ঢাকা শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৮শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ইং ২৮শে কার্তিক, ১৪৩২বাং

মোদিকে অস্বস্তিতে ফেলা সাংবাদিক হেলে লিংয়ের ভিসা বাতিল করল ভারত


মোদিকে অস্বস্তিতে ফেলা সাংবাদিক হেলে লিংয়ের ভিসা বাতিল করল ভারত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে প্রশ্ন করে আলোচনায় আসা সাংবাদিক হেলে লিংয়ের ভিসা বাতিল করেছে ভারত। তার ভিসা বাতিল করা হয় হায়দরাবাদে অনুষ্ঠিত ‘ভারত সম্মেলনে’ (ভারত সামিট) যোগ দেওয়ার আগে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে হেলে লিং নিজেই এ বিষয়ে অভিযোগ করেছেন। তিনি জানান, ওই সম্মেলনে ‘গণমাধ্যমের ভবিষ্যৎ ও সংবাদমাধ্যমের স্বাধীনতা’ বিষয়ক আলোচনায় প্যানেল সদস্য এবং বক্তা হিসেবে তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে, নরওয়ের এই সাংবাদিকের অভিযোগের বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

হেলে লিংয়ের দাবি, ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ‘ওপর মহলের নির্দেশে’ তার ভিসা বাতিল করা হয়েছে। এক্সে প্রকাশিত একটি ভিডিওতে লিং বলেন, ‘ভারতের ভিসা পেয়েছিলাম। আজ সকালে হায়দরাবাদের ভারত সম্মেলনে যোগ দিতে আমার রওনা হওয়ার কথা ছিল। গণমাধ্যমের ভবিষ্যৎ ও সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে আলোচনায় প্যানেল সদস্য ও বক্তা হিসেবে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওপর মহলের নির্দেশে আমার ভিসা বাতিল করা হয়েছে।’

আরও পড়ুন: মুম্বাইয়ে অমিতাভের বাড়িসহ একাধিক স্থানে বোমা বিস্ফোরণের হুমকি

এর আগে চলতি বছরের মে মাসে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে প্রশ্ন করে আলোচনায় আসেন হেলে লিং। নরওয়ের রাজধানী অসলো সফরের সময় তিনি জানতে চেয়েছিলেন, মোদি সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তর দেবেন কি না। কিন্তু মোদি কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে যান।

মোদি ও নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার স্টোর যৌথ বিবৃতি পড়ার পর, হেলে লিং প্রশ্ন করেন, বিশ্বের সবচেয়ে স্বাধীন সংবাদমাধ্যমের কাছ থেকে প্রধানমন্ত্রী কেন প্রশ্ন নিতে চান না।

পরে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিমবিষয়ক সচিব সিবি জর্জকেও এ বিষয়ে প্রশ্ন করেন তিনি। ভারতের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এবং মোদির সাংবাদিকদের প্রশ্নের উত্তর না দেওয়ার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুললে, জর্জ সরকারের কোভিড-১৯ মোকাবেলার উদ্যোগসহ বিভিন্ন বিষয় তুলে ধরেন।

আরও পড়ুন: ফুজাইরাহ আমিরাতে ২৩ গাড়ির সংঘর্ষে ১৪ জন নিহত

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডিসিসিআই-টিএফও’র উদ্যোগে কানাডায় পাটখাতের এসএমইদের রপ্তানি সক্ষমতা বৃদ্ধির প্রকল্প উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৫১ পি.এম


ডিসিসিআই-টিএফও’র উদ্যোগে কানাডায় পাটখাতের এসএমইদের রপ্তানি সক্ষমতা বৃদ্ধির প্রকল্প উদ্বোধন

ঢাকা, ১২ নভেম্বর, ২০২৬ : বাংলাদেশের পাট খাতের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (এসএমই) রপ্তানি সক্ষমতা বৃদ্ধি করার লক্ষ্যে কানাডার বাজারে যৌথভাবে ‘ট্রাইসেগ’ প্রকল্পের উদ্বোধন করেছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) এবং ট্রেড ফ্যাসিলিটেশন অফিস (টিএফও) কানাডা।

আজ রাজধানীর ডিসিসিআই মিলনায়তনে পাঁচ বছরের জন্য এই প্রকল্পের উদ্বোধন করেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী মোহাম্মদ হাসান আরিফ। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খোন্দকার মো. নাজমুল হুদা শামিম।

অনুষ্ঠানে ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ মন্তব্য করেন, স্বল্পোন্নত দেশের (এলডিসি) মর্যাদা থেকে উত্তরণের প্রস্তুতির সময় বাংলাদেশের রপ্তানি বহুমুখীকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, বিশেষ করে নারী উদ্যোক্তাদের নেতৃত্বাধীন ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠানগুলোকে বৈশ্বিক বাজারের সঙ্গে যুক্ত করা প্রয়োজন। তিনি আশা প্রকাশ করেন, লক্ষ্যভিত্তিক প্রশিক্ষণ, ব্যবসায়িক পরামর্শ ও সরাসরি বাজার সংযোগের মাধ্যমে ট্রাইসেগ প্রকল্প উদ্যোক্তাদের রপ্তানি সক্ষমতা বাড়ানোর পাশাপাশি কানাডাসহ আন্তর্জাতিক বাজারে নতুন সুযোগ তৈরিতে সহায়তা করবে।

প্রধান অতিথি মোহাম্মদ হাসান আরিফ জানান, ভূরাজনৈতিক অস্থিরতা সত্ত্বেও ২০২৫ সালে বাংলাদেশের রপ্তানি আয় ছিল ৪৮ বিলিয়ন মার্কিন ডলার। কানাডা বাংলাদেশের শীর্ষ ১০টি রপ্তানি গন্তব্যের একটি। দেশটিতে বাংলাদেশের রপ্তানি ১ দশমিক ৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে।

তিনি আরও জানান, চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে পাট ও পাটজাত পণ্যের রপ্তানি প্রায় ২৫ শতাংশ বেড়েছে। তবে এলডিসি উত্তরণের পর রপ্তানি প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে পণ্যের বহুমুখীকরণ জরুরি।

বিশেষ অতিথি খোন্দকার মো. নাজমুল হুদা শামিম বলেন, পাট খাতের অগ্রগতি সন্তোষজনক হলেও পণ্যের বহুমুখীকরণ, আন্তর্জাতিক মান বজায় রাখা এবং গুণগত মান নিশ্চিত করার ক্ষেত্রে চ্যালেঞ্জ রয়েছে। তিনি আশা প্রকাশ করেন, ট্রাইসেগ প্রকল্প আন্তর্জাতিক বাজারের চাহিদা অনুযায়ী পণ্য উন্নয়ন ও মানোন্নয়নে পাট খাতের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সহায়তা করবে।

টিএফও কানাডার প্রকল্প ব্যবস্থাপক মো. আশরাফ আহমেদ জানান, কানাডা সরকারের অর্থায়নে এশিয়া, আফ্রিকা, লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের ১৬টি স্বল্পোন্নত ও উন্নয়নশীল দেশে পাঁচ বছর মেয়াদি ট্রাইসেগ প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। এর আওতায় ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন, রপ্তানি প্রস্তুতি, ডিজিটালাইজেশন, অর্থায়নের সুযোগ সৃষ্টি এবং জলবায়ু সহনশীলতা বাড়াতে প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সহায়তা প্রদান করা হবে।

তিনি জানান, প্রকল্পটির আওতায় বিভিন্ন দেশের প্রায় ৩ হাজার ২০০ এসএমই উদ্যোক্তা কানাডার বাজারে প্রবেশের ক্ষেত্রে সহায়তা পাবেন। তাদের মধ্যে ৬৭ শতাংশ নারী উদ্যোক্তা।

বাংলাদেশ থেকে প্রায় ২০০টি এসএমই এ সুবিধা পাওয়ার সুযোগ রয়েছে। বিশেষভাবে পাট খাতের উদ্যোক্তাদের উৎপাদন সক্ষমতা ও রপ্তানি প্রস্তুতি বাড়াতে প্রশিক্ষণ দেওয়া হবে।

লাইটক্যাসল পার্টনার্সের প্রিন্সিপাল বিজনেস কনসালট্যান্ট ও পোর্টফোলিও ম্যানেজার ওমর ফারহান খান বলেন, বাংলাদেশ বিশ্বের অন্যতম বৃহৎ পাট উৎপাদনকারী দেশ হলেও পাটজাত পণ্যে মূল্য সংযোজনের অভাবে ৩ বিলিয়ন ডলারের বৈশ্বিক বাজারের সম্ভাবনা পুরোপুরি কাজে লাগানো যাচ্ছে না। তিনি বলেন, পণ্যের বহুমুখীকরণ, উদ্ভাবন ও মূল্য সংযোজনের পাশাপাশি আন্তর্জাতিক বাজারে প্রবেশাধিকার বাড়াতে প্রকল্পটি ভূমিকা রাখবে।

অনুষ্ঠানের আলোচনায় বাংলাদেশে নিযুক্ত কানাডীয় দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি দিনা মুজিচ, বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের অতিরিক্ত পরিচালক মাহবুবুর রহমান, জুট ল্যান্ড বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক প্রতিমা চক্রবর্তী এবং বাংলাদেশ জুট স্পিনার্স অ্যাসোসিয়েশনের পরিচালক মো. সাইফুল ইসলাম অংশ নেন।

সাইফুল ইসলাম পাটজাত পণ্যে আগামী ১০ বছরের জন্য শুল্কমুক্ত সুবিধা, কাঁচা পাটের মূল্য নির্ধারণ এবং সরবরাহব্যবস্থা উন্নয়নের ওপর গুরুত্ব দেন। প্রতিমা চক্রবর্তী নারী উদ্যোক্তাদের অর্থায়ন সহজ করা এবং পণ্যের সার্টিফিকেশন ও কমপ্লায়েন্স ব্যয় কমানোর আহ্বান জানান।

মাহবুবুর রহমান বলেন, বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন উদ্যোগ সম্পর্কে পর্যাপ্ত সচেতনতার অভাবে অনেক এসএমই উদ্যোক্তা ঋণ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। তিনি জানান, কেন্দ্রীয় ব্যাংকের উইমেন এন্ট্রাপ্রেনার ডেভেলপমেন্ট ফান্ডে ৪ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ রয়েছে। এ তহবিল থেকে নারী উদ্যোক্তারা ৫ শতাংশ সুদে ঋণ নিতে পারবেন।

অনুষ্ঠানে ডিসিসিআইয়ের ঊর্ধ্বতন সহসভাপতি রাজিব এইচ চৌধুরী, সহসভাপতি মো. সালিম সোলায়মান এবং পরিচালনা পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা, দুই কিশোর নিহত

আন্তর্জাতিক ডেস্ক

নোয়াখালী প্রতিনিধি

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৫২ পি.এম


মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা, দুই কিশোর নিহত

নোয়াখালীর সুবর্ণচরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে দুই কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরেক কিশোর গুরুতর আহত হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেল চারটার দিকে উপজেলার কাঞ্চন বাজার থেকে চর হাসান ভূঁইয়ারহাট সড়কের বড় ব্রিজসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো, পূর্ব চরবাটা ইউনিয়নের বেড়িবাঁধ এলাকার আদর্শ গ্রামের মো. আবু তাহেরের ছেলে মো. শাহাদাত হোসেন এবং একই উপজেলার হাজী গ্রামের শিউলী একরাম বাজার এলাকার মো. কামালের ছেলে মো. আব্দুল করিম (১৭)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব চরবাটা স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী আব্দুল করিম ও ইটভাটার শ্রমিক শাহাদাতসহ তিন বন্ধু মোটরসাইকেলে করে কাঞ্চন বাজার থেকে ভূঁইয়ারহাট বাজারে যাচ্ছিল। পথে একটি নির্মাণাধীন ব্রিজ থেকে নামার সময় সড়কে ছড়িয়ে থাকা বালুর ওপর মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারায়। এ সময় মোটরসাইকেলটি সড়কের পাশে থাকা একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খেয়ে তিন মোটরসাইকেল আরোহী গুরুত্ব আহত হয়।  

পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই কিশোরকে মৃত ঘোষণা করেন। আহত অপর কিশোরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনায় দুই কিশোর নিহত হয়েছে। আহত অপরজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
বার্তা প্রেরক
গিয়াস রনি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মহেশপুর সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, ৬ বাংলাদেশি আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৫২ পি.এম


মহেশপুর সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, ৬ বাংলাদেশি আটক

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করার সময় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ছয়জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেল ৩টার দিকে ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বৃহস্পতিবার ভোরে সীমান্তের মেইন পিলার ৬০/৭৭ এস থেকে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ছলেমানপুর গ্রামের একটি ইটভাটার পাশে বিজিবির টহল দল অভিযান পরিচালনা করে। এ সময় অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টা করার সময় ছয়জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। পরে তাদের মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

আটকদের মধ্যে পাঁচজন পুরুষ এবং একজন নারী রয়েছেন। তাদের বাড়ি ময়মনসিংহ, গাজীপুর, কিশোরগঞ্জ, ফরিদপুর ও পঞ্চগড় জেলায় অবস্থিত।

এদিকে, একই সময়ে মাধবখালী বিওপির একটি টহল দল সীমান্তের মেইন পিলার ৭০/৫ এস থেকে প্রায় ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাধবখালী গ্রামের একটি আমবাগানে মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় আসামিবিহীন অবস্থায় ৪৯ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সুন্দর হাতের লেখা প্রতিযোগিতায় বসুন্ধরা শুভসংঘের পুরস্কার পেল ২১ শিক্ষার্থী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৫২ পি.এম


সুন্দর হাতের লেখা প্রতিযোগিতায় বসুন্ধরা শুভসংঘের পুরস্কার পেল ২১ শিক্ষার্থী

কুমিল্লার লালমাইয়ে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে মাদরাসার শিক্ষার্থীদের জন্য হাতের লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এই প্রতিযোগিতায় শীর্ষস্থান অর্জনকারী ২১ জন শিক্ষার্থীকে পুরস্কার হিসেবে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে উপজেলার বাগমারা উত্তর বাজারস্থ আল ইসরা বালক মাদরাসার মিলনায়তনে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।

দৈনিক কালের কণ্ঠের লালমাই-সদর দক্ষিণ উপজেলা প্রতিনিধি জহিরুল ইসলাম জহিরের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এই প্রতিযোগিতায় পর্যবেক্ষকের দায়িত্ব পালন করেন আল ইসরা মাদরাসার উপাধ্যক্ষ হাফেজ শামীম আহমেদ, আল মোকাররম মাদরাসার মুহতামিম মাওলানা মাজহারুল ইসলাম, আলফা এয়ার এক্সপ্রেসের ব্যবস্থাপনা পরিচালক কবির হোসেন এবং বসুন্ধরা শুভসংঘ লালমাই উপজেলা শাখার সাধারণ সম্পাদক কাজী ইয়াকুব আলী নিমেল।

প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী আবদুল্লাহ, দ্বিতীয় স্থান অধিকার করেন তৃতীয় শ্রেণির আরিয়ান মোল্লা, তৃতীয় স্থান পান ষষ্ঠ শ্রেণির মারুফ হোসেন, চতুর্থ স্থানে অবস্থান করেন তৃতীয় শ্রেণির নাফিজ, পঞ্চম স্থানে রয়েছেন পঞ্চম শ্রেণির আরাফাত ইসলাম, ষষ্ঠ স্থানে চতুর্থ শ্রেণির আবু তালেব তানিম এবং সপ্তম স্থানে পঞ্চম শ্রেণির কারিম।

প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী আবদুল্লাহ বলেন, "গত বছর আল ইসরা মাদরাসার সব শিক্ষার্থীকে হাতের লেখার প্রশিক্ষণ দেওয়া হয়েছিল।" তিনি উল্লেখ করেন যে, তিনি ওই প্রশিক্ষণ গ্রহণ করেছিলেন। বসুন্ধরা শুভসংঘের আয়োজিত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তিনি জানতে পেরেছেন যে, তার হাতের লেখা সবার চেয়ে সুন্দর। এ জন্য তিনি মাদরাসার অধ্যক্ষ মাওলানা মাসুম বিল্লাহ মুহাজির হুজুর এবং বসুন্ধরা শুভসংঘের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

লালমাই উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি ও বাগমারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ কামাল হোসেন বলেন, "বসুন্ধরা শুভসংঘ গত কয়েক বছরে লালমাই উপজেলায় বিনামূল্যে সেলাই প্রশিক্ষণ, সেলাই মেশিন বিতরণ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অসচ্ছল শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ, বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্প, দন্তসেবা, নারী শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা, হাতের লেখা প্রতিযোগিতা, অসহায় পরিবারকে খাদ্যসহায়তা, হাম সচেতনতায় সেমিনার ও এতিমদের সঙ্গে ইফতারসহ অর্ধশতাধিক সামাজিক কর্মসূচি বাস্তবায়ন করেছে।" তিনি আশা প্রকাশ করেন যে, ভবিষ্যতেও সংগঠনটি প্রতি মাসে লালমাই উপজেলায় এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত রাখবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%