ঢাকা রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ইং ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

জেলেনস্কির জন্মশহরে রাশিয়ার হামলায় নিহত ২, আহত ২৮


জেলেনস্কির জন্মশহরে রাশিয়ার হামলায় নিহত ২, আহত ২৮

ক্রিভি রিহ, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির জন্মস্থান, সেখানে রাশিয়ার ধারাবাহিক হামলায় দুজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন সাত বছর বয়সী শিশু এবং অপরজন ২০ বছর বয়সী প্যারামেডিক। এ ঘটনায় অন্তত ৬০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে উদ্ধারকর্মী ও পুলিশ সদস্যও রয়েছেন।

স্থানীয় কর্তৃপক্ষ জানায়, শুক্রবার (২০ নভেম্বর) রাতে ক্রিভি রিহ শহরের কেন্দ্রস্থলে হামলাটি সংঘটিত হয়। প্রথমে একটি রেস্তোরাঁর গাড়ি পার্কিং এলাকায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এরপর উদ্ধারকাজে অংশ নেওয়া কর্মীদের লক্ষ্য করে জেটচালিত ড্রোন দিয়ে হামলা চালানো হয়। একই স্থানে পরে আরও এক দফা ড্রোন হামলা হয়।

শহরের প্রতিরক্ষা কাউন্সিলের প্রধান ওলেক্সান্ডার ভিলকুল জানান, হামলাটি শহরের কেন্দ্রস্থলে একটি জনপ্রিয় রেস্তোরাঁর কাছে সংঘটিত হয়। ওই সময় সেখানে শিশু দিবস উপলক্ষে অনেক পরিবার ও শিশু উপস্থিত ছিল। প্রতিবছর ২০ নভেম্বর ইউক্রেনে বিশ্ব শিশু দিবস পালন করা হয়।

আরও পড়ুন: বিচারপতির বদলে ওয়েইসিকে গার্ড অব অনার, কীভাবে ঘটল এমন বিভ্রান্তি

হামলার পর ঘটনাস্থলে উদ্ধারকাজ চলাকালীন নতুন করে হামলা হয়। এতে উদ্ধারকর্মী, চিকিৎসাকর্মী ও জরুরি সেবায় নিয়োজিত ব্যক্তিরাও ঝুঁকির মধ্যে পড়েন। একই স্থানে উদ্ধারকাজ চলার সময় দ্বিতীয় বা পরবর্তী দফায় হামলার এ কৌশলকে ‘ডাবল-ট্যাপ’ বা ‘ট্রিপল-ট্যাপ’ বলা হয়।

আহতদের মধ্যে ২৮ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের মধ্যে তিন বছর বয়সী একটি শিশুও রয়েছে। মেয়র ভিলকুল জানিয়েছেন, চিকিৎসকেরা আহতদের জীবন বাঁচাতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

স্থানীয় সম্প্রচারমাধ্যম রুদানা নিহত সাত বছর বয়সী শিশুটির নাম তিখন বলে জানিয়েছে। সংবাদমাধ্যমটির প্রতিবেদনে শিশুটিকে দয়ালু, বুদ্ধিমান ও প্রতিভাবান হিসেবে বর্ণনা করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, শিশুটির পরিবার ক্রিভি রিহের বাসিন্দা ছিল না। ব্যবসায়িক কাজে শহরটিতে এসে তারা পছন্দের একটি রেস্তোরাঁয় খেতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। শিশুটির মা ওলেনা বলেন, ‘বিপজ্জনক হওয়ায় আমরা এখানে থাকতাম না। কিন্তু বিপদ আমাদের এখানেও খুঁজে পেল।’ হামলায় ওলেনার অন্য দুই ছেলেও আহত হয়েছে। তাদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে রুদানা।

আরও পড়ুন: মিসরের গ্রামে প্রজন্মের পর প্রজন্ম ধরে জীবনযাত্রা থেকে বঞ্চিত ফিলিস্তিনিরা

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, শুক্রবার রাতের হামলায় শহরের বেসামরিক এলাকা আক্রান্ত হয়েছে। সেখানে আশপাশে কোনো সামরিক স্থাপনা নেই, কখনো ছিলও না।

তিনি আরও জানান, খারকিভ, দোনেৎস্ক, দিনিপ্রোপেত্রোভস্ক, রিভনে, চেরনিহিভ, মিকোলাইভ ও জাপোরিঝঝিয়া অঞ্চলের শহর ও গ্রামেও হামলা চালিয়েছে রাশিয়া। এ ছাড়া সুমি অঞ্চলের একটি রেলস্টেশনেও হামলা হয়েছে।

এদিকে ইউক্রেনের ওপর রাশিয়ার এ হামলা এমন এক সময়ে হলো, যখন আন্তর্জাতিক কূটনীতিতে তৎপরতা চলছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) চীনের শেনজেনে এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনের ফাঁকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ত্রিপক্ষীয় বৈঠক করেন।

বৈঠকে পুতিনকে ‘বন্ধু’ বলে উল্লেখ করেন ট্রাম্প। তবে পরে সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, ‘আমাদের কাছে তিনি একজন হত্যাকারী।’

আরও পড়ুন: যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কৃত ২৫ অভিবাসী পৌঁছেছেন লাইবেরিয়ায়

এরপর বার্লিনে ইউক্রেনের মিত্র দেশগুলোর জোট ‘কোয়ালিশন অব দ্য উইলিং’-এর বৈঠক অনুষ্ঠিত হয়। এতে ইউরোপীয় নেতাদের পাশাপাশি যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার অংশ নেন।

বৈঠক শেষে ইউক্রেনের প্রধান মিত্ররা এক যৌথ বিবৃতিতে মস্কোর সঙ্গে সরাসরি আলোচনায় অংশ নেওয়ার প্রস্তুতির কথা জানায়। তবে জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস বলেন, রাশিয়ার সর্বোচ্চ দাবিগুলো বাস্তবসম্মত নয়।

শনিবার (২১ নভেম্বর) তিন নেতার বৈঠককে পুতিনের জন্য ‘খুবই ব্যর্থ’ বলে মন্তব্য করেন জেলেনস্কি। তাঁর মতে, ১৯৪৫ সালের ইয়াল্টা সম্মেলনের আদলে বিশ্বব্যবস্থা নতুন করে সাজানোর যে চেষ্টা রাশিয়া করেছিল, তা সফল হয়নি।

জেলেনস্কি আরও বলেন, চীন নিজেদের ওই পরিকল্পনায় জড়াতে দেয়নি। যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে দ্বিপক্ষীয় আলোচনায় কী হয়েছে, তা তিনি জানেন না। তবে সেখানে ইউক্রেন নিয়ে কোনো আলোচনা হয়নি।

আরও পড়ুন: শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়ক নামকরণের প্রস্তাব উত্থাপন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজস্থানে ট্রাকের সঙ্গে গাড়ির সংঘর্ষে একই পরিবারের ৯ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

১১:২৭ এম


রাজস্থানে ট্রাকের সঙ্গে গাড়ির সংঘর্ষে একই পরিবারের ৯ জন নিহত

ভারতের রাজস্থানে একটি সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নয়জন প্রাণ হারিয়েছেন। এছাড়া, আরও কয়েকজন আহত হয়েছেন। খাতু শ্যাম মন্দির থেকে তীর্থযাত্রা শেষে মহারাষ্ট্রে ফেরার সময় তাদের গাড়িটি একটি দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দেয়, যার ফলে এই দুর্ঘটনা ঘটে।

রোববার (২২ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এই তথ্য জানায়।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, স্থানীয় সময় রাত ১টার দিকে দুর্ঘটনাটি ঘটে। গাড়িটিতে একই পরিবারের ১৬ জন সদস্য ছিলেন, যাদের মধ্যে শিশুরাও ছিল। নিহতদের মধ্যে ৬২ বছর বয়সী সাজ্জন, তার স্ত্রী ঊষা বাই (৬০), কৈলাস (৩৫), তার স্ত্রী অনিতা (৩৪) এবং ৭৫ বছর বয়সী বাবুলাল অন্তর্ভুক্ত রয়েছেন।

প্রাথমিক তদন্তের ভিত্তিতে পুলিশের ধারণা, গাড়ি চালাতে চালাতে চালক ঘুমিয়ে পড়ার কারণে দুর্ঘটনাটি ঘটতে পারে। দুর্ঘটনার ফলে গাড়িটি দুমড়েমুচড়ে যায় এবং যাত্রীরা ভেতরে আটকা পড়ে যায়।

খবর পেয়ে পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় বিস্তারিত তদন্ত চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারতে ‘রামায়ণ’ ছবির সেন্সর সার্টিফিকেট বাতিলের দাবি বিশ্ব হিন্দু পরিষদের

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

১১:২৮ এম


ভারতে ‘রামায়ণ’ ছবির সেন্সর সার্টিফিকেট বাতিলের দাবি বিশ্ব হিন্দু পরিষদের

ভারতের ধর্মীয় সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) বহুল আলোচিত ছবি ‘রামায়ণ: রাইজ অব আ লিজেন্ড’-এর প্রদর্শন বন্ধ করার এবং এর সেন্সর সার্টিফিকেট বাতিলের দাবি তুলেছে। ছবির রাবণ চরিত্রের উপস্থাপন এবং ধর্মীয় ও ঐতিহাসিক তথ্যের কথিত বিকৃতি নিয়ে সংগঠনটি তীব্র আপত্তি জানিয়েছে।

ভিএইচপির সাধারণ সম্পাদক বজরং লাল বাগরা এবং আন্তর্জাতিক সভাপতি অলোক কুমার অভিযোগ করেছেন যে, ছবিতে রাবণকে এমনভাবে উপস্থাপন করা হয়েছে যেন তিনি দলিত, শোষিত ও বঞ্চিতদের মুক্তির দূত এবং তাদের কল্যাণে কাজ করছেন।

বজরং লাল বাগরা পিটিআই-কে দেওয়া বক্তব্যে বলেছেন, "রাবণ অত্যন্ত বিদ্বান, শক্তিশালী ও ভক্ত ছিলেন ঠিকই, কিন্তু অত্যাচারী হওয়ার কারণে তিনি ছিলেন অনৈতিক। রামায়ণের প্রতিটি সংস্করণেই এটি স্পষ্ট।"

তিনি আরও বলেন, সিনেমায় রাবণকে মহিমান্বিত করার মাধ্যমে একটি রাজনৈতিক ন্যারেটিভ তৈরি করার চেষ্টা হয়েছে, যা হিন্দু সমাজের অনুভূতিতে আঘাত হেনেছে। অলোক কুমারও একই সুরে রাবণের এমন উপস্থাপনাকে আপত্তিকর বলে মন্তব্য করেছেন।

ভিএইচপি নেতাদের দাবি, ছবির গল্প থেকে রামায়ণের বেশ কিছু গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ প্রসঙ্গ বাদ দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে মাতা অহল্যার উদ্ধার, নিষাদরাজ গুহের সঙ্গে ভগবান রামের বন্ধুত্ব এবং কেবতের ভক্তি ও রামের আচরণ।

অলোক কুমারের মতে, এই ঘটনাগুলো সামাজিক সম্প্রীতি এবং জাতপাত ও স্পর্শ-অস্পর্শের ঊর্ধ্বে ভালোবাসার বন্ধনকে তুলে ধরে। বজরং লাল বাগরা বলেন, "ঋষি-সাধুদের যজ্ঞ ও গুরুকুল রক্ষা করে সমাজের শত্রুদের বিনাশ করার যে মহান লক্ষ্য ভগবান রামের ছিল, ছবিতে সেটিকে কেবল স্ত্রীর অপহরণের প্রতিশোধ নেওয়ার ব্যক্তিগত লড়াই হিসেবে দেখানো হয়েছে।"

ভিএইচপির এই দাবির আগেই বি আর চোপড়ার ‘মহাভারত’ খ্যাত অভিনেতা নীতীশ ভরদ্বাজ ছবিটির চরিত্রায়ন নিয়ে সমালোচনা করেছিলেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি ভগবান রামের উপস্থাপন নিয়ে আপত্তি তুলে বলেছিলেন, "রামকে একদম সাধারণ ও ভাবলেশহীন মানুষের পর্যায়ে নামিয়ে আনা হয়েছে, যা রামের ‘মর্যাদা’র সঙ্গে যায় না।"

দুই পর্বের এই মহাকাব্যিক ছবির প্রথম কিস্তি গত ৫ নভেম্বর বিশ্বব্যাপী মুক্তি পায়। ছবিতে রামের ভূমিকায় রণবীর কাপুর, সীতার চরিত্রে সাই পল্লবী, রাবণ চরিত্রে যশ এবং লক্ষ্মণের ভূমিকায় রবি দুবে অভিনয় করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মারুফের স্বপ্ন: পাইলট না হতে পেরে নিজেই বিমান তৈরি করে উড্ডয়ন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

১১:২৮ এম


মারুফের স্বপ্ন: পাইলট না হতে পেরে নিজেই বিমান তৈরি করে উড্ডয়ন

ফরিদপুরের সদরপুরে প্রাতিষ্ঠানিক শিক্ষা ও কারিগরি প্রশিক্ষণ ছাড়াই নিজ উদ্যোগে এক আসনের ছোট বিমান তৈরি করে পরীক্ষামূলক উড্ডয়ন করেছেন তরুণ মারুফ মোল্যা। গত ১৩ নভেম্বর, উপজেলার আকোটেরচর ইউনিয়নের পদ্মা নদীর চরে, প্রায় সাত মাসের প্রচেষ্টায় দেড় লাখ টাকা ব্যয়ে তৈরি বিমানটি নিয়ে তিনি উড়াল দেন। কয়েক দফা চেষ্টা করার পর, সফলভাবে আকাশে উঠে নিরাপদে অবতরণ করতে সক্ষম হলেও, বিমানটির সক্ষমতা বাড়ানোর জন্য এখনো প্রয়োজন কারিগরি উন্নয়ন ও পরীক্ষা-নিরীক্ষা।

সদরপুর উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়নের খেজুরতলা গ্রামের মারুফের ছোটবেলা থেকেই পাইলট হওয়ার স্বপ্ন ছিল। তবে পরিবারের আর্থিক সংকটের কারণে এসএসসি পাস করার পর তিনি পড়াশোনা চালিয়ে যেতে পারেননি। প্রাতিষ্ঠানিক শিক্ষা বন্ধ হয়ে যাওয়ার পরও, প্রযুক্তির প্রতি আগ্রহের কারণে নিজেই বিমান তৈরির চেষ্টা শুরু করেন।

শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা ৬টায়, এই প্রতিবেদকের সাথে একান্ত সাক্ষাৎকারে মারুফ বলেন, "ছোটবেলা থেকেই আকাশে ওড়ার স্বপ্ন দেখতাম। আর্থিক সমস্যার কারণে পড়াশোনা এগিয়ে নিতে পারিনি, পাইলটও হতে পারিনি। তাই নিজেই চেষ্টা করে এক আসনের বিমান তৈরি করেছি। আমার স্বপ্ন দেশের মাটিতে দুই আসনের উন্নত বিমান তৈরি করা।"

মারুফ জানান, কক্সবাজারে বেড়াতে গিয়ে প্যারাগ্লাইডারে মানুষকে উড়তে দেখে তাঁর আগ্রহ তৈরি হয়। পরে ইউটিউবের ভিডিও, নিজের চিন্তাভাবনা ও পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে প্রায় ছয় মাসের প্রচেষ্টায় প্যারাগ্লাইডার তৈরি করেন। ২০২৫ সালের এপ্রিল মাসে সেটি উড়িয়ে সফল হন। এরপর মানিকগঞ্জের উদ্ভাবক জুলহাসের তৈরি বিমান দেখে অনুপ্রাণিত হয়ে ছোট বিমান নির্মাণের পরিকল্পনা করেন।

সাত মাসের কাজ শেষে, লাল রঙের এক আসনের বিমান তৈরি করেন। তবে প্রথম কয়েক দফা চেষ্টায় সেটি উড্ডয়ন করাতে পারেননি। পরে বিমান নির্মাতা জুলহাস এসে কারিগরি ত্রুটি শনাক্ত করে প্রয়োজনীয় পরামর্শ দেন। সেই অনুযায়ী সংশোধনের পর, গত ১৩ নভেম্বর পদ্মার চরে বিমানটি নিয়ে উড্ডয়ন করেন মারুফ। কিছুক্ষণ আকাশে উড়ে নিরাপদে অবতরণ করেন। তবে বিমানটি এখনো কাঙ্ক্ষিত উচ্চতায় উঠতে পারেনি। প্রতিবার তিনি মাটি থেকে ৩০০ ফুট ওপরে ৫ থেকে ৬ মিনিট আকাশে উড়তে পেরেছেন।

বিমান ও প্যারাগ্লাইডার নির্মাণের বাইরে, ঘাম নিয়ন্ত্রণের জন্য ‘অ্যান্টি-সোয়েট’ ডিভাইস তৈরি করে কিছুদিন বাণিজ্যিকভাবে উৎপাদনও করেছেন মারুফ। তাঁর অন্যান্য উদ্ভাবনী কাজ দেখতে প্রতিদিন বাড়িতে ভিড় করেন স্থানীয় লোকজন।

সামাজিক যোগাযোগমাধ্যমে বিমান তৈরির ভিডিও দেখে গত ২২ অক্টোবর মালয়েশিয়া থেকে হ্যানরি ও তাঁর স্ত্রী দিয়ানা মারুফের বাড়িতে আসেন। তাঁদের আগ্রহ প্রকাশ করেন যে, মারুফের কাজ দেখে তাঁরা মালয়েশিয়ায় নিয়ে যেতে চান। তবে মারুফ আপাতত দেশেই থেকে নিজের উদ্ভাবনী কাজ এগিয়ে নিতে চান।

এ প্রসঙ্গে চরবিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন বলেন, "মারুফের মধ্যে উদ্ভাবনী প্রতিভা রয়েছে। সরকারি-বেসরকারি সহযোগিতা ও কারিগরি প্রশিক্ষণ পেলে তাঁর কাজ আরও এগিয়ে নেওয়া সম্ভব।"

সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ শাওন বলেন, "মারুফের উদ্যোগকে উৎসাহিত করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে। তাঁর উদ্ভাবনী কার্যক্রমে সহযোগিতা অব্যাহত থাকবে।"

ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুলও মারুফের পাশে থাকার এবং আর্থিক ও প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

নিজের তৈরি বিমানকে আরও উন্নত করার স্বপ্ন দেখছেন মারুফ। স্থানীয় শুভাকাঙ্ক্ষীদের অভিমত, পরীক্ষামূলক এই উড্ডয়নকে কার্যকর ও নিরাপদ প্রযুক্তিতে রূপ দিতে প্রয়োজন বিশেষজ্ঞের তত্ত্বাবধান, কারিগরি প্রশিক্ষণ এবং যথাযথ সহায়তা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এনসিপির প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবে ২৩ নভেম্বর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

১১:২৯ এম


এনসিপির প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবে ২৩ নভেম্বর

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছে তারেক রহমান। আগামীকাল সোমবার (২৩ নভেম্বর) এই সাক্ষাৎ অনুষ্ঠিত হবে।

শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাতে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় দলের যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য সারোয়ার তুষার এ তথ্য জানিয়েছেন।

বার্তায় সারোয়ার তুষার উল্লেখ করেন, প্রধানমন্ত্রীর আমন্ত্রণে আগামী ২৩ নভেম্বর এনসিপির একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করবে। এনসিপি প্রধানমন্ত্রীর আমন্ত্রণকে ইতিবাচক হিসেবে গ্রহণ করেছে।

তিনি আরও বলেন, গণভোটের রায় বাস্তবায়ন, ফ্যাসিবাদী ও সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার এবং জুলাই গণহত্যার বিচারকে জাতীয় ঐক্যের ভিত্তি হিসেবে মনে করে এনসিপি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%