ঢাকা শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ইং ০৭ই কার্তিক, ১৪৩৩বাং

সততা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হতে হবে : আইজিপি


সততা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হতে হবে : আইজিপি

ঢাকা, ৫ সেপ্টেম্বর, ২০২৬ : ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির শিক্ষার্থীদের সততা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।

২০২৪ ও ২০২৫ সালে এসএসসি, এইচএসসি ও সমমানের পরীক্ষায় পুলিশ সদস্যদের জিপিএ-৫ প্রাপ্ত সন্তানদের মাঝে বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইজিপি আজ এ আহ্বান জানান।

বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টের অর্থায়নে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে পুলিশ হেডকোয়ার্টার্স আয়োজিত মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

আরও পড়ুন: দুই বাংলাদেশির বিষয়ে নতুন কোনো তথ্য দেয়নি সৌদি সরকার: পররাষ্ট্রমন্ত্রী শামা ওবায়েদ

পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।

অতিরিক্ত আইজি (প্রশাসন) এ কে এম আওলাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ এতে বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন এআইজি মো. ইসমাইল হোসেন।

অনুষ্ঠানে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ, অভিভাবকগণ এবং বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এতে আইজিপি বলেন, আজ তোমাদের যে সম্মাননা প্রদান করা হচ্ছে, তা শুধু একটি পুরস্কার নয়, এটি তোমাদের মেধা ও পরিশ্রমের স্বীকৃতি, ভবিষ্যতের প্রতি আমাদের বিশ্বাস এবং তোমাদের সম্ভাবনার প্রতি আমাদের আস্থার প্রতীক।

আরও পড়ুন: হবিগঞ্জের দুই যুবকের সউদী আরব ও লিবিয়ায় মৃত্যু

তিনি বলেন, মেধা মানুষকে এগিয়ে দেয়, কিন্তু সততা, মানবিকতা ও নৈতিক মূল্যবোধ মানুষকে সত্যিকারের মহান করে তোলে। তাই তোমাদের শুধু ভালো শিক্ষার্থী হলে চলবে না, ভালো মানুষও হতে হবে। জ্ঞান অর্জনের পাশাপাশি বিনয়, সহমর্মিতা, দায়িত্ববোধ, শৃঙ্খলা ও দেশপ্রেমে উজ্জীবিত হতে হবে।

আইজিপি আশা প্রকাশ করে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমাদের আজকের কৃতিত্বই যেন আগামী দিনের একটি সুন্দর, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়ার ভিত্তি হয়ে ওঠে।

পুলিশ প্রধান শিক্ষার্থীদের সতর্ক করে বলেন, সাময়িক কৌতূহল বা কোনো প্ররোচনায় মাদকের ভয়াল থাবা যেন তোমাদের স্পর্শ করতে না পারে, সেজন্য সবসময় সজাগ থাকতে হবে। মনে রাখতে হবে, মাদক একটি মরণফাঁদ। একই সাথে মোবাইল, সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইন্টারনেট গেমে অতিরিক্ত আসক্তি, অন্য নেশাজাত দ্রব্যের আসক্তির মতোই ক্ষতিকর।

তিনি বলেন, প্রযুক্তিকে তোমরা ব্যবহার করবে, প্রযুক্তি যেন তোমাদের ব্যবহার করতে না পারে সে ব্যাপারে সতর্ক থাকবে। দেশের নাগরিক হিসেবে দেশের আইন মেনে চলবে ও অন্যদের আইন মেনে চলতে উৎসাহিত করবে।

আরও পড়ুন: উত্তাল তিউনিসিয়া, পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষ

অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে অনুভূতি ব্যক্ত করেন কাজী মো. তানান হোসেন, সৈয়দা সাবিহা মুশাররাত মুমু, মো. আদনান জাওয়াদ ও মুস্তাইনা মঞ্জুর। মেধাবী শিক্ষার্থীরা তাদের বক্তব্যে দেশ ও জাতির কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তারা মেধাবৃত্তি প্রদানের প্রশংসনীয় উদ্যোগ গ্রহণের জন্য বাংলাদেশ পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানান।

মেধাবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত ডিআইজি শম্পা ইয়াসমিন এবং পুলিশ পরিদর্শক শেখ ফারুকুজ্জামান।

ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ মেধাবী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, অব্যাহত সাফল্যের জন্য তোমাদের নিরলস পরিশ্রম করতে হবে। জীবনে উন্নতি করতে হলে নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। তিনি স্ক্রিন টাইম কমিয়ে পড়ালেখায় গভীর মনোনিবেশের জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে অতিরিক্ত আইজি (প্রশাসন) এ কে এম আওলাদ হোসেন কৃতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, জীবনের প্রতিটি ক্ষেত্রে মেধার স্বাক্ষর রেখে এগিয়ে যেতে হবে। সকল খারাপ কাজ থেকে নিজেকে বিরত রেখে দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে হবে।

আরও পড়ুন: ফরিদপুরে সরকারি খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন, ড্রেজার মালিকের ‘চুরি’ স্বীকার

তিনি শিক্ষার্থীদের জ্ঞানার্জনের পাশাপাশি মানসিক ও শারীরিক বিকাশে নিয়মিত শরীরচর্চা ও খেলাধুলা করার পরামর্শ দেন।

উল্লেখ্য, ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত ৮০১ জন, এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত ২৭২ জন, ২০২৫ সালে এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত ৮৪৫ জন, এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত ১৯৫ জন শিক্ষার্থী মেধাবৃত্তি লাভ করেছে। ২০২৪ ও ২০২৫ এ দুই বছরে বাংলাদেশ পুলিশের মেধাবৃত্তি পেয়েছে সর্বমোট ২ হাজার ১১৩ জন মেধাবী শিক্ষার্থী। তাদের মধ্যে আজ আনুষ্ঠানিকভাবে ঢাকাস্থ ৩৬০ জনকে বৃত্তি প্রদান করা হয়েছে। অন্যদের সংশ্লিষ্ট জেলা পুলিশ সুপার কার্যালয়ের মাধ্যমে মেধাবৃত্তি প্রদান করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:২৫ পি.এম


বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

ঢাকা, ৫ সেপ্টেম্বর, ২০২৬ : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অংশগ্রহণ করেছেন প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান তারেক রহমান।

আজ (শনিবার) বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে ‘করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ শীর্ষক স্লোগানকে ধারণ করে বিকেল পৌনে ৪টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে এই সভার কার্যক্রম শুরু হয়।

আলোচনার সূচনা পর্বে বিএনপির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দলের সাবেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ সকল শহীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

এরপর জাতীয় সংগীত পরিবেশন করা হয়, এবং পরে দলীয় সংগীতের পরিবেশন করা হয়। সভায় বিএনপির ওপর নির্মিত একটি প্রামাণ্যচিত্রও প্রদর্শিত হয়।

১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন। দিবসটি পালনের জন্য গত মঙ্গলবার পাঁচদিনের কেন্দ্রীয় কর্মসূচি শুরু হয়। আজকের আলোচনা সভার মাধ্যমে সেই কর্মসূচির সমাপ্তি ঘটবে।

বিএনপি আয়োজিত আলোচনা সভার সভাপতিত্ব করছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

সভাটি সঞ্চালনা করছেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, সেলিমা রহমান, ডা. এ জেড এম জাহিদ হোসেন, আমানউল্লাহ আমান, ফরহাদ হালিম ও মো. ইসমাইল জবিউল্লাহ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইউক্রেনে রাশিয়ার হামলায় শিশুসহ নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:২৬ পি.এম


ইউক্রেনে রাশিয়ার হামলায় শিশুসহ নিহত ৫

সাড়ে চার বছরের সংঘাতের অবসান ঘটানোর লক্ষ্যে নতুন করে আলোচনা শুরুর প্রস্তুতির মধ্যে ইউক্রেনে রাশিয়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে দেশটির বিভিন্ন স্থানে পরিচালিত হামলায় এক শিশুসহ পাঁচ শ্রমিক নিহত হয়েছেন। এছাড়া, আহত হয়েছেন আরও পাঁচজন।

দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের একটি শিল্পকেন্দ্রে হামলার বিষয়ে স্থানীয় সামরিক প্রশাসনের প্রধান ওলেক্সান্দর হানঝা জানিয়েছেন, শত্রুপক্ষের হামলায় শ্রমিকদের মৃত্যু ঘটেছে। তিনি আরও উল্লেখ করেন, নিকোপোল জেলায় পৃথক আরেকটি হামলায় ৬২ বছর বয়সী এক ব্যক্তি আহত হয়েছেন এবং বেশ কিছু বাড়ি ও একটি অ্যাপার্টমেন্ট ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা ওই অঞ্চলের দুটি ধাতু প্রক্রিয়াজাতকরণ কারখানায় হামলা চালিয়েছে। মন্ত্রণালয় কারখানাগুলোকে ইউক্রেনের সামরিক উৎপাদনের জন্য ধাতব পণ্যের প্রধান সরবরাহকারী হিসেবে উল্লেখ করেছে।

অন্যদিকে, ইউক্রেনের কিয়েভ অঞ্চলে রাতের হামলায় আরও দুজন আহত হয়েছেন বলে জানিয়েছেন আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান তিমুর তকাচেঙ্কো। বোরিসপিল জেলায় হামলার ফলে সৃষ্ট আগুনে একটি নয়তলা আবাসিক ভবন আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি পরিষেবা বিভাগ জানিয়েছে, রুশ বাহিনী রাতের বেলায় দক্ষিণাঞ্চলীয় মাইকোলাইভ অঞ্চলের একটি শপিং সেন্টারে একাধিক ড্রোন হামলা চালিয়েছে। এতে দোকানপাট ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৭২ বছর বয়সী এক ব্যক্তি ও ১৭ বছর বয়সী এক কিশোরী আহত হয়েছেন। জরুরি পরিষেবা বিভাগ জানায়, পরবর্তী হামলার আশঙ্কায় উদ্ধারকর্মীদের বারবার নিরাপদ স্থানে সরে যেতে হয়েছে এবং পরিস্থিতি অনুকূল হলে তারা আবার কাজে ফিরেছেন।

দেশটির বিমানবাহিনী জানায়, রাশিয়া তাদের রোস্তভ ও ভোরোনেজ অঞ্চল থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এবং রাতের বেলায় ১৬৭টি আক্রমণকারী ড্রোন মোতায়েন করেছে। ড্রোনগুলোর মধ্যে শাহেদ-টাইপ (যার প্রায় অর্ধেকই জেট-চালিত), গেরান এবং বিভ্রান্তি সৃষ্টিকারী বা ‘ডিকয়’ অন্তর্ভুক্ত ছিল। বিমানবাহিনীর তথ্যমতে, ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ১২৮টি ড্রোন ভূপাতিত করেছে।

অন্যদিকে, স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, রাশিয়ার সীমান্তবর্তী বেলগোরোদ অঞ্চলে ইউক্রেনের হামলায় ১৪ বছর বয়সী এক কিশোরীসহ তিনজন আহত হয়েছেন। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, তাদের বাহিনী রাতের বেলায় ইউক্রেনের ৫৩টি ড্রোন ভূপাতিত করেছে।

এদিকে, সোশ্যাল মিডিয়া পোস্টে জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়া রাতে কিয়েভ ও বোরিসপিল আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালিয়েছে। তিনি এই হামলাকে যুক্তরাষ্ট্রের পরিকল্পিত সফরের সঙ্গে সম্পর্কিত বলে উল্লেখ করেন। জেলেনস্কি বলেন, বিমানবন্দরগুলোতে রাশিয়ার হামলাগুলো যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বিমানে করে ইউক্রেন সফরের সম্ভাবনা নিয়ে আলোচনা ও প্রস্তুতির প্রতিক্রিয়া। তিনি বলেন, "আমরা রাশিয়ার এই পদক্ষেপটি আমলে নিয়েছি এবং আগামী সপ্তাহে রুশ আকাশসীমা নিয়ে আমাদের কার্যক্রমে প্রয়োজনীয় সমন্বয় করব।"

এর আগে বৃহস্পতিবার রাতে দেওয়া এক ভাষণে জেলেনস্কি জানান, মস্কো ও কিয়েভ উভয় স্থানে বৈঠকের জন্য প্রাথমিক তারিখ নির্ধারণ করা হয়েছে। তিনি বলেন, ইউক্রেনের আলোচক দল মার্কিন পক্ষের সাথে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রাখছে এবং আলোচনার প্রস্তুতি নিচ্ছে।

সূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খার্গ দ্বীপে ইরানি তেলবাহী ট্যাংকারে মার্কিন হামলা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:২৮ পি.এম


খার্গ দ্বীপে ইরানি তেলবাহী ট্যাংকারে মার্কিন হামলা

মার্কিন সামরিক বাহিনী ইরানের খার্গ দ্বীপের তেল টার্মিনাল সংলগ্ন এলাকায় একটি ইরানি তেলবাহী ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। স্থানীয় সময় শনিবার সকালে, দ্বীপটির উপকূল থেকে প্রায় ছয় নটিক্যাল মাইল দূরে এই হামলার ঘটনা ঘটেছে, যা ইরানি সংবাদমাধ্যম

তাসনিম নিউজ

দ্বারা জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সূত্রের তথ্য মতে, ট্যাংকারটি দ্বীপটির নিকটে নোঙর করা অবস্থায় মার্কিন বাহিনী সেখানে ৪টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। হামলার পর, ট্যাংকারের নাবিকরা নিরাপদে সরে যাওয়ার চেষ্টা করছিলেন।

সূত্রগুলো জানাচ্ছে যে, এই হামলার ফলে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে, হামলার ফলে ট্যাংকারটির ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

এ ঘটনার ক্ষয়ক্ষতির মাত্রা এবং হামলার সুনির্দিষ্ট পরিস্থিতি বিশ্লেষণ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত কার্যক্রম শুরু করেছে।

 

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভৈরবে যুবলীগ নেতার সঙ্গে বিয়ের তথ্য গোপন করে পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

শাহিন আলম। ভৈরব, কিশোরগঞ্জ

শনিবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:২৮ পি.এম


ভৈরবে যুবলীগ নেতার সঙ্গে বিয়ের তথ্য গোপন করে পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ

কিশোরগঞ্জের ভৈরবে দ্বিতীয় বিয়ের তথ্য গোপন করে মৃত স্বামীর সরকারি পেনশনের টাকা উত্তোলনের অভিযোগ উঠেছে সরকারি মহিলা কলেজের অফিস সহায়ক আফসানা বেগমের বিরুদ্ধে। এ ঘটনায় তার দ্বিতীয় স্বামী হিসেবে পরিচিত সাগর আহমেদ উজ্জ্বলের সঙ্গে যোগসাজশে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ করেছেন মৃত স্বামীর পরিবারের সদস্যরা।
অভিযুক্ত আফসানা বেগম ভৈরব সরকারি মহিলা কলেজের সাবেক অফিস সহায়ক মৃত আসাদ মিয়ার স্ত্রী। অভিযোগ রয়েছে, প্রথম স্বামীর মৃত্যুর পর তিনি দ্বিতীয় বিয়ে করলেও তা গোপন রেখে বিধবা হিসেবে স্বামীর পেনশনের টাকা উত্তোলন করেছেন।
তবে আফসানা বেগম দ্বিতীয় বিয়ের অভিযোগ অস্বীকার করেছেন। অন্যদিকে সাগর আহমেদ দাবি করেছেন, আফসানা তার স্ত্রী এবং পেনশনের টাকা উত্তোলনের সুবিধার্থে বিয়ের বিষয়টি গোপন রাখতে তাকে অনুরোধ করা হয়েছিল।
মৃত আসাদ মিয়ার ভাই ও অভিযোগকারী কাউসার মাহমুদ বলেন, “আমার ভাই সরকারি মহিলা কলেজে অফিস সহায়কের চাকরি করতেন। ভাইয়ের মৃত্যুর পর আমার ভাবি আফসানা বেগম আরেকটি বিয়ে করেছেন। বিয়ের পর তিনি আমাদের না জানিয়ে ভাইয়ের প্রাপ্য পেনশনের টাকা উত্তোলন করে নিয়ে গেছেন। আমাদের কিছু না জানিয়ে ভাবি টাকা আত্মসাৎ করেছেন।”
তিনি আরও বলেন, “আমার মা অসুস্থ, অথচ ভাইয়ের পেনশনের এক টাকাও আমার মাকে দেওয়া হয়নি। ভাইয়ের মৃত্যুর পর ভাবি দ্বিতীয় বিয়ে করেছেন। বিয়ের তথ্য গোপন করে দ্বিতীয় স্বামীর সঙ্গে যোগসাজশে টাকা উত্তোলন করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। সরকারি নিয়ম অনুযায়ী দ্বিতীয় বিয়ে হলে এভাবে পেনশনের টাকা উত্তোলন করা যায় না। আমি চাই বিষয়টি তদন্ত করা হোক এবং অনিয়ম প্রমাণিত হলে সরকারি কোষাগারে টাকা ফেরত নেওয়া হোক।”
তিনি আরও বলেন, “আমার সাদিয়া নামে একটি ভাতিজি রয়েছে। তার ভবিষ্যৎ নিয়েও আমরা চিন্তিত।”
জানা যায়, ২০২২ সালের ৮ জানুয়ারি মারা যান সরকারি মহিলা কলেজের অফিস সহায়ক আসাদ মিয়া। তার স্ত্রী আফসানা বেগমও একই প্রতিষ্ঠানে অফিস সহায়ক হিসেবে কর্মরত ছিলেন। তাদের সংসারে সাদিয়া নামে একটি কন্যাসন্তান রয়েছে।
স্বামীর মৃত্যুর পর বিধবা স্ত্রী হিসেবে প্রাপ্য পেনশনের অর্থ উত্তোলন করেন আফসানা বেগম। তবে অভিযোগ রয়েছে, প্রথম স্বামীর মৃত্যুর পর তিনি গোপনে সাগর আহমেদ নামের এক যুবককে বিয়ে করেন।
স্থানীয়ভাবে সাগর আহমেদ উজ্জ্বল যুবলীগ নেতা হিসেবে পরিচিত বলে অভিযোগে উল্লেখ করা হলেও স্থানীয় যুবলীগ নেতারা জানান, তিনি সংগঠনের কোনো পদে নেই। তাদের দাবি, ব্যক্তি সাগরের কর্মকাণ্ডের দায় সংগঠন নেবে না এবং এ ঘটনাকে কেন্দ্র করে যুবলীগের নাম ব্যবহার করে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করা উচিত নয়।
অভিযোগের বিষয়ে আফসানা বেগম বলেন, “আমার কারও সঙ্গে বিয়ে হয়নি। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছে।”
তবে সাগর আহমেদ বলেন, “আফসানা আমার স্ত্রী। সে আমাকে বিয়ের বিষয়টি গোপন রাখতে বলেছিল। গোপন না রাখলে নাকি আগের স্বামীর পেনশনের টাকা উত্তোলন করতে পারবে না।”
এদিকে আফসানা বেগমের ভাই উজ্জ্বল মিয়া দাবি করেন, “সাগর আমার বোনকে ব্ল্যাকমেইল করে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। আমরা দ্রুত সময়ের মধ্যে সাগরের কাছ থেকে আমার বোনকে ডিভোর্স করাব।”
এ বিষয়ে ভৈরব সরকারি মহিলা কলেজের হিসাবরক্ষণ কর্মকর্তা ইকবাল হোসেন বলেন, “আসাদের স্ত্রী তার স্বামীর মৃত্যুর পর নিয়মানুযায়ী টাকা উত্তোলন করেছেন। তার দ্বিতীয় বিয়ের কথা আমাদের জানা ছিল না। নিয়ম রয়েছে, দ্বিতীয় বিয়ে হলে তিনি পেনশনের টাকা উত্তোলন করতে পারবেন না। এ বিষয়ে আলাদা সরকারি বিধান রয়েছে।”
এ বিষয়ে ভৈরব সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ মজিবুর রহমান বলেন, “উক্ত বিষয়ে আমাদের জানা নেই। আমি আগামীকাল রবিবার অফিসে গিয়ে বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।”
তিনি আরও বলেন, “দ্বিতীয় বিয়ে হলে পেনশন ভাতা নিতে পারেন না। এখন যদি আসাদের পরিবারের পক্ষ থেকে কেউ মামলা করেন, তাহলে আদালত উক্ত বিষয়ে সিদ্ধান্ত নেবেন।”
অভিযোগের সত্যতা, দ্বিতীয় বিয়ের তথ্য গোপন করে পেনশনের টাকা উত্তোলনে কোনো অনিয়ম হয়েছে কি না এবং সরকারি বিধি-বিধান যথাযথভাবে অনুসরণ করা হয়েছে কি না—তা তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এ ঘটনায় মৃত আসাদ মিয়ার পরিবারের পক্ষ থেকে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৯
মাগরিব ০৫:২৬
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%