০৭:০৪ পি.এম
আইজিপি মো. আলী হোসেন ফকির মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন যে, আইন-শৃঙ্খলার অবনতি ঘটানোর যে কোনো ধরনের অপচেষ্টা কঠোরভাবে মোকাবেলা করতে হবে। তিনি বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত দুষ্কৃতকারীদের আইনের আওতায় আনতে হবে।
আজ রবিবার সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত মাসিক (অক্টোবর ২০২৬) অপরাধ পর্যালোচনা সভায় তিনি এই নির্দেশনা প্রদান করেন।
আইজিপি টহল ও চেকপোস্ট কার্যক্রম বাড়ানোর ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
আরও পড়ুন: কসবা উপজেলায় নববধূ জেবিনের ঝুলন্ত লাশ উদ্ধার, স্বামীর সঙ্গে রাতে কথা-কাটাকাটি
পুলিশ সদস্যদের উদ্দেশে তিনি বলেন, পেশাদারি, মেধা ও দূরদর্শিতার সঙ্গে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে হবে। কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে জনগণকে আইন-শৃঙ্খলা রক্ষার কাজে সম্পৃক্ত করতে হবে।
পুলিশ প্রধান উল্লেখ করেন, দেশের ভেতর ও বাইরে থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে পুলিশ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নানা ধরনের অপপ্রচার ও বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। তিনি বলেন, কোনো ধরনের বিভ্রান্তিকর তথ্য বা অপপ্রচারে প্রভাবিত না হয়ে দায়িত্বশীলতার সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।
তিনি তদন্তের গুণগত মান উন্নয়নের মাধ্যমে থানায় রুজুকৃত মামলার যথাযথ তদন্ত নিশ্চিত করার নির্দেশ দেন।
সভায় অক্টোবর মাসের গুরুত্বপূর্ণ ঘটনাসহ সার্বিক অপরাধ পরিস্থিতি পর্যালোচনা করা হয়। এছাড়া ডাকাতি, দস্যুতা, খুন, ধর্ষণ, পুলিশ আক্রান্ত ও অপহরণ মামলা এবং মুলতবি গ্রেপ্তারি পরোয়ানা, তদন্ত ও বিচারের ফলাফল, সাজার হার ইত্যাদি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
আরও পড়ুন: আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ সমাবেশ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন