ঢাকা রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৯ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ইং ০৯ই কার্তিক, ১৪৩৩বাং

ইরানের ড্রোন উৎপাদন যুদ্ধে ৩ গুণ বৃদ্ধি


ইরানের ড্রোন উৎপাদন যুদ্ধে ৩ গুণ বৃদ্ধি

যুদ্ধ চলাকালীন ইরান ড্রোন উৎপাদন সক্ষমতা তিন গুণ বৃদ্ধি পেয়েছে, বলে জানান দেশটির ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী মাজিদ ইবন আল-রেজা। এ তথ্য আলজাজিরা জানিয়েছে, যা ইরানের তাসনিম নিউজের বরাতে এসেছে।

প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘সাম্প্রতিক যুদ্ধ দেখিয়ে দিয়েছে যে ইরানি মেধাবী জনশক্তি এবং আধুনিক প্রযুক্তিতে বিনিয়োগই দেশের প্রতিরক্ষা শক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান।’

তিনি আরো জানান, ‘যুদ্ধের চরম মুহূর্তেও প্রতিরক্ষা উৎপাদন বন্ধ হয়নি; বরং ড্রোন উৎপাদন সক্ষমতা তিন গুণ বৃদ্ধি পেয়েছে।’

আরও পড়ুন: সৌদি রুটে ১৪৪ ফ্লাইট স্থগিত, ২২ হাজার যাত্রী ভোগান্তিতে

ইরানের দাবি অনুযায়ী, যুদ্ধকালীন সময়ে প্রযুক্তিগত অবকাঠামো ও গবেষণায় বিনিয়োগের ফলেই এই উৎপাদন বৃদ্ধি সম্ভব হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডেমোগ্রাফিক ডিভিডেন্ড কাজে লাগাতে সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

০৯:৫২ পি.এম


ডেমোগ্রাফিক ডিভিডেন্ড কাজে লাগাতে সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ওরিয়েন্টেশনে শিক্ষা, জনশক্তি উন্নয়ন ও কৃষিতে প্রযুক্তির গুরুত্ব তুলে ধরেন। ছবিঃ মন্ত্রণালয়

দেশে বিদ্যমান বিপুল কর্মক্ষম জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তরের মাধ্যমে ‘ডেমোগ্রাফিক ডিভিডেন্ড’ বা জনমিতিক লভ্যাংশের সুবিধা কাজে লাগাতে বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

আজ শনিবার গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের বেগম সুফিয়া কামাল অডিটোরিয়ামে আয়োজিত ‘নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম-২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. জি কে এম মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য (গাজীপুর-২) এম মঞ্জুরুল করিম রনি।

শিক্ষামন্ত্রী বলেন, ‘বাংলাদেশে যে বিপুল পরিমাণ কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, তা বিশ্বের আর কোথাও নেই। এই বিশাল তরুণ প্রজন্মকে যদি আমরা সঠিকভাবে কাজে লাগাতে পারি, তবে দেশ কোনোভাবেই পিছিয়ে থাকবে না। জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর করাই এখন আমাদের মূল লক্ষ্য। সে কারণেই সরকার শিক্ষা খাতকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দিচ্ছে।’

ড. এহছানুল হক মিলন বলেন, ‘আমাদের দেশে এসএসসি ও এইচএসসি পরীক্ষার পর ভর্তি জটে শিক্ষার্থীদের প্রায় দুই বছর সময় নষ্ট হয়ে যায়, যা দেশের জন্য একটি বড় ক্ষতি। এই দীর্ঘ সময় অপচয়ের কারণে আমরা ডেমোগ্রাফিক ডিভিডেন্ডকে সফলভাবে কাজে লাগাতে পারছি না। শিক্ষার্থীদের জীবন থেকে যেন কোনো সময় নষ্ট না হয়, সেজন্য সরকার ইতোমধ্যে কার্যকর উদ্যোগ গ্রহণ করেছে।’

উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর সেশনজট নিরসনে কঠোর বার্তা দিয়ে মন্ত্রী বলেন, দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে যেন কোনো ধরনের সেশনজট না থাকে, তা প্রশাসনকে অবশ্যই নিশ্চিত করতে হবে।

দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে কৃষির গুরুত্ব তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, ‘বাংলাদেশকে এগিয়ে নিতে হলে আমাদের কৃষি খাতকে আরও উন্নত ও আধুনিক করতে হবে। এজন্য কৃষি ক্ষেত্রে নতুন নতুন উদ্ভাবনী প্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা এর ব্যবহার বৃদ্ধি করা এখন সময়ের দাবি। এই প্রযুক্তিগত রূপান্তরে দেশের কৃষি বিশ্ববিদ্যালয়গুলোকে অগ্রণী ও নেতৃত্বস্থানীয় ভূমিকা পালন করতে হবে।’

এর আগে, শিক্ষামন্ত্রী বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত ‘আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি’র অংশ হিসেবে গাছের চারা রোপণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং নিজে একটি গাছের চারা রোপণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সরকার বন্যার্ত মানুষের পাশে আছে সর্বোচ্চ দায়বদ্ধতা নিয়ে : মাহদী আমিন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

০৯:৫৯ পি.এম


সরকার বন্যার্ত মানুষের পাশে আছে সর্বোচ্চ দায়বদ্ধতা নিয়ে : মাহদী আমিন

সরকার সর্বোচ্চ দায়বদ্ধতা ও দায়িত্ববোধ নিয়ে দেশের প্রতিটি বন্যার্ত মানুষের পাশে রয়েছে, এমনটি জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

তিনি শনিবার বিকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জানান, দেশের বন্যা পরিস্থিতিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেওয়া বিভিন্ন উদ্যোগ ও দিক-নির্দেশনা তুলে ধরেন।

মাহদী আমিন বলেন, প্রবল বৃষ্টিপাতের কারণে বিভিন্ন স্থানে বন্যা, পাহাড়ধস এবং জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বিশেষ করে চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবান-এই পাঁচটি জেলায় জনমানুষের জন্য অবর্ণনীয় কষ্টের সৃষ্টি হয়েছে। প্রধানমন্ত্রী সার্বক্ষণিকভাবে এই পরিস্থিতি নিজে এবং তার টিম মেম্বারদের মাধ্যমে মনিটরিং করছেন।

সরকারের এই মুখপাত্র বলেন, গতকাল (শুক্রবার) প্রধানমন্ত্রী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এই পাঁচ জেলার স্থানীয় প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত বিভাগীয় কমিশনার, ডিআইজি, ডিসি, এসপি, সিভিল সার্জন ও ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের সাথে বৈঠক করে সুনির্দিষ্ট নির্দেশনা প্রদান করেছেন।

তিনি আরো বলেন, আগামীকাল (রবিবার) প্রধানমন্ত্রী দেশের সব বিভাগীয় কমিশনারদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করবেন। উদ্ধার কার্যক্রমে ইউএনও, ডিসি, এসপি এবং আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিটি পর্যায়ের সংশ্লিষ্টতার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

প্রধানমন্ত্রীর নির্দেশনায় একটি সমন্বিত উদ্যোগের কথা উল্লেখ করে উপদেষ্টা বলেন, বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইতোমধ্যে চট্টগ্রামে অবস্থান করে পরিস্থিতি সরাসরি মনিটরিং করছেন। স্থানীয় সংসদ সদস্য এবং রাজনৈতিক নেতৃবৃন্দ তৃণমূল পর্যায়ে কাজ করছেন। তিনি জানান, বিএনপির চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রী তার পুরো দল ও অঙ্গ-সহযোগী সংগঠনগুলো (ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল) সাধারণ মানুষের পাশে থেকে উদ্ধার ও ত্রাণ কর্মকাণ্ডে নিয়োজিত হওয়ার আহ্বান জানিয়েছেন এবং তারা মাঠ পর্যায়ে কাজ করছেন।

আর্থিক এবং ত্রাণ সহায়তার বিবরণ দিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী ইতোমধ্যে জরুরি ভিত্তিতে ২ কোটি টাকারও বেশি অর্থনৈতিক অনুদান নিশ্চিত করেছেন, যা দ্রুত মানুষের কাছে পৌঁছানো হচ্ছে। ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের কাছে চাল ও প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী পৌঁছানোর অবিরত প্রচেষ্টা অব্যাহত রয়েছে। বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম বিভাগের সংশ্লিষ্ট জেলাগুলোতে এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে।

উদ্ধার ও চিকিৎসাসেবা প্রসঙ্গে মাহদী আমিন বলেন, উপকূলবর্তী এলাকায় কোস্টগার্ড, সীমান্তবর্তী এলাকায় বিজিবি এবং বিভিন্ন জেলায় প্রয়োজন অনুযায়ী সেনাবাহিনীকে সম্পৃক্ত করা হয়েছে। পানিবাহিত রোগ এবং সাপের দংশন মোকাবিলার জন্য পর্যাপ্ত ভ্যাকসিন ও ওষুধসহ মেডিকেল টিম মোবিলাইজ করা হয়েছে। পানি নেমে যাওয়ার পরপরই রাস্তা ও রেলপথ দ্রুত মেরামতের জন্য এলজিইডি এবং সড়ক ও জনপথ বিভাগকে প্রস্তুতি নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরো জানান, ক্ষতিগ্রস্ত গৃহস্থালী, কৃষি, মৎস্য এবং গবাদি পশু খামারিদের ক্ষতিপূরণ দেওয়ার কার্যকর উদ্যোগ শুরু হয়েছে। দ্রুত খাদ্যবান্ধব কর্মসূচি চালু করা হবে। বর্তমানে সচল থাকা ১ হাজারেরও বেশি আশ্রয়কেন্দ্রে খাদ্য, পানি এবং স্যানিটেশন ব্যবস্থাকে বিশেষ প্রাধান্য দেওয়া হয়েছে। কিছু স্থানে মোবাইল নেটওয়ার্ক বিঘ্নিত হলেও সংযোগ পুনঃস্থাপনে স্থানীয় প্রশাসন ও নেতাকর্মীরা কাজ করছেন।

প্রধানমন্ত্রীর এই মুখপাত্র বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা মূলত রেসকিউ (উদ্ধার), রিলিফ (ত্রাণ) এবং রিহ্যাবিলিটেশন (পুনর্বাসন)-এই তিনটি ফেজ নিয়ে একসঙ্গে কাজ করছি। দুর্যোগের এই সময়ে সবার ঐক্যবদ্ধ হতে হবে।

মাহদী আমিন বলেন, জনগণের নির্বাচিত সরকার হিসেবে সর্বোচ্চ আন্তরিকতা ও গভীর মমত্ববোধ নিয়ে সরকার মানুষের সুরক্ষায় কাজ করে যাচ্ছে এবং এই সমন্বিত উদ্যোগের মাধ্যমে ক্ষতিগ্রস্তরা দ্রুতই স্বস্তির নিঃশ্বাস ফিরে পাবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পরীক্ষায় প্রশ্ন কমন না পড়ায় কেন্দ্রে হামলা ও ভা'ঙচুরের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

১০:০৮ পি.এম


পরীক্ষায় প্রশ্ন কমন না পড়ায় কেন্দ্রে হামলা ও ভা

ভোলার চরফ্যাশনে ঘটে যাওয়া এইচএসসি পরীক্ষায় প্রশ্ন কমন না পড়ার কারণে নকলের সুযোগ না পেয়ে একদল পরীক্ষার্থীর বিরুদ্ধে কেন্দ্রে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। পুলিশের পক্ষ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারগ্যাস নিক্ষেপ করা হয়।

শনিবার (১১ জুলাই) দুপুর দেড়টার দিকে চরফ্যাশন সরকারি মহাবিদ্যালয় কেন্দ্রে আইসিটি (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি) পরীক্ষা শেষ হওয়ার পর এই ঘটনা ঘটে। চরফ্যাশন মহিলা মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও কেন্দ্র পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিউদ্দিন বাচ্চু জানান, আইসিটি পরীক্ষায় অংশ নেওয়া ৮৮৪ জন পরীক্ষার্থী পরীক্ষা শেষে কেন্দ্র ত্যাগ করে।

পরীক্ষা শেষে বিকেল ১টা ১৫ মিনিটের দিকে প্রায় ২০০ পরীক্ষার্থী প্রধান ফটক সামনে জড়ো হয়ে ‘ভুয়া, ভুয়া’ স্লোগান দেয় এবং কলেজ প্রাঙ্গণে ডিম নিক্ষেপ করে। একপর্যায়ে তারা উত্তর-পশ্চিম পাশের দুটি গেট ভেঙে কলেজে প্রবেশ করে অধ্যক্ষের কার্যালয়ের জানালার কাচ ভাঙচুর করে, যে ঘটনায় শিক্ষক, শিক্ষিকা ও কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারগ্যাস নিক্ষেপ করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সহযোগিতায় পরীক্ষার উত্তরপত্র নিরাপদে পোস্ট অফিসে পাঠানো হয়।

চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ আল ভূইয়া বলেন, খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে।

চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজ বলেন, পরীক্ষার্থীদের দাবি ছিল প্রশ্ন খুব কঠিন হয়েছে এবং তারা শিক্ষকদের কাছ থেকে প্রত্যাশিত সহযোগিতা পায়নি। এই পরীক্ষার পরে তারা জড়ো হয়ে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি করে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বান্দরবানে ভারী বৃষ্টিতে পাহাড়ধস

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

১০:১৮ পি.এম


বান্দরবানে ভারী বৃষ্টিতে পাহাড়ধস

 

শনিবার বান্দরবানে টানা অতি ভারী বৃষ্টির কারণে বড় ধরণের কোনও পাহাড় ধসের ঘটনা ঘটেনি। তবে একইদিন সকালে, সকাল ৯টার দিকে জেলা সদরের প্রধান বাস স্টেশন থেকে এক কিলোমিটার দূরে বান্দরবান-কেরানিহাট সড়কের কসাইপাড়া এলাকায় একটি বিশাল বৃক্ষ মাটিসহ উপড়ে এসে ৩৩ কেভি বিদ্যুৎ লাইনের ওপর পড়ে যায়।

ধসে আসা মাটি রাস্তার ওপর পড়ার ফলে তাৎক্ষণিকভাবে এই সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। পরে বান্দরবান থেকে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট এসে রাস্তা থেকে মাটিটি সরিয়ে নেয়। টুকরো টুকরো করে কেটে গাছটিকে বিদ্যুৎ লাইন থেকে সরিয়ে দিলে যানবাহন চলাচল আবার স্বাভাবিক হয়ে ওঠে।

এদিকে, বৃহস্পতিবার ভোরে আজিজনগরের চান্ডি এলাকায় পাহাড়ধসে নিহত হওয়া ৫ জনের পরিবারের সঙ্গে শনিবার দেখা করেছেন বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন।

এছাড়া বান্দরবান-রুমা সড়ক এবং বান্দরবান-থানচি সড়কেও ছোট ছোট পাহাড় ধসের ঘটনা ঘটেছে। তবে সংযোগ সড়কে সেতু ডুবে যাওয়ার কারণে এসব এলাকার রাস্তা থেকে এখনো মাটি সরানো সম্ভব হয়নি।

অন্যদিকে, পাহাড়ি ঢলে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের দুধপুকুরিয়া এলাকায় একটি সেতু ধসে পড়েছে। ফলে বান্দরবান-রাঙামাটি সড়ক যোগাযোগ একেবারে বন্ধ হয়ে যায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৬
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%