ঢাকা সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ইং ১০ই কার্তিক, ১৪৩৩বাং

ভান্ডারিয়ায় পৌনে ১ কোটি টাকা আত্মসাৎসহ ২৪ অভিযোগে প্রধান শিক্ষককে শোকজ


ভান্ডারিয়ায় পৌনে ১ কোটি টাকা আত্মসাৎসহ ২৪ অভিযোগে প্রধান শিক্ষককে শোকজ

পিরোজপুরের ভান্ডারিয়া থানা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস. এম. মজিবুর রহমানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, সরকারি রাজস্ব ফাঁকি, ক্ষমতার অপব্যবহার ও পেশাগত অসদাচরণসহ ২৪টি গুরুতর অভিযোগ উঠেছে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। একই সঙ্গে বিধিমোতাবেক পরবর্তী ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. হাসিবুল হাসান স্বাক্ষরিত স্মারক নং-০৫.১০.৭৯১৪.০০০.০৭.০০১.২৬-৯৪২ তে গত ১৩ সেপ্টেম্বর এ কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, বরিশাল (বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রবিধানমালা-২০২৪-এর ৫৩(২) বিধির আওতায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

নোটিশে প্রধান শিক্ষকের বিরুদ্ধে উল্লেখ করা অভিযোগগুলোর মধ্যে রয়েছে, সরকারি নির্দেশনা উপেক্ষা করে ব্যাংক হিসাব একক স্বাক্ষরে পরিচালনা এবং জানুয়ারি ২০২৪ থেকে ৩০ জুন ২০২৬ পর্যন্ত ভর্তি ও বিভিন্ন খাত থেকে আদায় করা আনুমানিক ৭৯ লাখ ৪ হাজার ৩৩০ টাকা ব্যাংকে জমা না দিয়ে আত্মসাৎ। এছাড়া ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে ৩৯ লাখ ৯৭ হাজার ৭৫৪ টাকা উত্তোলন এবং নির্দিষ্ট সময়ে ২৪ লাখ ৬ হাজার ৫৭৬ টাকার হিসাব মেলাতে না পারার অভিযোগও রয়েছে।

অভিযোগে আরও বলা হয়েছে, সরকারি পিবিজিএসআই (চইএঝও) স্কিমের ৫ লাখ টাকা বিধিবহির্ভূতভাবে ব্যয় না করে ফেরত প্রদানের মাধ্যমে ২০ জন সুবিধাবঞ্চিত ছাত্রী, ৬ জন বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রী, শিক্ষক ও বিদ্যালয়ের উন্নয়নকে বঞ্চিত করেছে।

এছাড়া উৎসে ভ্যাট ও আয়কর কর্তন না করে গত আড়াই বছরে সরকারের প্রায় ১২ লাখ টাকার রাজস্ব ফাঁকি দেওয়া এবং স্ট্যাম্প আইন অমান্য করে ক্যাশ ভাউচারে স্ট্যাম্প ব্যবহার না করে লেনদেন করার অভিযোগ রয়েছে।

নোটিশে টাকার বিনিময়ে নির্ধারিত রোল নম্বর অতিক্রম করে বেআইনিভাবে ছাত্রী ভর্তি, উপবৃত্তির টাকা শিক্ষকদের মধ্যে বিতরণ না করে আত্মসাৎ এবং বিদ্যালয় পরিচালনা কমিটির অনুমতি ছাড়া স্কুলের বেঞ্চ ও টেবিল বাইরের এক হোটেল মালিকের কাছে মাত্র ১ হাজার ৫০০ টাকায় বিক্রি করার অভিযোগও উল্লেখ করা হয়েছে।

প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোসাঃ সেলিনা আক্তারের বিয়ে, বয়স, গায়ের রঙ ও পোশাক নিয়ে অশালীন ও আপত্তিকর মন্তব্য করার অভিযোগও রয়েছে। পাশাপাশি সভাপতির অনুমোদন ছাড়া একক সিদ্ধান্তে সহকারী প্রধান শিক্ষককে বহিষ্কার এবং শিক্ষকদের বেতন ও বাড়িভাড়া ভাতা বেআইনিভাবে বন্ধ রাখার অভিযোগ আনা হয়েছে।

নোটিশে উল্লিখিত অভিযোগগুলো বরিশাল শিক্ষা বোর্ডের প্রবিধানমালা-২০২৪-এর বিধি ৫১(ক) থেকে ৫১(ঙ) এবং আর্থিক স্বচ্ছতা নীতিমালা-২০২৬ অনুযায়ী অদক্ষতা, পেশাগত অসদাচরণ, কর্তব্যে অবহেলা, দুর্নীতি ও নৈতিক স্খলনজনিত অপরাধ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

কারণ দর্শানোর নোটিশে নোটিশ প্রাপ্তির ১০ কার্যদিবসের মধ্যে প্রধান শিক্ষককে লিখিত জবাব দিতে বলা হয়েছে। একই সঙ্গে কেন তাকে চাকরি থেকে বরখাস্ত করা হবে না অথবা অন্য কোনো উপযুক্ত দণ্ড প্রদান করা হবে না, তার কারণ জানাতে নির্দেশ দেওয়া হয়েছে। আত্মপক্ষ সমর্থনে ব্যক্তিগত শুনানিতে অংশ নিতে চান কি না, তাও নির্ধারিত সময়ের মধ্যে জানাতে বলা হয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব পাওয়া না গেলে বিধিমোতাবেক তদন্ত কমিটি গঠন করে পরবর্তী চূড়ান্ত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টাঙ্গাইলে জুলাই যোদ্ধা হাসান আলী ও যুবদল নেতা মাহমুদুল হাসান ইয়াবাসহ পুলিশের হাতে গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ একদিল হোসেন স্টাফ রিপোর্টার

বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:০৫ পি.এম


টাঙ্গাইলে জুলাই যোদ্ধা হাসান আলী ও যুবদল নেতা মাহমুদুল হাসান ইয়াবাসহ পুলিশের হাতে গ্রেপ্তার

৩০০ পিস ইয়াবাসহ টাঙ্গাইলের ভূঞাপুরের জুলাই যোদ্ধা হাসান আলী ও যুবদল নেতা মাহমুদুল হাসান কে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৪টায় এলেঙ্গা থেকে তাদেরকে গ্রেপ্তার করেছে টাঙ্গাইল ডিবি দক্ষিণ। ডিবি দক্ষিণের এসআই রিয়াজ উদ্দিন সঙ্গীর ফোর্সসহ তাদের গ্রেপ্তার করেন।

গ্রেপ্তারকৃতরা ভূঞাপুর উপজেলার চিতুলিয়াপাড়া এলাকার আজাহার আলীর ছেলে হাছান আলী (৩৭) এবং একই এলাকার আব্দুল হকের ছেলে মাহমুদুল হাসান (৩৪)।

এ বিষয়ে ডিবি দক্ষিণের এসআই রিয়াজ উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে তল্লাশি করা হয়। এ সময় তাদেরকে প্রত্যেকের কাছ থেকে ১৫০ পিস করে মোট ৩০০ পিস ইয়াবা পাওয়া যায়। তাদের বিরুদ্ধে নিয়মিত মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পিরোজপুরে জেলা প্রশাসনের গণশুনানি অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:১৫ পি.এম


পিরোজপুরে জেলা প্রশাসনের গণশুনানি অনুষ্ঠিত

পিরোজপুর, ১৬ সেপ্টেম্বর, ২০২৬ : আজ সাপ্তাহিক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে জেলা প্রশাসনের উদ্যোগে।

সাপ্তাহিক এ গণশুনানির আয়োজন করা হয় আজ বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে।

গণশুনানিতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত সেবাপ্রত্যাশীরা সরাসরি উপস্থিত হয়ে তাদের বিভিন্ন অভিযোগ, সমস্যা, আবেদন ও প্রত্যাশার কথা জেলা প্রশাসকের কাছে তুলে ধরেন।

এ সময় জেলা প্রশাসক আবু সাঈদ আগত সেবাপ্রত্যাশীদের বক্তব্য মনোযোগসহকারে শোনেন এবং উত্থাপিত বিষয়সমূহের বিষয়ে সংশ্লিষ্ট দপ্তর ও কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করেন। কিছু বিষয়ে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি।

গণশুনানির মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে প্রশাসনের সরাসরি যোগাযোগের সুযোগ সৃষ্টি হচ্ছে এবং জনগণের বিভিন্ন সমস্যা ও অভিযোগ দ্রুততার সঙ্গে চিহ্নিত করে তা সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে।

জেলা প্রশাসনের জনবান্ধব, স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসনিক কার্যক্রমের অংশ হিসেবে নিয়মিত সাপ্তাহিক গণশুনানি অব্যাহত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিরিয়ার স্থিতিশীলতার জন্য সবচেয়ে বড় হুমকি ইসরায়েল: তুর্কি পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:১৫ পি.এম


সিরিয়ার স্থিতিশীলতার জন্য সবচেয়ে বড় হুমকি ইসরায়েল: তুর্কি পররাষ্ট্রমন্ত্রী

সিরিয়ার রাজনৈতিক স্থিতিশীলতা ও নিরাপত্তার জন্য বর্তমানে সবচেয়ে বড় সম্ভাব্য হুমকি হচ্ছে ইসরায়েল—এমন মন্তব্য করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। তিনি সিরিয়া সফর শেষে সাংবাদিকদের সামনে এই সতর্কবার্তা দেন।

তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির রিপোর্ট অনুযায়ী, দুই দিনের দামেস্ক সফরের সময় তুর্কি পররাষ্ট্রমন্ত্রী সিরিয়ার প্রেসিডেন্ট আহমদ আল-শারার সঙ্গে দুই ঘণ্টাব্যাপী একটি দ্বিপাক্ষিক বৈঠক করেন। বৈঠকের সময় দু দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।

মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এবং ইসরায়েল প্রসঙ্গে বৈঠক শেষে হাকান ফিদান জানান, গত দুই বছরে নিষেধাজ্ঞামুক্ত হওয়া এবং সন্ত্রাসবাদী তালিকা থেকে বাদ পড়ার মাধ্যমে সিরিয়া একটি ইতিবাচক পথে ফিরেছে। তবে, এই অগ্রগতির প্রধান বাধা হিসেবে দাঁড়িয়ে আছে প্রতিবেশী ইসরায়েল।

ফিদান বলেন, "ইসরায়েল কখনোই তার প্রতিবেশী দেশগুলোকে শক্তিশালী ও স্থিতিশীল অবস্থায় দেখতে চায় না। এ কারণেই তারা মধ্যপ্রাচ্যে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে।"

ইসরায়েলকে একটি কঠোর বার্তা দিয়ে তিনি বলেন, ইসরায়েলকে তার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থান মেনে নিতে হবে, নাহলে আন্তর্জাতিক অঙ্গনে আরও একঘরে হয়ে পড়ার ঝুঁকি নিতে হবে।

'মক্কা জোট' ও আঞ্চলিক সুরক্ষা

আন্তর্জাতিক পরিমণ্ডলে নতুন উদীয়মান শক্তির জোট সম্পর্কে ইঙ্গিত দিয়ে ফিদান জানান, তুরস্ক, সউদী আরব এবং পাকিস্তানের সমন্বয়ে গঠিত হতে যাওয়া নতুন 'মক্কা জোট' (Mecca Alliance)-এর কাঠামো তৈরির কারিগরি কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। এই জোটের পরিধি এবং সদস্য সংখ্যা সামনে আরও বৃদ্ধি করা হবে।

একই সঙ্গে সৌদি আরবের সুরক্ষার বিষয়ে আঙ্কারার দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেন তিনি। ইরান ভিত্তিক বা যেকোনো স্থান থেকে সউদী আরবের ওপর হামলা সম্পূর্ণভাবে গ্রহণযোগ্য নয় বলে সতর্ক করেন তিনি। ইয়েমেনের হুতি বিদ্রোহীদের যেকোনো ধরনের হুমকির মুখে সউদী আরবের সঙ্গে তুরস্কের পূর্ণ সংহতি বজায় থাকবে বলেও স্পষ্ট জানান তুর্কি পররাষ্ট্রমন্ত্রী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দ্বিতীয় বিয়ের অভিযোগে ভূমি অফিসের নাজির গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:১৬ পি.এম


দ্বিতীয় বিয়ের অভিযোগে ভূমি অফিসের নাজির গ্রেপ্তার

প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া গোপনে দ্বিতীয় বিয়ে করার অভিযোগে মাদারীপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের নাজির কাম ক্যাশিয়ার শেখ মঞ্জু এলাহিকে গ্রেপ্তার করেছে ডাসার থানার পুলিশ। মঙ্গলবার বিকেলে তাঁকে জেলহাজতে পাঠানো হয়।

গ্রেপ্তারির আগে, ডাসার উপজেলার গোপালপুর এলাকা থেকে তাঁকে আটক করা হয়। অভিযুক্ত শেখ মঞ্জু এলাহি গোপালপুর এলাকার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

পুলিশের তথ্য অনুযায়ী, প্রথম স্ত্রী থাকা সত্ত্বেও মঞ্জু এলাহি তাঁকে না জানিয়ে দ্বিতীয় বিয়ে করেন। এই ঘটনার পর তাঁর প্রথম স্ত্রী সোমা এলাহি বাদী হয়ে আদালতে একটি মামলা দায়ের করেন। আদালত ওই মামলায় আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। পরোয়ানার ভিত্তিতে সোমবার রাতে ডাসার থানার একটি পুলিশ দল অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।

ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আদালতের ওয়ারেন্টের ভিত্তিতে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে মঙ্গলবার বিকেলে আদালতে সোপর্দ করা হয় এবং সেখান থেকে জেলহাজতে পাঠানো হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৭
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%