সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ ইং
১২:১১ পি.এম
একাদশ শ্রেণিতে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ভর্তির জন্য দ্বিতীয় ধাপের অনলাইন আবেদনের সুযোগ আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত ৮টায় শেষ হতে যাচ্ছে। গতকাল এই আবেদন প্রক্রিয়া শুরু হয়েছিল। নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে ১ অক্টোবর রাত ৮টায়।
যারা একাদশ শ্রেণিতে ভর্তি হওয়ার জন্য পূর্বে আবেদন করেনি অথবা আবেদন করেও কোনো কলেজে নির্বাচিত হয়নি, তারা দ্বিতীয় ধাপে আবেদন করার সুযোগ পাবেন।
এছাড়া, যারা চূড়ান্ত মনোনয়ন পেয়েও কোনো কারণে নিশ্চয়ন করতে পারেননি অথবা নির্ধারিত সময়ের মধ্যে কলেজে ভর্তি হতে পারেননি, তাদের জন্যও এই সুযোগ রয়েছে।
ভুল কোটা নির্ধারণের কারণে চূড়ান্ত মনোনয়ন পাওয়ার পরেও যারা কলেজে ভর্তি হতে পারেননি, তারাও দ্বিতীয় ধাপে আবেদন করতে পারবেন।
দ্বিতীয় ধাপে আবেদন করতে শিক্ষার্থীদের শিক্ষা বোর্ডগুলোর নির্ধারিত ভর্তি ওয়েবসাইটে দেওয়া নির্দেশনা অনুসরণ করতে হবে। কলেজে বিদ্যমান আসনসংখ্যা বিবেচনা করে সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি কলেজে পছন্দ দিতে হবে।
দ্বিতীয় ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশের পর ১ অক্টোবর থেকে ৩ অক্টোবর রাত ৮টা পর্যন্ত নির্বাচন নিশ্চয়নের সুযোগ থাকবে। নির্ধারিত সময়ের মধ্যে নিশ্চয়ন না করলে ওই শিক্ষার্থীর নির্বাচন ও আবেদন বাতিল হয়ে যাবে।
পছন্দক্রম অনুযায়ী দ্বিতীয় মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে ৪ অক্টোবর রাত ৮টায়। দ্বিতীয় ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের কলেজে ভর্তি কার্যক্রম চলবে ৫ থেকে ৭ অক্টোবর পর্যন্ত।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দেশের মডেল মসজিদগুলোতে কর্মরত ইমাম, মুয়াজ্জিন, খাদিম ও নিরাপত্তা প্রহরীদের সম্মানির পরিমাণ নির্ধারণ করা হয়েছে। নতুন ‘মডেল মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা, ২০২৬’-এ এসব পদের সম্মানি ও বেতন-ভাতার কাঠামো উল্লেখ করা হয়েছে। গত ২৪ সেপ্টেম্বর ধর্মবিষয়ক মন্ত্রণালয় এ প্রজ্ঞাপন জারি করেছে। মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ এনডিসি এতে স্বাক্ষর করেছেন।
নীতিমালা অনুযায়ী, মডেল মসজিদে কর্মরত পেশ ইমামকে মাসে ২০ হাজার টাকা, মুয়াজ্জিনকে ১৫ হাজার টাকা এবং খাদিমকে ১২ হাজার টাকা সম্মানি প্রদান করা যেতে পারে। খতিব ও নিরাপত্তা প্রহরীর ক্ষেত্রে সম্মানি চুক্তিভিত্তিক নির্ধারণের কথা বলা হয়েছে।
নীতিমালায় আরও উল্লেখ করা হয়েছে, যেসব মডেল মসজিদের আর্থিক সক্ষমতা রয়েছে, সেসব মসজিদ কমিটি ‘মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা, ২০২৫’ অনুযায়ী সংশ্লিষ্ট পদে নির্ধারিত গ্রেডে বেতন-ভাতা প্রদান করতে পারবে। এ ক্ষেত্রে ইমামের বেতন গ্রেড-১০, মুয়াজ্জিনের গ্রেড-১৬ এবং খাদিমের গ্রেড-১৮ নির্ধারণ করা হয়েছে। খতিব ও নিরাপত্তা প্রহরীর পদ চুক্তিভিত্তিক থাকবে।
নীতিমালায় আরও বলা হয়েছে, খতিবসহ মডেল মসজিদে কর্মরত জনবলকে মসজিদের আমানতদার হিসেবে দায়িত্ব পালন করতে হবে। তারা কোনো রাজনৈতিক দলের কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নিতে পারবেন না। বিশ্বস্ততা, সততা, পরহেজগারি ও আন্তরিকতার সঙ্গে মসজিদের খেদমত করতে হবে। এ ছাড়া অনুমোদিত ছুটি ছাড়া কর্মস্থল ত্যাগ করা যাবে না।
এছাড়া ঈদুল-ফিতর ও ঈদুল-আজহা উদযাপনের জন্য এ নীতিমালার অনুচ্ছেদ ৭ বর্ণিত জনবলকে যেসব উৎসব অনুষ্ঠিত হবে তার অব্যবহিত আগের মাসের সম্মানির সমপরিমাণ উৎসব ভাতা প্রদান করা যাবে।
নতুন নীতিমালায় মডেল মসজিদ ভিত্তিক ধর্মীয় শিক্ষা কার্যক্রম পরিচালনা ও ব্যবস্থাপনায় সিটি, জেলা ও উপজেলা পর্যায়ে কমিটি রাখার বিধান করা হয়েছে। মসজিদে পবিত্র কুরআন শিক্ষা, বয়স্ক শিক্ষা, হিফযখানা এবং শিশুদের মক্তব শিক্ষার ব্যবস্থা করার কথা বলা হয়েছে।
মসজিদ ব্যবস্থাপনা কমিটির দায়িত্বের মধ্যে জুমার সালাত বা নামাজ, প্রাক-খুতবা ও খুতবা, পাঁচ ওয়াক্ত সালাত, ঈদুল ফিতর ও ঈদুল আজহার সালাত এবং জানাজার সালাতের আয়োজন অন্তর্ভুক্ত করা হয়েছে। রমজান মাসে তারাবিহ নামাজের জন্য হাফেজ নিয়োগ ও তাদের আবাসনের ব্যবস্থা করার কথাও বলা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহ নতুন একাডেমিক ভবন উদ্বোধন না করে অনুষ্ঠানস্থল ত্যাগ করেছেন, যখন তিনি উদ্বোধনী ফলকে নিজের নাম দেখে হতাশ হন।
শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকালে দেবিদ্বার উপজেলার রাধানগর উচ্চ বিদ্যালয়ে এই ঘটনা ঘটে। রোববার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।
স্থানীয় ও আয়োজক সূত্রে জানা যায়, রাধানগর উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবন উদ্বোধন এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।
অনুষ্ঠান শেষে নতুন ভবনের নামফলক উন্মোচনের সময় তিনি নিজের নাম খোদাই করা দেখতে পান। নামফলকে ব্যক্তির নাম ব্যবহারে আপত্তি জানিয়ে তিনি ভবনটি উদ্বোধন না করেই অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।
হাসনাত আবদুল্লাহ আয়োজকদের উদ্দেশে বলেন, "জনগণের করের টাকায় নির্মিত সরকারি বা প্রাতিষ্ঠানিক স্থাপনায় ব্যক্তি বিশেষের নাম ব্যবহারের রাজনৈতিক সংস্কৃতি তিনি সমর্থন করেন না।" তিনি মন্তব্য করেন, জনপ্রতিনিধি বা রাজনৈতিক নেতাদের আত্মপ্রচারের জন্য নামফলকে ব্যক্তির নাম ব্যবহার বন্ধ করা উচিত।
রাধানগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবু সাঈদ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন। তিনি জানান, সংসদ সদস্যের নির্দেশনা অনুযায়ী দ্রুত নামফলকটি পরিবর্তন করে পুনঃস্থাপন করা হবে।
হাসনাত আবদুল্লাহ এ বিষয়ে জানান, তিনি নতুন বাংলাদেশে প্রথাগত রাজনৈতিক ব্যক্তিপূজা বা আত্মপ্রচারের সংস্কৃতি দেখতে চান না। জনগণের অর্থে উন্নয়নকাজ বাস্তবায়িত হয়, তাই নামফলকে ব্যক্তির নামের পরিবর্তে দেশের নাম কিংবা প্রতিষ্ঠানের ঐতিহাসিক তথ্য থাকা উচিত।
তিনি আরও জানান, ভবিষ্যতে তার নির্বাচনি এলাকার কোনো উন্নয়নমূলক কাজের নামফলকে তার নাম ব্যবহার না করার জন্য স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্টদের নির্দেশনা দেয়া হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ফেরি সার্ভিস চালুর পর ভারী যানবাহনের চলাচল বেড়ে গেছে, তবে প্রায় ১০ কিলোমিটার সড়ক এখনো অপ্রশস্ত রয়েছে।
চট্টগ্রাম থেকে ১৪ টন রড বোঝাই করে সন্দ্বীপে আসার পথে একটি ট্রাক সড়কের পাশের ড্রেনে পড়ে উল্টে গেছে। এই ঘটনায় বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
রোববার (২৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১টার দিকে উপজেলার মালেক মুন্সি বাজার থেকে পশ্চিম সাইদ সেরাং মসজিদ সংলগ্ন এলাকায় দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনাকবলিত ট্রাকটির নম্বর ঢাকা মেট্রো-১৬-৬৯৯৮। এটি দেওয়ানহাট ট্রাক মালিক সমিতির একটি ট্রাক বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীদের মতে, ট্রাকটি রড বোঝাই করে যাওয়ার সময় একটি গাড়িকে ওভারটেক করার চেষ্টা করলে সড়কের পাশের ড্রেনে পড়ে উল্টে যায়। এ সময় স্থানীয় লোকজন ঘটনাস্থলে জড়ো হন। ট্রাকটি উল্টে গেলেও বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।
স্থানীয়দের অভিযোগ, সন্দ্বীপের প্রধান সড়ক গুপ্তছড়া সড়কের বড় একটি অংশ এখনো মাত্র ১২ ফুট প্রশস্ত রয়েছে। ২০২৫ সালের আগে এই সড়কে মূলত কৃষিকাজে ব্যবহৃত ট্রাক্টর, ট্রলি, গরুর গাড়ি ও ভ্যানের মাধ্যমে পণ্য পরিবহন হতো। যাত্রীদের চলাচল ছিল রিকশা, টেম্পু ও মাইক্রোবাসে।
২০২৫ সালের ২৪ ফেব্রুয়ারি সন্দ্বীপ-চট্টগ্রাম নৌরুটে ফেরি সার্ভিস চালু হওয়ার পর সড়কটিতে বড় ট্রাক, বাস, হাইস, পিকআপসহ বিভিন্ন ভারী যানবাহনের চলাচল বেড়ে যায়। ফলে অপ্রশস্ত সড়কে যানবাহন চলাচল ও পরস্পরকে অতিক্রম করার সময় দুর্ঘটনার ঝুঁকিও বেড়েছে বলে স্থানীয়রা জানান।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০২৫ সালে প্রায় ২৮ কোটি টাকা ব্যয়ে সড়কটির উন্নয়নকাজের টেন্ডার হয়। তবে ১৮ ফুট প্রশস্ত করার কাজ মূলত বাজারসংলগ্ন অংশে করা হয়েছে। প্রায় ১০ কিলোমিটার সড়কের বাকি অংশ এখনো ১২ ফুট প্রশস্ত রয়েছে।
এদিকে সড়কের দুই পাশে বিভিন্ন দোকানের সামনে থাকা ড্রেনগুলোও দুর্ঘটনার অন্যতম কারণ হয়ে উঠেছে বলে অভিযোগ স্থানীয়দের। অনেক স্থানে ড্রেন ও সড়কের মধ্যকার পার্থক্য স্পষ্টভাবে বোঝা যায় না। কোথাও ড্রেনের ওপর যথাযথ ঢাকনা বা নিরাপত্তাব্যবস্থা না থাকায় বড় যানবাহনের চালকেরা বিশেষ করে সন্ধ্যা ও রাতে ঝুঁকিতে পড়ছেন।
স্থানীয় বাসিন্দারা বলেন, ফেরি সার্ভিস চালুর পর সন্দ্বীপের সড়কে ভারী যানবাহনের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। কিন্তু যানবাহনের চাপের সঙ্গে সামঞ্জস্য রেখে পুরো সড়কটি প্রশস্ত করা হয়নি। একই সঙ্গে সড়কের পাশের ড্রেনগুলো নিরাপদ ও দৃশ্যমান করা না হলে এ ধরনের দুর্ঘটনা আরও ঘটতে পারে।
তাদের দাবি, গুপ্তছড়া সড়কের অবশিষ্ট ১০ কিলোমিটার অংশ দ্রুত প্রশস্ত করার পাশাপাশি সড়কের দুই পাশের ড্রেনগুলো সংস্কার, ঢাকনা স্থাপন ও প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করা হোক।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মালয়েশিয়ার বিরুদ্ধে ৩–০ গোলে পরাজয়ের পর বাংলাদেশ দলের জন্য প্রতিটি ম্যাচ হয়ে উঠেছে বাঁচা-মরার লড়াই। আজ তারা সিঙ্গাপুরের বিরুদ্ধে মাঠে নামছে। এই ম্যাচে দলের জন্য জয় অর্জন করা অপরিহার্য। কোচ থমাস ডুলি এই ম্যাচে একাদশে ৪টি পরিবর্তন আনতে পারেন।
প্রথম ম্যাচে সেন্টারব্যাকে শাকিল আহাদ তপুর একাধিক ভুলের কারণে বাংলাদেশ গোল হজম করেছিল। আজ তাকে শুরুর একাদশে না দেখা যেতে পারে। তার পরিবর্তে জিদান ইউসুফকে খেলানোর সম্ভাবনা রয়েছে। জিদান আগের ম্যাচে অভিষেকেই ভালো পারফর্ম করেছেন এবং মাঠে আসার পর বাংলাদেশ একটিও গোল হজম করেনি।
আক্রমণভাগেও পরিবর্তন আসতে পারে। ফাহামেদুল ইসলাম আগের ম্যাচে খুবই ম্লান ছিলেন। তার জায়গায় শুকি ইতোফুসাইকে একাদশে দেখা যেতে পারে, তবে তিনি উইংয়ে খেলবেন। মূল স্ট্রাইকার হিসেবে ফারহান আলী ওয়াহিদ মাঠে নামতে পারেন।
এদিকে, শেখ মোরছালিন যিনি মালয়েশিয়ার বিপক্ষে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন, আজ শুরু থেকেই খেলতে পারেন। এর ফলে শমিত সোমকে বেঞ্চে বসানো হতে পারে। সোহেল রানা দলে থাকবেন, এটি মোটামুটি নিশ্চিত।
মেহেদী হাসান শ্রাবণ আগের দিন গোলরক্ষণের ক্ষেত্রে সন্তোষজনক পারফর্ম করতে পারেননি। তাই আজ তিনি জায়গা হারাতে পারেন এবং মিতুল মারমা দলে ফিরতে পারেন।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ—
মিতুল মারমা;
সাদ উদ্দিন, তারিক কাজী, জিদান ইউসুফ, জায়ান আহমেদ;
সোহেল রানা (অধিনায়ক), হামজা চৌধুরী;
রাকিব হোসেন, শেখ মোরছালিন, শুকি ইতোফুসাই;
ফারহান আলী ওয়াহিদ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ