মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
১১:৫৭ পি.এম
কয়রায় স্টেকহোল্ডার বা অংশীজন নিয়ে একটি মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এই সভাটি অনুষ্ঠিত হয় মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে, যেখানে ফেইথ ইন এ্যাকশান- মুক্তির আহবান (সিফরআর) প্রকল্পের উদ্যোগ গ্রহণ করা হয়। সভাটিতে সহযোগিতার হাত বাড়িয়েছে কিন্ডারনটহিলফে (কেএনএইচ)- জার্মানী।
উপজেলা কৃষি অফিসার তীলক কুমার ঘোষের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা যুব উন্নয়ন অফিসার কেএম মফিজুর রহমান, মহিলা বিষয়ক অফিসার রেশমা আক্তার, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সরদার নুরুল ইসলাম কোম্পানি, প্রকল্পের ব্যবস্থাপক ফারাহানা জাহান, চাইল্ড প্রটেকশান ফোকাল আইজ্যাক শিমুল হালদার, কমিউনিটি ফেসিলিটেটর রাজর্শী মন্ডল, প্রিংয়ান্কা বিশ্বাস, ফাইমা খাতুন, প্রজেক্ট একাউন্টেন্ট জনপল কর্মকার, অগ্রগামী এবং প্রত্যাশা জন সংগঠনের শরমিন আক্তার, মোহসিনা খাতুন, মুর্শিদা আক্তার, মাসুম বিল্লাহ প্রমুখ।
অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, জন সংগঠনের সদস্য, সিপিসি সদস্য, উপদেষ্টা পরিষদ সদস্য এবং প্রকল্প সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
শেরপুর জেলার নালিতাবাড়ীতে জমির বিরোধের কারণে ভাতিজার লাঠির আঘাতে গুরুতর আহত অটোরিকশাচালক চাচা রফিকুল ইসলাম (৫৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার (১২ সেপ্টেম্বর) ময়মনসিংহের একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু ঘটে। সোমবার বিকেলে ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর রফিকুল ইসলামের মরদেহ তাঁর গ্রামের বাড়িতে পৌঁছায়। ঘটনাটি ঘটে উপজেলার নন্নী ইউনিয়নের বনকুড়া নদীরপাড় এলাকায়। নিহত রফিকুল ইসলাম ওই এলাকার মৃত সোহরাব আলীর পুত্র। অভিযুক্ত আহসান (৩৩) হলেন তাঁর বড় ভাই বাচ্চু মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রফিকুল ইসলামের সঙ্গে তাঁর ভাতিজা আহসানের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সম্প্রতি আহসান রফিকুল ইসলামের ভোগদখলে থাকা জমিতে কলাগাছের চারা রোপণ করেন। পরে রফিকুল ইসলাম ওই চারাগুলো কেটে ফেলেন। এই ঘটনার পর ক্ষিপ্ত হয়ে আহসান গত ১ সেপ্টেম্বর রফিকুল ইসলামকে লাঠি দিয়ে উপর্যুপরি আঘাত করেন। রফিকুল ইসলাম গুরুতর আহত হলে তাঁকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ময়মনসিংহের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শনিবার তাঁর মৃত্যু ঘটে। ময়নাতদন্তের পর সোমবার বিকেলে মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় এখনো কেউ থানায় অভিযোগ করেননি। পুলিশ বিষয়টি সম্পর্কে খোঁজখবর রাখছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সাতক্ষীরার তালা উপজেলার ঐতিহ্যবাহী সরুলিয়া দ্বিমুখী মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি বিতরণের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার বিদ্যালয়ের মিলনায়তনে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয়ের সভাপতি ফরিদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন এবং শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ ও সম্মাননা স্মারক তুলে দেন। ষষ্ঠ থেকে দশম শ্রেণির রোল নম্বর ১ থেকে ১০ পর্যন্ত মেধাবী শিক্ষার্থীদের জন্য ‘আব্দুল লতিফ সরদার শিক্ষাবৃত্তি’ এবং ‘ড. প্রদীপ কুমার ঘোষ স্মৃতি বৃত্তি’র অর্থ বিতরণ করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ আমিরুল ইসলাম স্যার অনুষ্ঠানের সঞ্চালনা করেন।
সভাপতি অধ্যাপক কাজী ফরিদুল হক, সাবেক সভাপতি আব্দুল লতিফ সরদার, কল্যাণ কুমার ঘোষ, এবং অভিভাবক সদস্য জনাব সমীর কুমার ঘোষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বক্তারা উল্লেখ করেন, “মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং ঝরে পড়া রোধে এ ধরনের শিক্ষাবৃত্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আজকের এই সংবর্ধনা ও বৃত্তি প্রদান শিক্ষার্থীদের আগামী দিনে আরও বেশি দূর এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে।”
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন। পরে কৃতি শিক্ষার্থীদের উত্তরোত্তর সাফল্য কামনা করে বিশেষ মোনাজাত ও দোয়া অনুষ্ঠিত হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রংপুরে সড়ক দুর্ঘটনায় আহত ও নিহত ৬৪ জনের পরিবারের জন্য ২ কোটি ১৬ লক্ষ টাকার সরকারি আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসন কার্যালয়ের মিলনায়তনে জেলা প্রশাসক ইসরাত জাহান এই সহায়তা বিতরণ করেন।
এ আর্থিক সহায়তার আওতায় রংপুর জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩০ জনের পরিবারকে ৫ লক্ষ টাকা করে মোট দেড় কোটি টাকা, গুরুতর আহত ১৮ জনকে ১ লক্ষ টাকা করে মোট ১৮ লক্ষ টাকা এবং সড়ক দুর্ঘটনায় আহত হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে না পারা ১৬ জন ভুক্তভোগীকে ৩ লক্ষ টাকা করে মোট ৪৮ লক্ষ টাকা বিতরণ করা হয়।
বিআরটিএ রংপুর অফিসের সহকারী পরিচালক শফিকুল আলম সরকার জানান, সড়ক দুর্ঘটনায় আহত ও নিহতদের পরিবারের পক্ষ থেকে করা আর্থিক সহায়তার আবেদনের ভিত্তিতে বিআরটিএ নিয়মিতভাবে আর্থিক সহায়তার চেক বিতরণ করছে। আজ যাদের সহায়তা প্রদান করা হয়েছে, তাদের অধিকাংশই পরিবারের প্রধান উপার্জনকারী হিসেবে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন। অনেকেই প্রাণ হারিয়েছেন বা শরীরের কোনো অঙ্গ হারিয়ে শয্যাশায়ী হয়ে পড়েছেন। এই পরিবারগুলোর অবস্থা অত্যন্ত করুণ। এই আর্থিক সহায়তা তাদের জন্য প্রদান করা হচ্ছে যাতে তারা এটিকে মূলধন হিসেবে ব্যবহার করে নিজেদের স্বচ্ছলতা ফিরিয়ে আনতে পারেন।
জেলা প্রশাসক ইসরাত জাহান বলেন, "একটি পরিবারের যখন কেউ সড়ক দুর্ঘটনায় নিহত বা আহত হন, তখন সেই ক্ষতি কোনভাবেই পূরণ করা সম্ভব নয়। তবে সরকারের মানবিক দৃষ্টিকোণ থেকে নেয়া উদ্যোগের মাধ্যমে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে স্বাবলম্বী গড়ে তুলতে এ অর্থ প্রদান করা হয়েছে।" তিনি আরও বলেন, সরকার আশা করে যে এই আর্থিক সহায়তা প্রতিটি পরিবারকে বিনিয়োগ বা ব্যবসায়িক উদ্যোগ গ্রহণের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার সুযোগ দেবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
গোমস্তাপুর থানার পুলিশ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে রাতভর অভিযান পরিচালনা করে সন্ত্রাসবিরোধী মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে। সোমবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে রয়েছেন—গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নের শ্যামপুর গ্রামের মোঃ শাহজাহান আলী দুখুর ছেলে মোঃ খাদিমুল ইসলাম (২৮), বোয়ালিয়া ইউনিয়নের নরশিয়া গ্রামের মৃত তহসেন আলীর ছেলে মোঃ সাদেক আলী (৪৫) এবং গোমস্তাপুর ইউনিয়নের নয়াদিয়াড়ী গ্রামের মৃত আবুল কালাম আযাদের ছেলে মোঃ জান্নাতুল আলম ওরফে মধু (৪৮)।
পুলিশের সূত্র অনুযায়ী, গ্রেপ্তার হওয়া খাদিমুল ইসলাম গোমস্তাপুর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি হিসেবে পরিচিত। অপরদিকে, সাদেক আলী আওয়ামী লীগের একজন সক্রিয় কর্মী এবং অর্থ যোগানদাতা হিসেবে পরিচিত।
জান্নাতুল আলম ওরফে মধু গোমস্তাপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সহ-সভাপতি এবং গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও চেয়ারম্যান হুমায়ুন রেজার আপন ভাগ্নে। গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম জানিয়েছেন, গ্রেপ্তার তিনজনকে সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার বিজ্ঞ আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ