ঢাকা রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ইং ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

স্বাধীনতার পর থেকেই বাংলাদেশকে প্রভাববলয়ে রাখার চেষ্টা করছে দিল্লি: রিজভী


স্বাধীনতার পর থেকেই বাংলাদেশকে প্রভাববলয়ে রাখার চেষ্টা করছে দিল্লি: রিজভী

বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পর থেকেই দিল্লি দেশের ওপর নিজেদের প্রভাব বজায় রাখার চেষ্টা করে আসছে, এমন মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি উল্লেখ করেন, বাংলাদেশকে চিরস্থায়ী আধিপত্যের অধীনে নিয়ে যাওয়ার প্রচেষ্টা কখনো থেমে নেই এবং কমরেড মোহাম্মদ তোহা ১৯৭২ সাল থেকেই এই বাস্তবতার উপলব্ধি করেছিলেন।

রোববার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশের সাম্যবাদী দলের আয়োজনে কমরেড মোহাম্মদ তোহার ৩৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বর্তমান পরিস্থিতির দিকে ইঙ্গিত করে রিজভী বলেন, আধিপত্যবাদের বিভিন্ন হাতিয়ার এখনো সক্রিয় রয়েছে। তার দাবি, শেখ হাসিনা বিভিন্ন সময় দেশে ফিরে আসার কথা বলেছেন এবং তার অনুসারীরা বিভিন্ন স্থানে আগুন ও নাশকতা ঘটাচ্ছে। অন্যদিকে, প্রতিবেশী দেশের নীতিনির্ধারকেরা অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়গুলোতে হস্তক্ষেপ না করার কথা বললেও বাস্তবে পেছন থেকে উসকানি দেওয়া হচ্ছে এবং বাংলাদেশকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে।

আরও পড়ুন: কসবা উপজেলায় নববধূ জেবিনের ঝুলন্ত লাশ উদ্ধার, স্বামীর সঙ্গে রাতে কথা-কাটাকাটি

স্মরণসভায় কমরেড তোহার রাজনৈতিক জীবন, ত্যাগ ও সংগ্রামের কথা স্মরণ করে রিজভী বলেন, ১৯৪৮ সালে পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহর সামনে দাঁড়িয়ে বাংলা ভাষার পক্ষে প্রতিবাদ জানানোর সাহস তিনি দেখিয়েছিলেন। রামগতির জমিদারি ত্যাগ করে শ্রমজীবী ও কৃষকদের জন্য নিজের সবকিছু উৎসর্গ করেছিলেন কমরেড তোহা; পুরান ঢাকা বা গোপীবাগে তাঁর সঙ্গে সাক্ষাতের অভিজ্ঞতা থেকে তিনি ত্যাগ ও আত্মোৎসর্গের সেই দৃষ্টান্ত দেখেছেন।

ছাত্রনেতা থাকাকালে কমরেড তোহার সঙ্গে দেখা করার স্মৃতিচারণা করে বিএনপির এই নেতা জানান, ছাত্রদল করার কথা জানার পরও তিনি তাঁদের স্নেহ ও আশীর্বাদ করেছিলেন এবং সমাজ ও রাজনীতি নিয়ে তাঁর গভীর পাণ্ডিত্য ও বিশ্লেষণ ছিল অসাধারণ। মুরব্বিদের কাছ থেকে শোনা প্রসঙ্গ টেনে রিজভী বলেন, পবিত্র কোরআন শরিফের অনেকাংশও তাঁর মুখস্থ ছিল।

বামপন্থী রাজনীতির বিভক্তি প্রসঙ্গে তিনি বলেন, তাত্ত্বিক ও দর্শনগত বিতর্কের কারণে নেতাদের মধ্যে বিভক্তি তৈরি না হলে এবং হক সাহেবের মতো অর্থনীতিতে স্বর্ণপদকপ্রাপ্ত ব্যক্তি, কমরেড তোহা ও অন্যান্য নিবেদিতপ্রাণ নেতার মধ্যে ঐক্য থাকলে তখনকার রাজনৈতিক পরিস্থিতি ভিন্ন হতে পারত। সাম্রাজ্যবাদ, সম্প্রসারণবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে দেওয়া স্লোগানগুলোর তাৎপর্য এখনো ফুরিয়ে যায়নি উল্লেখ করে তিনি বলেন, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলা তাঁরা শিখেছেন সাম্যবাদী দলের লেখালেখি এবং ন্যাপের মাওলানা ভাসানীর বক্তব্য ও লেখার মাধ্যমে।

কমরেড তোহা রক্ষীবাহিনীর নির্যাতনের শিকার হয়েছিলেন এবং দীর্ঘদিন কারাগারে ছিলেন বলেও জানান রিজভী। ১৯৭৫ সালের পটপরিবর্তনের পর রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়ে ১৯৭৯ সালের সংসদে সদস্য হিসেবে তাঁর বক্তব্য তৎকালীন পত্রপত্রিকায় পড়ে রাজনৈতিক অবস্থান জানতেন বলে উল্লেখ করেন তিনি।

আরও পড়ুন: আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ সমাবেশ

রিজভী আরও বলেন, মাওলানা ভাসানী ও কমরেড তোহার মধ্যে মতপার্থক্য থাকলেও তাঁরা সবাই ছিলেন দেশপ্রেমিক এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে চেয়েছেন। পূর্বসূরিদের দেওয়া শিক্ষা আত্মস্থ ও অনুশীলন করতে পারলে শত্রু-মিত্র চিহ্নিত করা এবং স্বাধীনতার পক্ষে আরও দৃঢ়ভাবে অবস্থান নেওয়া সহজ হবে।

বাংলাদেশের সাম্যবাদী দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড হারুন চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খান মো. নূরে আলমের সঞ্চালনায় স্মরণসভায় উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সফুসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আইজিপির মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের জন্য জরুরি নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:০৪ পি.এম


আইজিপির মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের জন্য জরুরি নির্দেশ

আইজিপি মো. আলী হোসেন ফকির মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন যে, আইন-শৃঙ্খলার অবনতি ঘটানোর যে কোনো ধরনের অপচেষ্টা কঠোরভাবে মোকাবেলা করতে হবে। তিনি বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত দুষ্কৃতকারীদের আইনের আওতায় আনতে হবে।

আজ রবিবার সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত মাসিক (অক্টোবর ২০২৬) অপরাধ পর্যালোচনা সভায় তিনি এই নির্দেশনা প্রদান করেন।

আইজিপি টহল ও চেকপোস্ট কার্যক্রম বাড়ানোর ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

পুলিশ সদস্যদের উদ্দেশে তিনি বলেন, পেশাদারি, মেধা ও দূরদর্শিতার সঙ্গে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে হবে। কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে জনগণকে আইন-শৃঙ্খলা রক্ষার কাজে সম্পৃক্ত করতে হবে।

পুলিশ প্রধান উল্লেখ করেন, দেশের ভেতর ও বাইরে থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে পুলিশ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নানা ধরনের অপপ্রচার ও বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। তিনি বলেন, কোনো ধরনের বিভ্রান্তিকর তথ্য বা অপপ্রচারে প্রভাবিত না হয়ে দায়িত্বশীলতার সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

তিনি তদন্তের গুণগত মান উন্নয়নের মাধ্যমে থানায় রুজুকৃত মামলার যথাযথ তদন্ত নিশ্চিত করার নির্দেশ দেন।

সভায় অক্টোবর মাসের গুরুত্বপূর্ণ ঘটনাসহ সার্বিক অপরাধ পরিস্থিতি পর্যালোচনা করা হয়। এছাড়া ডাকাতি, দস্যুতা, খুন, ধর্ষণ, পুলিশ আক্রান্ত ও অপহরণ মামলা এবং মুলতবি গ্রেপ্তারি পরোয়ানা, তদন্ত ও বিচারের ফলাফল, সাজার হার ইত্যাদি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডারে খালেদা জিয়াকে ‘শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী’ হিসেবে উল্লেখ, ক্যালেন্ডার প্রত্যাহার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:০৭ পি.এম


জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডারে খালেদা জিয়াকে ‘শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী’ হিসেবে উল্লেখ, ক্যালেন্ডার প্রত্যাহার

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৭ সালের ডেস্ক ক্যালেন্ডারে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী’ ও ‘শেখ হাসিনার মা’ হিসেবে উল্লেখ করা হয়েছে। এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারী ও অধ্যক্ষ সম্মিলনে অংশ নেওয়া অতিথিদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

ঘটনাটি প্রকাশিত হওয়ার পর জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ক্যালেন্ডারটি প্রত্যাহার করেছে। একই সঙ্গে নতুন ডেস্ক ক্যালেন্ডার ছাপানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল শনিবার (২৮ নভেম্বর) ঢাকার মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলন অনুষ্ঠিত হয়। সম্মিলনে দেশের ২ হাজার ৩১৮টি কলেজের অধ্যক্ষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সম্মিলনে অংশগ্রহণকারী প্রত্যেককে বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত ২০২৭ সালের ডেস্ক ক্যালেন্ডারসহ বিভিন্ন উপহারসামগ্রী প্রদান করা হয়। ক্যালেন্ডারের জানুয়ারি মাসের পাতায় এক পাশে রাষ্ট্রপতি এবং অন্য পাশে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ছবি রয়েছে। নিচে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারতের একটি ছবি স্থান পেয়েছে।

ছবির সাথে থাকা ব্যানারে লেখা রয়েছে, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী, বাঙালি জাতির জননী প্রধানমন্ত্রী শেখ হাসিনার মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত, পুষ্পার্ঘ্য অর্পণ ও ফাতেহা পাঠ।’ ব্যানারে বেগম খালেদা জিয়ার ছবির নিচে ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব’ উল্লেখ করা হয়েছে।

এই বিষয়টি সম্মিলনে অংশগ্রহণকারী ব্যক্তিদের নজরে আসার পর তোলপাড় সৃষ্টি হয়। ক্যালেন্ডারে এমন ভুলকে কর্তৃপক্ষের চরম অবহেলা ও দায়িত্বহীনতা হিসেবে উল্লেখ করে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে। এ ঘটনায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যেও অসন্তোষ দেখা দিয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের তথ্য ও জনসংযোগ বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজ এ বিষয়ে বলেন, বিষয়টি কর্তৃপক্ষের নজরে এসেছে। ইতোমধ্যে ক্যালেন্ডারটি প্রত্যাহার করা হয়েছে এবং নতুন ডেস্ক ক্যালেন্ডার ছাপানো হবে।

তিনি আরও জানান, ক্যালেন্ডারটির ডিজাইন ধানমন্ডি অফিস থেকে চূড়ান্ত করা হয়। এ ঘটনায় তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বান্দরবানে ইয়াবা ছিনিয়ে নেয়ার দ্বন্দ্বে গোলাগুলি, যুবক গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:১০ পি.এম


বান্দরবানে ইয়াবা ছিনিয়ে নেয়ার দ্বন্দ্বে গোলাগুলি, যুবক গ্রেফতার

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ইয়াবা ছিনিয়ে নেয়া নিয়ে সংঘটিত গোলাগুলির ঘটনায় পুলিশ বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার করেছে। এই ঘটনায় রবিউল ইসলাম নয়ন (২২) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

রোববার (২৯ নভেম্বর) ভোরে উপজেলার সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ফুলতলী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গত ২৬ নভেম্বর ইয়াবা ছিনিয়ে নেয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এই ঘটনায় শাহজান নামে একজন নিহত হন। পরে হত্যাকাণ্ডে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র উদ্ধারের জন্য পুলিশ অভিযানে নামে। রবিবার ভোরে নাইক্ষ্যংছড়ি উপজেলার ফুলতলী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন জব্দ করা হয়।

এই ঘটনায় রবিউল ইসলাম নয়নকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে নাইক্ষ্যংছড়ি থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

বান্দরবান জেলার পুলিশ সুপার ওহাবুল ইসলাম খন্দকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র ও একজনকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হবিগঞ্জে ছাত্র জমিয়তের সংবর্ধনায় ১০০ কৃতী শিক্ষার্থী, মেধাভিত্তিক নিয়োগের আহ্বান হুইপের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:১০ পি.এম


হবিগঞ্জে ছাত্র জমিয়তের সংবর্ধনায় ১০০ কৃতী শিক্ষার্থী, মেধাভিত্তিক নিয়োগের আহ্বান হুইপের

হবিগঞ্জে এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফল অর্জনকারী ১০০ শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করেছে ছাত্র জমিয়ত বাংলাদেশ। এই আয়োজনের উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং তাদের স্বপ্ন ও সম্ভাবনাকে বিকশিত করার সুযোগ সৃষ্টি করা। অনুষ্ঠানে জাতীয় সংসদের হুইপ ও সংসদ সদস্য জি কে গউছ ভর্তি পরীক্ষায় লটারি প্রথা বাতিল করে মেধাভিত্তিক মূল্যায়ন চালুর আহ্বান জানান।

রোববার (২৯ নভেম্বর) সকাল ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত হবিগঞ্জের এম সাইফুর রহমান টাউন হলে ছাত্র জমিয়ত বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে এই সংবর্ধনা ও ‘সম্ভাবনার ডানায় স্বপ্ন জয়ের অভিযাত্রা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। জেলা ছাত্র জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতি মানসুরুল হক আল আমিন সভাপতিত্ব করেন। সংগঠনের সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান চৌধুরী সঞ্চালনা করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ জি কে গউছ। প্রধান আলোচক ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখার সভাপতি হাফিজ মাওলানা মাসরুরুল হক। মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন লেখক ও গবেষক মাওলানা মুসা আল হাফিজ। বিশিষ্ট শিক্ষাবিদ ও চিফ মেডিকেল অফিসার ডা. সিরাজুল হক আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি রিদওয়ান মাযহারী প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক, ব্যাগ ও বই প্রদান করা হয়। ধর্ম-বর্ণ নির্বিশেষে বিভিন্ন শ্রেণির শিক্ষার্থী এতে অংশগ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে হুইপ জি কে গউছ বলেন, ১২ বছরের কঠোর পরিশ্রমের মাধ্যমে অর্জিত সাফল্য জীবনের শেষ নয়, বরং এটি সামনে এগিয়ে যাওয়ার সূচনা। ভবিষ্যতের প্রতিযোগিতায় টিকে থাকার জন্য শিক্ষার্থীদের এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। তিনি ভর্তি পরীক্ষায় লটারি প্রথার পরিবর্তে মেধাভিত্তিক মূল্যায়ন এবং সরকারি চাকরিতে যোগ্যতার ভিত্তিতে নিয়োগ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

শিক্ষার্থীদের বাংলা ও ইংরেজির পাশাপাশি আরবি, কোরীয়, চীনা ও জাপানি ভাষা শেখার পরামর্শও দেন তিনি। বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে ভাষাজ্ঞান ও পেশাগত দক্ষতার গুরুত্ব তুলে ধরে হুইপ বলেন, প্রয়োজনীয় প্রশিক্ষণ ও দক্ষতা অর্জন না করে বিদেশে গেলে অনেক তরুণকে দুর্ভোগে পড়তে হয়।

শিক্ষার্থীদের নৈতিকতা ও মানবিক মূল্যবোধ অর্জনের আহ্বান জানিয়ে তিনি বলেন, ভিন্ন ধর্ম ও মতের মানুষের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। অর্থাভাব কিংবা শারীরিক অসুস্থতার কারণে কোনো মেধাবী শিক্ষার্থীর পড়াশোনা যেন বন্ধ না হয়, সে বিষয়ে সরকারের পক্ষ থেকে আর্থিক ও নীতিগত সহায়তার আশ্বাসও দেন তিনি।

মুখ্য আলোচক মাওলানা মুসা আল হাফিজ বলেন, অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন বিষয়ে কমিশন গঠন করলেও শিক্ষা কমিশন গঠন করেনি। তিনি শিক্ষা কমিশন গঠন এবং শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

প্রধান বক্তার বক্তব্যে ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি রিদওয়ান মাযহারী বলেন, জুলাই গণঅভ্যুত্থানে সাধারণ শিক্ষার্থী ও জনতার সঙ্গে ছাত্র জমিয়ত কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলনে অংশ নিয়েছে। তিনি ভবিষ্যতেও দেশের যেকোনো সংকটময় পরিস্থিতিতে দেশ ও জনগণের স্বার্থে সংগঠনটি একইভাবে পাশে থাকবে বলে প্রত্যয় ব্যক্ত করেন। শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে আগামীর পথচলার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০৩
জোহর ১১:৪৮
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%