০৮:২৩ পি.এম
স্পেন তুরস্কের তৈরি ১৫টি সুপারসনিক প্রশিক্ষণ বিমান ‘হুরজেট’ কেনার পরিকল্পনা করছে। এর আগে দেশটি ৩০টি বিমান কেনার জন্য চুক্তি সম্পন্ন করেছে। এ তথ্য জানিয়েছেন তুর্কি অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের (টিএআই) প্রধান নির্বাহী কর্মকর্তা মেহমেত দেমিরোগলু।
দেমিরোগলু বলেন, তুরস্কের উত্তরাঞ্চলীয় প্রদেশ কাস্তামোনুতে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে, ২০২৮ সালে স্পেনের কাছে বিমান সরবরাহ শুরু করার প্রস্তুতি চলছে। প্রথম দফার ৩০টি বিমানের চুক্তি সই হওয়ার পর স্পেন আরো ১৫টি কেনার পরিকল্পনা করছে।
তিনি উল্লেখ করেন, তুরস্কের বিমানবাহিনীর কাছে হুরজেট সরবরাহ শুরুর আগে স্পেন বিমানটি কেনার আগ্রহ প্রকাশ করে। এর পর দুই পক্ষের মধ্যে ৩০টি বিমান কেনার চুক্তি সম্পন্ন হয়।
আরও পড়ুন: দীর্ঘদিনের ক্ষমতার অবসান, সার্বিয়ার নির্বাচনে শিক্ষার্থীদের নেতৃত্বে জয়
দেমিরোগলু তুরস্কের প্রতিরক্ষা ও মহাকাশ প্রযুক্তি খাতের উৎপাদন সক্ষমতার বিষয়টিও তুলে ধরেন। তিনি জানান, একই স্থাপনায় ‘কান’ যুদ্ধবিমান, হুরজেট ও হুরকুশ বিমান, হেলিকপ্টার, চালকবিহীন আকাশযান, কৃত্রিম উপগ্রহ এবং বিমানের বিভিন্ন যন্ত্রাংশ নিয়ে কাজ হচ্ছে। সেখানে ছয়টি পৃথক ক্ষেত্রে গবেষণা, পরীক্ষা ও উৎপাদন কার্যক্রম পরিচালিত হচ্ছে।
তিনি জানান, হুরকুশ বিমানের সরবরাহ শুরু হয়েছে এবং আগামী বছরগুলোতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে। আজারবাইজানকে সম্ভাব্য রপ্তানি বাজার হিসেবে উল্লেখ করে তিনি আরও বিদেশি ক্রেতা পাওয়ার আশাও প্রকাশ করেন।
দেমিরোগলুর তথ্যমতে, তুর্কি অ্যারোস্পেসে বর্তমানে ১৬ হাজার ৫০০ কর্মী কাজ করছেন। তাঁর দাবি, প্রতিরক্ষা শিল্পে তুরস্কের সাফল্য দেশটির আন্তর্জাতিক অবস্থানকে শক্তিশালী করেছে এবং তুর্কি প্রযুক্তির প্রতি বিশ্বজুড়ে আগ্রহ বৃদ্ধি পেয়েছে।
তিনি বলেন, তুরস্কের প্রতিরক্ষা কর্মসূচির মূল লক্ষ্য হলো যুদ্ধ শুরু করা নয়, বরং যুদ্ধ ঠেকানোর সক্ষমতা বৃদ্ধি করা। ‘কান’ যুদ্ধবিমান তৈরির উদ্দেশ্যও একই—যাতে এটি ব্যবহার করার প্রয়োজন না হয়।
আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ ৭ নিহত
অনুষ্ঠানে শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা অর্জন ও ভবিষ্যতের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান দেমিরোগলু। তুরস্কের মহাকাশ ও প্রযুক্তি উৎসব ‘টেকনোফেস্ট’ তরুণদের প্রযুক্তি নিয়ে কাজ করার আগ্রহ বাড়িয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
কাস্তামোনু প্রাদেশিক জাতীয় শিক্ষা অধিদপ্তর অনুষ্ঠানটির আয়োজন করে।
সূত্র: আনাদোলু এজেন্সি
আরও পড়ুন: প্রথম দফায় পিছিয়ে লুলা, ব্রাজিলের ভোটে ঐতিহাসিক প্রত্যাবর্তনের আশা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন