বৃহস্পতিবার, ১ই অক্টোবর, ২০২৬ ইং
০৪:৩৮ পি.এম
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর দেড়টার পর তিনি সংসদে গিয়ে স্পিকারের সঙ্গে দেখা করেন।
স্পিকারের সঙ্গে কয়েক মিনিট অবস্থান করার পর তিনি সংসদ ভবনের টানেলে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি।
এ সময় তিনি উল্লেখ করেন, ‘আমাকে স্পিকার ডেকেছেন, তার সঙ্গে দেখা করেছি। দল যে সিদ্ধান্ত নেবে তাই মেনে নেব।’
পদত্যাগ করেছেন কিনা জানতে চাইলে তিনি কোনো উত্তর না দিয়ে দ্রুত সেখান থেকে চলে যান।
এর কিছুক্ষণ পর বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয় যে, স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগপত্র জমা দেওয়া হয়েছে।
এর আগে রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টিকে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর প্রেস সচিব ও অতিরিক্ত প্রেস সচিবের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।
উল্লেখ্য, ২৪ সেপ্টেম্বর রাতে মিরপুর-১ নম্বরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। পরে ভারী যন্ত্র দিয়ে স্বাস্থ্যকেন্দ্রটির স্থাপনাও গুঁড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টির সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে। তবে তিনি হামলা ও ভাঙচুরের সঙ্গে নিজের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দীর্ঘকাল পর সিরিয়ার নতুন সরকারের উপর থেকে সামরিক নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র। এর ফলে মার্কিন অস্ত্র বিক্রির নিষিদ্ধ তালিকা থেকে সিরিয়াকে বাদ দেওয়া হয়েছে।
ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপের ফলে এখন থেকে সিরিয়া যুক্তরাষ্ট্রের কাছ থেকে অস্ত্র ও সামরিক সরঞ্জাম ক্রয়ের সুযোগ লাভ করবে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) মার্কিন ডিপার্টমেন্ট অব স্টেট এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, তাদের আন্তর্জাতিক অস্ত্র বাণিজ্য সংক্রান্ত নিয়মাবলী সংশোধন করা হয়েছে। পূর্বে সিরিয়ার কাছে অস্ত্র বিক্রির যেকোনো প্রস্তাব সরাসরি বাতিল করে দেওয়া হতো। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে সিরিয়ার আবেদনের ভিত্তিতে বিষয়টি বিবেচনা করবে ওয়াশিংটন।
যুক্তরাষ্ট্র ও সিরিয়ার সম্পর্ক স্বাভাবিক করার লক্ষ্যে ট্রাম্প প্রশাসনের নেওয়া একাধিক পদক্ষেপের মধ্যে এই সিদ্ধান্ত অন্যতম।
গত বছরের আগস্টে সিরিয়াকে ‘সন্ত্রাসবাদে ইন্ধনদাতা’ দেশের তালিকা থেকেও বাদ দেওয়া হয়েছিল। এছাড়া, দীর্ঘ ১৪ বছর বন্ধ থাকার পর দামেস্কে আবার নিজেদের দূতাবাস চালু করার পরিকল্পনাও করছে আমেরিকা।
সিরিয়াকে কালো তালিকা থেকে বাদ দেওয়ার পর বর্তমানে মাত্র সাতটি দেশ—চীন, উত্তর কোরিয়া, ইরান, কিউবা, বেলারুশ, মায়ানমার ও ভেনেজুয়েলা—মার্কিন অস্ত্র রপ্তানির ক্ষেত্রে পূর্ণ নিষেধাজ্ঞার আওতায় রয়েছে।
উল্লেখ্য, প্রায় দুই বছর আগে সাবেক মার্কিন-বিরোধী প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করে সিরিয়ার দায়িত্ব গ্রহণ করেন সাবেক বিদ্রোহী নেতা আহমদ আল-শারা। তার গৃহীত নতুন নীতি ও পদক্ষেপে সন্তুষ্ট হয়েই মূলত ট্রাম্প প্রশাসন একের পর এক অর্থনৈতিক ও সামরিক নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে।
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা এবং আইএস জঙ্গিগোষ্ঠীর পুনরুত্থান রোধে নতুন সিরীয় সরকারের প্রতি ভরসা রাখছে যুক্তরাষ্ট্র।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢালিউডের অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি তার শৈশবকাল থেকেই শিশুশিল্পী হিসেবে তারকাখ্যাতি অর্জন করেছেন। তবে, বড় হয়ে তিনি অনেকটাই ম্লান হয়ে গেছেন। তার দীর্ঘ ক্যারিয়ারের গ্রাফ যেন ক্রমশ নিচের দিকে ধাবিত হচ্ছে। ২০২১ সালে নায়িকা হিসেবে অভিষেকের পর থেকে তিনি সাফল্যের মুখ দেখেননি। শিশুশিল্পী হিসেবে তার সাফল্যের ক্যারিয়ার অবশ্য ঈর্ষণীয়।
বর্তমানে দীঘি বিভিন্ন পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন প্রচারণামূলক কাজের দিকে বেশি মনোযোগ দিচ্ছেন। যিনি অভিনয়ের মাধ্যমে শুরু করেছিলেন এবং বড়পর্দায় তার একটি স্বর্ণালি অতীত ছিল, সেই দীঘির এমন ম্লান হয়ে যাওয়ায় তার ভক্তদের মধ্যে আক্ষেপ দেখা দিয়েছে। দিন, মাস, বছর চলে যাচ্ছে, কিন্তু দীঘির কপাল খুলছে না। দর্শকদের প্রত্যাশা, তিনি নিশ্চয়ই ফিরে আসবেন চেনা ছন্দে।
চলতি বছরের শুরুতে দীঘি একটি ওয়েব সিনেমায় কাজ করেছেন। তবে সুমন ধরের সেই ওয়েবফিল্মের পর আর কোনো খবর পাওয়া যায়নি। প্রায় দুই বছর ধরে তিনি রুপালি পর্দায় নেই। ২০২৪ সালের নভেম্বরে মুক্তি পেয়েছিল ‘৩৬-২৪-৩৬’। রেজাউর রহমানের সিনেমায় তিনি সেভাবে সাড়া জাগাতে পারেননি।
চলতি বছরের ঈদুল ফিতরে দীঘি ‘জংলি’ সিনেমায় অভিনয় করেছেন। কিন্তু এখানে তার চরিত্রের ব্যপ্তি ছিল খুবই কম, ফলে নিজেকে প্রমাণের সুযোগ খুব একটা পাননি। তাই সিনেমাপ্রেমী দর্শকরা দীঘিকে সেভাবে দেখতে পাচ্ছেন না।
‘বিদায়’ সিনেমা দিয়ে সেই অভাব ঘুচানোর প্রত্যাশা ছিল অনেকের। ‘বরবাদ’খ্যাত মেহেদী হাসান হৃদয়ের পরিচালনায় দীঘির সঙ্গে আছেন বাপ্পারাজ, ফজলুর রহমান বাবু ও ফারুক আহমেদের মতো তারকারা। কিন্তু বিধিবাম! সিনেমাটি মুক্তির আলোয় আসতে পারছে না।
‘বিদায়’ সিনেমাটি ছাড়া দীঘির নতুন কোনো সিনেমার খবর পাওয়া যাচ্ছে না। গত বছরের দুর্গাপূজায় মুক্তির কথা ছিল ‘বিদায়’ সিনেমার। কিন্তু কাজ সম্পন্ন না হওয়ায় তা সম্ভব হয়নি। পরে চলতি বছর কুরবানির ঈদেও ছবিটি মুক্তি দিতে চেয়েছিলেন পরিচালক হৃদয়। কিন্তু প্রযোজক শাহরিন সুলতানা সুমি রাজি হননি। এদিকে শোনা যাচ্ছে, সিনেমার শুটিংও কিছুটা বাকি রয়েছে। সবশেষে সেপ্টেম্বরের শুরুতে আবার গুঞ্জন ওঠে— এই দুর্গাপূজায় মুক্তি পাবে ‘বিদায়’। কিন্তু প্রচারে কোনো বালাই নেই। ফলে আশঙ্কা তৈরি হয়েছে, আদৌ কি সিনেমাটি মুক্তি পাবে?
প্রযোজক সুমি স্পষ্ট জানিয়েছেন, এই দুর্গাপূজায়ও ‘বিদায়’ মুক্তি পাবে না। কারণ, এর একটি গানের চিত্রায়ণ বাকি রয়েছে, যা তারা বিদেশে করতে চান। সব কাজ সম্পন্ন হলে আগামী বছরের কোনো একসময়ে ‘বিদায়’ মুক্তি দেওয়া হবে। তবে, সেটা কবে হবে, সে বিষয়ে প্রযোজক কোনো নিশ্চয়তা দেননি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ফেনীর সোনাগাজী এলাকায় পূর্ব বিরোধের কারণে এক ছাত্রদলকর্মীর হাতের আঙ্গুল বিচ্ছিন্ন করেছে প্রতিপক্ষরা। এই ঘটনায় পুলিশ সাফায়াত (৩৫) নামের একজনকে আটক করেছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সোনাপুর বাদাম তলি এলাকায় এই হামলার ঘটনা ঘটে।
আহত ছাত্রদলকর্মীর নাম মো. আসিফ (২২), তিনি সোনাপুর বাদাম তলী এলাকার স্বপনের ছেলে।
স্থানীয়রা ও পুলিশ সূত্রে জানা যায়, আমিরাবাদ ইউনিয়নের মিঝি বাড়ির সেলিমদের সঙ্গে ছাত্রদলকর্মী মো. আসিফের দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছে। সেই বিরোধের জেরে সেলিম ও মুন্সির নেতৃত্বে ৮-১০ জন যুবদল কর্মী আসিফকে তার বাড়ি থেকে ডেকে এনে এলোপাতাড়ি কুপিয়ে হাতের তিনটি আঙ্গুল বিচ্ছিন্ন করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়, সেখান থেকে ফেনী এবং পরবর্তীতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল হাসিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বাদীর দেওয়া তথ্য অনুযায়ী সাফায়াত নামে একজনকে আটক করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ