ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

দিল্লিতে প্রধান বিচারপতির হস্তক্ষেপের দাবি, শতাধিক আইনজীবী আটক


দিল্লিতে প্রধান বিচারপতির হস্তক্ষেপের দাবি, শতাধিক আইনজীবী আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে চলমান আন্দোলনের সমর্থনে পুলিশ কর্তৃক আটক হয়েছেন সুপ্রিম কোর্টের শতাধিক আইনজীবী। আটককৃতদের মধ্যে নারী আইনজীবীরাও অন্তর্ভুক্ত রয়েছেন। সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন আটক আইনজীবীদের সঙ্গে পুলিশের আচরণ এবং অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। সংগঠনটি প্রধান বিচারপতির হস্তক্ষেপ দাবি করেছে, যাতে আটক আইনজীবীদের অবিলম্বে মুক্তি এবং নিরাপত্তা নিশ্চিত করা হয়।

শনিবার (১০ অক্টোবর) পাওয়া খবর অনুযায়ী, আইনজীবীরা যন্তর মন্তরের দিকে যাওয়ার সময় দিল্লি পুলিশ কর্তৃক আটক হন। পরে তাদের যমুনা স্পোর্টস কমপ্লেক্সে নিয়ে রাখা হয় বলে জানা গেছে।

সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন জানিয়েছে, শান্তিপূর্ণ প্রতিবাদে অংশগ্রহণকারী প্রবীণ ও তরুণ আইনজীবীদের ওপর পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগে তারা উদ্বিগ্ন। বিশেষ করে, নারী আইনজীবীদের সঙ্গে পুলিশের আচরণ নিয়ে প্রশ্ন তুলেছে সংগঠনটি। এ ঘটনায় একটি প্রস্তাবও পাস করেছে বার অ্যাসোসিয়েশন।

আরও পড়ুন: ইন্দোনেশিয়ার দাবানলে বিষাক্ত ধোঁয়ায় বিপর্যস্ত দক্ষিণ-পূর্ব এশিয়া

সংগঠনটি প্রধান বিচারপতির হস্তক্ষেপ চেয়ে দাবি জানিয়েছে, আটক প্রত্যেক আইনজীবীকে কোথায় রাখা হয়েছে, তা অবিলম্বে জানাতে হবে। তাদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি হেফাজতে থাকা আইনজীবীদের প্রয়োজনীয় আইনি সহায়তা নেওয়ার সুযোগ দিতে হবে। একই সঙ্গে শান্তিপূর্ণ আন্দোলনে অংশ নেওয়া আইনজীবীদের দ্রুত মুক্তির আহ্বান জানিয়েছে তারা।

আটক আইনজীবীদের একজন সুমিতা হাজারিকা অভিযোগ করেছেন, কয়েকজন নারী আইনজীবীকে অজ্ঞাতপরিচয় পুলিশ সদস্য হেনস্থা করেন। তাদের প্রিজন ভ্যানে তুলে নিয়ে যাওয়া হয়। আইনজীবীরা অভিযোগ করেছেন, শান্তিপূর্ণ প্রতিবাদে অংশ নিতে যাওয়ার সময় তাদের সঙ্গে এমন আচরণ করা হয়েছে।

এদিকে, প্রধান বিচারপতি সূর্যকান্ত এ ঘটনায় হস্তক্ষেপ করেছেন এবং আটক আইনজীবীদের মুক্তি দিতে দিল্লি পুলিশকে নির্দেশ দিয়েছেন বলে একটি সূত্রের বরাত দিয়ে দাবি করা হয়েছে। তবে শনিবার বিকাল পর্যন্ত প্রধান বিচারপতির দপ্তর থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। ফলে নির্দেশ দেওয়ার খবরটি স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে নাগরিক অধিকার সংগঠন ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে দিল্লিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এই আন্দোলনের সমর্থনে সুপ্রিম কোর্টের আইনজীবীদের একাংশের অংশগ্রহণ এবং তাদের আটকের ঘটনা নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।

আরও পড়ুন: স্পেনে প্রবল বৃষ্টিতে বন্যায় ৪ জনের মৃত্যু

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নতুন বিপদে পারেদেস, বোকা জুনিয়র্সের জন্য বড় ধাক্কা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:১৪ পি.এম


নতুন বিপদে পারেদেস, বোকা জুনিয়র্সের জন্য বড় ধাক্কা

২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে হারের পর মাঠে সংঘর্ষে জড়িয়ে নিষেধাজ্ঞার শিকার হয়েছেন আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস। আন্তর্জাতিক ফুটবলে ফিরে আসতে না পারার হতাশার মধ্যে এবার ক্লাবের হয়ে খেলতে গিয়ে তিনি চোটে পড়েছেন। বোকা জুনিয়র্সের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে তার এই চোট নতুন করে দুশ্চিন্তা সৃষ্টি করেছে দলটির জন্য।

শনিবার ভোরে আর্জেন্টিনার ঘরোয়া লিগে ইনস্তিতুতো কর্দোবার বিরুদ্ধে ২-২ গোলে ড্র করে বোকা জুনিয়র্স। ম্যাচের দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নামেন পারেদেস। কিন্তু ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে অস্বস্তি অনুভব করায় তিনি বেশি সময় মাঠে থাকতে পারেননি। মাত্র ১৬ মিনিট পরেই কোচ তাকে তুলে নেন।

পারেদেসের এই চোট বোকা জুনিয়র্সের জন্য একটি বড় ধাক্কা হয়ে এসেছে। বুধবার ভোরে কোপা সুদামেরিকানার সেমিফাইনালের প্রথম লেগে ব্রাজিলের ক্লাব ভাস্কো দা গামার মুখোমুখি হওয়ার কথা রয়েছে। গুরুত্বপূর্ণ এই ম্যাচে অভিজ্ঞ মিডফিল্ডারকে পাওয়া যাবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে পারেদেসের চোট নিয়ে হতাশা প্রকাশ করেন কোচ রোদলফো আরুয়াবারেনা। তিনি বলেন, ‘লিয়ার (পারেদেস) চোটই আমাদের একমাত্র আক্ষেপ।’

পরবর্তী ম্যাচে তার খেলার সম্ভাবনা নিয়ে কোচের ধারণা, মঙ্গলবারের ম্যাচে এই মিডফিল্ডারকে পাওয়া কঠিন হতে পারে। আরুয়াবারেনা জানান, পারেদেসের শারীরিক অবস্থা মূল্যায়নের জন্য পরীক্ষা করাতে হবে। তবে তার অবস্থা ও মাঠের শারীরিক ভাষা দেখে আশাবাদী হওয়ার কারণ দেখছেন না কোচ।

এর আগে গত মাসেও একই ধরনের চোটে পড়েছিলেন পারেদেস। বিশ্বকাপ শেষ হওয়ার এক মাসেরও কম সময়ের মধ্যে প্লাতেন্সের বিপক্ষে ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে আঘাত পান তিনি। সেই চোটের কারণে কোপা সুদামেরিকানায় রেকোলেটার বিপক্ষে ম্যাচেও খেলতে পারেননি।

অন্যদিকে, জাতীয় দলের হয়ে আপাতত মাঠের বাইরে থাকতে হচ্ছে পারেদেসকে। ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার ১-০ গোলে হারের পর মাঠে সংঘর্ষে জড়িয়ে পড়েন তিনি। ওই ঘটনার জেরে তাকে ১০ ম্যাচের নিষেধাজ্ঞা দেয় ফিফা। ফলে সাম্প্রতিক আন্তর্জাতিক বিরতিতে আর্জেন্টিনার হয়ে খেলার সুযোগ পাননি এই মিডফিল্ডার।

পারেদেসের নিষেধাজ্ঞা কমাতে আবেদন করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। বিভিন্ন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, নিষেধাজ্ঞা কমিয়ে তিন ম্যাচে নামিয়ে আনার অনুরোধ জানিয়েছে সংস্থাটি। এতে পরবর্তী ফিফা আন্তর্জাতিক বিরতিতে পারেদেসের ফেরার সম্ভাবনা তৈরি হতে পারে। তবে আপিলের চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত জাতীয় দলের হয়ে তার প্রত্যাবর্তনও অনিশ্চিত থাকছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশি ভক্তদের প্রতি কৃতজ্ঞ কুইন সুলিভান, পারিবারিক ঐতিহ্যের কথা শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:১৫ পি.এম


বাংলাদেশি ভক্তদের প্রতি কৃতজ্ঞ কুইন সুলিভান, পারিবারিক ঐতিহ্যের কথা শেয়ার

কুইন সুলিভান সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশি ফুটবলপ্রেমীদের ব্যাপক সমর্থন এবং তার পারিবারিক শিকড় নিয়ে আলোচনা করেছেন। সম্প্রতি তিনি এক পডকাস্টে সাক্ষাৎকারে বাংলাদেশের সঙ্গে তার পারিবারিক সম্পর্কের কথা তুলে ধরেন এবং এ দেশের সমর্থকদের প্রতি তার কৃতজ্ঞতা প্রকাশ করেন।

কুইন জানান, সামাজিক মাধ্যমে তার পোস্টের মন্তব্যের ঘরে নিয়মিত বাংলাদেশি পতাকা এবং সমর্থকদের বার্তা দেখা যায়। এ বিষয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, বাংলাদেশি ভক্তদের ভালোবাসা তাদের কাছে অবিশ্বাস্য। তারা কখনোই এই সমর্থনকে সাধারণভাবে দেখেন না। এত মানুষের ভালোবাসা পাওয়া এবং তাদের সঙ্গে যুক্ত হওয়ার আগ্রহ কুইনের কাছে বিশেষ।

তিনি বাংলাদেশি সমর্থকদের উদ্দেশে বলেন, ‘আমরা আপনাদের সবাইকে ভালোবাসি। এত বড় সমর্থন পাওয়া এবং এত মানুষ যখন চায় আপনি কোনো কিছুর অংশ হোন, তা সত্যিই খুব বিশেষ। আমাদের ফ্যানবেস অসাধারণ, আর আমরা আপনাদের সবাইকে ভালোবাসি।’

কুইন সুলিভানের পরিবারের বাংলাদেশের সঙ্গে সম্পর্ক শুধুমাত্র সমর্থকদের ভালোবাসাতেই সীমাবদ্ধ নয়। তার দুই ভাই, ডেকলান সুলিভান ও রোনান সুলিভান, ইতোমধ্যে বাংলাদেশের জার্সিতে খেলেছেন এবং বয়সভিত্তিক সাফ প্রতিযোগিতায় দেশের হয়ে শিরোপা জিতেছেন। তারা বাংলাদেশের ফুটবলপ্রেমীদের কাছে পরিচিত মুখ হয়ে উঠেছেন।

কুইন তার পারিবারিক ঐতিহ্য সম্পর্কে বলেন, তার নানি বাংলাদেশে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই বেড়ে উঠেছেন। বর্তমানে তার নানি বাংলাদেশেই বসবাস করছেন। পরবর্তীতে বাংলাদেশ থেকে বাইরে গিয়ে তার নানির সঙ্গে নানার পরিচয় হয়। সেখান থেকেই সুলিভান পরিবারের এই শিকড়ের সূত্রপাত।

কুইনের ভাষ্য অনুযায়ী, সাম্প্রতিক সময়ে পরিবারের সদস্যরা নিজেদের বাংলাদেশি ঐতিহ্য সম্পর্কে আরও জানার চেষ্টা করছেন এবং এর সঙ্গে গভীরভাবে যুক্ত হওয়ার চেষ্টা করছেন। বিশেষ করে তার যমজ ভাই রোনান ও ডেকলানের মাধ্যমে বাংলাদেশি সমর্থকদের অকৃত্রিম ভালোবাসা সম্পর্কে পরিবারের সচেতনতা বেড়েছে। এ ক্ষেত্রে পরিবারের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ।

বাংলাদেশের সঙ্গে পারিবারিক বন্ধন এবং এ দেশের ফুটবলপ্রেমীদের নিঃস্বার্থ সমর্থন—এই দুইয়ের সমন্বয়ে কুইন সুলিভানের কাছে বাংলাদেশ এখন বিশেষ এক আবেগের নাম। সেই ভালোবাসার জবাব দিতে তিনি বাংলাদেশি ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আলোচনা মেট্রোরেল ও প্রতিরক্ষা নিয়ে,২৬ অক্টোবর ৪ দিনের সফরে জাপান যাচ্ছে প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:১৫ পি.এম


আলোচনা মেট্রোরেল ও প্রতিরক্ষা নিয়ে,২৬ অক্টোবর ৪ দিনের সফরে জাপান যাচ্ছে প্রধানমন্ত্রী

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২৬ অক্টোবর টোকিওতে চার দিনের সফরে যাচ্ছেন। সফরের সময় দুই দেশের মধ্যে মেট্রোরেল প্রকল্প, প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয় এবং বিভিন্ন উন্নয়নমূলক সহযোগিতা নিয়ে আলোচনা করার পরিকল্পনা রয়েছে।

এ তথ্যটি শনিবার (১০ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত একটি সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, সফরের সময় বাংলাদেশ ও জাপানের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠকে দুই দেশের পারস্পরিক সহযোগিতা জোরদার করার পাশাপাশি বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা হতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কোন প্রিন্টার্স খারাপ বই দিলে গ্রহণ করবেন না: জমিয়াতের সমাবেশে শিক্ষামন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:১৬ পি.এম


কোন প্রিন্টার্স খারাপ বই দিলে গ্রহণ করবেন না: জমিয়াতের সমাবেশে শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন মন্তব্য করেছেন যে সরকার মানসম্পন্ন বই প্রদান করতে প্রতিজ্ঞাবদ্ধ। তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, যদি কোন প্রিন্টার্স খারাপ বই সরবরাহ করে অথবা চাহিদার তুলনায় কম বই দেয়, তাহলে সেগুলো গ্রহণ না করার জন্য তাদের নির্দেশ দেন। তিনি উল্লেখ করেন, "এবার আমরা যেদিন স্কুল-কলেজ-মাদরাসার পরীক্ষা শেষে বন্ধ হবে, সেদিন সকল শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিবো।" মাদরাসা প্রধানদের প্রতি তার অনুরোধ, যদি কোন প্রিন্টার্স আমাদের স্পেসিফিকেশন অনুযায়ী কাগজের গ্রেডিং কম দেয়, বাইন্ডিং খারাপ হয়, তাহলে সেই বই গ্রহণ করবেন না। তিনি আরও বলেন, "যত পরিমাণ বই আপনাকে রিসিভ করার কথা, তার নিচে একটি বইও রিসিভ করবেন না।"

শনিবার (১০ অক্টোবর) রাজধানীর মহখালীস্থ গাউসুল আজমস্থ কমপ্লেক্সে মাদরাসা শিক্ষক-কর্মচারীদের অরাজনৈতিক সংগঠন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের নির্বাহী কমিটির সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন শিক্ষার্থীদের হাতে ভালো মানের বই তুলে দিতে শিক্ষকদের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, বিগত সময়ে দেখা গেছে যে প্রিন্টার্সগুলো সঠিক কাগজে বই সরবরাহ করেনি এবং সময়মত বই দেয়নি। এবার শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, "আপনারা প্রতিটি মাদরাসা ও প্রতিষ্ঠানে এ বিষয়ে দৃষ্টি রাখবেন।" তিনি আরও জানান, "আমরা প্রিন্টার্সদের ৯০% বিল পরিশোধ করেছি, বাকীটা স্কুল-কলেজ-মাদরাসার ছাত্র-ছাত্রীদের হাতে যেদিন বই উঠবে, সেই বইগুলো আমরা পর্যালোচনা করবো, তারপরে বাকী টাকা দেবো।" তিনি বলেন, "কারণ এবার আমরা প্রিন্টার্সদের যেভাবে দরপত্র দিয়েছি, বাজার দরে তারা পেয়েছে, ফলে কোনো অবস্থাতেই এর মধ্যে কোনো রকম দুর্নীতি করার সুযোগ নেই।"

জমিয়াতুল মোদার্রেছীনের সাথে জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রহমান ও নিজের দীর্ঘদিনের সম্পর্ক তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, জমিয়াতুল মোদার্রেছীন প্রতিষ্ঠা করেছিলেন মাওলানা আব্দুল মান্নান, যিনি নিজে শিক্ষক ছিলেন এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে কাজ করেছিলেন। তিনি উল্লেখ করেন, শহীদ জিয়া মাদরাসা শিক্ষার উন্নতির জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছিলেন। তিনি প্রথম মাদরাসা শিক্ষাতে সাধারণ শিক্ষাকে সম্পৃক্ত করেছিলেন। মাদরাসা শিক্ষককে সমমানের শিক্ষা উন্নত করার জন্য সেই সময়ে ৫০০ নাম্বার এড করেছিলেন। পরে বেগম খালেদা জিয়ার সময় মাওলানা মান্নান সাহেবের সাথে আলোচনা করে মাদরাসা শিক্ষাকে আধুনিকায়ন করার চেষ্টা হয়েছিল।

শিক্ষামন্ত্রী বলেন, "তিনি মাদরাসা শিক্ষাতে আরো কার্যকারী করার জন্য কারিগরী শিক্ষাকেও দাখিল ভোকেশনাল এবং আলিম ভোকেশনাল পর্যন্ত নিয়ে গিয়েছিলেন।" তিনি আরও উল্লেখ করেন, "মাদরাসা শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ থেকে শুরু করে সব জায়গায় ভর্তি হতে শুরু করেছিল এবং মাদরাসা বোর্ডকে ফাজিল ও কামিলের জন্য কুষ্টিয়া ইসলামিক ইউনিভার্সিটিতে স্থানান্তরিত করা হয়েছিল।"

বর্তমান সরকারের সময়ে শিক্ষাবান্ধব বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে শিক্ষামন্ত্রী জানান, এমপিওভুক্ত শিক্ষকদের বদলির উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং ৭৭ হাজার নতুন শিক্ষক নিয়োগ দেয়া হবে।

শিক্ষামন্ত্রী বলেন, "জমিয়াতুল মোদার্রেছীন বিএনপি সরকারের সাথে সব সময় ছিল, কাজ করছে, তাদের আদর্শ, উদ্দেশ্য দেশ গঠন করা, শিক্ষার্থীদের সঠিকভাবে লেখাপড়া করানো।" তিনি বলেন, "এই বিষয়ে বিএনপি সরকারের সাথে জমিয়াতুল মোদার্রেছীনের কোনো পার্থক্য আমার পরিলক্ষিত হয়নি।"

সমাবেশে সভাপতির বক্তব্যে বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের সভাপতি ও দৈনিক ইনকিলাব সম্পাদক এ এম এম বাহাউদ্দীন বলেন, বিগত নির্বাচনে দেশের সমস্ত দরবার, অরাজনৈতিক উদ্দেশ্যে ইসলামের চর্চাকারী মুসলমানরাই ভোট দিয়ে বিএনপি এবং তারেক রহমানকে ক্ষমতায় এনেছে। তিনি বলেন, "এই দেশে যারাই ক্ষমতায় আসবে এবং থাকবে তাদেরকে ৯২ ভাগ মুসলমানের সমর্থন নিয়ে আসতে এবং থাকতে হবে।"

এ এম এম বাহাউদ্দীন সরকারের কাজে বরকতের সঙ্কট আছে মন্তব্য করে বলেন, বিগত নির্বাচনে দেশের সমস্ত দরবার এবং অরাজনৈতিক মুসলমানরা বিএনপি ও তারেক রহমানকে ক্ষমতায় এনেছে। তিনি বলেন, "সবার আগে ওনার সবচাইতে বড় সংকট হচ্ছে সরকারের উপরে বরকতের বড় সংকট আছে।" তিনি আশা প্রকাশ করেন যে বরকত আসবে আলেম-ওলামাদের সহবতে।

সমাবেশ সঞ্চালনা করেন সংগঠনটির মহাসচিব অধ্যক্ষ সাব্বির আহমদ মোমতাজী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫১
মাগরিব ০৫:২৮
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%