০২:১৬ এম
রাজধানীর বিভিন্ন সড়কে আজ বুধবার (৫ আগস্ট) ‘৩৬ জুলাই’ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন, সোহরাওয়ার্দী উদ্যানে উন্মুক্ত কনসার্ট এবং মানিক মিয়া এভিনিউয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের কারণে ভোর ৫টা থেকে গুরুত্বপূর্ণ কয়েকটি সড়কে যান চলাচলে বিশেষ নিয়ন্ত্রণ আরোপ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
মঙ্গলবার (৪ আগস্ট) ডিএমপি সদর দপ্তর থেকে জারি হওয়া এক গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, শাহবাগ, সোহরাওয়ার্দী উদ্যান এবং খেজুর বাগান ক্রসিং থেকে মানিক মিয়া এভিনিউ এলাকায় যান চলাচল সীমিত থাকবে। ট্রাফিক পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য ডাইভারশন ও ইউ-টার্নের মাধ্যমে যানবাহন পরিচালনা করা হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই ট্রাফিক ব্যবস্থাপনা কার্যকর থাকবে।
আরও পড়ুন: ভোটার এলাকা পরিবর্তনের আবেদন সময়সীমা ১ নভেম্বর পর্যন্ত বাড়াল ইসি
ডিএমপির নির্দেশনা অনুযায়ী পরিবর্তিত রুটসমূহের মধ্যে রয়েছে:
ফার্মগেট থেকে শাহবাগমুখী সড়ক: ফার্মগেট থেকে শাহবাগগামী যানবাহনকে হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং থেকে ডাইভারশন নিয়ে হেয়ার রোড ও মিন্টো রোড ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে।
হাইকোর্ট ও মৎস্য ভবন এলাকা: গোলাপশাহ মাজার, হাইকোর্ট ও মৎস্য ভবন দিয়ে শাহবাগমুখী যানবাহনগুলোকে কাকরাইল মসজিদ ক্রসিং হয়ে গন্তব্যে যাওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
সায়েন্সল্যাব থেকে শাহবাগমুখী সড়ক: সায়েন্সল্যাব দিক থেকে আসা যানবাহনের জন্য নিউমার্কেট, আজিমপুর, চানখাঁরপুল ও বকশীবাজার রোড ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। বিকল্প হিসেবে বাটা মোড়, কাটাবন, হাতিরপুল, নীলক্ষেত ও পলাশী মোড় হয়ে চলাচলের অনুরোধ করা হয়েছে।
আরও পড়ুন: রাজউকের ১২৬৯ ভবনের মালিককে চূড়ান্ত নোটিশ, নির্দেশনা না মানলে আইনানুগ ব্যবস্থা
মানিক মিয়া এভিনিউ ও আশপাশ এলাকা: উত্তর দিক থেকে আসা গাড়িগুলোকে গণভবন, লেক রোড, উড়োজাহাজ ক্রসিং ও বিজয় সরণি হয়ে ফার্মগেটে যেতে হবে। একই সঙ্গে ধানমন্ডি, আসাদগেট ও ইন্দিরা রোড এলাকা থেকেও বিকল্প রুট অনুসরণের নির্দেশনা দেওয়া হয়েছে।
এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারকারী: এক্সপ্রেসওয়ের ফার্মগেট এক্সিট র্যাম্পের বদলে এফডিসি (হাতিরঝিল) র্যাম্প ব্যবহার করার অনুরোধ জানিয়েছে ডিএমপি।
নগরবাসীকে ধৈর্য ধরার এবং ট্রাফিক পুলিশকে সহায়তার আহ্বান জানিয়ে ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমেদ নির্দেশিত বিকল্প পথ ব্যবহার করার জন্য বিশেষ অনুরোধ করেছেন।
আরও পড়ুন: গার্মেন্টস শিল্পে এক সপ্তাহের মধ্যে মজুরি বোর্ড গেজেট প্রকাশের ঘোষণা শ্রমমন্ত্রীর
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন