প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে চলমান আন্দোলনের সমর্থনে পুলিশ কর্তৃক আটক হয়েছেন সুপ্রিম কোর্টের শতাধিক আইনজীবী। আটককৃতদের মধ্যে নারী আইনজীবীরাও অন্তর্ভুক্ত রয়েছেন। সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন আটক আইনজীবীদের সঙ্গে পুলিশের আচরণ এবং অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। সংগঠনটি প্রধান বিচারপতির হস্তক্ষেপ দাবি করেছে, যাতে আটক আইনজীবীদের অবিলম্বে মুক্তি এবং নিরাপত্তা নিশ্চিত করা হয়।
শনিবার (১০ অক্টোবর) পাওয়া খবর অনুযায়ী, আইনজীবীরা যন্তর মন্তরের দিকে যাওয়ার সময় দিল্লি পুলিশ কর্তৃক আটক হন। পরে তাদের যমুনা স্পোর্টস কমপ্লেক্সে নিয়ে রাখা হয় বলে জানা গেছে।
সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন জানিয়েছে, শান্তিপূর্ণ প্রতিবাদে অংশগ্রহণকারী প্রবীণ ও তরুণ আইনজীবীদের ওপর পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগে তারা উদ্বিগ্ন। বিশেষ করে, নারী আইনজীবীদের সঙ্গে পুলিশের আচরণ নিয়ে প্রশ্ন তুলেছে সংগঠনটি। এ ঘটনায় একটি প্রস্তাবও পাস করেছে বার অ্যাসোসিয়েশন।
সংগঠনটি প্রধান বিচারপতির হস্তক্ষেপ চেয়ে দাবি জানিয়েছে, আটক প্রত্যেক আইনজীবীকে কোথায় রাখা হয়েছে, তা অবিলম্বে জানাতে হবে। তাদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি হেফাজতে থাকা আইনজীবীদের প্রয়োজনীয় আইনি সহায়তা নেওয়ার সুযোগ দিতে হবে। একই সঙ্গে শান্তিপূর্ণ আন্দোলনে অংশ নেওয়া আইনজীবীদের দ্রুত মুক্তির আহ্বান জানিয়েছে তারা।
আটক আইনজীবীদের একজন সুমিতা হাজারিকা অভিযোগ করেছেন, কয়েকজন নারী আইনজীবীকে অজ্ঞাতপরিচয় পুলিশ সদস্য হেনস্থা করেন। তাদের প্রিজন ভ্যানে তুলে নিয়ে যাওয়া হয়। আইনজীবীরা অভিযোগ করেছেন, শান্তিপূর্ণ প্রতিবাদে অংশ নিতে যাওয়ার সময় তাদের সঙ্গে এমন আচরণ করা হয়েছে।
এদিকে, প্রধান বিচারপতি সূর্যকান্ত এ ঘটনায় হস্তক্ষেপ করেছেন এবং আটক আইনজীবীদের মুক্তি দিতে দিল্লি পুলিশকে নির্দেশ দিয়েছেন বলে একটি সূত্রের বরাত দিয়ে দাবি করা হয়েছে। তবে শনিবার বিকাল পর্যন্ত প্রধান বিচারপতির দপ্তর থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। ফলে নির্দেশ দেওয়ার খবরটি স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।
প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে নাগরিক অধিকার সংগঠন ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে দিল্লিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এই আন্দোলনের সমর্থনে সুপ্রিম কোর্টের আইনজীবীদের একাংশের অংশগ্রহণ এবং তাদের আটকের ঘটনা নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন