০৯:৪৯ পি.এম
চলন্ত ট্রেনে অজ্ঞাত ব্যক্তির দ্বারা ছোড়া পাথরের আঘাতে ডান চোখের দৃষ্টিশক্তি হারানো বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী মো. সাব্বির হোসেনকে আর্থিক সহায়তা প্রদান করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
মঙ্গলবার, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ঢাকা অফিসে, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান আহত শিক্ষার্থী মো. সাব্বির হোসেনের বাবার হাতে চিকিৎসা সহায়তার চেক প্রদান করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: রাজবাড়ী জেলা কারাগারে হাজতি নারায়ণ চন্দ্র দাসের মৃত্যু
উল্লেখ্য, গত ২১ জুলাই ছুটি শেষে ঢাকায় ফেরার পথে পঞ্চগড় থেকে ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেসে যাত্রাকালে অজ্ঞাত ব্যক্তির ছোড়া পাথরের আঘাতে গুরুতর আহত হন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী মো. সাব্বির হোসেন (২২)। পাথরের আঘাতে তার ডান চোখ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে এবং চিকিৎসকদের মতে, ওই চোখের দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার সম্ভাবনা নেই। পাশাপাশি, তিনি মাথায়ও গুরুতর আঘাত পান।
ঘটনার পর তাকে জামতৈল রেলস্টেশনে নামিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তার চিকিৎসা চলছে। এ ঘটনায় জড়িতদের শনাক্তে আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত করছে।
শিক্ষার্থীর এই দুর্ভোগে বাউবি কর্তৃপক্ষ তার পাশ দিয়ে দাঁড়িয়েছে। চিকিৎসা ব্যয়ে সহযোগিতার অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাকে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়।
বাউবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান বলেন, “বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় তার শিক্ষার্থীদের যেকোনো সংকট ও দুর্দিনে পাশে থাকার বিষয়ে আন্তরিক। সাব্বিরের দ্রুত সুস্থতা কামনা করছি। তার চিকিৎসার প্রয়োজনীয় সহায়তায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যথাসম্ভব পাশে থাকবে।”
আরও পড়ুন: শুল্ক ফাঁকি দিয়ে আনা ১৫ হাজার কেজি লাল চিনি জব্দ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন