০৭:২৭ পি.এম
ধর্মীয় রীতিনীতিসহ সামাজিকভাবে ধুমধাম করে হয়েছিল বিয়ে। গায়ে হলুদ, নাচ-গান, বরযাত্রীসহ পালন করা হয়েছিল বিয়ের সব রীতি। অথচ কোনো বিয়েই হয়নি বলে দাবি করে বসেছেন কনে ও তার পরিবার। উল্টো অপহরণের পর ধর্ষণের অভিযোগ এনে দায়েরকৃত মামলায় কারাগারে যেতে হয়েছে বর রুমন খন্দকারকে (২১)। এ ঘটনায় পরিবারটি সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে।
পুলিশ বলছে, মেডিকেল রিপোর্টের ভিত্তিতে মামলা রুজু করা হয়, ওই যুবককে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। আর ইউএনও বলছেন, বিয়েতে সামাজিক ও আইনি সুরক্ষা হিসেবে নিবন্ধন বাধ্যতামূলক। বাল্যবিয়ে আড়াল করতে নিবন্ধন করেনি। পারিবারিক ও দাম্পত্য কলহের জেরে কনেপক্ষ এই সুযোগটাকে ব্যবহার করছেন। বিয়ে নিবন্ধক (কাজী) যদি জড়িত থাকে তাহলে তার বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও পড়ুন: ঈশ্বরদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন
জানা যায়, চলতি বছরের ২২ মে ধর্মীয় ও সামাজিক রীতি অনুযায়ী ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের শংকরপাশা গ্রামের মিরাজ মাতুব্বরের মেয়ে মিলা আক্তারের (১৬) সাথে বিয়ে হয় একই উপজেলার তালমা ইউনিয়নের মনোহরপুর গ্রামের বিল্লাল খন্দকারের ছেলে রুমন খন্দকারের (২১)।
বিয়েতে সামাজিক অনুষ্ঠান করা হয় দুই পরিবারের পক্ষ থেকেও। বিয়ের পূর্বে কনের বাড়িতেও আয়োজন করা হয়েছিল গায়ে হলুদের মতো অনুষ্ঠান। এরপর ৪০ জন বরযাত্রী নিয়ে যাওয়া হয় কনের বাড়িতে। সেখানে খাওয়া-দাওয়া শেষে দুই পরিবারের স্বজন, গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে বিয়ের কার্য সম্পন্ন হয়।
আরও পড়ুন: জামিনে মুক্ত হয়ে শ্বশুরবাড়িতে পুলিশকন্যা তাসনিয়া রানা তামান্না
তবে, কনের বয়স কম হওয়ায় নিবন্ধন করা হয়নি এবং দুই পরিবারের সম্মত হয়েছিল প্রাপ্তবয়স্ক হলে নিবন্ধন করে নেয়া হবে। পরে কনেকে বিয়ের রঙে সাজিয়ে জমকালো আয়োজনের মধ্যেই নিয়ে যাওয়া হয় বরের বাড়িতে। যে বিয়ের সামাজিক ও ধর্মীয় রীতির প্রমাণাদি ও অনুষ্ঠানের ভিডিওতে দেখা যায়।
তবে সামাজিক এ আয়োজনের কিছুদিনের মধ্যেই চিত্রপট পুরোটাই বদলে যায়। রুমনের বাড়ি থেকে মিলা আক্তার চলে যায় নিজের বাড়িতে। এরপর যুবক রুমন খন্দকারের নামে দায়ের করা হয় অপহরণ ও ধর্ষণের মামলা। ২ জুলাই কনে মিলা আক্তারের দাদি জহুরন খাতুন বাদী হয়ে নগরকান্দা থানায় মামলাটি দায়ের করেন। ওই রাতেই পুলিশ গ্রেফতার করে রুমনকে। পরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয় তাকে। প্রায় দেড় মাস যাবৎ ওই মামলায় কারাগারে রয়েছে রুমন। মিথ্যা মামলা দিয়ে রুমনকে জেলে পাঠানোর ঘটনায় জড়িতদের শাস্তির দাবি করেছেন স্বজনরা।
আরও পড়ুন: ভালুকায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে মিলটনের নেতৃত্বে হাজারো নেতাকর্মীর র্যালি
রুমনের মা রেনু বেগম বলেন, পারিবারিকভাবে আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে বিয়ে সম্পন্ন হয়। কয়েকদিন পরেই ছেলের বউ বাপের বাড়িতে বেড়াতে যায়। এরপর থেকেই নানা নাটক শুরু করে। একদিন রাতে পুলিশ এসে ছেলেকে গ্রেফতার করে নিয়ে যায়, পরে আমরা জানতে পারি ছেলের নামে ধর্ষণ মামলা দিয়েছে বউমা। আমার নিরীহ ছেলেটাকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসানো হয়েছে। দেড় মাস হলো ছেলে আমার জেলে রয়েছে। এঘটনার বিচারের দাবি জানাই।
রুমনের বাবা বিল্লাল খন্দকার বলেন, গত ২ জুলাই গভীর রাতে হঠাৎ করেই রুমনকে গ্রেফতার করে নিয়ে যায় নগরকান্দা থানা পুলিশ। পরেরদিন থানায় গিয়ে জানতে পারি ধর্ষণ মামলায় ছেলেকে গ্রেফতার করা হয়েছে।
আরও পড়ুন: সাংবাদিক আশরাফ ইকবালের জন্মদিন
থানা সূত্রে জানা যায়, ২ জুলাই থানায় ওই মামলাটি দায়ের করেন মিলা আক্তারের দাদি জহুরন খাতুন। মামলার এজাহারে তিনি উল্লেখ করেন, গত ১৯ জুন বিকেল ৫টার দিকে বাড়ির পাশ থেকে নাতনি মিলাকে একটি মাইক্রোবাসে করে অপহরণ করে নিয়ে যায় রুমন। এরপর রুমন খন্দকারদের বাড়িতে রেখে রাতভর ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করা হয় এবং শরীরের স্পর্শকাতর স্থানে আঘাত করা হয়। পরেরদিন সকালে কৌশলে ওই বাড়ি থেকে পালিয়ে এসে পরিবারকে বিষয়টি জানায় মিলা। পরে তাকে অসুস্থ অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসা দেয়া হয়।
এদিকে মিলার পরিবারের সদস্যদের দাবি কোনো বিয়ে হয়নি। অপহরণ করে নিয়ে তাকে ধর্ষণ করা হয়েছে। এঘটনায় বিচার দাবি মিলা আক্তারের স্বজনদের।
আরও পড়ুন: ফেনীতে সাংবাদিকদের ‘মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠিত
মামলার বাদী জহুরন খাতুন দাবি করেন, কোনো বিয়ে হয়নি। এছাড়া মামলার এজাহারের বর্ণনা হিসেবে ঘটনাটি জানান এবং ধর্ষণের ঘটনায় বিচার দাবি করেন। তবে, বিয়ের ছবি ও ভিডিও’র বিষয়ে জানতে চাইলে এড়িয়ে যান তিনি।
কনে মিলা আক্তার বলেন, ছেলেটি কাঠমিস্ত্রির কাজ করত, এমনিতে চিনতাম। আমাকে বিভিন্ন সময় বিরক্ত করত। আমাকে জোরপূবর্ক অপহরণ করে তার বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে। আমি অসুস্থ হয়ে পড়ি। পরে সেখান থেকে পালিয়ে এসে পরিবারের সদস্যদের বিষয়টি জানাই। এরপর ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে দুই দিন চিকিৎসা নিই।
আরও পড়ুন: লগি-বৈঠার তাণ্ডব ও হত্যাকাণ্ডের প্রতিবাদে চরফ্যাশনে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল
বিয়ের বিষয়টি সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, বিয়ের কোনো ঘটনা ঘটেনি। বিয়ের ভিডিও ও আনুষ্ঠানিকতার বিষয়টিও এড়িয়ে যান তিনি।
বিবাহ অনুষ্ঠানে অংশ নেয়া স্থানীয় বাসিন্দারা বলেন, পারিবারিকভাবে দুই পরিবারের আত্মীয়স্বজন ও গ্রামবাসীর অংশগ্রহণে বিবাহ হয়। মেয়েটির অন্য ছেলের সাথে সম্পর্ক রয়েছে, একারণে বিয়ের এক সপ্তাহ পর থেকেই নানা ধরনের নাটক করতে থাকে মেয়েটি। স্থানীয়ভাবে সমাধান করা যেতো, কিন্তু স্ত্রী হয়ে স্বামীর বিরুদ্ধে ধর্ষণের মামলা দেয়ার বিষয়টি মেনে নেয়া যাচ্ছে না।
সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মোহাম্মদ আল ফাহাদ বলেন, গত ২ জুলাই জহুরন খাতুন তার নাতনিকে নিয়ে থানায় আসেন। এসময় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি সেন্টারের চিকিৎসার ছাড়পত্র নিয়ে থানায় আসেন। যেখানে ধর্ষণের বিষয় উল্লেখ রয়েছে। তার লিখিত অভিযোগের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করা হয়। তবে ওই এজাহারে বিয়ের বিষয় উল্লেখ করা হয়নি এবং পুলিশকে জানানো হয়নি। কেউ যদি মেডিকেল রিপোর্ট নিয়ে এসে অভিযোগ করে সেক্ষেত্রে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়েই মামলা নিয়ে থাকি। এক্ষেত্রেও সেটি হয়েছে।
তিনি আরও বলেন, এ ঘটনায় তদন্ত কর্মকর্তা হিসেবে উপ-পরিদর্শক শহিদুল ইসলামকে দায়িত্ব দেয়া হয়েছে। তদন্ত শেষে আদালতে পুলিশি প্রতিবেদন দাখিল করা হবে।
অপরদিকে, বাল্যবিয়ে গোপন করতেই নিবন্ধন ছাড়া বিয়ে করাতে পরিবারটি এমন সমস্যার সম্মুখীন হয়েছেন বলে মনে করছে প্রশাসন। তবে নৈতিক আইন লঙ্ঘন করে মামলাটি করা হয়েছে বলে মনে করেন আইন বিশ্লেষকেরাও।
ফরিদপুর জজ কোর্টের আইনজীবী মো. ফারুক হোসেন বলেন, আমাদের দেশে দুই পরিবার ও ছেলে-মেয়ের সম্মতি অহরহ বাল্যবিয়ে হচ্ছে। এখানেও তেমনটা হয়েছে, পারিবারিকভাবে বিয়ের পর সংসার হয়েছে তাদের। তবে, আইনের দৃষ্টিতে এই বিবাহ স্বীকৃত নয়। যার কারণে পারিবারিক কলহের জেরে ধর্ষণের মতো অভিযোগে ছেলেটিকে কঠিন মামলার মধ্যে ফেলে দেয়া হয়েছে, যেটি আসলেই অমানবিক।
তিনি বলেন, এটি শুধু রেজিস্ট্রেশনবিহীন বিবাহের কারণে নয়, আমি মনে করি এটি নৈতিকতার অবক্ষয়। এখানে প্রকাশ্যে মেয়েটি ছেলের বাড়িতে সংসার করেছে, এরপরেও সামান্য তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে নিবন্ধন না করার সুযোগ নিয়ে ছেলেটিকে ফাঁসাচ্ছে, আসলে নৈতিকতার কাছে পরিবারটি পরাজিত হয়েছে। এসব মামলার ক্ষেত্রে বিব্রতকর অবস্থার মধ্যে পড়তে হয়। সত্যটা জেনেও আইনের মধ্যে না আসলেও আমরা আইনের কাছে দায়বদ্ধ থেকে যাই।
তবে রুমনের পরিবার বলছে আনুষ্ঠানিকভাবে বিয়ে হয়। বয়স না হওয়ায় কাজির বাড়িতে গিয়ে গোপনে নিবন্ধন করা হয়। দেনমোহর নির্ধারণ করে নিবন্ধন করে বিয়ে সম্পন্ন হয়েছিল। নিবন্ধন করেন নিকাহ রেজিস্ট্রার (কাজি) বি এম ফজলুর রহমান। তবে ওই কাজি বি এম ফজলুর রহমান বিষয়টি অস্বীকার করেছেন।
নিকাহ রেজিস্ট্রার বি এম ফজলুর রহমান বলেন, এই বিয়ের বিষয়টি আমার জানা নেই। তাছাড়া আমি কোনো নিবন্ধনও করি নাই।
নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা আফরিন জানান, বিয়েতে সামাজিক ও আইনি সুরক্ষা হিসেবে নিবন্ধন বাধ্যতামূলক। প্রথমে তারা অবৈধ কাজ করেছে, বাল্যবিয়ে আড়াল করতে নিবন্ধন করেননি। পারিবারিক ও দাম্পত্য কলহের জেরে কনেপক্ষ এই সুযোগটাকে ব্যবহার করছেন। এখানে কোনো বিয়ে নিবন্ধক (কাজি) যদি জড়িত থাকে তাহলে তার বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন