শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ ইং
১০:৪৪ এম
তেজাবি স্বর্ণের মূল্য বেড়ে যাওয়ার প্রভাব পড়েছে দেশের স্বর্ণের বাজারে। সবশেষে স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৬৯১ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এতে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ হয়েছে ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় সর্বসম্মতিক্রমে নতুন দাম নির্ধারণ করা হয়। সেদিন সকাল ১০টা থেকেই নতুন দাম কার্যকর হয়েছে। আজ শুক্রবার (২৫ সেপ্টেম্বর) নির্ধারিত ওই দামেই বিক্রি হবে স্বর্ণ।
নতুন দরের হিসাবে, প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের হলমার্ক করা স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৪ হাজার ৬৫ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম ১ লাখ ৯২ হাজার ৩৯৭ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরির দাম ১ লাখ ৫৭ হাজার ১৭২ টাকা।
বাজুস জানিয়েছে, তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
বাজুস জানিয়েছে, অলংকারের ডিজাইন অনুযায়ী, মজুরি প্রযোজ্য হবে। তবে স্বর্ণ ও রুপার অলংকারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।
বাজুস আরও জানিয়েছে, পুরোনো অলংকার এক্সচেঞ্জের ক্ষেত্রে মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে ১২ শতাংশ এবং পুরোনো অলংকার পারচেজের ক্ষেত্রে ১৮ শতাংশ বাদ দিতে হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ইরানের সম্ভাব্য হামলার বিষয়ে গোয়েন্দা সতর্কতা ছিল, কিন্তু কুয়েতে অবস্থানরত মার্কিন সেনাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার পরিকল্পনা ইউনিটের কমান্ডার নাকচ করে দেন। এর কিছুদিন পর কুয়েতের ওই বন্দরে ইরানি ড্রোন হামলা ঘটে। এই হামলায় কয়েক ডজন মার্কিন সেনা আক্রান্ত হন।
মার্কিন গণমাধ্যম সিবিএস নিউজ জানিয়েছে, ‘অপারেশন এপিক ফিউরি’ শুরু হওয়ার প্রায় এক সপ্তাহ আগে কুয়েতে থাকা অধিকাংশ মার্কিন সেনা ও বিমানবাহিনীর সদস্যকে জর্ডান ও সৌদি আরবে সরিয়ে নেওয়া হয়। ফলে তারা ইরানের ক্ষেপণাস্ত্রের পাল্লা থেকে তুলনামূলকভাবে নিরাপদ অবস্থানে চলে যান।
তবে কুয়েতে অবস্থিত ১০৩তম সাসটেইনমেন্ট কমান্ডের জন্য আরও নিরাপদ অবস্থান গ্রহণের জন্য অন্তত দুটি পরিকল্পনা তৈরি করা হয়েছিল। একটি পরিকল্পনা ছিল সৌদি আরবের বন্দরনগরী ইয়ানবুরের কাছে লজিস্টিক্যাল সাপোর্ট এরিয়া জেনকিনস এবং অন্যটি ছিল রিয়াদের দক্ষিণ-পূর্বে অবস্থিত প্রিন্স সুলতান এয়ার বেস।
একাধিক সূত্রের বরাতে সিবিএস নিউজ জানায়, এসব পরিকল্পনা ইউনিটের নেতৃত্বের কাছে উপস্থাপন করা হলেও কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ক্লিন্ট বার্নস সেগুলো অনুমোদন করেননি।
এর পরিবর্তে পূর্ববর্তী ইউনিটের অনুসরণ করা কৌশল গ্রহণ করা হয়। গত জুলাইয়ে ইসরাইল-ইরান ১২ দিনের যুদ্ধের সময় কুয়েতের ক্যাম্প আরিফজান থেকে মার্কিন সেনাদের সাময়িকভাবে শুয়াইবা বন্দরে সরিয়ে নেওয়া হয়েছিল।
তবে ওই সময়ের পরিস্থিতি বর্তমান পরিস্থিতির সঙ্গে তুলনীয় ছিল না বলে মন্তব্য করেছেন এক মার্কিন সেনাসদস্য। তিনি জানান, তখন ইরান ও ইসরাইলের মধ্যে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চললেও মার্কিন সেনাদের মূল আশঙ্কা ছিল বাধাপ্রাপ্ত কোনো ক্ষেপণাস্ত্র বা ড্রোন আকাশ থেকে তাদের ওপর পড়ে যাওয়া।
সিবিএস নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, প্রাণঘাতী হামলার আগে কুয়েতের ওই অবস্থান সম্পর্কে সম্ভাব্য হামলার সতর্কতা গোয়েন্দা তথ্যের মাধ্যমে পাওয়া গিয়েছিল। কিন্তু কেন ওই কমান্ডার নিজের সিদ্ধান্তে অটল ছিলেন, তা জানা যায়নি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
আগামী বছরের ৩১ জানুয়ারির মধ্যে দেশের সব উপজেলার প্রতিটি ইউনিয়নের হাট ও বাজারে আবশ্যিকভাবে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের নির্দেশনা প্রদান করেছে সরকার।
স্থানীয় সরকার বিভাগ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দেশের সব উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের উদ্দেশ্যে এই নির্দেশনা সম্বলিত চিঠি পাঠিয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, প্রতিটি হাট ও বাজারের স্থায়ী শেড এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) দ্বারা নির্মিত চার-পাঁচতলা ভবনের ছাদের আয়তন অনুযায়ী সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করতে হবে। উৎপাদিত বিদ্যুৎ নিজেদের চাহিদা পূরণের পর উদ্বৃত্ত জাতীয় গ্রিডে সরবরাহের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
এছাড়া, টেকসই জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সরকার নবায়নযোগ্য জ্বালানির প্রসারের জন্য ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে। এর অংশ হিসেবে স্থানীয় সরকার বিভাগের আওতাধীন দপ্তর, সংস্থা ও প্রতিষ্ঠানগুলোর স্থানীয়, জেলা ও উপজেলা পর্যায়ের বিদ্যমান দাপ্তরিক মূল ভবন ও আওতাধীন ভবনগুলোতে ব্যাটারিসহ ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের নির্দেশনা দেওয়া হয়েছে।
চিঠিতে আরও বলা হয়েছে, এসব ব্যবস্থায় ন্যূনতম দুই ঘণ্টার ব্যাটারি ব্যাকআপ নিশ্চিত করতে হবে। ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিজস্ব চাহিদা পূরণের পর উদ্বৃত্ত বিদ্যুৎ নেট মিটারিং পদ্ধতিতে জাতীয় গ্রিডে সরবরাহ করতে হবে। স্থানীয় সরকার বিভাগ জানায়, ‘নেট মিটারিং নির্দেশিকা, ২০২৫’ অনুযায়ী জাতীয় গ্রিডে সরবরাহ করা বিদ্যুতের প্রতি ইউনিটের বিপরীতে ১০ টাকা ৫০ পয়সা পাওয়া যাবে, যা সংশ্লিষ্ট স্থানীয় সরকার প্রতিষ্ঠানের রাজস্ব আয় বৃদ্ধিতে সহায়ক হবে।
‘হাট ও বাজার (স্থাপন ও ব্যবস্থাপনা) বিধিমালা, ২০২৫’ এর বিধি ১০-এর (ঙ) ও (চ) অনুযায়ী, হাট ও বাজার থেকে প্রাপ্ত ইজারার আয়ের ১০ শতাংশ সংশ্লিষ্ট হাট ও বাজারের রক্ষণাবেক্ষণ বা উন্নয়নে এবং আরও ১০ শতাংশ উপজেলার অন্তর্গত হাট ও বাজারের রক্ষণাবেক্ষণ বা উন্নয়নে ব্যয়ের জন্য নির্ধারিত রয়েছে। এই অর্থ ব্যবহার করে দেশের সব উপজেলার প্রতিটি ইউনিয়নের হাট ও বাজারে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন ও বাণিজ্যিকভাবে সম্প্রসারণের নির্দেশনা দেওয়া হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনকারী কোম্পানির সঙ্গে পরবর্তী ২০ বছর মেরামত ও রক্ষণাবেক্ষণের জন্য নন-জুডিসিয়াল স্ট্যাম্পে চুক্তি করতে হবে সংশ্লিষ্ট হাট-বাজার কর্তৃপক্ষকে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী ও উসকানিমূলক বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করা হয়েছে। আদালত তাকে ৫ দিনের রিমান্ডে পাঠানোর নির্দেশ দিয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি নিয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. দিদারুল আলমের আদালত রিমান্ডের আদেশ প্রদান করেন।
তদন্ত কর্মকর্তা ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (নি.) এ বি এম আবদুল্লাহ খালেদ সাকিব, মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে ৭ দিনের পুলিশ হেফাজতে নিবিড় জিজ্ঞাসাবাদের জন্য আবেদন করেন। শুনানি শেষে বিচারক ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়, আসামি প্রকাশ্যে দেশের ভেতরে দাঙ্গা-হাঙ্গামা সৃষ্টি, সরকারি কর্মকর্তা ও বাহিনীর মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি এবং সরকার পতনের চক্রান্তে লিপ্ত ছিলেন। ঘটনার পেছনে অন্য কারা জড়িত রয়েছেন এবং পলাতক অজ্ঞাতনামা আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারের স্বার্থে আসামিকে নিবিড় জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড প্রয়োজন।
মামলার এজাহার থেকে জানা যায়, ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল হাসান সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক অজ্ঞাতনামা ব্যক্তির সঙ্গে কথোপকথনের একটি অডিও ক্লিপে রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে বিদ্বেষমূলক এবং উসকানিমূলক মন্তব্য করেন। অডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর দেশ-বিদেশে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
ঘটনার পরপরই তাকে ক্যান্টনমেন্ট থানার ওসি পদ থেকে অব্যাহতি দেওয়া হয় এবং ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত করা হয়। পরবর্তীতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি সাপেক্ষে ক্যান্টনমেন্ট থানায় তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
আজ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর। বিশ্বের বিভিন্ন স্থান থেকে আসা মুসল্লিরা পবিত্র মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববীতে জুমার নামাজ আদায় করবেন। আজ (২৫ সেপ্টেম্বর) মসজিদুল হারামে জুমার নামাজের ইমামতি করবেন শায়খ অধ্যাপক ড. ইয়াসির বিন রাশিদ আদ-দোসারি। অন্যদিকে, মসজিদে নববীতে জুমার নামাজ পড়াবেন শায়খ ড. সালাহ বিন মুহাম্মদ আল-বুদাইর। এই তথ্য সৌদি আরবের দুই পবিত্র মসজিদের ধর্মীয় বিষয়ক কর্তৃপক্ষের প্রকাশিত সূচিতে জানানো হয়েছে।
মসজিদুল হারামে ইমাম ইয়াসির আদ-দোসারি
শায়খ ইয়াসির বিন রাশিদ আদ-দোসারি মক্কার মসজিদুল হারামের একজন পরিচিত ইমাম, যিনি ৪৬ বছর বয়সী। তিনি ১৯৮০ সালে সৌদি আরবের আল-খারজে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই তিনি পবিত্র কোরআন মুখস্থ করে ফেলেন।
ইমাম মুহাম্মদ ইবনে সৌদ ইসলামি বিশ্ববিদ্যালয় থেকে শরিয়াহ বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং তুলনামূলক ইসলামী আইন বিষয়ে স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি লাভ করেন। পরে তিনি মক্কার উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ে ইসলামী আইন বিষয়ে অধ্যাপনা শুরু করেন।
২০১৯ সালে তিনি মসজিদুল হারামের সর্বকনিষ্ঠ ইমাম হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। কোরআন তিলাওয়াতের বিশেষ ধরণ ও সুমধুর কণ্ঠের কারণে তিনি মুসল্লিদের কাছে পরিচিত হয়ে উঠেছেন। আজকের সূচি অনুযায়ী, মসজিদুল হারামে জুমার নামাজের ইমামতি করবেন ইয়াসির আদ-দোসারি।
মসজিদে নববীতে ইমাম সালাহ আল-বুদাইর
শায়খ ড. সালাহ বিন মুহাম্মদ আল-বুদাইর সৌদি আরবের একজন পরিচিত আলেম, ইমাম এবং বিচারক। তিনি ১৯৭০ সালের ৭ জানুয়ারি সৌদি আরবের হুফুফে জন্মগ্রহণ করেন। শৈশবেই তিনি পবিত্র কোরআন মুখস্থ করেন। পরে শরিয়াহ বিষয়ে পড়াশোনা করেন।
জীবনের বিভিন্ন পর্যায়ে তিনি বিভিন্ন মসজিদে ইমামতি করেছেন এবং বিচারকের দায়িত্ব পালন করেছেন। ১৯৯৮ সালে তিনি মসজিদে নববীতে তারাবির অতিথি ইমাম হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তী বছর তাঁকে স্থায়ী ইমাম হিসেবে নিযুক্ত করা হয়। পরে তিনি মদিনার উচ্চ আদালতের বিচারকের দায়িত্বও পালন করেন।
আজ (২৫ সেপ্টেম্বর) মসজিদে নববীতে জুমার নামাজের ইমামতি করবেন সালাহ আল-বুদাইর। সরকারি সূচি অনুযায়ী, আজ মসজিদে নববীতে জুমার নামাজের পর আসর ও অন্যান্য নামাজের জন্য আলাদা ইমাম নির্ধারিত রয়েছেন।
দুই পবিত্র মসজিদে নামাজের ফজিলত
মসজিদুল হারাম ও মসজিদে নববী মুসলমানদের কাছে অত্যন্ত মর্যাদাপূর্ণ দুই পবিত্র স্থান। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, তাঁর মসজিদে এক ওয়াক্ত নামাজ অন্য মসজিদে এক হাজার ওয়াক্ত নামাজের চেয়ে উত্তম—তবে মসজিদুল হারাম এর ব্যতিক্রম। এই বর্ণনা সহিহ বুখারি ও সহিহ মুসলিমে এসেছে।
আরেক বর্ণনায় মসজিদুল হারামে নামাজের বিশেষ ফজিলতের কথা উল্লেখ করা হয়েছে। তবে মসজিদুল হারামের এক নামাজ কত নামাজের সমান—এ বিষয়ে বর্ণনা ও আলেমদের ব্যাখ্যায় পার্থক্য রয়েছে। তাই নির্দিষ্ট সংখ্যাটি উল্লেখ না করে বলা যায়, সেখানে নামাজের মর্যাদা ও সওয়াব অত্যন্ত বেশি।
এছাড়া সহিহ হাদিসে মসজিদুল হারাম, মসজিদে নববী ও মসজিদুল আকসাকে বিশেষ মর্যাদাপূর্ণ তিন মসজিদ হিসেবে উল্লেখ করা হয়েছে।
আজকের জুমায় মক্কার মসজিদুল হারামে ইয়াসির আদ-দোসারি এবং মদিনার মসজিদে নববীতে সালাহ আল-বুদাইরের ইমামতিতে নামাজ আদায় করবেন মুসল্লিরা।
সূত্র: দ্য ইসলামিক ইনফরমেশন
তালাশ বিডি/মিডিয়া লিঃ