০৫:১২ এম
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান আহ্বান জানিয়েছেন যে সব ধর্মের মানুষের ঐক্যবদ্ধ অংশগ্রহণে ‘সবার আগে বাংলাদেশ’ গড়ে তুলতে হবে।
মঙ্গলবার (৪ আগস্ট) রাজধানীর রামপুরার হাতিরঝিলে আবহমান শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির প্রাঙ্গণে আয়োজিত ‘শ্রী শ্রী তারকব্রহ্ম হরিনাম মহাযজ্ঞ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন।
ধর্ম এবং বর্ণ নির্বিশেষে একটি বৈষম্যহীন, পরিচ্ছন্ন রাজধানী নির্মাণের জন্য সরকারের পাশাপাশি নগরবাসীদের এগিয়ে আসার অনুরোধও জানান তিনি।
আরও পড়ুন: তারেক রহমান: জামায়াত-এনসিপি আমার রাষ্ট্রীয় সম্মান সহ্য করতে পারছে না
বক্তব্যে ডিএনসিসি প্রশাসক উল্লেখ করেন, বাংলাদেশ একটি শান্তির দেশ, এখানে ধর্ম নিয়ে কোনো বিভেদ নেই। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান—সবাই তাদের নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করবে এবং একে অপরের সঙ্গে মিলেমিশে প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘সবার আগে বাংলাদেশ’ গড়ে তোলার জন্য সহযোগিতা করবেন।
তিনি বলেন, বিগত নির্বাচনে অসাম্প্রদায়িক চেতনাকে সামনে রেখে হিন্দু সম্প্রদায় যেভাবে সহযোগিতা করেছে, আমি আগামীতেও সেই ধারাকে বজায় রাখার আহ্বান জানাই। আগামীতে আমি যদি দলীয় মনোনয়ন পাই বা না পাই, প্রধানমন্ত্রী যাকে মনোনয়ন দেবেন, আপনারা তার প্রতি সমর্থন বজায় রাখবেন। আমি ব্যক্তি হিসেবে থাকি বা না থাকি, সব সময় আপনাদের পাশে ছিলাম এবং থাকব।
প্রশাসক আরও বলেন, আপনারা জানেন, ৫ আগস্টের পরের কঠিন দিনগুলোতে আমরাই আপনাদের মন্দির এবং বাসাবাড়ি পাহারা দিয়ে পাশে ছিলাম। ভবিষ্যতে যেকোনো প্রয়োজনে আপনাদের সুরক্ষায় আমরা পাশে থাকব। কোনো ধরনের বৈষম্যের স্থান এই বাংলাদেশে হবে না।
ডিএনসিসি প্রশাসক জানান, সিটি কর্পোরেশনের দ্বারে হিন্দু সম্প্রদায়ের মানুষ যখনই কোনো প্রয়োজনে এসেছেন, তখন সাধ্যমতো সহায়তা দেওয়া হয়েছে এবং এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
আরও পড়ুন: আদাবরে যুবদল নেতাকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম
তিনি বলেন, আপনাদের মন্দির ও বাসাবাড়ির ময়লা-আবর্জনা নির্দিষ্ট স্থানে রাখবেন, যেন সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা তা সহজে অপসারণ করতে পারে। একটি পরিচ্ছন্ন এবং সুন্দর ঢাকা শহর গড়ে তুলতে আমাদের সকলকে একযোগে কাজ করতে হবে।
অনুষ্ঠানে স্থানীয় সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন