময় সভা।
আরও পড়ুন: রাষ্ট্রপতি: রাজনীতির নামে সন্ত্রাস ও সহিংসতা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে
৪. ১৬ ডিসেম্বর: মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানী ঢাকাসহ সারাদেশে সমাবেশ ও ফ্যাসিবাদবিরোধী গণমিছিল।
প্রেস ব্রিফিংয়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দলের নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন ও মাওলানা আহমদ আলী কাসেমী, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন, ড. মোস্তাফিজুর রহমান ফয়সাল ও অধ্যাপক আব্দুল জলিল, প্রচার সম্পাদক প্রকৌশলী আব্দুল হাফিজ খসরু, আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শাইখুল ইসলাম, যুববিষয়ক সম্পাদক তাওহিদুল ইসলাম তুহিন এবং কেন্দ্রীয় নির্বাহী সদস্য অধ্যাপক মাওলানা আজিজুল হক, হাফেজ মাওলানা নুরুল হক, মাওলানা নজরুল ইসলাম মাজহারী, মাওলানা ফারুক আহমদ ভূঁইয়া ও অ্যাডভোকেট মাওলানা রফিকুল ইসলাম।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন