০২:৫৪ পি.এম
দুর্নীতি দমন কমিশন (দুদক) ঢাকা জেলার লালবাগ রাজস্ব সার্কেলের সার্ভেয়ার মোহাম্মদ আসাদুল ইসলামকে হাতেনাতে গ্রেপ্তার করেছে। দীর্ঘ সময় ধরে জমির সীমানা মাপার কাজটি ইচ্ছাকৃতভাবে ঝুলিয়ে রেখে, পরবর্তীতে তা চূড়ান্ত করে নামজারি দেওয়ার শর্তে ঘুষ নেওয়ার অভিযোগে দুদকের একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে এক লাখ টাকা ঘুষ গ্রহণের সময় তাকে আটক করা হয়। এ তথ্যটি একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে দুদক।
অভিযোগের সূত্রে জানা যায়, সৈনিক মো. মনিরুল ইসলাম (অব.) ঢাকা জেলার লালবাগ থানাধীন চর-কামরাঙ্গী মৌজার বিভিন্ন দাগে ২৮২ শতাংশ জমির প্রকৃত মালিকদের কাছ থেকে একটি নিবন্ধিত অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অব অ্যাটর্নি দলিল গ্রহণ করেন। পরবর্তীতে ওই জমির সঠিক সীমানা নির্ধারণ, সরকারি ও ব্যক্তিমালিকানাধীন সম্পত্তির সীমানা পৃথকীকরণ এবং প্রয়োজনীয় স্কেচম্যাপ তৈরির উদ্দেশ্যে তিনি ২৭ এপ্রিল ঢাকা জেলা প্রশাসক বরাবর একটি আবেদন জমা দেন।
আরও পড়ুন: প্রবাসী স্বামীর টাকায় পড়াশোনা করে সহকর্মীর সঙ্গে সম্পর্কের অভিযোগে শিক্ষিকা কারাগারে
এরপর ছয় মাস লালবাগ রাজস্ব সার্কেল, ঢাকায় একাধিকবার যোগাযোগ করেও জমির সীমানা নির্ধারণের কার্যক্রম সম্পন্ন করতে পারেননি। এক পর্যায়ে তাকে ওই কার্যালয়ের সার্ভেয়ার মোহাম্মদ আসাদুল ইসলামের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়। এরপর সার্ভেয়ার আসাদুল অভিযোগকারীর জমির সীমানা নির্ধারণ ও নামজারি সম্পন্ন করার জন্য ৮০ (আশি) লাখ টাকা ঘুষ দাবি করেন। অভিযোগকারী বিষয়টি দুর্নীতি দমন কমিশনকে অবহিত করে ঘুষ দাবির সঙ্গে জড়িত ব্যক্তিকে হাতেনাতে আটক করার জন্য ফাঁদ অভিযান পরিচালনার অনুরোধ জানান।
অভিযোগের প্রাথমিক সত্যতা যাচাই এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করে দুর্নীতি দমন কমিশন, জেলা কার্যালয়, ঢাকা-১-এর একটি বিশেষ দল আজ পরিকল্পিত ফাঁদ অভিযান পরিচালনা করে। অভিযানের এক পর্যায়ে ১ (এক) লাখ টাকা ঘুষ গ্রহণকালে সার্ভেয়ার মোহাম্মদ আসাদুল ইসলামকে হাতেনাতে আটক করা হয়।
তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন, জেলা কার্যালয়, ঢাকা-১-এ মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করার আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
আরও পড়ুন: ৬৭ পুলিশ পরিদর্শক এসএসপি পদে পদোন্নতি পেলেন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন