বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং
০৫:৪৮ পি.এম
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) সারা দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের জন্য জরুরি নির্দেশনা জারি করেছে।
১২ নভেম্বর বৃহস্পতিবার, মাউশির উপ-পরিচালক শাহ মুহাম্মদ মামুন মোরশেদ কর্তৃক জারি করা নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের বিএড প্রশিক্ষণবিহীন সহকারী শিক্ষকদের বিএড কোর্সে (২০২৭ শিক্ষাবর্ষে) ভর্তির জন্য প্রধান শিক্ষকদের তাদের বিদ্যালয়ে কর্মরত বি.এড প্রশিক্ষণবিহীন সহকারী শিক্ষকদের তালিকা সুপারিশসহ আগামী ১৭ নভেম্বরের মধ্যে গুগল লিংক এ তথ্য প্রেরণ করতে হবে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, ভর্তির আবেদনের জন্য যোগ্যতা হবে– জাতীয় বিশ্ববিদ্যালয়/ইউজিসি স্বীকৃত যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে ৩ বছর মেয়াদি স্নাতক (পাস) স্নাতক (সম্মান) অথবা ৪ বছর মেয়াদি স্নাতক (সম্মান) পরীক্ষায় সনাতন পদ্ধতিতে ন্যূনতম ৪৫% নম্বর প্রাপ্ত হতে হবে। এছাড়া, গ্রেডিং পদ্ধতিতে ন্যূনতম সিজিপিএ ২.২৫ অর্জন করতে হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জামালপুরে আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) ঝটিকা মিছিলকে কেন্দ্র করে দায়ের করা নাশকতার মামলায় বিএনপি ও ছাত্রদলের দুই নেতাকে আসামি করা হয়েছে। মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, জেলা ছাত্রদলের এক সক্রিয় কর্মীকে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা এবং জেলা বিএনপির সাবেক এক সহ-সম্পাদককে পৌর আওয়ামী লীগের সদস্য হিসেবে উল্লেখ করা হয়েছে।
এই রাজনৈতিক পরিচয়ের অসংগতির কারণে স্থানীয় বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টরা প্রশ্ন তুলেছেন, রাজনৈতিক পরিচয় যাচাই না করেই তাদের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা হিসেবে মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে কিনা।
মামলায় ছাত্রলীগ নেতা হিসেবে উল্লেখ করা ব্যক্তির নাম মো. নাঈম। তিনি জামালপুর শহরের আলিহারপুর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে। তার পরিবার দাবি করে, তিনি দীর্ঘ সাত বছর ধরে ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত আছেন। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনসহ দলের বিভিন্ন কর্মসূচিতে তিনি সক্রিয়ভাবে অংশ নিয়েছেন।
দলীয় সূত্রে জানা গেছে, ২০২২ সালের ৬ ফেব্রুয়ারি অনুমোদিত জামালপুর পৌরসভার ৯নং ওয়ার্ড ছাত্রদল দক্ষিণ শাখার কমিটিতে সদস্য পদ পান নাঈম। তিনি নিজ এলাকার দোকানঘরেই বিএনপির কার্যালয় স্থাপন করেছেন। ওই কার্যালয়ের জন্য নাঈম বা তার পরিবার কোনো ভাড়া নেননি বলেও জানা গেছে।
অন্যদিকে, একই মামলায় পৌর আওয়ামী লীগের সদস্য হিসেবে জেলা বিএনপির সাবেক সহ-সম্পাদক আজাদ রূহানীকে উল্লেখ করা হয়েছে। আজাদ জানান, তিনি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং দলের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেছেন।
গত ৯ নভেম্বর জেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন শাহীনের দায়ের করা নাশকতার মামলায় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের ৩৭ জনকে আসামি করা হয়। মামলার ২৮নং আসামি হিসেবে মো. নাঈমকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এজাহারে তাকে ছাত্রলীগ নেতা হিসেবে উল্লেখ করা হয়েছে। একই মামলার ৩নং আসামি হিসেবে জেলা বিএনপির সাবেক সহ-সম্পাদক আজাদ রূহানীকে পৌর আওয়ামী লীগের সদস্য হিসেবে পরিচয় দেওয়া হয়েছে।
এর আগে ২০২৫ সালের ১৬ জানুয়ারি জামালপুর সদর থানায় দায়ের করা অপর একটি নাশকতার মামলায় নাঈমকে ১৯নং আসামি করা হয়েছিল। ওই মামলাতেও তাকে ছাত্রলীগ নেতা হিসেবে উল্লেখ করা হয় বলে অভিযোগ রয়েছে।
জামালপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক এ বিষয়ে বলেন, নাঈম ২০১৭ সাল থেকে ছাত্রদলের সঙ্গে জড়িত। ২০২২ সালে তাকে কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। ছাত্রদলের একজন নেতাকে ছাত্রলীগ নেতা উল্লেখ করে মামলা করা উদ্দেশ্যপ্রণোদিত।
জেলা বিএনপির সাবেক সহ-সম্পাদক আজাদ রূহানী জানান, জেলা বিএনপির বর্তমান কমিটির আগের কমিটিতে তিনি সহ-সম্পাদক পদে দায়িত্ব পালন করেছেন। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনসহ বিএনপির সব আন্দোলন-সংগ্রামে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন। তিনি গত ৭ নভেম্বরও বিএনপির কর্মসূচিতে অংশ নিয়েছেন। এরপরও তাকে আওয়ামী লীগ নেতা হিসেবে উল্লেখ করে মামলায় আসামি করার কারণ বুঝতে পারছেন না। তিনি জানান, কারা, কী উদ্দেশ্যে তাকে মামলায় জড়িয়েছেন, সেই হিসাব মেলাতে পারছেন না। আজাদ রূহানী এ ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন।
অন্যদিকে, মামলার বাদী জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন শাহীন অভিযোগ অস্বীকার করেছেন। তিনি জানান, তাদের অভিযোগ সঠিক নয় এবং তারা সাংবাদিকদের ভুল তথ্য দিচ্ছেন।
জামালপুর সদর থানার ওসি নাজমুস সাকিব বলেন, গত ৮ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে ঝটিকা মিছিলের ঘটনায় ৯ নভেম্বর জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন শাহীন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। পুলিশ মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিল করবে।
রাজনৈতিক পরিচয় নিয়ে এমন অভিযোগ স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। সংশ্লিষ্টদের বক্তব্য ও অভিযোগের সত্যতা তদন্তের মাধ্যমে যাচাইয়ের দাবি উঠেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ব্রিটেনে এক সরকারি কর্মকর্তাকে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে। কাশিম চৌধুরী নামের ওই ব্যক্তি একাধিক সরকারি প্রতিষ্ঠানে পূর্ণকালীন চাকরি করে করদাতাদের ২ লাখ ৮৪ হাজার পাউন্ডের বেশি অর্থ হাতিয়ে নিয়েছেন।
৫৬ বছর বয়সী কাশিম চৌধুরীর বিরুদ্ধে পূর্ব লন্ডনে প্রতারণার ৯টি অভিযোগ আনা হয়েছিল। সাত ঘণ্টা বিচার-বিশ্লেষণের পর জুরি বোর্ড তাকে আটটি মিথ্যা তথ্য দিয়ে প্রতারণা এবং একটি তথ্য গোপনের মাধ্যমে প্রতারণার অভিযোগে সর্বসম্মতভাবে দোষী সাব্যস্ত করে।
বিচারক জানিয়েছেন, কাশিমকে ‘উল্লেখযোগ্য মেয়াদের কারাদণ্ড’ ভোগ করতে হতে পারে। অপরাধের গুরুত্ব এবং তার নিজের নিরাপত্তার কথা বিবেচনা করে বিচারক তার জামিনও নাকচ করেছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ২০২০ থেকে ২০২৩ সালের মধ্যে কাশিমের আটটি পূর্ণকালীন সরকারি চাকরি ছিল। এসব চাকরির সময়সীমা একে অপরের সঙ্গে মিলে যাওয়ায় তিনি মোট ৩ লাখ ৫০ হাজার পাউন্ড আয় করেন।
প্রসিকিউশনের অভিযোগ, চাকরির আবেদনপত্রে নিজের কর্মসংস্থানের অবস্থা সম্পর্কে মিথ্যা তথ্য দিয়েছিলেন কাশিম। তিনি আগে থেকেই সরকারি কর্মকর্তা হিসেবে কর্মরত থাকার বিষয়টি সংশ্লিষ্ট বিভাগগুলোর কাছে গোপন করেন। চাকরি পাওয়ার পরও অন্য প্রতিষ্ঠানে কাজ করার তথ্য নিয়োগকর্তাদের জানাননি।
২০২৩ সালে কাশিম একসঙ্গে পাঁচটি সরকারি চাকরি করতেন। এসব প্রতিষ্ঠানের মধ্যে ছিল পরিবেশ, খাদ্য ও গ্রামীণ বিষয়ক বিভাগ; স্বাস্থ্য ও সামাজিক সেবা বিভাগ; যুক্তরাজ্যের স্বাস্থ্য সুরক্ষা সংস্থা (ইউকেএইচএসএ); ব্যবসা ও বাণিজ্য বিভাগ; খাদ্যমান নিয়ন্ত্রণ সংস্থা এবং স্বরাষ্ট্র দপ্তর। ওই সময়ে তার চুক্তি অনুযায়ী সপ্তাহে ১৮৩ ঘণ্টা কাজ করার কথা ছিল, যা সাত দিনের মোট সময়ের চেয়েও বেশি।
কাশিমের দাবি, অতীতে চাকরির অনিশ্চয়তার অভিজ্ঞতা থাকায় জীবিকা হারানোর ভয়ে তিনি একের পর এক চাকরি নিয়েছিলেন। ২০১৩ সালে শিক্ষা বিভাগের একটি চাকরি থেকে ছাঁটাই হওয়ার পর তার পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার (পিটিএসডি) শনাক্ত হয়। মানসিক চাপ, উদ্বেগ ও অতীতের আঘাতের কারণে চাকরির আবেদন করার সময় তিনি স্বাভাবিকভাবে চিন্তা করতে পারেননি বলেও দাবি করেন।
তবে প্রসিকিউটর লুসি অর্গান আদালতে বলেন, কাশিম সাক্ষ্য দেওয়ার সময় এবং শপথের অধীনেও মিথ্যা বলেছেন। তার এই আচরণ প্রতারণার গভীরতা প্রকাশ করে।
আদালতে তার একাধিক ব্যবস্থাপক কর্মক্ষেত্রে কাশিমের দুর্বল কর্মদক্ষতার কথা তুলে ধরেন। ডেফরায় তার ব্যবস্থাপক ড্যান ম্যাককার্টনি জানান, কাশিমকে প্রায় সব সময় বলে দিতে হতো কী করতে হবে। ভিডিও কলে কাশিম প্রায়ই ক্যামেরা বন্ধ রাখতেন এবং কারিগরি সমস্যার অজুহাত দিতেন। এভাবে চার থেকে পাঁচ মাস চললেও আনুষ্ঠানিক কর্মদক্ষতা মূল্যায়নের আওতায় না থাকায় তিনি স্থায়ী চাকরি পান এবং সেখানে দুই বছর কাজ করেন।
প্রসিকিউশনের অভিযোগ, অসম্ভব কর্মসূচি সামাল দিতে কাশিম অসুস্থতার সনদ ব্যবহার করতেন। ২০২৩ সালের মার্চে তিনি চারটি প্রতিষ্ঠানে অসুস্থতাজনিত ছুটিতে ছিলেন। তবে স্বরাষ্ট্র দপ্তরে কাজ চালিয়ে গেলেও সেখানে অসুস্থতার কথা জানাননি।
একই বছরের মে মাসে ইউকেএইচএসএর ব্যবস্থাপক আলিশা অ্যাডামস তার সঙ্গে ভিডিও বৈঠকের আয়োজন করেন। তখন কাশিম তিন মাস ধরে অসুস্থতাজনিত ছুটিতে ছিলেন। তাকে কাজে ফেরানোর পরিকল্পনা করতেই ওই বৈঠক ডাকা হয়েছিল।
আদালতে অ্যাডামস জানান, বৈঠকের শুরুতে কাশিমকে প্রচুর কাশতে দেখা যায় এবং তিনি ক্যামেরার সামনে টিস্যু নাড়াচ্ছিলেন। তার মুখে সাদা মেকআপ ছিল বলে সন্দেহ হয়। বৈঠক চলার সময় ঘাম ও ঘষার কারণে কপালের মেকআপ উঠে যেতে থাকে। তখন নিচের অংশ ও ঘাড়ের রং তুলনামূলক গাঢ় দেখা যাচ্ছিল। তবে কাশিম মেকআপ ব্যবহারের অভিযোগ অস্বীকার করেন।
বৈঠকের পর অ্যাডামস জানতে পারেন, কাশিম ডেফরার ইমেইল ঠিকানা ব্যবহার করে ইউকেএইচএসএর বৈঠকে যুক্ত হয়েছিলেন। বিষয়টি জানতে চাইলে তিনি কারিগরি ত্রুটির অজুহাত দেন। পরে অ্যাডামসের সন্দেহ হলে তিনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানান। এরপরও কয়েক মাস তার প্রতারণামূলক কর্মকাণ্ড চলতে থাকে।
২০২৩ সালে সরকারের ন্যাশনাল ফ্রড ইনিশিয়েটিভের মাধ্যমে ডেফরার কাছে সন্দেহজনক প্রতারণার তথ্য পৌঁছায়। পরে ডেফরার তদন্ত দল অনুসন্ধান শুরু করে। ওই বছরের জুলাইয়ে কাশিমকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হয়। সেপ্টেম্বরে তাকে সরকারি চাকরি থেকে বরখাস্ত করা হয়।
এদিকে, মায়ের মৃত্যুর কয়েক দিন আগে পারিবারিক বাড়ির অর্ধেক অংশ নিজের নামে লিখে নিতে তাকে চাপ দেওয়ার অভিযোগও তুলেছেন কাশিমের ভাই-বোনরা।
এ নিয়ে হাইকোর্টে করা মামলায় তার দুই ভাই ও এক বোন অভিযোগ করেছেন, মা ফাইজুন নেসাকে ‘অযাচিত প্রভাব’ খাটিয়ে এমন কিছু নথিতে স্বাক্ষর করানো হয়েছিল, যার ফলে বাড়ির অর্ধেক অংশ কাশিমের মালিকানায় চলে যায়।
পূর্ব লন্ডনের চারতলা ও ছয় শয়নকক্ষের বাড়িটির মূল্য ২১ লাখ পাউন্ড। ভাই-বোনদের দাবি, মা তখন গুরুতর অসুস্থ ছিলেন এবং কী নথিতে স্বাক্ষর করছেন, তা বোঝার মতো অবস্থায় ছিলেন না। ২০২৩ সালের জানুয়ারিতে তার কোলোরেক্টাল ক্যানসারের চতুর্থ পর্যায় শনাক্ত হয়। তিনি প্রায় অন্ধ ছিলেন এবং ইংরেজিতে কথা বলতে পারতেন না। অথচ স্বাক্ষরের সময় নথিগুলো তার মাতৃভাষা বাংলায় অনুবাদ করা হয়নি।
তবে ভাইবোনদের এসব অভিযোগ অস্বীকার করেছেন কাশিম চৌধুরী। এ মামলার বিচার এখনো চলমান। সূত্র: বিবিসি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
গাজীপুর মহানগরীর গাছা থানার শরিফপুর এলাকায় একটি কারখানায় সংঘবদ্ধভাবে লুটপাটের ঘটনা ঘটেছে, যা দীর্ঘদিন ধরে বন্ধ ছিল। কারখানার জমি ও ভবনের মালিক মোঃ মোজাম্মেল হক অভিযোগ করেছেন যে, এ সময় পিকআপভর্তি মালামালসহ ৯ জনকে তাদের সহযোগীরা ছিনিয়ে নিয়ে যায়।
এই ঘটনা বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাতে ঘটে। মোজাম্মেল হক গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে লিখিত অভিযোগে উল্লেখ করেছেন, শরিফপুর এলাকায় তাদের মালিকানাধীন জমিতে প্রায় ১৯ হাজার ৫০০ বর্গফুট আয়তনের চার তলা ভবনে ‘ক্রস লাইন ওভেন অ্যাপারেল লিমিটেড’ নামে একটি কারখানা পরিচালিত হতো। কারখানার ব্যবস্থাপনা পরিচালক আমিনুল ইসলাম কোয়েল। ২০১৩ সালে উৎপাদন শুরু করা কারখানাটি প্রায় ৪ বছর আগে বন্ধ হয়ে যায়।
অভিযোগে বলা হয়েছে, কারখানাটি বন্ধ হওয়ার পর থেকে সেখানে বিভিন্ন সময়ে চুরির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় গাছা থানায় তিনটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। সর্বশেষ বুধবার রাতে দেশীয় অস্ত্র নিয়ে আনুমানিক ৯ জনের একটি চক্র কারখানার প্রধান ফটকের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে মালামাল একটি পিকআপে তুলতে থাকে।
এ সময় আশপাশের মার্কেটের নিরাপত্তাকর্মীদের মাধ্যমে খবর পেয়ে মালিকপক্ষ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় পিকআপভর্তি মালামালসহ ৯ জনকে আটক করে। পরে তাদের পুলিশে দেওয়ার জন্য কারখানার একটি কক্ষে আটকে রাখা হয়। কিন্তু এক পর্যায়ে মালিকপক্ষের লোকজন বাইরে গেলে অজ্ঞাতনামা কয়েকজন কক্ষের তালা কেটে আটক ব্যক্তিদের বের করে নিয়ে যায়। অভিযোগে উল্লেখ করা হয়েছে যে, এ সময় তাদের একজনকে আটক করা সম্ভব হয়। আটককৃত শরিফুল ইসলাম মিরপুর এলাকায় শ্রমিকের কাজ করে বলে জানা গেছে।
অভিযোগকারী জানিয়েছেন, ঘটনার ছবি ও ভিডিওচিত্রসহ কারখানা থেকে মালামাল বের করা এবং পিকআপে তোলার দৃশ্য তাদের কাছে সংরক্ষিত রয়েছে। এসব তথ্যপ্রমাণ পুলিশকে সরবরাহ করা হবে। গাছা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ গোলাম রব্বানী জানিয়েছেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ঘটনাস্থলে পুলিশ কর্মকর্তা পাঠানো হয়েছে। প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
গাছা থানার এসআই নিজামুদ্দিন জানিয়েছেন, ঘটনাস্থল থেকে মালামাল জব্দ করা হয়েছে এবং একজনকে আটক করে থানায় আনা হয়েছে। অভিযোগপত্র গ্রহণ করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে প্রশ্ন করে আলোচনায় আসা সাংবাদিক হেলে লিংয়ের ভিসা বাতিল করেছে ভারত। তার ভিসা বাতিল করা হয় হায়দরাবাদে অনুষ্ঠিত ‘ভারত সম্মেলনে’ (ভারত সামিট) যোগ দেওয়ার আগে।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে হেলে লিং নিজেই এ বিষয়ে অভিযোগ করেছেন। তিনি জানান, ওই সম্মেলনে ‘গণমাধ্যমের ভবিষ্যৎ ও সংবাদমাধ্যমের স্বাধীনতা’ বিষয়ক আলোচনায় প্যানেল সদস্য এবং বক্তা হিসেবে তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে, নরওয়ের এই সাংবাদিকের অভিযোগের বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।
হেলে লিংয়ের দাবি, ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ‘ওপর মহলের নির্দেশে’ তার ভিসা বাতিল করা হয়েছে। এক্সে প্রকাশিত একটি ভিডিওতে লিং বলেন, ‘ভারতের ভিসা পেয়েছিলাম। আজ সকালে হায়দরাবাদের ভারত সম্মেলনে যোগ দিতে আমার রওনা হওয়ার কথা ছিল। গণমাধ্যমের ভবিষ্যৎ ও সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে আলোচনায় প্যানেল সদস্য ও বক্তা হিসেবে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওপর মহলের নির্দেশে আমার ভিসা বাতিল করা হয়েছে।’
এর আগে চলতি বছরের মে মাসে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে প্রশ্ন করে আলোচনায় আসেন হেলে লিং। নরওয়ের রাজধানী অসলো সফরের সময় তিনি জানতে চেয়েছিলেন, মোদি সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তর দেবেন কি না। কিন্তু মোদি কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে যান।
মোদি ও নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার স্টোর যৌথ বিবৃতি পড়ার পর, হেলে লিং প্রশ্ন করেন, বিশ্বের সবচেয়ে স্বাধীন সংবাদমাধ্যমের কাছ থেকে প্রধানমন্ত্রী কেন প্রশ্ন নিতে চান না।
পরে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিমবিষয়ক সচিব সিবি জর্জকেও এ বিষয়ে প্রশ্ন করেন তিনি। ভারতের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এবং মোদির সাংবাদিকদের প্রশ্নের উত্তর না দেওয়ার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুললে, জর্জ সরকারের কোভিড-১৯ মোকাবেলার উদ্যোগসহ বিভিন্ন বিষয় তুলে ধরেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ