০৬:৪৯ পি.এম
দুর্গাপূজার ছুটির সময়ে মেট্রোরেলের চলাচল বিশেষ সময়সূচিতে পরিচালিত হবে। আগামী ২০, ২১, ২২ ও ২৪ অক্টোবর ট্রেন চলাচল স্বাভাবিক সময়সূচির আদলে হবে, তবে ২৩ অক্টোবর (শুক্রবার) মেট্রোরেল বিকেল থেকে চলবে। এই সময়ে যাত্রীদের চাহিদার ভিত্তিতে ট্রেন চলাচলের বিরতি সমন্বয় করা হবে। ছুটির এই সময় ১০ থেকে ২০ মিনিট পরপর ট্রেন চলাচল করবে। সোমবার (১৯ অক্টোবর) ঢাকা মাস ট্রানজিট কম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) অপারেশন বিভাগের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
ডিএমটিসিএলের প্রকাশিত সময়সূচি অনুযায়ী, নির্ধারিত চার দিনের মধ্যে উত্তরা উত্তর থেকে মতিঝিলগামী প্রথম ট্রেন সকাল ৬টা ৩০ মিনিটে ছাড়বে। অন্যদিকে, মতিঝিল থেকে উত্তরা উত্তরগামী প্রথম ট্রেন সকাল ৭টা ১৫ মিনিটে ছাড়বে। দিনের বেশিরভাগ সময় ১০ থেকে ১২ মিনিট পরপর ট্রেন চলবে। রাতের বেলায় যাত্রী চাহিদা অনুযায়ী এ বিরতি বেড়ে ১৫ থেকে ২০ মিনিট হবে। এই চার দিনে দুই দিক মিলিয়ে মোট ১৭১টি ট্রিপ পরিচালনা করা হবে।
২৩ অক্টোবর (শুক্রবার) উত্তরা উত্তর থেকে মতিঝিলগামী ট্রেন চলাচল শুরু হবে বিকেল ৩টায়। আর মতিঝিল থেকে উত্তরা উত্তরগামী ট্রেন চলবে বিকেল ৩টা ২০ মিনিট থেকে। এদিন দুই দিক মিলিয়ে মোট ৮২টি ট্রিপ পরিচালিত হবে।
আরও পড়ুন: মোহাম্মদপুরে ২৪ ঘণ্টার মধ্যে ১৩ ছিনতাইকারী গ্রেপ্তার, উদ্ধার অস্ত্র ও মোবাইল ফোন
ডিএমটিসিএল জানিয়েছে, যাত্রী চাপ সামাল দিতে উত্তরা উত্তর স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্ম ও ডিপোতে দুটি অতিরিক্ত ট্রেন প্রস্তুত রাখা হবে। প্রয়োজন অনুযায়ী এসব ট্রেন চালিয়ে চলাচলের বিরতি সমন্বয় করা হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন