ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী


শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী

ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী জানিয়েছেন, শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার জন্য একটি আইনগত প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে। তিনি উল্লেখ করেছেন, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ বিষয়ে ভারতের অবস্থান বারবার স্পষ্ট করেছেন। বিষয়টি আইনগত এবং সুসংগঠিত প্রক্রিয়ার আওতায় রয়েছে এবং আদালতও এর সঙ্গে যুক্ত। এজন্য শেখ হাসিনাকে ফেরত দেওয়ার নির্দিষ্ট কোনো সময়সীমা উল্লেখ করা সম্ভব নয়। একইভাবে, ওসমান হাদির হত্যাকারীদের ফিরিয়ে দেওয়ার প্রসঙ্গেও তিনি একই মন্তব্য করেছেন।

শনিবার ‘বে অফ বেঙ্গাল কনভার্সেশন ২০২৬’-এর গ্র্যান্ড বলরুমে অনুষ্ঠিত একটি সেশনে দীনেশ ত্রিবেদী এসব কথা বলেন।

ভারতের হাইকমিশনার আরও বলেন, এ বিষয়ে উত্তর দিতে হলে আমাদের ইতিহাসের দিকে ফিরে তাকাতে হবে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইতোমধ্যে এ বিষয়ে ভারতের অবস্থান স্পষ্ট করেছেন। তারা বলেছেন, এ বিষয়ে একটি প্রক্রিয়া রয়েছে এবং সেই প্রক্রিয়াটি আইনগত ও সুসংগঠিত। বর্তমানে সেই প্রক্রিয়া চলছে এবং আদালতও এর সঙ্গে যুক্ত। তাই এ বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা বলা সম্ভব নয়।

আরও পড়ুন: কর্ণফুলী ওপর দেশের প্রথম ক্যাবল-স্টেইড সেতু, তিন জেলার মানুষের স্বস্তি মিলবে

শেখ হাসিনা ভারতে কীভাবে গিয়েছিলেন, সে প্রসঙ্গে দীনেশ ত্রিবেদী বলেন, শেখ হাসিনাকে ভারতীয় বিমানবাহিনী বা সেনাবাহিনী ভারতে নিয়ে যায়নি। বাংলাদেশে যে সময় মর্মান্তিক পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, তার পরিপ্রেক্ষিতেই তিনি ভারতে এসেছিলেন। তিনি আশা প্রকাশ করেন, পৃথিবীর কোনো প্রান্তেই যেন এমন পরিস্থিতি আর কখনো সৃষ্টি না হয়, যেখানে নিরপরাধ মানুষকে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়।

দীনেশ ত্রিবেদী বলেন, সেই সময় একটি সামরিক বিমান ভারতে এসেছিল এবং ভারতও এ ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত ছিল না। তিনি নিজেও তখন টেলিভিশনে দেখছিলেন, স্ক্রলে প্রচার করা হচ্ছিল যে তিনি অন্য কোনো দেশে যাচ্ছেন। সেই মুহূর্তে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন। ফলে পরিস্থিতির বাস্তবতায় আমাদের সামনে খুব বেশি বিকল্প ছিল না।

তিনি বলেন, একজন প্রতিবেশী হিসেবে তখনকার বাস্তবতাকে গ্রহণ করাই ভারতের দায়িত্ব ছিল। কারণ কখনো কখনো এমন পরিস্থিতি তৈরি হয়, যার জন্য কোনো দেশই আগে থেকে প্রস্তুত থাকে না। ভারত যদি বলত যে তাকে গ্রহণ করবে না, এমনকি অবতরণের অনুমতিও না দিত, তাহলে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াত, তা বলা কঠিন।

তিনি বলেন, এটাই ছিল সেই সময়ের ঐতিহাসিক বাস্তবতা। বর্তমান পরিস্থিতিতে যে আইনগত প্রক্রিয়া রয়েছে, সেটি তার নিজস্ব গতিতে চলছে। বাংলাদেশ একটি প্রাণবন্ত গণতান্ত্রিক দেশ এবং দেশের মানুষ আইনের শাসন ও বিচারব্যবস্থাকে সম্মান করে, ভারতও একটি প্রাণবন্ত গণতান্ত্রিক দেশ হিসেবে তার আইনগত প্রক্রিয়াকে সম্মান করে।

আরও পড়ুন: গোলাম মোস্তফা: ২০০৬ সালের ২৮ অক্টোবর গণতন্ত্রের বিরুদ্ধে ফ্যাসিবাদের সূচনা

সম্প্রতি ভারতের নিরাপত্তা নিয়ে এক প্রশ্নের জবাবে দীনেশ ত্রিবেদী বলেন, বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম দেশ এবং নিজেদের নিরাপত্তার বিষয়টি তারা অন্য যেকোনো দেশের চেয়ে ভালো বুঝেন। বাংলাদেশের কী করা উচিত, তা কাউকে বলে দেওয়ার প্রয়োজন নেই। বাংলাদেশের সরকার ও জনগণ নিজেদের স্বার্থ ও নিরাপত্তা নিয়ে নিজেরাই সিদ্ধান্ত নেওয়ার অধিকার রাখে।

তিনি বলেন, বাংলাদেশের পক্ষ থেকে ভারতের নিরাপত্তায় হস্তক্ষেপের প্রশ্নই আসে না। বাংলাদেশের জনগণের ওপর ভারতের পূর্ণ আস্থা রয়েছে। বাংলাদেশের মানুষও বুঝবেন যে ভারতের নিরাপত্তায় হস্তক্ষেপের বিষয়টি কখনোই সামনে আসবে না।

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অন্য কোনো দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের ওপর নির্ভর করে না উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ অন্য দেশগুলোর সঙ্গে যে সম্পর্কই বজায় রাখুক না কেন, নিজেদের জনগণের স্বার্থ রক্ষার অধিকার তাদের রয়েছে। একইভাবে ভারতেরও নিজেদের স্বার্থ রক্ষার অধিকার রয়েছে। একজন ভালো প্রতিবেশী হিসেবে একে অপরের মর্যাদা ও সম্মানের প্রতি শ্রদ্ধাশীল থাকাটাই গুরুত্বপূর্ণ।

ভারত-বাংলাদেশ সম্পর্ককে শুধুমাত্র লেনদেনভিত্তিক সম্পর্ক হিসেবে না দেখার কথা জানিয়ে দীনেশ ত্রিবেদী বলেন, দুই দেশের সম্পর্ক এর চেয়ে অনেক বেশি বিস্তৃত। এর সঙ্গে গভীর সাংস্কৃতিক ও ঐতিহাসিক বন্ধন রয়েছে।

আরও পড়ুন: ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে শৃঙ্খলা ফেরাতে এআই ক্যামেরার ব্যবস্থা

পশ্চিমবঙ্গ থেকে আসার কথা উল্লেখ করে তিনি বলেন, ভারতের পূর্বাঞ্চলের মানুষ হিসেবে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধন তিনি ভালোভাবেই বোঝেন। দুই দেশের এই সাংস্কৃতিক বন্ধন অত্যন্ত শক্তিশালী ও মৌলিক।

তিনি বলেন, ভারত-বাংলাদেশের সম্পর্ক বাইরের বিশ্বের পক্ষে পুরোপুরি বোঝা কঠিন। একদিকে নজরুলগীতি, অন্যদিকে রবীন্দ্রসংগীত। এমনকি রবীন্দ্রনাথ ঠাকুর দুই দেশের জাতীয় সংগীতের রচয়িতা। এ ধরনের সম্পর্ক দুই দেশের বন্ধনের অনন্য গভীরতাকে তুলে ধরে।

নিরাপত্তা সম্পর্ক এবং লেনদেনভিত্তিক সম্পর্ক এক নয় উল্লেখ করে দীনেশ ত্রিবেদী বলেন, বাংলাদেশের জনগণ অত্যন্ত বুদ্ধিমান এবং তারা ভারতের নিরাপত্তার বিষয়টিও গুরুত্ব দিয়ে বোঝেন। তাই ভবিষ্যতেও এমন কোনো পরিস্থিতি আসবে বলে তিনি মনে করেন না, যেখানে ভারতের নিরাপত্তা নিয়ে বাংলাদেশের পক্ষ থেকে উদ্বেগের কারণ তৈরি হবে।

ভারত-বাংলাদেশ সম্পর্কে মতপার্থক্য প্রসঙ্গে তিনি বলেন, একটি পরিবারের মধ্যে যেমন কখনো কখনো সমস্যা বা মতপার্থক্য দেখা দেয়, দুই দেশের সম্পর্কেও তেমন কিছু বিষয় থাকতে পারে। কোনো সমস্যা না থাকলে সেটি গণতন্ত্রের বৈশিষ্ট্যও নয়। গণতন্ত্রে মতপার্থক্য থাকবেই। তবে এসব সমস্যা সমাধানের একমাত্র পথ হলো সংলাপ, আলোচনা, পরামর্শ ও পারস্পরিক যোগাযোগ। আর এই সংলাপের ভিত্তি হলো আস্থা।

আরও পড়ুন: দেশি মাছের প্রাকৃতিক উৎপাদন বাড়াতে পরিকল্পনা নেওয়া হয়েছে: মৎস্যমন্ত্রী

দীনেশ ত্রিবেদী বলেন, দূরত্ব রেখে কোনো সম্পর্কের সমস্যা সমাধান করা সম্ভব নয়। ভারত-বাংলাদেশ সম্পর্ক সবসময়ই একটি চলমান প্রক্রিয়া। দুই দেশের মানুষের ভালোবাসা ও পারস্পরিক আন্তরিকতা তিনি দেখছেন। এ কারণে তিনি বিশ্বাস করেন, দুই দেশের সম্পর্কের মূল ভিত্তি অটুট রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

উজিরপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৩ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:৩৬ পি.এম


উজিরপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ

বরিশালের উজিরপুরে ডেঙ্গু প্রতিরোধের উদ্দেশ্যে পরিচ্ছন্নতা অভিযান, মশক নিধন এবং সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে। শনিবার উপজেলা পরিষদের উদ্যোগে এবং উজিরপুর পৌরসভার সহযোগিতায় এই কর্মসূচিটি অনুষ্ঠিত হয়।

কর্মসূচির আওতায় ইচলাদী বাজার, ইচলাদী বাসস্ট্যান্ড ও আশপাশের বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। একই সঙ্গে সম্ভাব্য এডিস মশার প্রজননস্থল চিহ্নিত করে ফগার মেশিনের মাধ্যমে মশক নিধন কার্যক্রমও সম্পন্ন হয়।

এ সময় স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী, পথচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। জমে থাকা পানি অপসারণ, বাড়ির আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা এবং ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানানো হয়।

অভিযান চলাকালীন ফুলের টব, পরিত্যক্ত পাত্র, ড্রাম, বালতি, বোতল, টায়ার ও নারিকেলের খোসাসহ যেসব স্থানে পানি জমে এডিস মশার প্রজনন হতে পারে, সেসব স্থান নিয়মিত পরিষ্কার রাখার পরামর্শ দেওয়া হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন উজিরপুরের সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক উম্মে সালমা খানুন, পৌর নির্বাহী কর্মকর্তা মো. সাইফুর রহমান খান, উজিরপুর পৌর বিএনপির সভাপতি শহীদুল ইসলাম খান, সোহেল হাওলাদারসহ রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সংশ্লিষ্টরা।

সংশ্লিষ্টরা উল্লেখ করেন, শুধুমাত্র মশক নিধন কার্যক্রমের মাধ্যমে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়। এজন্য প্রতিটি বাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান এবং আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়ার বিষয়ে নাগরিকদের সচেতন ও দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ডেঙ্গু প্রতিরোধে জনসম্পৃক্ততা বাড়াতে আগামী তিন মাস প্রতি শনিবার ধারাবাহিকভাবে পরিচ্ছন্নতা অভিযান, মশক নিধন ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলার অর্থনীতির লক্ষ্য: অর্থ উপদেষ্টা ড. তিতুমীর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৩ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:৩৭ পি.এম


২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলার অর্থনীতির লক্ষ্য: অর্থ উপদেষ্টা ড. তিতুমীর

বাংলাদেশকে ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের জন্য সরকার সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে কাজ করছে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা প্রফেসর ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। তিনি জানান, এই লক্ষ্য অর্জনের জন্য অর্থনৈতিক পুনর্গঠন, কর্মসংস্থান সৃষ্টি, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং প্রবৃদ্ধির গতি টেকসই করার জন্য পাঁচ বছর মেয়াদি কৌশলগত কাঠামো গ্রহণ করা হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) সকাল ১০টায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত 'ইন্ডাস্ট্রি-একাডেমি কোলাবোরেশন' প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব তথ্য তুলে ধরেন।

অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা আরও বলেন, অর্থনীতিকে একটি নতুন ও টেকসই ভিত্তির ওপর দাঁড় করাতে হলে শুধুমাত্র প্রবৃদ্ধির সংখ্যা বাড়ানো যথেষ্ট নয়। বরং উৎপাদন, বিনিয়োগ, কর্মসংস্থান, দক্ষতা উন্নয়ন এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতার মধ্যে সমন্বয় সাধন করা অত্যন্ত জরুরি। নির্বাচনী ইশতেহার ও জনগণের ম্যান্ডেটকে ভিত্তি করে এই পঞ্চবার্ষিক কৌশলগত কাঠামো তৈরি করা হয়েছে। সরকার অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠে টেকসই প্রবৃদ্ধি অর্জনে রিকভার, রেস্টোরেশন ও রিকনস্ট্রাকশন ফর অ্যাক্সিলারেটর এই 3R কৌশল অবলম্বন করছে।

অধ্যাপক তিতুমীর একটি গণতান্ত্রিক ও বৈষম্যহীন কল্যাণরাষ্ট্র গঠনে কর্মসংস্থানকে মূল চাবিকাঠি হিসেবে উল্লেখ করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষিত তরুণদের বেকারত্ব দূরীকরণে নতুন উদ্যোক্তা এবং স্টার্টআপ তৈরির ওপর জোর দেন। এ লক্ষ্যে তরুণ উদ্যোক্তাদের জন্য ৫০ মিলিয়ন ডলারের একটি বিশেষ তহবিল গঠনের পরিকল্পনার কথাও জানান। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়গুলোকে শুধুমাত্র ডিগ্রি প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে না রেখে দক্ষ মানবসম্পদ, গবেষণা, উদ্ভাবন ও উদ্যোক্তা তৈরির কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ কে এম মতিনুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য ড. এমতাজ হোসেন, কোষাধ্যক্ষ ড. ইদ্রিস আলী এবং স্বাগত বক্তা রেজিস্ট্রার ড. আতিকুর রহমান উপস্থিত ছিলেন।

এছাড়া অনুষ্ঠানে দেশের বিশিষ্ট প্রায় ২৭টি শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল- প্রাণ-আরএফএল গ্রুপ, স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ, আনোয়ার গ্রুপ, আবুল খায়ের গ্রুপ, গ্রামীণফোন, বিকাশ, বিআরবি কুষ্টিয়া, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো ও ব্র্যাক, রাজবাড়ী জুট মিলস লিমিটেড, বেনকিউ ইন্ডাস্ট্রি, টেকনোডেরা ইন্ডাস্ট্রি, নেসলে বাংলাদেশ পিএলসি, শাহজালাল ইসলামিক ব্যাংক পিএলসি, ম্যাটাডর ডিস্ট্রিবিউশন লিমিটেড, এনসিঙ্গা ইন্ডাস্ট্রি-সহ প্রধান প্রধান বাণিজ্যিক প্রতিষ্ঠান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘আমি আওয়ামী লীগার না’— আদালত চত্বরে হেলমেট ছুড়ে ফেললেন আখতারুজ্জামান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৩ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:৪৩ পি.এম


‘আমি আওয়ামী লীগার না’— আদালত চত্বরে হেলমেট ছুড়ে ফেললেন আখতারুজ্জামান

‘আমি আওয়ামী লীগার না’ বলেই জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান পুলিশের দেওয়া হেলমেট ছুড়ে ফেলেন। শনিবার (৩ অক্টোবর) রাজধানীর বিমানবন্দর থানার মামলায় আদালত চত্বরে প্রিজনভ্যান থেকে নামার সময় তিনি এই ঘটনা ঘটান। এ সময় জামায়াতের এই নেতা নিজের হাতে হাতকড়া ও মাথায় হেলমেট পরানোর ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন।

তিনি বলেন, "আমার মুক্তিযুদ্ধ করে পাওয়া দেশে আমার হাতে হাতকড়া ও হেলমেট পরানো হয়েছে।"

আদালতে নেওয়ার সময় তিনি আরও বলেন, "আমি বিমানের অব্যবস্থাপনা নিয়ে কথা বলেছি।" এ সময় প্রিজনভ্যানের ভেতর থেকে আঙুল তুলে পুলিশকে শাসাতেও তাকে দেখা যায়। এক পর্যায়ে তিনি হেলমেট ছুড়ে ফেলে দেন।

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান আরও বলেন, "জুলুম, নির্যাতন করে আমাদেরকে থামানো যাবে না। জামায়াত জনগণের জন্য লড়বে, জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়বে।"

তিনি আরও বলেন, "ভাইয়েরা, জনগণের অধিকার সংগ্রাম অব্যাহত থাকবে। জনগণের সংগ্রাম অব্যাহত থাকবে। আমরা জনগণের জন্য লড়ব ইনশাআল্লাহ।"

গত বৃহস্পতিবার সকালে মদিনা থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে আসা ওমরাহ যাত্রীদের জমজমের পানি সরবরাহে বিলম্ব হয়। ওই ফ্লাইটে ছিলেন আখতারুজ্জামান। ঢাকায় বিমানবন্দরে নেমে তিনি ওই ঘটনা নিয়ে বিমানবন্দরের কর্মকর্তাদের সঙ্গে ‘বাজে’ আচরণ শুরু করেন। তিনি বিমানমন্ত্রীর নাম ধরেও আপত্তিকর মন্তব্য করেন। তার উচ্চবাচ্যের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।

ভিডিওতে দেখা যায়, জামায়াত নেতা আখতারুজ্জামান বিমানবন্দরের নির্বাহী পরিচালক (ইডি) গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদকে উদ্দেশ করে বলছেন, "ঘাড় ধরে বের করে দিব, ঘাড় ধরে বের করে দিব। আপনারা কাজ করেন না, কিছু করেন না, তদবির করে পোস্ট নেন। মার খাইতে চান?" তবে বিমানবন্দরের নির্বাহী পরিচালককে শান্তভাবে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করতে দেখা যায়।

ওই ভিডিও ছড়িয়ে পড়লে বিমানবন্দরের মতো এলাকায় দায়িত্বশীল ব্যক্তির এমন অশোভন আচরণ নিয়ে তোলপাড় শুরু হয়। এর পরই শুক্রবার বিমানবন্দর থানায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) নিরাপত্তা কর্মকর্তা শাহরিয়ার আলম সজীব মামলা করেন। মামলায় মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে সরকারি কাজে বাধা, হুমকি প্রদানের অভিযোগ আনা হয়েছে।

শুক্রবার বিকালে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) শফিকুল ইসলাম জানিয়েছেন, বিমানবন্দর থানার মামলার আসামি আখতারুজ্জামানকে তার বাসা থেকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডেঙ্গু নিয়ন্ত্রণে জনগণকেও দায়িত্ব নিতে হবে: প্রতিমন্ত্রী হাবিব

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৩ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:৪৩ পি.এম


ডেঙ্গু নিয়ন্ত্রণে জনগণকেও দায়িত্ব নিতে হবে: প্রতিমন্ত্রী হাবিব

ডেঙ্গু নিয়ন্ত্রণের জন্য সিটি কর্পোরেশনের পাশাপাশি নগরবাসীকেও তাদের নিজ নিজ বাড়ি ও আশপাশ পরিষ্কার রাখার দায়িত্ব নিতে হবে, এমন মন্তব্য করেছেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।

তিনি উল্লেখ করেন, প্রতিদিন অন্তত ১০ মিনিট নিজ বাড়ি ও আশপাশ পরিষ্কারে ব্যয় করলে সম্মিলিতভাবে ঢাকাকে ডেঙ্গুমুক্ত করা সম্ভব হবে।

শনিবার (৩ অক্টোবর) রাজধানীর মুগদায় অনুষ্ঠিত মশকের প্রজননস্থল ধ্বংস, ডেঙ্গু নিয়ন্ত্রণ, বৃক্ষরোপণ ও জনসচেতনতামূলক সমাবেশে তিনি এসব কথা বলেন।

হাবিবুর রশিদ হাবিব আরও বলেন, ঢাকাকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও বাসযোগ্য করতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। এর অংশ হিসেবে প্রতি শনিবারকে সিটি কর্পোরেশনের ক্লিনিং ডে হিসেবে ঘোষণা করা হয়েছে। তবে, শুধুমাত্র সিটি কর্পোরেশন বা সরকারের একার পক্ষে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়। এজন্য নগরবাসীর সচেতন ও সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত প্রয়োজন।

মুগদা হাসপাতালের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, ঢাকা শহরের ডেঙ্গু আক্রান্তদের একটি বড় অংশ মুগদা হাসপাতালে চিকিৎসা নিতে আসে। প্রধানমন্ত্রীর নির্দেশে স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্যমন্ত্রী মুগদা হাসপাতালকে স্থানীয় জনগণের পাশাপাশি ঢাকার জনগণের ডেঙ্গু চিকিৎসার দায়িত্ব দিয়েছেন।

ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালামের কর্মকাণ্ডের প্রশংসা করে প্রতিমন্ত্রী বলেন, তিনি রাতদিন কাজ করে ডেঙ্গু নিয়ন্ত্রণের পাশাপাশি নর্দমা পরিষ্কার ও নগরবাসীর জন্য সুন্দর পরিবেশ নিশ্চিত করার চেষ্টা করছেন। একইভাবে নগরবাসীকেও তাদের নিজ নিজ বাড়ি ও আশপাশ পরিষ্কার রাখতে হবে।

সমাবেশে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালামসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%