ঢাকা রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ইং ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

চরফ্যাশনে জেলেদের চাল নিয়ে উত্তেজনা, প্রশাসনিক কর্মকর্তাকে মারধরের চেষ্টা


চরফ্যাশনে জেলেদের চাল নিয়ে উত্তেজনা, প্রশাসনিক কর্মকর্তাকে মারধরের চেষ্টা

ভোলার চরফ্যাশন উপজেলার ৩নং চরমাদ্রাজ ইউনিয়ন পরিষদে জেলেদের চালের স্লিপ ও তালিকা নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়েছে। ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. অহিদুর রহমানকে হেনস্তা ও মারধরের চেষ্টার অভিযোগও উঠেছে। গত শনিবার দুপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এই ঘটনা ঘটে। একপক্ষ মারধরের চেষ্টা, মোবাইল ফোন ছুড়ে ফেলা ও হুমকির অভিযোগ তুলেছে, অন্যদিকে অভিযুক্তরা প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও অসহযোগিতার পাল্টা অভিযোগ করেছেন।

ভুক্তভোগী প্রশাসনিক কর্মকর্তা অহিদুর রহমান দাবি করেছেন, সরকারি বিশেষ কার্যক্রম ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের সুবিধার্থে জন্মনিবন্ধন ও জেলেদের তালিকা সংক্রান্ত কাজের জন্য ছুটির দিনেও ইউনিয়ন বিএনপির সভাপতি ডা. রফিকুল ইসলাম সিরাজ এবং সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান ফখরুদ্দিন শাহিন মালতিয়ার অনুরোধে তিনি কার্যালয়ে যান। কাজ চলাকালে সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থী তারেক আজিজ পাটোয়ারী এবং আরেক সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হেমায়েত উদ্দিন তুহিন শিকদারের ভাই মো. আল আমিনসহ ১০-১৫ জন কার্যালয়ে প্রবেশ করে জেলেদের চালের স্লিপ নিজেদের কাছে হস্তান্তরের দাবি জানান।

অহিদুর রহমান বলেন, "জেলেদের চালের তালিকা ও স্লিপ বিতরণসংক্রান্ত বিষয়টি সংশ্লিষ্ট রাজনৈতিক নেতৃবৃন্দের মাধ্যমে সম্পন্ন হয়েছে—এ বিষয়ে আমি কিছু জানেন না এবং সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করতে বলি।"

আরও পড়ুন: চট্টগ্রাম রেঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ৭১১ জন গ্রেফতার

তার অভিযোগ, এই কথার পর তারেক আজিজ পাটোয়ারী ও আল আমিন সিকদারের সঙ্গে তার উত্তপ্ত বাক্যবিনিময় শুরু হয়। একপর্যায়ে তারেক আজিজ পানির বোতল হাতে নিয়ে মারধরের উদ্দেশ্যে তেড়ে যান এবং আল আমিন সিকদারও মারধরের চেষ্টা করেন। এ সময় জাকির মিয়াজি নামে এক ব্যক্তি তার হাতে থাকা অ্যান্ড্রয়েড মোবাইল ফোন কেড়ে নিয়ে ছুড়ে ফেলে দেন। পাশাপাশি দাবি অনুযায়ী স্লিপ না দিলে পরদিন চাল বিতরণের সময় ফাঁসিয়ে দেওয়া এবং অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার হুমকি দেওয়া হয় বলেও তিনি অভিযোগ করেন। ঘটনার পর তিনি মানসিকভাবে ভেঙে পড়লে উপস্থিত কয়েকজন তাকে সান্ত্বনা দেন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি জানানোর পরামর্শ দেন।

তবে মারধর, মোবাইল ফোন ছুড়ে ফেলা ও হুমকির অভিযোগ অস্বীকার করে পাল্টা বক্তব্য দিয়েছেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী তারেক আজিজ পাটোয়ারী। তিনি বলেন, "তাকে ফোন দিলে ফোন ধরে না এবং বিভিন্ন পোলাপান নিয়ে ইউনিয়ন পরিষদে সে আড্ডা দেয়। এর আগের বার তিনবারের ভিতরে দুইবার চাল বিতরণ করেছে, আরেকবার এটা কী করছে—আমরা কিছুই জানি না। সে প্রতিনিয়ত অনিয়ম করে চলছে, কতজনের চাল এসেছে একেক রকম তথ্য দিচ্ছে। এজন্য তার সাথে আমার উত্তপ্ত বাক্যবিনিময় হয়েছে। আমি সেখান থেকে চলে আসি।"

অভিযোগের বিষয়ে ক্ষুদ্র মৎস্য জেলে সমিতির প্রতিনিধি হিসেবে পরিচয় দিয়ে আল আমিন সিকদার বলেন, "ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা বিভিন্ন অনিয়মের সাথে জড়িত, নির্দিষ্ট সময়ও অফিস করে না; এতে জনগণ নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হয়। জেলেদের কার্ড বিতরণের ব্যাপারে আমরা তার সাথে আলোচনা করতে গেলে আমাদের সাথে তার উত্তপ্ত বাক্যবিনিময় হয়েছে, আর কিছু নয়।"

সার্বিক বিষয়ে চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ বলেন, "মাদ্রাজ ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা অহিদুর রহমান বিষয়টি আমাকে জানিয়েছেন। এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। চাল তো ওই এলাকার জেলেরাই পাবে, সচিব তো নিজের বাড়িতে নেবে না।"

আরও পড়ুন: রংপুরে ‘শহীদ আবু সাঈদ মেমোরিয়াল হাসপাতাল’ এর কার্যক্রম শুরু

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হবিগঞ্জে ৩৫৫ কোটি টাকার সড়ক প্রশস্তকরণ কাজ সোমবার শুরু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:১৩ পি.এম


হবিগঞ্জে ৩৫৫ কোটি টাকার সড়ক প্রশস্তকরণ কাজ সোমবার শুরু

হবিগঞ্জ, ২২ নভেম্বর, ২০২৬ : হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও হুইপ আলহাজ জিকে গউছ মন্তব্য করেছেন যে, হবিগঞ্জের প্রশাসন সম্পূর্ণ রাজনৈতিক চাপমুক্তভাবে কাজ করে যাচ্ছে।

তিনি উল্লেখ করেন, "দুর্নীতি ও স্বজনপ্রীতি কোনো বিএনপির কর্মী করতে পারবে না। সম্পূর্ণ লোভ-লালসার ঊর্র্ধ্বে উঠে কাজ করতে হবে।"

গউছ বলেন, হবিগঞ্জ-লাখাই সড়কের রাস্তার কাজ চলমান রয়েছে এবং রাস্তা তার গতিতে চলবে। হবিগঞ্জের কোনো জায়গায় চাঁদাবাজির ঘটনা ঘটছে, কেউ এর প্রমাণ দিতে পারবে না।

আজ রোববার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে হবিগঞ্জের নাসিরনগর সরাইল-লাখাই সড়কের প্রশস্তকরণ কাজের অগ্রগতি নিয়ে অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক মো. জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার তারেক মাহমুদ এবং হবিগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী পার্থ সরকার।

উল্লেখ্য, সরাইল নাসিরনগর-লাখাই সড়কের হবিগঞ্জের অংশে প্রায় ৩৫৫ কোটি টাকার সড়ক প্রশস্তকরণের কাজ আগামীকাল সোমবার থেকে শুরু হতে যাচ্ছে।

এই উন্নয়ন কাজ আগামী ২০২৮ সালের জুন মাসে শেষ হবে। কাজটি সম্পন্ন হলে হবিগঞ্জের মানুষ দ্রুত সময়ের মধ্যে ঢাকার সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হবে এবং ব্যবসা-বাণিজ্যে বৈপ্লবিক পরিবর্তন আসবে বলে সভায় জানানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাঁঠালিয়ায় দুটি জনগুরুত্বপূর্ণ ব্রিজ নির্মাণের দাবিতে প্রধান প্রকৌশলীর বরাবর আবেদন

আন্তর্জাতিক ডেস্ক

ঝালকাঠী প্রতিনিধি

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:১৪ পি.এম


কাঁঠালিয়ায় দুটি জনগুরুত্বপূর্ণ ব্রিজ নির্মাণের দাবিতে প্রধান প্রকৌশলীর বরাবর আবেদন

ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলার ১নং চেঁচরীরামপুর ইউনিয়নের দুটি গুরুত্বপূর্ণ স্থানে ব্রিজ নির্মাণের দাবিতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান প্রকৌশলীর বরাবর লিখিত আবেদন করা হয়েছে।

রোববার (২২ নভেম্বর, ২০২৬) দৈনিক সরেজমিন বার্তা ও এশিয়ান টিভির সাংবাদিক মোঃ রাজিব তালুকদার জনস্বার্থে এই আবেদনপত্রটি জমা দেন।

আবেদনপত্রে উল্লেখ করা হয়, চেঁচরীরামপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মহিষকান্দি সরোয়ারের ইট-বালির গোলার সামনে থেকে ধোপার খালের ওপর এবং ৮নং ওয়ার্ডের খেজুরতলা বাজারের এপার-ওপার সংযোগের জন্য দুটি ব্রিজ নির্মাণ করা অত্যন্ত জরুরি। দীর্ঘদিন ধরে এই দুটি খালের ওপর ব্রিজ না থাকায় সাধারণ মানুষ ও স্কুলপড়ুয়া ছাত্রছাত্রীদের যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

জনদুর্ভোগ লাঘবে অনতিবিলম্বে ব্রিজ দুটি নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রধান প্রকৌশলীর দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। আবেদনপত্রের অনুলিপি এলজিইডি’র ঝালকাঠি নির্বাহী প্রকৌশলী ও কাঁঠালিয়া উপজেলা প্রকৌশলীর দপ্তরেও পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

উচ্ছেদ সত্ত্বেও কর্ণফুলীর দুই তীরে আড়াই হাজারের বেশি অবৈধ স্থাপনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:১৫ পি.এম


উচ্ছেদ সত্ত্বেও কর্ণফুলীর দুই তীরে আড়াই হাজারের বেশি অবৈধ স্থাপনা

॥ জিগারুল ইসলাম ॥

চট্টগ্রাম, ২২ নভেম্বর, ২০২৬ : কর্ণফুলী নদীর মোহনা থেকে কালুরঘাট পর্যন্ত দুই তীরে প্রায় ১০ কিলোমিটার এলাকা জুড়ে গড়ে উঠেছে অসংখ্য অবৈধ স্থাপনা। অতীতে একাধিকবার উচ্ছেদ অভিযান পরিচালিত হলেও, নজরদারির অভাবে জমি পুনর্দখল হওয়ায় নদীটি এখনও দখলমুক্ত হয়নি।

সরকারি বিভিন্ন জরিপে দুই থেকে আড়াই হাজার অবৈধ স্থাপনার তথ্য পাওয়া গেলেও, সংশ্লিষ্টদের ধারণা, বাস্তবে এই সংখ্যা আরও বেশি।

পরিবেশবাদী ও নদী রক্ষা আন্দোলনের সংগঠনগুলোর তথ্যমতে, বর্তমানে কর্ণফুলী নদীর উত্তর তীরে প্রায় দুই হাজার এবং দক্ষিণ তীরে পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা রয়েছে। তবে সাম্প্রতিক কোনো পূর্ণাঙ্গ সরকারি জরিপ না হওয়ায় নদীর দুই তীরে ঠিক কতটি অবৈধ স্থাপনা রয়েছে, তার নির্ভরযোগ্য কোনো সরকারি হিসাব নেই।

মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি)’র জনস্বার্থে করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে ২০২৩ সালের ১৪ নভেম্বর হাইকোর্ট একটি আদেশ প্রদান করে। ওই আদেশে নদীর দক্ষিণ ও পূর্ব পাশের সীমানা নির্ধারণ করে অবৈধ দখলদারদের তালিকা ও পূর্ণাঙ্গ জরিপ প্রতিবেদন দাখিল করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তিন মাস সময় দেওয়া হয়েছিল। একই সঙ্গে জরিপের ভিত্তিতে নদী রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেন আদালত। কিন্তু প্রায় তিন বছরেও সেই নির্দেশনা বাস্তবায়িত না হওয়ায় নতুন করে আদালতের হস্তক্ষেপের প্রয়োজন দেখা দেয়।

এইচআরপিবি’র আবেদনের শুনানি শেষে গত ৮ নভেম্বর বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমেদ ভূঁইয়ার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ প্রতিবেদন দাখিলের জন্য নতুন করে দুই সপ্তাহ সময় দেন।

শুনানিতে এইচআরপিবি’র পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ আদালতকে জানান, ২০২৩ সালের নির্দেশের পরও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জরিপ প্রতিবেদন জমা দিতে পারেনি। ফলে নদীর দখল ও দূষণ অব্যাহত রয়েছে এবং চট্টগ্রামের বাসিন্দারা এর বিরূপ প্রভাবের শিকার হচ্ছেন। মামলাটিতে পরিকল্পনা, নৌপরিবহন, পরিবেশ ও পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব, চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান ও জেলা প্রশাসকসহ মোট ১৯ জনকে বিবাদী করা হয়েছে।

কর্ণফুলীর পাড় থেকে অবৈধ দখল উচ্ছেদের বিষয়টি নতুন নয়। প্রায় দেড় দশক ধরে আদালত, প্রশাসন ও পরিবেশবাদী সংগঠনগুলো এ নিয়ে কাজ করছে। ২০১০ সালে কর্ণফুলী রক্ষায় এইচআরপিবি হাইকোর্টে রিট করে। এর পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম জেলা প্রশাসন অবৈধ স্থাপনা চিহ্নিত করে তালিকা তৈরি শুরু করে।

২০১৫ সালে জেলা প্রশাসন আদালতে ২ হাজার ১২২টি অবৈধ স্থাপনার তালিকা জমা দেয়; যদিও প্রশাসনের অন্য একটি তালিকায় ২ হাজার ১৮৭টি স্থাপনার উল্লেখ ছিল। ২০১৬ সালে হাইকোর্ট এসব স্থাপনা উচ্ছেদের নির্দেশ দেন।

২০১৫ সালের তালিকা, ২০১৬ সালের আদালতের নির্দেশ, ২০১৯ সালের উচ্ছেদ অভিযান এবং ২০২৩ সালের নতুন জরিপের নির্দেশনার পরও নদীর দখল পরিস্থিতির উন্নতি নিয়ে প্রশ্ন রয়ে গেছে। সর্বশেষ ২০২৬ সালের ৮ নভেম্বর হাইকোর্টের নতুন নির্দেশের পর বিষয়টি আবারও সামনে এসেছে।

২০১৯ সালের ফেব্রুয়ারিতে নদীর সদরঘাট থেকে বারিক বিল্ডিং পর্যন্ত উচ্ছেদ অভিযান শুরু করে জেলা প্রশাসন। বারিক বিল্ডিং থেকে পতেঙ্গা পর্যন্ত অংশে উচ্ছেদ কার্যক্রম পরিচালনার দায়িত্বে ছিল চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।

দুই সংস্থার অভিযানে প্রায় এক হাজার অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। তবে এরপর অভিযান বন্ধ হয়ে যায়। ফলে অবশিষ্ট স্থাপনা অপসারণ এবং উচ্ছেদ করা জায়গা পুনরায় দখলমুক্ত রাখার উদ্যোগ যথাযথভাবে এগোয়নি বলে অভিযোগ রয়েছে।

এছাড়া জাতীয় নদী রক্ষা কমিশনের এক জরিপে কর্ণফুলীর দুই তীরে ২ হাজার ৪৯২টি অবৈধ স্থাপনা চিহ্নিত করা হয়েছিল। এর মধ্যে টিনশেড ঘর, পাকা ও আধাপাকা স্থাপনা, ডকইয়ার্ড, করাতকল, জেটি, শিল্পকারখানা, ইটভাটা, কয়লার ডিপো ও পোলট্রি খামারসহ নানা ধরনের স্থাপনা রয়েছে। অন্যদিকে চট্টগ্রাম নদী ও খাল রক্ষা আন্দোলনের সাম্প্রতিক হিসাব অনুযায়ী, উত্তর তীরে প্রায় দুই হাজার ও দক্ষিণ তীরে পাঁচ শতাধিকসহ মোট অবৈধ স্থাপনার সংখ্যা প্রায় আড়াই হাজার।

কর্ণফুলীর প্রাণবৈচিত্র্য রক্ষায় দীর্ঘদিন ধরে আন্দোলনরত চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সাবেক উপাচার্য মুহাম্মদ মোজাম্মেল হক বাসস’কে বলেন, ‘নদীর দুই পাশে ক্ষমতাধর ব্যক্তি ও কিছু দুষ্টচক্র অবৈধভাবে জায়গা দখল করে রেখেছে। বিগত সরকারের আমলে জেলা প্রশাসনের গাফিলতি ও সদিচ্ছার অভাবে সব অবৈধ স্থাপনা উচ্ছেদ হয়নি। নদী বাঁচাতে এখন জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নাগরিকদের নিয়ে সমন্বিত উদ্যোগ নিতে হবে।’

পরিবেশ আন্দোলন সংগঠন পিপলস ভয়েসের সভাপতি শরীফ চৌহান বলেন, ‘দেশ ও চট্টগ্রামের স্বার্থে কর্ণফুলীর দখল-দূষণ বন্ধে প্রশাসনকে এখনই পদক্ষেপ নিতে হবে। চিহ্নিত অবৈধ স্থাপনাগুলো দ্রুত উচ্ছেদ করে নদীর প্রশস্ততা ও নাব্যতা বাড়াতে হবে এবং দখলদারদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে হবে।’

পরিবেশবিদ অধ্যাপক ড. মোহাম্মদ ইদ্রিস আলী বলেন, ‘জাতীয় নদী রক্ষা কমিশনের তালিকাভুক্ত দেশের ৫৭ হাজার ৩৯০ জন নদী দখলদারের মধ্যে মাত্র ৩২ শতাংশকে উচ্ছেদ করা সম্ভব হয়েছে। কর্ণফুলীকে সম্পূর্ণ বিপর্যয়ের হাত থেকে বাঁচাতে লোকদেখানো ও অকার্যকর উচ্ছেদ অভিযান বন্ধ করে কাঙ্ক্ষিত ফল না আসা পর্যন্ত কঠোর ও আইনসম্মত পদক্ষেপ অব্যাহত রাখতে হবে। রাজনৈতিক পরিচয় বা প্রভাব বিবেচনা না করে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পুনরায় অভিযান জোরদার করতে হবে।’

চট্টগ্রামের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা বাসস’কে বলেন, ‘কর্ণফুলী চট্টগ্রামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আদালতের নির্দেশনা অনুযায়ীই আমরা পরবর্তী ব্যবস্থা নেব। ইতোমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে নদীর মোহনা থেকে কালুরঘাট পর্যন্ত ১০ কিলোমিটার এলাকার দুই তীরে ‘আরএস’ এবং ‘বিএস’ জরিপ অনুসরণ করে সীমানা নির্ধারণ করা হয়েছে। এতে নগরীর ভেতরে নদীর দুই তীরে প্রায় আড়াই হাজার অবৈধ স্থাপনা চিহ্নিত হয়েছে।’

তিনি জানান, নগরীর লালদিয়ার চর, শাহ আমানত সেতু সংলগ্ন চাক্তাই ও সদরঘাট এলাকায় অবৈধ স্থাপনা সবচেয়ে বেশি।

জেলা প্রশাসক আরও বলেন, হাইকোর্টের গত ৮ নভেম্বরের আদেশের পরিপ্রেক্ষিতে দখলদারদের তালিকা নতুনভাবে যাচাই-বাছাই করে আদালতে পাঠানোর জন্য সময় চাওয়া হবে এবং অবৈধ দখলদারদের উচ্ছেদে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নদী বিশেষজ্ঞ ও পরিবেশবাদীদের দাবি, কর্ণফুলীকে স্থায়ীভাবে দখলমুক্ত করতে শুধু উচ্ছেদ অভিযান চালালেই চলবে না; বরং প্রথমে সিএস, আরএস ও অন্যান্য প্রাসঙ্গিক রেকর্ড যাচাই করে নদীর প্রকৃত সীমানা নির্ধারণ করতে হবে। এরপর ডিজিটাল ম্যাপিংয়ের মাধ্যমে নদীর উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম- সব তীরের অবৈধ স্থাপনা চিহ্নিত করে স্থাপনার ধরন, আয়তন, দখলদার ও মালিকানাসংক্রান্ত তথ্যসহ একটি সমন্বিত তালিকা প্রকাশ করতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বার্লিনে গাজায় ইসরাইলি হামলার প্রতিবাদে বিক্ষোভ, তিনজন আটক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:১৫ পি.এম


বার্লিনে গাজায় ইসরাইলি হামলার প্রতিবাদে বিক্ষোভ, তিনজন আটক

জার্মানির রাজধানী বার্লিনে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইলি হামলার প্রতিবাদে শত শত মানুষ বিক্ষোভে অংশ নিয়েছেন। শনিবার অনুষ্ঠিত এই বিক্ষোভে অংশগ্রহণকারীরা ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।

তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে।

বার্লিনের ইউনাইটেড প্যালেস্টিনিয়ান ন্যাশনাল কমিটি ‘সংহতি কোনো অপরাধ নয়—ফিলিস্তিনকে মুক্ত করো’ স্লোগান দিয়ে এই বিক্ষোভের আয়োজন করে। শহরের ইনসব্রুকার প্লাৎজ মেট্রো স্টেশনের কাছে সমাবেশের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়।

পরে বিক্ষোভকারীরা ফিলিস্তিনের পতাকা হাতে নিয়ে শহরের কেন্দ্রস্থলের দিকে মিছিল করেন। তাদের হাতে থাকা ব্যানারে লেখা ছিল, ‘গণহত্যা বন্ধ করো’, ‘একটি গণহত্যা অন্য গণহত্যাকে বৈধতা দেয় না’, ‘বয়কট’ ও ‘ফিলিস্তিনকে মুক্ত করো’ ইত্যাদি।

বিক্ষোভের সময় গাজার উত্তরাঞ্চলের কামাল আদওয়ান হাসপাতালের পরিচালক ফিলিস্তিনি চিকিৎসক হুসাম আবু সাফিয়ার মুক্তির দাবিও জানানো হয়। ২০২৪ সালে ইসরাইলি বাহিনী তাকে আটক করে এবং এরপর থেকে কোনো আনুষ্ঠানিক অভিযোগ বা বিচার ছাড়াই তিনি বন্দী রয়েছেন।

এছাড়া, ইসরাইলকে জার্মানির সমর্থন দেওয়ার বিষয়টিও বিক্ষোভকারীদের সমালোচনার কেন্দ্রবিন্দু ছিল। তারা ‘ইসরাইল বোমা হামলা চালায়, জার্মানি সমর্থন দেয়’, ‘আমরা বিচার চাই’ এবং ‘আমরা সবাই ফিলিস্তিনি’ সহ বিভিন্ন স্লোগান দেন।

বিক্ষোভের আশেপাশে ব্যাপক পুলিশ মোতায়েন ছিল এবং এ সময় তিনজনকে আটক করেছে পুলিশ।

সূত্র: মিডল ইস্ট মিনটর

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%