প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জামালপুরে আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) ঝটিকা মিছিলকে কেন্দ্র করে দায়ের করা নাশকতার মামলায় বিএনপি ও ছাত্রদলের দুই নেতাকে আসামি করা হয়েছে। মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, জেলা ছাত্রদলের এক সক্রিয় কর্মীকে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা এবং জেলা বিএনপির সাবেক এক সহ-সম্পাদককে পৌর আওয়ামী লীগের সদস্য হিসেবে উল্লেখ করা হয়েছে।
এই রাজনৈতিক পরিচয়ের অসংগতির কারণে স্থানীয় বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টরা প্রশ্ন তুলেছেন, রাজনৈতিক পরিচয় যাচাই না করেই তাদের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা হিসেবে মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে কিনা।
মামলায় ছাত্রলীগ নেতা হিসেবে উল্লেখ করা ব্যক্তির নাম মো. নাঈম। তিনি জামালপুর শহরের আলিহারপুর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে। তার পরিবার দাবি করে, তিনি দীর্ঘ সাত বছর ধরে ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত আছেন। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনসহ দলের বিভিন্ন কর্মসূচিতে তিনি সক্রিয়ভাবে অংশ নিয়েছেন।
দলীয় সূত্রে জানা গেছে, ২০২২ সালের ৬ ফেব্রুয়ারি অনুমোদিত জামালপুর পৌরসভার ৯নং ওয়ার্ড ছাত্রদল দক্ষিণ শাখার কমিটিতে সদস্য পদ পান নাঈম। তিনি নিজ এলাকার দোকানঘরেই বিএনপির কার্যালয় স্থাপন করেছেন। ওই কার্যালয়ের জন্য নাঈম বা তার পরিবার কোনো ভাড়া নেননি বলেও জানা গেছে।
অন্যদিকে, একই মামলায় পৌর আওয়ামী লীগের সদস্য হিসেবে জেলা বিএনপির সাবেক সহ-সম্পাদক আজাদ রূহানীকে উল্লেখ করা হয়েছে। আজাদ জানান, তিনি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং দলের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেছেন।
গত ৯ নভেম্বর জেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন শাহীনের দায়ের করা নাশকতার মামলায় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের ৩৭ জনকে আসামি করা হয়। মামলার ২৮নং আসামি হিসেবে মো. নাঈমকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এজাহারে তাকে ছাত্রলীগ নেতা হিসেবে উল্লেখ করা হয়েছে। একই মামলার ৩নং আসামি হিসেবে জেলা বিএনপির সাবেক সহ-সম্পাদক আজাদ রূহানীকে পৌর আওয়ামী লীগের সদস্য হিসেবে পরিচয় দেওয়া হয়েছে।
এর আগে ২০২৫ সালের ১৬ জানুয়ারি জামালপুর সদর থানায় দায়ের করা অপর একটি নাশকতার মামলায় নাঈমকে ১৯নং আসামি করা হয়েছিল। ওই মামলাতেও তাকে ছাত্রলীগ নেতা হিসেবে উল্লেখ করা হয় বলে অভিযোগ রয়েছে।
জামালপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক এ বিষয়ে বলেন, নাঈম ২০১৭ সাল থেকে ছাত্রদলের সঙ্গে জড়িত। ২০২২ সালে তাকে কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। ছাত্রদলের একজন নেতাকে ছাত্রলীগ নেতা উল্লেখ করে মামলা করা উদ্দেশ্যপ্রণোদিত।
জেলা বিএনপির সাবেক সহ-সম্পাদক আজাদ রূহানী জানান, জেলা বিএনপির বর্তমান কমিটির আগের কমিটিতে তিনি সহ-সম্পাদক পদে দায়িত্ব পালন করেছেন। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনসহ বিএনপির সব আন্দোলন-সংগ্রামে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন। তিনি গত ৭ নভেম্বরও বিএনপির কর্মসূচিতে অংশ নিয়েছেন। এরপরও তাকে আওয়ামী লীগ নেতা হিসেবে উল্লেখ করে মামলায় আসামি করার কারণ বুঝতে পারছেন না। তিনি জানান, কারা, কী উদ্দেশ্যে তাকে মামলায় জড়িয়েছেন, সেই হিসাব মেলাতে পারছেন না। আজাদ রূহানী এ ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন।
অন্যদিকে, মামলার বাদী জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন শাহীন অভিযোগ অস্বীকার করেছেন। তিনি জানান, তাদের অভিযোগ সঠিক নয় এবং তারা সাংবাদিকদের ভুল তথ্য দিচ্ছেন।
জামালপুর সদর থানার ওসি নাজমুস সাকিব বলেন, গত ৮ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে ঝটিকা মিছিলের ঘটনায় ৯ নভেম্বর জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন শাহীন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। পুলিশ মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিল করবে।
রাজনৈতিক পরিচয় নিয়ে এমন অভিযোগ স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। সংশ্লিষ্টদের বক্তব্য ও অভিযোগের সত্যতা তদন্তের মাধ্যমে যাচাইয়ের দাবি উঠেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন